শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইউএনওকে হত্যার হুমকি: নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

arrest28জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

উপজেলার সিংধা ইউনিয়নের ধারাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজী সাখাওয়াত হোসেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াহেদের ছেলে।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, স্থানীয় ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেনকে পেট্রোল বোমা মেরে হত্যার হুমকি প্রদর্শন এবং তার গাড়ি ভাংচুরের চেষ্টার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইউএনওর গাড়ি চালক আবদুল খালেক বাদি হয়ে গত ১০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন। মামলার পর থেকে চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন পালিয়ে বেড়াচ্ছিলেন। বারহাট্টা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করে।
বারহাট্টা ইউএনও এসএম জাহাঙ্গীর হোসেন জানান, গত ১০ ফেব্রুয়ারি অফিস থেকে জেলা শহরে যাওয়ার সময় স্থানীয় মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাজী সাখাওয়াত গাড়ি থামিয়ে ইউএনওকে পেট্রোল বোমা মেরে হত্যা ও গাড়ি ভাংচুরের হুমকি দেন।

৫ মণ হরিণের মাংস ও অতিথি পাখি আটক

meetনারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে কোস্টগার্ড ৫ মণ হরিণের মাংস ও ৭৭টি অতিথি পাখি উদ্ধার করেছে।

কোস্টগার্ডের স্থানীয় কমান্ডার সাব লে: হাসানুর রহমান জানিয়েছে রাত তিনটার দিকে তারা ধলেশ্বরী নদীতে রাজহংস-৮ লঞ্চটিতে অভিযান চালান।

লঞ্চটি যাত্রী সহ দক্ষিণাঞ্চলীয় বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকার দিকে আসছিল।

মি. রহমান জানান লঞ্চের ভেতরে বড় ঝুড়ির ভেতর প্যাকেট করা অবস্থায় হরিণের মাংস এবং জবাই করা পাখিগুলো পাওয়া যায়।

তিনি জানান উদ্ধার করা মাংস ও পাখিগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বা এসব মাংস ও পাখি কারা আনছিল সে সম্পর্কে কোনো তথ্য কোস্ট-গার্ড জানাতে পারেনি।– বিবিসি

শিহাব শাহীনের প্রেমে পড়েছেন মম

mom9অনেক দিন ধরেই গুজব ছিল অভিনেত্রী জাকিয়া বারি মম ও নাট্যনির্মাতা শিহাব শাহীনের  প্রেমের গুঞ্জন! কিন্তু কখনোই বিষয়টি স্বীকার করেননি কেউ। তবে এবার ফেসবুক স্ট্যাটাসে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মম।

বিশ্ব নারী দিবসে মম তার ফেসবুক থেকে শিহাব শাহীনের ফেসবুক ওয়াল এ লিখেন, আমি জানতাম না আপনাকে, আজ ৩ বছর পর জানলাম আপনাকে…আর সাথে এ ও জানলাম যে আপনি এমন ই…ভুল ছিলাম আমি, ভুল ছিল আপনার জন্য আমার ভালোবাসা, কারণ নিখাঁদ আবেগকে আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ভালো থাকুন। আমি একা আছি আর একাই ভালো থাকব।

কিছুদিন আগেই শিহাব শাহীনের পরিচালনায় প্রথম চলচ্চিত্র `ছুঁয়ে দিলে মন` এ অভিনয় করেছেন মম। মমর বিপরীতে ছিলেন আরেফিন শুভ। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে।

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে শেষ হবে।

এ পরীক্ষার সময়সূিচ ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nu.edu.bd/degree – এ পাওয়া যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খালেদার হরতাল প্রত্যাখান করেছে জনগণ

nasim20জনগণ খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সারাদেশে মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। অবরোধ-হরতালকে উপেক্ষা করে জনগণ আগের মতোই কর্মতৎপর রয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধুসেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে ১৪ দল আয়োজিত নাশকতাবিরোধী প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন,  জ্বালাও পোড়াও বন্ধ করুন। এতে কোনো লাভ হবে না। আর এগুলো করতে গিয়ে আপনি একা হয়ে গেছেন। দলের নেতাকর্মীরাও এখন আপনার সঙ্গে নেই।

এ মাসেই খালেদার এসব অপকর্মের ফয়সালা হয়ে যাবে বলে জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া, জাসদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম তানসেন এমপি, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি প্রমুখ।

এফবিআইকে আলামত দিতে আদালতের অনুমতি চাইবে ডিবি

monirul islamসাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের আলামত ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের প্রতিনিধি দলকে দিতে আদালতের অনুমতি চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আদালতের অনুমতি পেলে হত্যাকাণ্ডের আলামত এফবিআই সদস্যরা যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন এবং সেখানে এসব আলামত পরীক্ষা-নিরীক্ষা করবেন।

মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের তদন্তে আমাদের তৎপরতা নিয়ে এফবিআই প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। আমরাও তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তদন্ত এগিয়ে চলেছে।

হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বপ্রাপ্ত ডিবির কমিটির পক্ষে মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক শফিউর রহমান ফারাবীকে জিজ্ঞাসাবাদ করছি। তিনি চতুরতার সঙ্গে কথা বলছেন। তবে, আমরা সব তথ্য-উপাত্ত খতিয়ে দেখছি।

হত্যাকাণ্ডে জড়িত ১০ জনকে শনাক্ত করার ব্যাপারে ডিবির এ যুগ্ম কমিশনার জানান, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ৫ মার্চ বৃহস্পতিবার ভোরে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিনিধিদলের চার সদস্য ঢাকায় আসেন। এরপর তারা ওইদিন দুপুরে গোয়েন্দা কার্যালয়ে অভিজিৎ হত্যা নিয়ে চার ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধিদল ওইদিনই মাঠে নামেন অভিজিৎ হত্যার তদন্ত কাজে। এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সবশেষ গতকাল শনিবার অভিজিতের বাবা অজয় রায়ের সঙ্গে কথা বলেন এফবিআই সদস্যরা।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে তাকে।

এ হত্যাকাণ্ড তদন্তে সরকারকে সহযোগিতা করার আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে গত ৫ মার্চ বৃহস্পতিবার ভোরে ঢাকায় আসে এফবিআইয়ের চার সদস্যের এই প্রতিনিধিদল।

দুঃখের সিনেমা শরীরে ওজন বাড়ায়

cryingদুঃখের সিনেমা দেখতে ভালোবাসেন? তাহলে একটি বিষয়ে সর্তক হতেই হবে। সম্প্রতি এক গবেষণা দেখা গেছে, বেদনা বা দুঃখের কাহিনীনির্ভর সিনেমা বেশি দেখলে শরীরে ওজন বাড়ে।

নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে দেখেছেন, মানুষ হাস্যরসাত্মক সিনেমা দেখার সময় যে পরিমাণ ভুট্টার খই খান একই খাবার তার চেয়ে অন্তত ২৮ শতাংশ বেশি খান ‘বেদনাদায়ক ভালোবাসার’ সিনেমা দেখার সময়।
নিউইয়র্কের একটি সিনেমা হলে খাবারের ফেলে দেয়া প্যাকেট গণনা করে গবেষকরা দেখেছেন, ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’ সিনেমাটি দেখার সময় দর্শকরা যে পরিমাণ ভুট্টার খই খেয়েছেন একই খাবার তার চেয়ে ৫৫ শতাংশ বেশি খেয়েছেন দুঃখের সিনেমা ‘সোলারিস’ দেখার সময়।
গবেষক দলের প্রধান  ব্রেইন ওয়ানসিঙ্ক বলেন, দুঃখের সিনেমা দেখার সময় দর্শক স্বাস্থ্যসম্মত খাবার খেতে বেশি উদ্বুদ্ধ হন। ওই ধরনের পরিস্থিতি দর্শককে ফল কিংবা শাকসবজি জাতীয় খাবার খাওয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
গবেষণাটি একই বিশ্ববিদ্যালয়ের আরেকটি একটি গবেষণার পরিপূরক । ওই গবেষণায় দেখা যায়, মারামারি ও দুঃসাহসিক সিনেমা উপভোগ করার সময় দর্শক ক্যালরিসমৃদ্ধ খাবার বেশি খান।
গবেষক দলের সদস্য অ্যানের টল বলেন, মারামারির সিনেমা দেখার সময় দর্শক আবেগে খাবার খান। আবার অনেকে কষ্ট থেকে মুক্তি পেতে ভুট্টার খই খান।
তাই সিনেমা দেখার সময় খাবার দূরে রাখার পরামর্শ দিয়েছে ওই গবেষক দল।
গবেষণাপত্রটি সম্প্রতি প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের জামা ইন্টারনাল মেডিসিনে । সূত্র: খালিজ টাইমস

 

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা ভাংচুর, আটক ৫

sirajganjবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের মধ্যে সিরাজগঞ্জে একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করা হয়েছে।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে হরতাল ও অবরোধ সমর্থকদের একটি ঝটিকা মিছিল থেকে ট্রাক ও অটোরিকশা ভাংচুরের এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, সকাল পৌনে ১১টার দিকে পৌর এলাকার বাহিরগোলায় হরতাল ও অবরোধ সমর্থকরা ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে সদর থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, নাশকতায় জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

লিবিয়ায় বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

is5লিবিয়ায় এক বাংলাদেশিসহ নয়জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
অপহৃত বাংলাদেশির নাম মো. হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর বি ০১৫৬৫৫৩। তিনি লিবিয়ার সিরতের শহরের আল-ঘানি তেলখনিতে কাজ করতেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার আইএস জঙ্গিরা লিবিয়ার সিরতে শহরের দক্ষিণে আল-ঘানি তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে, যাদের কয়েকজনকে শিরোশ্ছেদ করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তেলখনিটি পুনরায় নিজেদের দখলে নেয়। তবে তেলখনি থেকে পিছু হটার সময় আইএস জঙ্গিরা নয়জনকে অপহরণ করে নিয়ে যায়, যাদের মধ্যে একজন বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত বাংলাদেশি হেলাল উদ্দিনকে কোথায় নেওয়া হয়েছে তা শনাক্ত করে তাকে মুক্ত করার চেষ্টা চলছে।

মিডিয়া যাচাই না করে প্রচার করছে কেন- হানিফের প্রশ্ন

hanif14আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের ভূমিকা নিয়ে বলেন, কেউ কোথা থেকে ফোন করলো অথবা ফ্যাক্স করলো, আর সঙ্গে সঙ্গে সেই নিউজটা মিডিয়া প্রচার করলো এটা ঠিক না, মিডিয়া যাচাই বাচাই না করে প্রচার করছে কেন এমন প্রশ্নও করেন হানিফ।

হানিফ বলেন, তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোন জায়গা থেকে প্রেস রিলিজ দেয়া যায়। কেউ যদি বিদেশে পালিয়ে থেকে প্রেস রিলিজ পাঠায় তাহলে তো তাকে বিদেশ থেকে ধরে আনা সহজ ব্যাপার না।

হানিফ আরো বলেন, মিডিয়ার দেশের ও জনগনের প্রতি দায়িত্ববোধ আছে। ধ্বংসাত্বক বা নেতিবাচক খবর প্রচারের ব্যাপারে বিরত থাকাটা জনগণের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। মিডিয়ার সেটা করা উচিত। মিডিয়া দায়িত্বশীল হলে আত্মগোপনে থেকে বা বিদেশ থেকে কেউ কর্মসূচি ঘোষনা করতে পারবে না।

সোমবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।