শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রম আর বাধাগ্রস্ত হচ্ছে না

muhitঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রম আর বাধাগ্রস্ত হচ্ছে না ।

বুধবার সকালে রাজধানীর হেয়ার রোডের বাস ভবনে সফররত ডেনিশ মন্ত্রী মোজেনস জেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, হরতাল-অবরোধের শুরুর দিকে অর্থনীতির সাথে সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও এখন তারা নিজস্ব উপায়েই সংকট মোকাবেলা করতে শুরু করেছেন।

শিক্ষার অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

hasina5শিক্ষাক্ষেত্রে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী ও টাস্কফোর্সের উপদেষ্টা শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহদুর উ শৈ সিং সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিক্ষার অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হয়, প্রাথমিকে ভর্তির হার বেড়েছে। একই সঙ্গে কমে এসেছে ঝরে পড়ার হারও।

প্রেস সচিব শামীম চৌধুরী জানান, ‘বর্তমানে প্রাথমিকে ভর্তির হার ৯৭ দশমিক ৭ যা ২০০৯ সালে ছিলো ৯৩ দশমিক ৯। অন্যদিকে ২০১৪ সালে প্রাথমিকে ঝরে পড়ার হার ছিলো ২০ দশমিক ৯ যা ২০০৯ সালে ছিলো ৪৫ দশমিক ১।

শিক্ষাক্ষেত্রে এ অগ্রগতি সম্ভব হয়েছে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, জাতীয় শিক্ষানীতির অনুমোদন, ২৬ হাজার ১৯৩ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, ১ লক্ষ ৩ হাজার ৮৪৫ জন শিক্ষককের চাকরি সরকারিকরণসহ নতুন করে ১ লক্ষের অধিক শিক্ষক নিয়োগের ফলে।’

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি ও সেনিটেশন ব্যবস্থান উন্নয়ন, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা সেনিটেশন ব্যবস্থা ছেলেমেয়েদের ভর্তি বাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয় বলে জানান শামীম চৌধুরী।

ঝরে পড়া কমে আসার ক্ষেত্রে মিড ডে মিল ব্যবস্থার সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী এটিকে অব্যাহত রাখার কথা বলেন। একই সঙ্গে তিনি মিড ডে মিলে খাবারের ধরণ স্থানীয়ভাবে নির্ধারণ করার পাশাপাশি স্থানীয়ভাবে এ জন্য ফান্ড তৈরিরও পরামর্শ দেন।

এদিকে পার্বত্য এলাকার স্কুলগুলো অনেক দূরে দূরে হওয়ায় সেখানকার ১০টি স্কুলকে ইতিমধ্যে আবাসিক করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলগুলোকেও আবাসিক করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।

দু’দাদু মিলে ধর্ষণ, দিশেহারা কিশোরী

repeবরগুনায় দুই দাদু মিলে ১৩ বছরের কিশোরী ধর্ষণের বিচার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে, গত প্রায় চার মাস ধরে তদন্ত কাজ করে যাচ্ছে পুলিশ। তবে আরো কতদিনে শেষ হবে তা বলতে পারছে না কেউই।

গেল ২০১৪ সালের ৩ মে স্কুল থেকে ফিরে প্রতিবেশি চাচাতো দাদু অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল খালেকের বাড়ির টিউবয়েলে পানি আনতে যায় ওই কিশোরী। এ সুযোগে তাকে ঘরের মধ্যে নিয়ে ডেকে নিয়ে কৌশলে কিশোরীকে ধর্ষণ করে দাদু।

ওই ঘটনার তিনদিন পর সবকিছু ফাঁস করে দেবেন এমন হুমকি দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে কিশোরীর ফুফাতো দাদু তৈয়ত আলী। দুই দাদুর হুমকির ভয়ে বিষয়টি চেপে যায় নির্যাতিতা কিশোরী। তবে এক পর্যায়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে সে। ছয় মাস পর এ ঘটনায় সবকিছু জানাজানি হলে ২৪ নভেম্বর বরগুনা সদর থানায় ধর্ষণের পরিবার মামলা করে। কিন্তু এলাকার প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার জন্য বাদীকে চাপ দিচ্ছে।

কোনো সমঝোতা নয়, আইনি বিচারের দাবি জানিয়ে ধর্ষিতার বাবা মোখলেছ হাওলাদার বলেন, থানায় মামলা করার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না। এলাকার মেম্বার চেয়ারম্যানরা মীমাংসার কথা বলে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।

ধর্ষিতার মা বলেন, পুলিশের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাই নি। তারা কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। মেম্বার চেয়ারম্যানরা টাকা পয়সা দেয়ার কথা বলে সালিশ বৈঠকে বসার জন্য চাপ দিয়ে যাচ্ছে।

ধর্ষিতার মা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের মান-সম্মান আর কিছুই নেই, সব শেষ। এখন শুধু আমার মেয়ের ধর্ষণের বিচার চাই, আর কিছু চাই না।

মীমাংসার চেষ্টা করার কথা স্বীকার করে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাকিম বাংলামেইলকে বলেন, আমি নিজে উদ্যোগ নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। এলাকায় এ ধরনের ঘটনা ঘটলে সেটা মীমাংসা করা আমার দায়িত্ব। তবে আমি চাই ধর্ষিতা মেয়েটি যেন ন্যায্য বিচার পায়।

এদিকে কবে নাগাদ তদন্ত শেষ হবে তা বলতে পারছে না বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন। তিনি বলেন, তদন্ত কাজ কবে নাগাদ শেষ হবে সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধর্ষিতা ও তার সন্তানের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে তা ঢাকা ডিএনএ ল্যাব-এ পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। তবে এর আগে যা করা দরকার সেটা আমরা প্রায় শেষ করেছি।

 

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত সাত, আহত ৪১

kabulআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত বেসামরিক লোক নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে। বুধবার সিনিয়র এক প্রাদেশিক কর্মকর্তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

উপ-প্রাদেশিক গভর্নর মোহাম্মদ জান রাসোলিয়ার এএফপিকে জানান, হামলাকারী বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে একটি কমপ্লেক্সে হামলা চালায়। এই কমপ্লেক্সের কাছে লস্কর গাহর প্রাদেশিক কাউন্সিলের প্রধান, গভর্নর ও উপ-পুলিশ প্রধানের বাড়ি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক পুলিশ কর্মকর্তা হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। বাসস।

পাবনায় আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

pabna5পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ছাত্রলীগের এক নেতা।
বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি স্টেশন পাড়ায় এ গোলাগুলির ঘটনায় দুই গ্রুপের আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত ছাত্রলীগ নেতার নাম বাধন খন্দকার (২৫)। তিনি মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের নেতা এবং স্টেশনপাড়ার বাবুল খন্দকারের ছেলে। বাধনের চাচা মিলন খন্দকার মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশের ঈশ্বরদী সার্কেলের এএসপি মো. শাহনুর আলম পাটোয়ারী এ বিষয়ে জানান, মঙ্গলবার রাত থেকে মুলাডুলি স্টেশন এলাকায় ‘সান্ধ্য পুকুর মেলা’ শুরু হয়। মেলায় বিভিন্ন ধরণের দোকান ও জুয়ার আসর বসে। বুধবার বেলা ১টার দিকে যুবলীগ নেতা মিলন খন্দকারের সমর্থকরা মেরার নিয়ন্ত্রণ নিতে ওই এলাকায় যায়। তখন ইউনিয়ন আওয়ামী লীগের সাথথারণ সম্পাদক কামাল হোসেন মিঠু ও হাবিবুর রহমান ওরফে মৎস হাবিবের সমর্থকরা বাধা দেয়। বাতবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় অন্তত ১০/১৫ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় মিলন গ্রুপে থাকা ইউনিয়ন ছাত্রলীগের নেতা বাধন খন্দকার গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ২টার দিকে তার মৃত্যু হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাধনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেফতার ১

arrest28চট্টগ্রামের মিরসরাইয়ে একটি এলজিসহ মাইনুল ইসলাম রিমু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া দেওয়ান আলী ভূঁঞা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরসরাই থানা উপ-পরির্দশক মো.মকিবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রিমুকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে বাথরুমের কমেট থেকে একটি এলজি ও সীসা দিয়ে তৈরি একটি বুলেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ জানে কীভাবে ওয়ানডে খেলতে হয়: সুরেশ রায়না

raina18কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছে না ভারত। বরং একদিনের ক্রিকেট ম্যাচ বাংলাদেশ এখন বেশ ভালোভাবেই খেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।
আজ মেলবোর্নে ভারতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে সুরেশ রায়না বলেন, ”বাংলাদেশ হালকাভাবে নেওয়ার দল না। অতীতে তারা ভারতের বিপক্ষে ভালো খেলেছে। বিশেষ করে তাদের কাছে আমরা ২০০৭ বিশ্বকাপে হেরেছি, এশিয়া কাপেও হেরেছি। তাদের খেলোয়াড়রা আইপিএল-এ প্রচুর ম্যাচও খেলেছে। তারা এখন জানে কীভাবে একদিনের ক্রিকেট খেলতে হয়।’
বাংলাদেশ অধিনায়ক মাশরাফির মতে ভারতের ব্যাটিং লাইনআপকে সামলানোই বড় চ্যালেঞ্জ। হুবহু না হলেও প্রায় একই কথার প্রতিধ্বনি রায়নার মুখেও, ‘ইংল্যান্ড এবং অন্যান্য দলের বিপক্ষে বাংলাদেশ ভালো ব্যাট করছে। তাই আমাদের ভালো বল করা দরকার। এটা কোয়ার্টার ফাইনাল।এখানে ভুল করার জায়গা নেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যা-ই করি না কেন, সবই সঠিকভাবে করা দরকার।’
নকআউট পর্বের সব ম্যাচই চাপের উল্লেখ করে রায়না আরও বলেন, ‘কোয়ার্টার ফাইনালের সব খেলাই চাপের ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। গত সাড়ে চারমাস ধরে আমরা অস্ট্রেলিয়ায় থাকায় অন্য দলগুলোর চেয়ে কন্ডিশনের সঙ্গেও একটু বেশিই অভ্যস্ত। এখন শুধু ভালো করে খেলা দরকার।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইসলামী ব্যাংকের প্রথম সেবাঘর উদ্বোধন

ibank service houseইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম সেবাঘর বুধবার রাজধানীর মানিকনগরে উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ সেবাঘর উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান মো. শফিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রোমোশন এন্ড মার্কেটিং বিভাগের প্রধান মুহাম্মদ কামাল উদ্দিন জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

সেবাঘরের মাধ্যমে গ্রাহক এটিএম ও আইডিএম-এ ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, একাউন্ট খোলা, একাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট গ্রহণ, আই-ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন ও বিনিয়োগ তথ্যসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।    

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছিয়ে দিতে চায়। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ ব্যাংক দেশব্যাপি সেবাঘর খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে।

তিনি বলেন, তিন দশকের অর্থায়ন সেবার মাধ্যমে কল্যানমূখী এ ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নোয়নে কাজ করছে।

তিনি সকলকে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করে  জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

মালিতে শান্তিরক্ষী বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২

মালির উত্তরাঞ্চলে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই ডাচ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবারের এ ঘটনাকে নেদারল্যান্ডের সামরিক বাহিনী দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

নগরীর বিমানবন্দর সূত্র এএফপিকে জানায়, জাতিসংঘের এমআইএনইউএসএমএ মিশনের হেলিকপ্টারটি গাও থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। পরে শীর্ষ ডাচ প্রতিরক্ষা কমান্ডার জেনারেল টম মিডেনড্রোপ হেগে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার সত্যতা নিশ্চত করেন।

মিডেনড্রোপ বলেন, গ্রিনিচ মান সময় বিকাল প্রায় ১৩০০টায় মালিতে বিধ্বস্ত হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় ৩০ বছর বয়সী এক ক্যাপ্টেন ও ২৬ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট নিহত হয়েছেন।

মিডেনড্রোপ জানান, ডাচ তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

ক্যাপ্টেন ঘটনাস্থলেই মারা যান। ফার্স্ট লেফটেন্যান্টকে গুরুতর আহত অবস্থায় ফরাসি সামরিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মালিতে এমআইএনইউএসএমএর প্রায় ১১ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। এদের ৬৭০ জন নেদারল্যান্ডের সৈন্য।

২০১৩ সালে মালিতে মোতায়েনের পর শান্তিরক্ষী বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।– বাসস।

‘খালেদা জিয়াও হারিয়ে যাবেন’

hanif14বাংলার মাটি থেকে যেভাবে বিএনপির হরতাল-অবরোধ হারিয়ে গেছে, বিএনপি নেত্রী খালেদা জিয়াও একদিন সেভাবে হারিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘জঙ্গীনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন কখনও বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। তার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। কেন না খালেদা জিয়ার কথা এখন জনসাধারণ তো দূরের কথা বিএনপি নেতাকর্মীরাই শোনে না। উনার কথা শোনে শুধু জঙ্গীবাদী সন্ত্রাসীরা।’
বাংলার জনগণ এখন আর হরতাল-অবরোধ মানে না বলে মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপির হরতাল অবরোধ এখন গুপ্ত বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। বাংলার মাটি থেকে যেভাবে তাদের হরতাল অবরোধ হারিয়ে গেছে। সেভাবে একদিন বিএনপি নেত্রীও হারিয়ে যাবেন।’
২০১৯ সালের আগে বাংলাদেশে নির্বাচন হবে না- আবারো দৃঢ়ভাবে সে কথা জানিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই নেতা আরো বলেন, ‘২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।’
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন আর রশীদ হীরা।