শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মহিলা নিহত

road accident2রাজধানীর যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগে বাসের ধাক্কায় শিউলি (২৫) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাহিদা (৩২) নামের আরেক নারী। তিনিও একই রিকশার যাত্রী ছিলেন।  সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহিদার  খালাতো ভাই জাহিদ হাসপাতালে সাংবাদিকদের জানান, গত সোমবার রাতে অসুস্থ এক আত্মীয়কে দেখতে তার গোপীবাগের বাসায় যান খালা ও ভাগনি। রিকশাযোগে ফেরার পথে তারা গোলাপবাগের মনোয়ারা হাসপাতালের সামনে পৌঁছালে মহাসড়কে চলাচলকারী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দু’জনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে আশপাশের লোকজন গিয়ে দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত একটার পর চিকিৎসাধীন অবস্থায় শিউলির মৃত্যু হয়। নিহত শিউলি ও আহত শাহিদা সম্পর্কে খালা-ভাগনি। তারা যাত্রাবাড়ীর বউ বাজারের গোলাপবাগের ৩২/১ নম্বর বাসার বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

marder1গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবুর গ্রামে মৃত মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বান (৭৫) ও তার মেয়ে স্বামী পরিত্যক্তা মাদিয়া বেগম (৫০)।

কাপাসিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আজগর হোসেন খান জানান, ঘুম থেকে ওঠতে দেরি দেখে মঙ্গলবার সকাল ৭টার দিকে সূর্যি বানের ছেলের স্ত্রী তাদের ডেকে তুলতে যান। ঘরের দরজা ধাক্কা দিলে তা খুলে যায় । পরে তিনি দুজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পান।

তিনি আরো জানান, সূর্যি বান ঘটনাস্থলে এবং তার মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কাপাসিয়া থানার এসআই আজহারুল ইসলাম জানান, নিহতদের মাথায় ধারালো অস্ত্রের কুপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‘নির্বাচনের পরিবেশ হচ্ছে কি না নজর রাখছেন খালেদা’

khaledaaসিটি কর্পোরেশন নির্বাচনে সকল প্রার্থীকে সমান সুযোগ দিয়ে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ তৈরি করছে কি না- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেদিকে নজর রাখছেন।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর কার্যালয়ের বাইরে অপেক্ষামান সাংবাদিকদের কাছে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী এই তথ্য জানান।

গাজী বলেন, “নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা যাচাই-বাছাই অর্থাৎ বৃহস্পতিবারের পর ঢাকার মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।”

তিনি বলেন, ‘‘ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখন এখনো বিএনপি চূড়ান্ত করেনি। প্রার্থী কাকে করা হবে, তা নিয়ে সবার সঙ্গে তিনি আলোচনাও করছেন।প্রার্থিতা যাচাই-বাছাই অর্থাৎ ২ তারিখের পর-ই তা চূড়ান্ত করা হবে। ”

দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ না থাকায় ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের কার্যক্রম বেগম খালেদা জিয়া তীক্ষভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান রুহুল আমিন গাজী।

তিনি বলেন, ‘‘সিটি নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। ম্যাডাম চান সব প্রার্থী যাতে তাদের প্রচার-প্রচারণার সমান সুযোগ পায়। একটি অর্থবহ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনের সেরকম পরিবেশ তৈরি হচ্ছে কিনা- তার ওপর তিনি নজর রাখছেন।’’

২৮ এপ্রিল ভোটের দিন রেখে নির্বাচন কমিশন ঢাকার উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের যে তফসিল ঘোষণা করেছে তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে। বাছাই হবে ১ ও ২ এপ্রিল।

ঢাকা উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ঢাকা দক্ষিণে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর বিএনপির উপদেষ্টা আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়াদপূর্তির কারণে ঢাকা সিটি নির্বাচনের অপেক্ষায় আছে দীর্ঘ আট বছর ধরে। এরইমধ্যে আগের সীমানা ভেঙে উত্তর ও দক্ষিণের জন্য গঠন করা হয়েছে দুটি আলাদা সিটি করপোরেশন।

আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ রয়েছে জুলাই পর্যন্ত। নির্ধারিত সময়েই সেখানে ভোটের আয়োজন হচ্ছে।

রাত সাড়ে পৌনে ৮টার দিকে পুলিশের অনুমতি নিয়ে রুহুল আমিন গাজীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল কার্যালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহসভাপতি রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক রফিকুল কবির, কোষাধ্যক্ষ মোস্তাক রহিম স্বপন, যুগ্ম মহাসচিব এসএম রফিকুল ইসলাম বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহি আখতার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরীফ উদ্দিন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফির তুহিন ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সেক্ষেত্রে বিএনপি নির্বাচন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে সাংবাদিক শওকত মাহমুদ বলেন, ‘‘সিটি নির্বাচনের পরিবেশ ও ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার বিষয়গুলো বেগম জিয়া পর্যবেক্ষন করছেন।যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, সেক্ষেত্রে ভোটাররা যদি ভোট দিতে না পারে, তখন তিনিই (বেগম জিয়া) ঠিক করবেন কি করতে হবে।’’
এরপর রাত সাড়ে ৯টার দিকে আইনজীবীদের একটি প্রতিনিধিদল বেগম জিয়ার সঙ্গে দেখা করে। ওই প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট সিমকি ইমাম খান ও অ্যাডভোকেট আবদুল খালেক মিলন।

পরে গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরীরও বেগম জিয়ার সঙ্গে দেখা করেন।

১৪ কোটি টাকার কারেন্ট জাল আটক

current netদেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১৪ কোটি টাকার মাছ ধরার কারেন্ট জাল অাটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ১৫ দিনে বাংলাদেশ নৌবাহিনী দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদী, সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে এই জাল আটক করে। সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধারে অভিযান চালায় নৌবাহিনী। গত ১৫ মার্চ থেকে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীগুলোয় অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪৪ লাখ ৫২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে।

আটককৃত জালগুলো স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২০ কর্মী গ্রেফতার

arrest28গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনী ও পুলিশ পৃথকভাবে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা মামলাসহ বিভিন্ন নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলার সদরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলায় ৪ পুলিশ হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি জামায়াতকর্মী সুন্দরগঞ্জের ফিরোজ মিয়া (৪৮)। অন্যরা নাশকতা ও সহিংসতার মামলার আসামি।

দুর্নীতিবাজ ব্লাটারের বিপক্ষে ম্যারাডোনা

meradonaআসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে সেপ ব্লাটারকে নয়, প্রিন্স আলী বিন আল হুসাইনকে সমর্থন দিবেন আর্জেন্টিনার কিংবদন্তী তারকা দিয়েগো ম্যারাডোনা। কোনো দুর্নীতিবাজের পক্ষ হয়ে ওকালতি করবেন না বলেও জানান তিনি।

আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিফার বর্তমান ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে দেখার করার জন্য আপাতত ভিয়েনাতে রয়েছেন। আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ব্লাটার ও প্রিন্স আলী বিন আল হুসাইনের পাশাপাশি সাবেক পর্তুগিজ তারকা লুইস ফিগো ও নেদারল্যান্ডের মাইকেল ফন প্রাগ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ২৯ মের নির্বাচনের জর্দানের প্রিন্স আলী বিন আল হুসাইন জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ম্যারাডোনা।

গোল ডটকমকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ফিফাতে পরিবর্তন আনার জন্য এবং ফুটবলের মঙ্গলের জন্য আমি তার (প্রিন্স আলী বিন আল হুসাইন) প্রতি আমার সমর্থন জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবলের উন্নয়নের জন্য খুব কাছ থেকে তাকে আমি অনেক কাজ করতে দেখেছি।

এরপর সেপ ব্লাটারকে আক্রমণ করে বলেন, আপনাদের অসংখ্যবার বলেছি, আমি কোনো দুর্নীতিবাজের পক্ষে ওকালতি করতে পারবো না। আমি ফুটবলের উন্নয়নে সাহায্য করতে চাই, নিজের সমর্থন জানাতে চাই।

প্রিন্স আলীকে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জেতানোর জন্য আগামী দুই মাসে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। সেপ ব্লাটারকে ফিফা প্রেসিডেন্টের পদ থেকে উৎখাত করার জন্যই তার এই সিদ্ধান্ত।

পঞ্চমবারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হওয়ার জন্য লড়ছেন ব্লাটার। গত কয়েক বছর ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্লাটারের জনপ্রিয়তা কমতে থাকে। এর মধ্যে অন্যতম হলো- অর্থের বিনিময়ে রাশিয়া ও কাতারকে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়া এবং বিভিন্ন দুর্নীতি নিয়ে ফিফার তদন্ত নিয়ে অস্বচ্ছতা।

বর্ধমান বিস্ফোরণ: ৪ বাংলাদেশিসহ ২১ জনের নামে চার্জশিট

nia30ভারতের বর্ধমান রাজ্যের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশিসহ ২১ জনের নামে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ।

জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে নাশকতা ঘটানোই লক্ষ্য ছিল নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর। চার্জশিটে এমনটাই দাবি করা হয়েছে।

সোমবার আদালতে এ চার্জশিট দেয় এনআইএ। ঘটনার প্রায় ৬ মাসের মাথায় নগর দায়রা আদালতে ১৬৪ পাতার এ চার্জশিট দেয়া হলো।

অভিযুক্ত হিসেবে ৪ বাংলাদেশি-সহ ২১ জনের নাম রয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ১৩ জন। ৮ জনকে পলাতক দেখানো হয়েছে। চার্জশিটে ৪০০ জন সাক্ষীর নাম রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ রোধ আইন বা ইউএপিএ’র পাশাপাশি দেশদ্রোহিতা, প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে।

এনআইএর দাবি, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম ও ঝাড়খণ্ডে একাধিক জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র খুলেছিল জামায়াতুল মুজাহিদিন। কারণ, লাগাতার জঙ্গিবিরোধী অভিযানের কারণে বাংলাদেশে প্রশিক্ষণ শিবির চালানো কঠিন হয়ে পড়েছিল।

গত বছর ২ অক্টোবর দুর্গাষ্টমীর দিন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমান জেলার খাগড়াগড়। গৃহস্থ বাড়িতে ভাড়া নিয়ে চুপিসারে সেখানে বোমা ও রকেট বানানোর সময় আচমকা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটে।

তদন্তে নেমে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) মডিউল ও স্লিপার সেলের খোঁজ পাওয়ার দাবি করে এনআইএ। তারা আরো দাবি করে, শুধু বর্ধমান নয়, এরাজ্যের একাধিক জেলায় জঙ্গিরা আস্তানা খুলে রেখেছে।

এই ঘটনার তদন্তে নেমে এক-এক করে এরাজ্যে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম এবং অসমের বরপেটা, সাহিবগঞ্জ ও ঝাড়খণ্ডের পাকুরে জঙ্গি-নেটওয়ার্কের হদিস পান তদন্তকারীরা। তাঁরা জানান, এরাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ মাদ্রাসার আড়ালে সেখানে জেহাদি প্রশিক্ষণ শিবিরও চালাত জেএমবি। সেরকমই জঙ্গি-শিবিরের খোঁজ মেলে মুর্শিদাবাদের বেলডাঙা ও মোকামনগরে, বীরভূমের নানুরে এবং বর্ধমানের খাগড়াগড় ও শিমুলিয়াতে।

‘এইচএসসির প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক ও কোচিং সেন্টারে চলছে নজরদারি’

nahid26এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার দুপুরে বুধবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে ব্রিফ করেন।
গত কয়েক বছর ধরে ফেসবুকে গ্রুপ ও পেজ খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে দুর্বৃত্তরা। এ ঘটনা প্রতিরোধের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এতে জড়িত বহুজনকে গ্রেফতার করা হয়েছে। হয়েছে মামলাও। তবু ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চলছে এখনো।  এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধের আগেভাগেই প্রস্তুতি সরকার প্রস্তুতি নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র প্রণয়ন, বিতরণ ও এ প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাসহ কোচিং সেন্টার ও ফেসবুকের ওপর নজরদারি চালানো হচ্ছে।’
মন্ত্রী আরো জানান, ‘পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সব ফটোকপি করার মেশিনের দোকান বন্ধ করে দেয়া হবে।’
প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু পাবলিক পরীক্ষায় এসব উদ্যোগ নিয়েও আশানুরূপ ফল পাওয়া যায়নি।
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বুধবার (১ এপ্রিল) থেকে দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী অংশ নেবে।  এদের মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র ও ৫ লাখ ২ হাজার ৮৯১ জন ছাত্রী।  গতবারের তুলনায় এবারের এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন।
শিক্ষামন্ত্রী দৃঢ়ভাবে বলেন, বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচি চললেও এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তন করা হবে না। নির্ধারিত সময়ে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গল ও বুধবারের কামিল পরীক্ষা স্থগিত

iuইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন দেশব্যাপী আগামীকাল মঙ্গলবার ও বুধবারের কামিল প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, অনিবার্য কারণঃবশত আগামীকাল মঙ্গলবার ও বুধবারের কামিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা পরীক্ষা দুটি আগামী ৩ ও ৪ এপ্রিল নেয়া হবে।

এছাড়াও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট  (www.iu.bd.net) থেকে জানা যাবে।

ঊল্লেখ্য, দেশে চলমান অবরোধ ও হরতালের কারণে ৬ বারে স্থগিত হয়ে যাওয়া কামিল পরীক্ষা গত ২৭ ও ২৮ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামীকাল ও পরশুর কামিল প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না

bnp logoবিএনপির যুগ্ম-মহাসচিব ও ২০ দলের মুখপাত্র বরকত উল্লাহ বুলু বলেছেন, বর্তমান অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনই যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে পারে না তার আরো একটি নজীর মিলল গতকাল ফরিদপুর ও চাঁদপুরের পৌর নির্বাচনে।

আওয়ামী সন্ত্রাসী ও আওয়ামী লীগের সোনার ছেলেরা কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং প্রকাশ্যে সীল মেরে ভোট জালিয়াতির মহৌৎসব চালিয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেছেন। এসময় তিনি আরো বলেন, জাতি আবারো প্রত্যক্ষ করলো-কিভাবে আওয়ামী লীগ সরকার মানুষের ভোট জালিয়াতি ও ভোটাধিকার কেড়ে নিতে পারঙ্গম এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বীরত্ব দেখাতে সক্ষম।