কোয়ার্টার ফাইনালে পাকিস্তান
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে বিশ্বকাপ ক্রিকেটের পুল ‘বি’র গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৬.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
এর আগে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ পোর্টারফিল্ড করেন ১০৭ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে ওহাব রিয়াজ ৩টি, রাহাত আলি ২টি ও সোহেল খান ২টি করে উইকেট নেন।
টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান করেছে আয়ারল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড ।
কোয়ার্টার ফাইনালে ওঠার জন্যে এ ম্যাচটি উভয় দলের জন্যে গুরুত্বপূর্ণ। এ ম্যাচে যে দল জিতবে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। আর যে দল হারবে তারা কোয়ার্টার ফাইনালে অংশ নিতে পারবে কিনা সেজন্যে তাকাতে হবে ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের দিকে।
ব্যাট দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা!
পারিবারিক কহলের জের ধরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা করেছে এক নারী। ভারতের কেভাডিয়ারে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুকেশ এস বারিয়ার (৩৫)। তিনি একজন পুলিশ কনস্টেবল ছিলেন। স্বামীকে হত্যার এ ঘটনায় তার স্ত্রী সঙ্গীতাকে গ্রেফতার করা হয়েছে।
কেভাডিয়া থানার সাব-ইনসপেক্টর ওয়াই পি পটেল গ্রেফতাররে খবর নিশ্চত করেছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, মুকেশকে যে হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের রিপোর্টে প্রমাণিত হয়েছে। সঙ্গীতা মুকেশকে ব্যাট দিয়ে পিটিয়ে মারার কথা স্বীকারও করেছেন।
কেভাডিয়া টাউনের সর্দার সরোবর বাঁধে নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন মুকেশ। সঙ্গীতার সঙ্গে তার ১২ বছরের বিবাহিত জীবন ছিল। কিন্তু মুকেশের অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে প্রায়ই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হতো। ৪ দিন আগেও তাদের মধ্যে এ নিয়ে তুমুল ঝগড়া হয়। এ থেকেই ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা। মুকেশ ও সঙ্গীতার ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তার নাম প্রিয়া।
বসে থাকবেন না, জেগে উঠুন: বি. চৌধুরী
সরকার হিটলার-মুসোলিনিকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, “বসে থাকবেন না। জেগে উঠুন।”
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চলমান পরিস্থিতি ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিকল্পধারার সভাপতি বলেন, দেশের মানুষ ৫ জানুয়ারির নির্বাচন মেনে নেয়নি। তারা ভোট দিতে চায়। তাদের এ অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, “নিয়ম রক্ষার নির্বাচন করেছেন। এবার ওয়াদা অনুযায়ী সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।”
‘ক্রসফায়ার’ বন্ধ করার আহ্বান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “এটা হত্যা। রাষ্ট্রীয় বাহিনী এভাবে মানুষ হত্যা করতে পারে না। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। সরকার হিটলার-মুসোলিনিকেও ছাড়িয়ে গেছে।” হাইকোর্টের আদেশ অনুযায়ী বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “সরকার হাইকোর্টের কথাও রাখবে না। এটা কোন ধরনের সরকার!”
সভাপতির ভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যদ অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বর্তমান সংকটের রাজনৈতিক সমাধানের বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “সমাধান না হলে মারামারি হবে, দেশের অস্তিত্ব বিনষ্ট হবে।” তিনি বাংলাদেশের মানুষের প্রকৃতির কথা উল্লেখ করে সরকারকে সতর্ক করেন, “এখানকার মানুষ কিছুদিন অত্যাচার-নির্যাতন সহ্য করে। কিন্তু সীমা অতিক্রম করলে জনগণ যা করে তা অত্যন্ত ভয়ংকর, অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।”
বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত সভায় আরো বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের টাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সম্মিলিতি পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।
তরুণলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার দুপুর একটার দিকে মেহেরপুর কলেজ মোড়ে তরুণলীগ ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিনজন।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে।
সংবাদ পেয়ে মেহেরপুর পুলিশের কয়েকটি টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউণ্ড ফাঁকা গুলি বর্ষণ করে ও আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পঠায়।
গুলি বর্ষণের ঘটনা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার জানান, আহতদের মধ্যে মাহফিজুর রহমান পলেনের অবস্থা আশঙ্কাজনক।
আবারও চলচ্চিত্রের গানে জেমস
আবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন নগরবাউল জেমস। ‘সুইটহার্ট’ ছবির জন্য ‘আমি আকাশের কাছে জানতে চাই কী আমার অপরাধ’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। এর কথা, সুর ও সংগীত পরিচলনা করেছেন শফিক তুহিন। গত সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানের সংগীত পরিচালক শফিক তুহিন বলেন, ‘জেমস বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত শিল্পীদের একজন। এর আগে ‘দেশা: দ্য লিডার’ ছবিতেও আমার লেখা গানে তাকে পেয়েছি। আশা করি, দর্শক-শ্রোতারা নতুন এ গানে আবারও মুগ্ধ হবেন।’
এদিকে গত বছরের ১৯ অক্টোবর ‘সুইটহার্ট’ ছবি কাজ শুরু হয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, বাপ্পী ও রিয়াজসহ অনেকে।
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
আশুলিয়ায় সালমা আক্তার (২৫) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী আয়নাল হক নিরুদ্দেশ রয়েছেন। রবিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আয়নালের ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
সালমা শ্রীপুর এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় সমশের নিট গার্মেন্টসে কাজ করতেন।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শনিবার রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতের কোনও একসময় আয়নাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।
আশুলিয়া থানা ওসি মোস্তফা কামাল জানান, রবিবার সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের ভেতর নিহত পোশাক শ্রমিকের লাশ পড়ে থাকতে দেখতে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সালমার গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে।
মানিকগঞ্জে ভুয়া বিচারপতিসহ গ্রেফতার ৩
হাইকোর্টের বিচারপতি দাবি করে সিংগাইর থানায় একটি জমি সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে সুপারিশকারী ভুয়া বিচারপতি ফারুক খানসহ (৪০) তিনজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ভুয়া বিচারপতি ফারুক খান দিনাজপুর সদর উপজেলার নিউ টাউন এলাকার জাবেদ খানের ছেলে। আটকৃত অন্য দুজন হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রামের মৃত আব্দুর মুন্নাফ খানের ছেলে আকবর হোসেন মুন্সী ও আঙ্গারিয়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে জিল্লুর রহমান।
রবিবার বেলা ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, গত কয়েকদিন আগে ফারুক খান নিজেকে হাইকোর্টের বিচারপতি দাবি করে সিংগাইর থানায় একটি জমি সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে সুপারিশ করে আসছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে সিংগাইর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে ঢাকার উত্তরা থেকে ফারুককে গ্রেফতার করে। এর আগের দিন ফারুকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকবর ও জিল্লুরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।
টাঙ্গাইলে বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরণ
টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পরপর দুটি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। স্কুলের সামনে পুলিশি পাহারা থাকলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজোয়ান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের পেছন দিক থেকে পরপর দুটি ককটেল বিদ্যালয় প্রাঙ্গণে এসে পরলে তা বিস্ফোরিত হয়। ঘটনার পর বিদ্যালয়ে থাকা ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিদ্যালয় ত্যাগ করে চলে যায়।
তবে এই ঘটনার আগে থেকেই বিদ্যালয়ের সামনে পুলিশি প্রহরা ছিল বলেও জানান প্রধান শিক্ষক।
টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন ১৭ মার্চ
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ মার্চ টুঙ্গিপাড়া আসছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ , ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে দিনের কর্মসূচি শুরু করবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। বাজানো হবে বিউগল।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। পরে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন তিনি।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস.এম.খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে জানা গেছে।
উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।











