শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

hasina7অসাম্প্রদায়িক চেতনা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে শনিবার রাজধানীসহ সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৪৪তম বার্ষিকীর এ দিনটিতে ভোর ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়।

সকাল সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। প্রধানমন্ত্রীর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে উপস্থিত হাজার হাজার মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তারা ‘জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’, ‘মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মোটরচালক লীগ, ওলামা লীগ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

বৃটেনে বাংলাদেশী পলির সমকামিতা, অতঃপর…

poliসমকামিতার জন্য বৃটেনজুড়ে এখন আলোচিত নাম বাংলাদেশী পলি চৌধুরী (৩৫)। কিকি মুদ্দার (৪৩) নামের আরেক নারীর সঙ্গে তিনি সমকামিতার সম্পর্ক গড়ে তুলেছেন। শুধু তাই নয়, এ সম্পর্ককে আরও গাঢ় করতে পলি হত্যা করেছেন নিজের ৮ বছর
বয়সী মেয়ে আয়েশা আলিকে। এ নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় দোষী প্রমাণিত হয়েছেন পলি চৌধুরী ও কিকি মুদ্দার। গতকাল বৃটেনের ওল্ড বেইলি আদালত তাদের দুজনকে যথাক্রমে ১৩ ও ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করতে পলিকে কিকি যেভাবে প্ররোচিত করেছে তা গল্প, উপন্যাসকেও হার মানায়। বিকৃত যৌনাচার, অবাস্তব নাটকীয়তা আর অলীক বিশ্বাসের এক উপাখ্যানে বলি হতে হয়েছে ৮ বছরের প্রাণোচ্ছল নিষ্পাপ শিশু আয়েশা আলিকে। পলির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অকল্পনীয় এক পদ্ধতিতে তার ওপর নিয়ন্ত্রণ আর আধিপত্য স্থাপন করে কিকি। পলিকে ফাঁদে ফেলতে ১৫টি কল্পচরিত্র সৃষ্টি করে কিকি। ফেসবুক আর ক্ষুদেবার্তার মাধ্যমে এসব কাল্পনিক চরিত্রগুলো বাস্তব হয়ে ওঠে পলির কাছে। আর বানানো এসব চরিত্রের মধ্যে শুধু মানুষই না আত্মা আর ফেরেশতাও বানায় কিকি। আশ্চর্যজনক হলেও অবাস্তব কল্পচরিত্রের পেছনে থেকে পলিকে দিয়ে তার মেয়েকে খুন করাতে সক্ষম হয় সে। তাকে বোঝাতে সক্ষম হয় যে তার মেয়ের মধ্যে দুষ্ট আত্মার প্রভাব রয়েছে। পলিকে দিয়ে তার স্বামীকেও ঘর থেকে বের করে দিতে সক্ষম হয়। আর এসবের পেছনে কারণ ছিল পলির সঙ্গে বিকৃত যৌনাচার। বানানো চরিত্রগুলোর মধ্যে একটি অতিপাকৃত চরিত্র জিমির প্রেমে পড়েন পলি। আত্মিক চরিত্রগুলোর কথায় পলি মেনে নেয় যে, কিকির সঙ্গে যৌনাচারের মধ্য দিয়ে শারীরিক সম্পর্ক হচ্ছে জিমির সঙ্গে। আয়েশা হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা স্বাভাবিকভাবেই বিস্ময়ে বিমূঢ়। তারা এখনও বুঝতে চেষ্টা করছেন কিভাবে সাধারণ এক মা নিজ সন্তানের ওপর এমন নৃশংসভাবে চড়াও হতে পারে। মৃত আয়েশার শরীরে ৫৬টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। ২০১৩ সালের ২৯শে আগস্ট তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এক সূত্র মন্তব্য করে, তারা যা করেছে তা চূড়ান্ত অমানবিক। ওই বাড়িতে যা ঘটেছে তা সব বিশ্বাসকে অগ্রাহ্য করে। বিষয়টা অনেকটা এমন যেন সে জাদুর বশে ছিল। ২০০৭ সালে রোমফোর্ডে পলিদের পাশের বাড়িতে এসে ওঠে কিকি। কামুকতা চরিতার্থ করতে মিথ্যার জগৎ সৃষ্টি করে সে। প্রতিবেশী পলিকে ঘায়েল করতে ৪০ হাজারেরও বেশি বার্তা আদান প্রদান করেছে সে। এছাড়াও কিকির উন্মাদনা ছিল ভ্যাম্পায়ার নিয়ে। সে উন্মাদনায় পলিকে রীতিমতো ভ্যাম্পায়ারই বানিয়ে দেয় সে। মেয়ের শরীরে কামড় বসাতে পলিকে রাজি করায়। পলির মাথায় এটা ঢুকে যায় যে দুষ্ট আত্মার প্রভাব থেকে বাঁচাতে তার মেয়েকে কষ্ট দিতে হবে। মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয় আয়েশা। তাকে শীতল পানির প্রবাহের নিচে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। মারধর করা হয়। পশুর মতো কামড়ানো হয়। গোয়েন্দারা জানতে পেরেছেন তার মৃত্যুর আগের দিন রাতে কিকি আয়েশাকে শাওয়ারহেড দিয়ে নির্মমভাবে প্রহার করে।

আয়েশার পিতা আফসার আলি আদালতে কান্নায় ভেঙে পড়েন। দোষী সাব্যস্ত করার আগে জুরি ৩১ ঘণ্টা ৩১ মিনিট সময় নেন। আয়েশাকে হত্যার এক মাস আগে কিকি তার বন্ধু হেমার সঙ্গে ফোনালাপে তাকে হত্যার অভিপ্রায় ব্যক্ত করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে নতুন একটি শাওয়ারহেড কিনতে দোকানে যায় কিকি। গোয়েন্দাদের ধারণা, আয়েশাকে হত্যা করতে শাওয়ারহেড ব্যবহার করার পর নতুন কেনার প্রয়োজন পড়ে।
কিকি ও হেমার ওই কথোপকথন আদালতে শোনানো হয়। কথোপকথনটি এখানে তুলে দেয়া হলো:
কিকি: পলির মেয়েকে খুন কর। আমি মজা করছি না। আমি তাকে খুন করতে যাচ্ছি। সত্যি! হেমা, তুমি আমাকে আর কখনই দেখতে পাবে না।
হেমা: কি হয়েছে?
কিকি: আমি তাকে খুন করতে যাচ্ছি। আমি ঈশ্বরের কাছে শপথ করে বলছি, আমি তাকে খুন করবো। আমি তাকে পানিতে চুবিয়ে মারবো।
হেমা: কেন তুমি এসব বলছো? আমি কখনও শুনিনি তুমি…
কিকি: আমি ওই ডাইনিকে চুবিয়ে মারবো। সত্যি, আমি তাকে খুন করতে যাচ্ছি হেমা। আমি আজ রাতেই জেলে যাবো।
কিকি: আমি সত্যিই ওই দেহপসারিণীকে খুন করবো!
কিকি: সে কেবল একজন দেহপসারিণী। সে ওটাই! সে হচ্ছে দুনিয়ার বর্জ্য। সে তার মায়ের মৃত্যু চায়।
হেমা: সে মানসিকভাবে পরিণত নয়।
কিকি: হ্যাঁ, সে দোষ খুঁজে বের করতে তৎপর। আমার মুখের ওপর চিৎকার করে বলছিল, আমি তোমাকে ঘৃণা করি! সে চায় না, আমি এখানে বাস করি। আমি তাকে খুন করবো। আমি সত্যিই তাকেই খুন করতে চাচ্ছি।
হেমা: সে হচ্ছে…
কিকি: আমি আমার কাজিন জিমিকে এসএমএস পাঠিয়েছি ও বলেছি, ‘পুলিশকে জানাও। পলির ঘরে পুলিশ পাঠাও। কেননা আমি তাকে এখন খুন করতে যাচ্ছি।
হেমা: সে কি অতটা খারাপ?
কিকি: সে অমনই। আমি তোমাকে বলছি সে আসলে কেমন। তার মধ্যে শয়তানের অস্তিত্ব রয়েছে।… সে প্রতিদিনই অমন, হেমা। আমি আমার জীবনে কখনই কারও মৃত্যু চাইনি। সে ছাড়া আর কারও মৃত্যু চাইনি। কখনই না।
সে মূলত বলছিল, আমি কিছুই করব না। আমি পরিষ্কার করবো না। সে কিছুই করতে চায় না। তার মায়ের মৃত্যু হলেই সে খুশি।
হেমা: কি কারণে সে এমন পাগলামি শুরু করলো?
কিকি: তার কোন সমস্যা আছে। সে টয়লেটেই টয়লেট পেপার রেখে আসে। সে এমনকি পায়খানার পর পরিষ্কার হয় না। সে শোয়ার বেডেই মল ত্যাগ করে।
হেমা: শুনে মনে হচ্ছে, তার দরকার হচ্ছে…
কিকি: তার খুন হওয়া প্রয়োজন। অনেকেই অনেক চেষ্টা করে যাচ্ছে। তুমি কি তা জানো?
হেমা: হ্যাঁ।
কিকি: খুব বেশি চেষ্টা করছে। কিন্তু সে কেবলই এক শয়তান। সে শয়তান। আমার জীবনেও কখনও তার মতো শিশু দেখিনি। তুমি কখন বের হবে?

 

লক্ষ্মীপুরের বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

marder1লক্ষ্মীপুর: জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর  এলাকায় বিএনপি কর্মী সোহেল রানাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।  সোহেল রানা একই উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মধ্য মকরধছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।  শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই মহিউদ্দিন ও বোন মাকফেরা বেগম জানান, শুক্রবার রাতে সোহেল রানা বাড়ির থেকে রাতের খাবার খেয়ে বের হয়ে যান। এরপর তিনি বাড়ি ফেরেননি। শনিবার ভোরে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় রাস্তার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ  তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোহেল বিএনপি করতেনে। তাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে যায়। এ হত্যার বিচার দাবি করেছেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, কারা তাকে হত্যা করেছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত সোহেল রানা বাবর হত্যা মামলার আসামি ছিলেন।

আজ ঐতিহাসিক ৭ই মার্চ

ঐতিহাসিক ৭ই মার্চ আজ। শোষিত-বঞ্চিত বাঙালির ঘুরে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসমুদ্রে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন।
বজ্রকণ্ঠে ঘোষণা করেন- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনের অগ্নিঝরা ভাষণে তিনি বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।’
বঙ্গবন্ধুর এই আহ্বান উল্কাবেগে ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাধীনতার স্বপ্নে জেগে ওঠে পুরো জাতি। ক্ষেত্র প্রস্তুত হয় স্বাধীনতা সংগ্রামের। বাঙালির স্বাধীনতার প্রস্তুতির এ সময়ে ২৫শে মার্চ কাল রাতে নেমে আসে পাকিস্তানিদের বর্বর আঘাত।
হানাদারদের পৈশাচিক গণহত্যা আর অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে দামাল বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র। বঙ্গবন্ধুর ডাকে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের মানুষ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সবখানে শুরু হয় মুক্তিযুদ্ধ।
দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ৩০ লাখ প্রাণ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অবশেষে আসে সেই কাঙিক্ষত স্বাধীনতা। এদিকে ৭ই মার্চ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৬-৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল সাতটায়    বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। বিকাল তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত কর্মসূচি দেশবাসীর সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার এবং জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

বৃষ্টি থেমেছে, শুরু হয়েছে পাক-দ. আফ্রিকা ম্যাচ

pak afrikaবৃষ্টির কারণে মিনিট বিশেক বন্ধ ছিল খেলা। বৃষ্টি থামায় অকল্যান্ডে আবারও শুরু হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

পাঁচ উইকেট হারালেও পাকিস্তানের রানটা খারাপ নয়। ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৯৬ রান। অধিনায়ক মিসবাহ ৫০, শহীদ আফ্রিদি ১১ রানে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৩০ রানে ওপেনার আহমেদ শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন ডেল স্টেইন। ইউনুস খান ও সরফরাজের জুটিতে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। তাদের ৬২ রানের জুটি ভেঙে যায় সরফরাজ রান আউট হলে। তিনি ৪৯ রান করেন। অভিজ্ঞ ইউনুস খান ফিরেছেন অনিয়মিত বোলার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বলে।

ইউনুস ৩৭ রান করে সহজ ক্যাচ তোলে দেন রিলে রোসাউয়ের হাতে। শোয়েব মাকসুদ ৮ রানের বেশি যেতে পারেননি। পাওয়ার প্লে’র সুবিধা নিতে ভরসা ছিলেন উমর আকমল। তবে তার অতি রানের তাড়া বিপদ ডেকে আনে। মরকেলের শর্ট বল চালাতে গিয়ে ডি ভিলিয়ার্সের অসাধারণ ক্যাচে পরিণত হন উমর আকমল (১৩)।

অভিজিৎ হত্যাকাণ্ডে সরকারের নীতি নির্ধারকরা নীরব কেন?

ovijitলেখক এবং ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর সপ্তাহ পার হয়ে গেলেও তদন্তের কোনো কুল কিনারা হয়নি৷ তদন্তকারীরা ব্যস্ত আছেন তদন্তে সহায়তা করতে আসা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যদের নিয়ে৷

গত ২৫ ফেব্রুয়ারি রাত ন’টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অভিজিৎ রায়৷ তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন৷ হত্যাকাণ্ডের পরের দিন অভিজিৎ রায়ের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড.অজয় রায় এই হত্যাকাণ্ডের জন্য জঙ্গি এবং উগ্রবাদীদের দায়ী করেন৷ তখন তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা বের করা পুলিশের জন্য কঠিন কোনো কাজ নয়৷ আমি এ জন্য বর্তমান প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি৷”

এরপর সরকারের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া সরকারের নীতি নির্ধারকরা এ নিয়ে তেমন কোনো কথা বলেননি৷ সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কেউই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন জঙ্গিদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেননি৷

তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে৷ উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র৷ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র-শিক্ষক, লেখক ও সাহিত্যিকসহ সব শ্রেণির মানুষ৷ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রতিবাদের ঝড়৷ সেখানে সরকারের নীতিনির্ধারকদের নীরবতারও ব্যাপক সমালোচনা হচ্ছে৷

এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে অভিজিতকে হত্যার হুমকি দেয়া ফারাবীকে আটক করা হয়েছে৷ রানা নামের আনসারউল্লাহ বাংলা টিমের একজনকে খুঁজছে পুলিশ৷ তবে হত্যাকারী কারা তা নিয়ে এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বলেন, ‘‘অভিজিৎ হত্যার পর সরকারের নীতি নির্ধারকদের নীরবতায় আমি বিস্মিত৷ সরকারের মধ্যে এক ধরনের পলায়নপর মনোবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে৷” তিনি বলেন, ‘‘যারা এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন, সেই জঙ্গিদের বিরুদ্ধে এই সরকারের সরব অবস্থান আমরা আগে দেখেছি৷ কিন্তু অভিজিৎ হত্যার ব্যাপারে তারা সরব হচ্ছেন না৷”

ফাহমিদুল হক বলেন, ‘‘আমরা এর আগে দেখেছি ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর হেফাজতে ইসলামের চাপের মুখে সরকার উল্টো ব্লগারদেরই আটক করেছে৷ সরকার ওই গোষ্ঠীকে চটাতে চায়নি৷ এবারও সেরকম কিছু হয়ে থাকতে পারে৷”

তিনি মনে করেন, ‘‘এখন সরকার-বিরোধী আন্দোলন চলছে, সরকার হয়তো চাইছে না অভিজিৎ হত্যার ব্যাপারে সরব হয়ে নতুন কোনো ঝামেলায় পড়তে৷”

ফাহমিদুল হক আরো বলেন, ‘‘এই ধর্মীয় গোষ্ঠীগুলো বর্তমান সরকারের বিরোধী৷ তাই তাদের ছাড় দেয়া উচিত না সরকারের৷ সরকার হয়তো আন্তরিকভাবেই চাইছে অভিজিৎ হত্যায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে৷ কিন্তু সরকার ধর্মীয় বিষয়টিও বিবেচনায় নিচ্ছে৷ কিন্তু মত প্রকাশের স্বাধীনতা, মুক্ত চিন্তা – এ সব বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার না হলে আমাদের জন্য ক্ষতিকর”, বললেন ফাহমিদুল হক৷

আর লেখক ও ব্লগার বাঁধন অধিকারী বলেন, ‘‘ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে সরকারের নীতি-নির্ধারকরা কেন নীরব, সেটা সরকারই ভালো বলতে পারবে৷ আমি ঠিক জানি না৷ তবে আমরা দেখতে পাচ্ছি, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ‘ইসলাম বনাম সেকুলারিজম’-এর কথিত দ্বন্দ্ব সামনে চলে এসেছে৷ এদের মধ্যে বিরোধ তৈরি করে রাজনীতি, নিজের স্বার্থে৷’

তিনি বলেন, ‘‘ব্লগার অভিজিতকে হত্যা করে ধর্মীয় চরমপন্থিদের ভীতি ছড়ানোর সুযোগ যেমন রয়েছে, তেমনি সরকারের তরফেও সুযোগ রয়েছে, এই হত্যাকাণ্ডকে পুঁজি করে ধর্মীয় চরমপন্থিদের বিরোধিতায় নিজেদের যুক্ত করে আর সব ইস্যুকে দূরে সরিয়ে দেয়ার৷”

‘‘এই সরকার নিজেদের সেকুলার দাবি করে, অভিজিৎ নিজেও সেকুলার ছিলেন৷ তাই দায় এড়ানোর কোনো সুযোগ নেই৷ কোনো অজুহাতেই হত্যাকাণ্ড জায়েজ হতে পারে না৷ মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্বশর্ত৷”

ঢাকা মহানগর পুলিশের প্রধান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘‘আমরা অভিজিৎ হত্যায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছি৷ আশা করি হত্যাকাণ্ডে জড়িতদের অতি দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারব৷” তিনি বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দা বিভাগ স্বাধীনভাবে কাজ করছে৷ আমাদের ওপর কোনো ধরনের চাপ নেই৷ যারা জড়িত বলে প্রমাণ হবে তাদেরই আইনের আওতায় আনা হবে৷ তারা কোন গোষ্ঠী বা দলের তা আমাদের বিবেচ্য নয়৷ আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি৷”

এদিকে বৃহস্পতিবার থেকে অভিজিৎ হত্যা মামলার তদন্তে সহায়তার কাজ শুরু করেছেন ঢাকায় আসা এফবিআই-এর এজেন্টরা৷ তারা শুক্রবার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাস্থল টিএসসি ছাড়াও বাংলা একাডেমি এবং আশপাশের এলাকা পরিদর্শন করেছেন৷ তারা আরো দু’একদিন ঢাকায় অবস্থান করে তদন্তের একটি গাইড লাইন এবং সহায়তার ক্ষেত্র ঠিক করবেন৷

মনিরুল ইসলাম জানান, অভিজিৎ রায় যেহেতু একই সঙ্গে মার্কিন নাগরিক তাই সে দেশের পুলিশও সেখানে একটি মামলা করবে বলে জানিয়েছেন ঢাকায় আসা এফবিআই এজেন্টরা৷- ডিডব্লিউ

রংপুরে বাসে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

bus fire17রংপুর মহানগরীর গুপ্তপাড়ায় বুধবার রাত সোয়া ৮ টার দিকে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুই জন গ্রেফতার হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে মহানগরীর গুপ্তপাড়া এলাকায় পূজা মন্ডপের পাশে দাড়িয়ে থাকা জনৈক সিরাজুল ইসলামের মালিকানাধীন মিনিবাস (ঢাকা-মেটো-চ-৫৭৫৯) এ পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ছিটকে পড়ে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। এতে বসার আসনসহ ভিতরের অংশ পুড়ে যায়। বাসে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা হয়েছে। মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মিনিবাসটির মালিক অবরোধ শুরু হওয়ার পর থেকে ওই স্থানে গাড়িটি পার্কিং করে রেখেছিলেন।

এদিকে ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকাসহ পুরো নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাসের মালিক সিরাজুল ইসলাম জানান, ওই বাসে করে ইউসেপ স্কুলে শিক্ষার্থীদের আনা নেয়া করে জীবিকা নির্বাহ করতাম। এ ঘটনায় আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটিও নষ্ট হয়ে গেলো।

এদিকে রাত সাড়ে ১০ টার দিকে রংপুর মহানগরীর রাবর্টসন্সগঞ্জ এলাকায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সামুর ভাই শাহীন জানান, পুলিশ বাড়ির প্রত্যেকটি রুমে তল্লাশী চালিয়ে ভাইকে খোঁজে। তাকে না পেয়ে ফিরে যায় পুলিশ।

সকালের কিছু কাজ দিনকে করে আনন্দময়

life5ঘুম থেকে ওঠার পর কিছু কাজ দিনটাকে করে দিতে পারে আনন্দময়। যদি মানসিক চাপ ও ক্লান্তি দিয়ে দিন শুরু হয়,তবে সারাটা দিন খারাপ যাওয়ার সম্ভাবনাই বেশি। আর এর প্রভাব পড়ে কাজেও। তাই দিনের শুরুটা হোক ইতিবাচকভাবে।
পানি পান
কথায় আছে ‘খালি পেটে জল, আর ভরা পেটে ফল।’ ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে আমরা অনেক অসুখ থেকে দূরে থাকতে পারি। রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় হজম প্রক্রিয়া অনেকটা বন্ধ থাকে। তাই ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খেয়ে নেয়া উচিত। বেশি বেশি পানি পান করলে শরীর সতেজ থাকে।
ব্যায়াম
ঘুম থেকে উঠেই অলস বসে থাকা ঠিক নয়। সকালে বিছানা ছাড়ার পর একটু হাঁটা চলা করা দরকার। আর নিয়মিত সকালে ব্যায়াম করা শরীরের জন্য খুবই উপকারী। এতে সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায়। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। কাজের উদ্যোম বাড়ে। বিছানায় বসেও ব্যায়াম করা যায়।
গান শোনা
ঘুম থেকে উঠে পছন্দের কোনো গান শুনুন। এতে মন শান্ত হয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, সকালে হালকা গান বা যন্ত্রসংগীত হৃদপিণ্ড ভালো রাখে। আর এর ফলে দিনভর মনে থাকে খুশির আমেজ। সারাদিন কাজেও আনন্দ মেলে।
ইতিবাচক চিন্তা
ঘুম থেকে ওঠার পর নেতিবাচক চিন্তা দূরে রাখুন। ঘুম ভেঙ্গে গেলে বিছানায় শুয়ে জীবনের ব্যর্থতার কথা, দুঃখের কথা চিন্তা করলে দিনটা আর ভালো কাটবে না। কাজেও উৎসাহ আসবে না। তাই সকালে বেলা জীবনের ইতিবাচক দিকগুলো চিন্তা করা উচিত। এভাবে একটু সতর্কতা ও অভ্যাসের মধ্যদিয়ে দিনকে করা যায় আনন্দময়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তান ক্রিকেটকে বিদ্রুপ করে বিপাকে শোয়েব

shoyebভারতের একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের ক্রিকেট দল আর কর্মকর্তাদের নিয়ে বিদ্রূপ করার পর দেশে ফিরে তোপের মুখে পড়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত এই ফাস্ট বোলার সম্প্রতি ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে ভারতের একটি জনপ্রিয় কমেডি শো-তে অংশ নেন।
সেখানে তিনি পাকিস্তান দলের কামরান ও উমর- এই দুই আকমল ভাইয়ের ফিল্ডিং নিয়ে ঠাট্টাতামাশা করেন। এছাড়া পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ঠিকমতো ইংরেজি বলতে না পারার ক্ষমতা নিয়েও রসিকতায় মাতেন শোয়েব।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার ইজাজ বাটও তার রসিকতার হাত থেকে ছাড় পাননি।
প্রতিবেদনে বলা হয়, ভারতে কমেডি শো-র ওই পর্বটি দর্শকরা দারুণভাবে নিলেও পাকিস্তানে এর প্রতিক্রিয়া মোটেও ভালো হয়নি।
প্রসঙ্গত, ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে ওই অনুষ্ঠানটি পাকিস্তানেও দেখা যায় এবং সেটি ওখানেও বেশ জনপ্রিয়।
তবে কমেডি শো-তে শোয়েবের পারফরম্যান্সের পর সাবেক পাকিস্তানি তারকা সরফরাজ নওয়াজ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমি জানি না শোয়েব একটি ভারতীয় চ্যানেলে কীভাবে এসব মন্তব্য করলো। আমি তো ওকে একজন দেশপ্রেমী পাকিস্তানি বলেই জানতাম!’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে শোয়েব আখতারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আমাদের প্রাক্তন ক্রিকেটাররা যদি বিদেশের মাটিতে গিয়ে এ ধরনের মন্তব্য করেন তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক বলতে হবে।’
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান ইজাজ বাট জানান তিনি নিজে ওই শো দেখেনওনি এবং তার নামে শোয়েব আখতার কী বলল তাতে তার কিছু এসে যায় না!
পাকিস্তান ক্রিকেটের বর্ণময় চরিত্র শোয়েব আখতার অবশ্য বরাবরই নানা বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত।
গত মাসে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হারার পর তিনি পাকিস্তানি ক্যাপ্টেন মিসবা-উল-হককে ‘ভীরু’ আর ‘স্বার্থপর’ বলে বর্ণনা করেছিলেন।

রোববার থেকে ফের হরতালের হুমকি ২০ দলের

20 dolবিএনপির নেতৃত্বাধীন ২০ দলের দাবি মানা না হলে আগামী রোববার থেকে ফের হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

 

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুমকি দেন তিনি।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের বিরুদ্ধে দায়েরকৃত পূর্বেকার সকল মামলা প্রত্যাহার করে নিয়ে এখন দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারের ভয় দেখাচ্ছেন’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিসহ সকল গণদাবি সরকার ইতোমধ্যে মেনে না নিলে আমরা আবারও আগামী ৮ মার্চ রোববার থেকে দেশব্যাপী হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনসহ সকল গণদাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান শান্তিপূর্ণ অবরোধসহ গণআন্দোলন অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় ও সংবিধান রক্ষা দিবস’ হিসেবে ঘোষণা দিয়ে রাজধানীসহ দেশজুড়ে সভা-সমাবেশ কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে যেকোনো মূল্যে ঢাকাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ওই দিন রাজধানীতে সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকে অবরোধের মধ্যেই দফায় দফায় হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
চলতি সপ্তাহে রোববার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করছে ২০ দল।