শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পেট্রোলবোমা হামলাকারীদের অর্থ যোগানদাতা মনজু

hasan28চট্টগ্রামে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী এম মনজুর আলম চট্টগ্রামে পেট্রোলবোমা হামলাকারীদের অর্থ যোগানদাতা বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শনিবার দুপুরে চট্টগ্রামের মোমিনরোডে একটি কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ এই অভিযোগ করেন।

প্রাক্তন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন হরতাল অবরোধের নামে চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় যত নাশকতার ঘটনা ঘটেছে, যত পেট্রোলবোমা হামলা হয়েছে সেসব ঘটনায় অর্থের যোগান দিয়েছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মনজুর আলম।

মনজুর আলম গত পাঁচ বছর মেয়র পদে অধিষ্ট থেকে চট্টগ্রামকে তিনি জলাবদ্ধ শহরে পরিণত করেছেন। পুরো পাঁচ বছরে তিনি চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের কোমর সমান পানিতে ডুবিয়েছেন। তিনি আবার যদি মেয়র নির্বাচিত হন তবে এই শহরের মানুষকে গলা সমান পানিতে ডুবিয়ে মারবেন।

তাই মেয়র নির্বাচনে ভোট দেওয়ার সময় এই বিষয়টি মনে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন শুক্রবার বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ জ ম নাছিরকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছেন।

প্রকৃত অর্থে আ জ ম নাছির একজন সৎ, ধার্মিক এবং নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী। চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আ জ ম নাছিরকে নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ড. হাছান মাহমুদ ।

বিএনপির বিরুদ্ধে স্লোগান চুরির অভিযোগ

cpb bashodসবার জন্য বাসযোগ্য ঢাকা—এই স্লোগানটি বিএনপি ও বিএনপি সমর্থিত শত নাগরিক কমিটি চুরি করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

দল দু’টির দাবি ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ স্লোগানটি তাদের। এই স্লোগানের ব্যানারেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সিপিবি-বাসদ সমর্থিত ঢাকা উত্তরে আব্দুল্লাহ আল কাফি রতন ও ঢাকা দক্ষিণে বজলুর রশীদ ফিরোজ প্রার্থী হয়েছেন।

প্রসঙ্গত, শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ স্লোগানে বিএনপি তাদের সমর্থিত প্রার্থী ঘোষণা করবে।

সিপিবি-বাসদ এর প্রতিবাদে শনিবার বিকেলে ৪টায় প্রগতি মিলনায়তনে (মুক্তি ভবন, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিবি ও বাসদ’র কেন্দ্রীয় নেতারা।

সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ এই খবর জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ এটা একটি সার্বজনীন স্লোগান। আমরা দীর্ঘদিন ধরে সবার বসবাস উপযোগী ঢাকার কথা বলে আসছি। এটা তাদের স্লোগান নয়। সবার স্লোগান।

প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার সিদ্ধান্ত রিভিউ শুনানির পর

shishir moniমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার সিদ্ধান্ত রিভিউ শুনানি নিষ্পত্তির পর নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান শিশির মনির।

আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে অ্যাডভোকেট শিশির মনিরসহ কামারুজ্জামানের পাঁচ আইনজীবী কারাগারে যান।

অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মশিউর আলম, ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। বেলা ১১টা ৫৫ মিনিটে সাক্ষাৎ শেষে তারা কারাগার থেকে বের হন।

শিশির মনির আরো জানান, কামারুজ্জামান তাদের বলেছেন, আগামীকাল তার রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি নিষ্পত্তি হওয়ার পর আবারও তিনি আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

এর আগে আইনজীবীরা কয়েক দফায় কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ কামারুজ্জামানের মামলার পূর্ণাঙ্গ রায় দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদ-ের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

তারও আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছার পর গত ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ চারজন কামারুজ্জামানের কনডেম সেলে গিয়ে পরোয়ানা পড়ে শোনান। কামারুজ্জামান তাদের কাছে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের কথা বলেন।

এরপর ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কামারুজ্জামানের পাঁচ আইনজীবী সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর কারাগার থেকে বেরিয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান আপিল বিভাগে রিভিউ করবেন। সেই প্রেক্ষিতে কামারুজ্জামানের রিভিউ আবেদন করা হয় আপিল বিভাগে। সেটি এখন শুনানির অপেক্ষায় রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীকে তামাশা বন্ধের আহ্বান ড. মিজানের

mizanurআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, যদি কাউকে আটক করে থাকেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সততার সঙ্গে আদালতে হাজির করবেন।

দুই-তিন দিন আগে আটক রাখার পর ২৪ ঘণ্টার সময় দিয়ে আদালতে তুলে জনগণের সঙ্গে তামাশা করবেন না। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ধরনের তামাশা বন্ধের আহ্বান জানান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

মিজানুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধে আমরা রাষ্ট্রকে যত ধরনের কঠোর হওয়া দরকার ততো কঠোর হতে বলেছি। কিন্তু তাতে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। এর ফলে এদের ওপর আস্থাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে নইলে আরো ভয়াবহতা সৃষ্টি হবে।

নাটক-সিনেমায় পুলিশের পোশাক পরা যাবে না এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এ সিদ্ধান্ত মুক্তচিন্তার পথে একটি অন্তরায় সৃষ্টি। রাষ্ট্রের কতটা মাথা খারাপ হলে এমন উদ্ভট সিদ্ধান্ত নিতে পারে।

এ সময় তিনি রাজনীতির নামে সহিংসতা বন্ধ করে রাষ্ট্রকে জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম, অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান এবং ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন প্রমুখ।

মাদক সেবনকালে ঢাবিতে দুই শিক্ষকের ছেলেমেয়ে আটক

du logoআপত্তিকর অবস্থায় মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েসহ পাঁচজনকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী নুরুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ে আছে। তবে আটক কারোরই নাম-পরিচয় জানাননি তিনি।

আমজাদ আলী আরো বলেন, আটকের পর তার উপস্থিতিতে মেয়েটিকে বাদে অন্যদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিরা সিনেট ভবনের ভেতর মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল। তারা সেখানে আপত্তিকর অবস্থার সৃষ্টি করেছিল।

ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করলেন মন্ত্রী

obaidul22অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক সম্প্রসারণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় অসন্তোষ প্রকাশ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, অতিরিক্ত সময় দেওয়ার পরও ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স নির্ধারিত সময়ে সম্প্রসারণ কাজ শেষ করতে পারেনি।

তাদের গাফেলতির কারণে কাজের কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। এভাবে ধীরগতিতে কাজ করলে মানুষের দুর্ভোগ বাড়বে। তাই কার্যাদেশ বাতিল করলাম।

এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মীনাকুমারী হবেন কঙ্গনা

kongona4বিদ্যা বালান যদি পর্দায় সুচিত্রা সেন হয়ে ওঠেন, তবে মীনাকুমারী হয়ে উঠছেন কঙ্গনা রানাওয়াত৷  প্রয়াত অভিনেত্রীর বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে৷ আর পর্দায় তাকে ফুটিয়ে তোলার ভার পড়েছে কঙ্গনার ওপর৷

মীনাকুমারী হিন্দি সিনেমার তুখোড় অভিনেত্রী তে বটেই, আবার তিনি কবিও৷ ব্যক্তিগত জীবনে নানা যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন৷ মারাত্মক অসুখেও ভুগেছেন৷ সিরোসিস অফ লিভার রোগেই মাত্র ৩৯ বছর বয়সে তিনি প্রয়াত হন৷ তার চরিত্রের একপিঠে তাই যতখানি গ্ল্যামার, আলোর ছটা, অন্যপিঠে লেগে আছে ততোখানিই বিষণ্ণতা৷ বহু গুণমুগ্ধের ভিড়েও আসলে এক একা নারী৷ বলা বাহুল্য এরকম এক মানুষকে পর্দায় আবার জীবন্ত করে তুলতে দরকার একজন দক্ষ অভিনেত্রীর৷ গ্ল্যামার ও বিষণ্ণতাকে একইসাথে অভিব্যক্তিতে ধরতে যে কঙ্গনা ভালোই পারেন তা তার একাধিক ছবিতে দেখা গেছে৷ স্বাভাবিকভাবেই এ চরিত্র করার জন্য তারই ডাক পড়েছে৷

তবে এই মুহর্তে কঙ্গনার হাতভর্তি কাজ৷ সামনেই সুজয় ঘোষ ও হংসল মেহতার ছবি৷ সে কাজ মিটতে মিটতে প্রায় বছর শেষ হয়ে যাবে৷ কঙ্গনার তাই মীনাকুমারী হতে সেই ২০১৬৷ সব ঠিকঠাক চললে তিগমাংশু ধুলিয়ার পরিচালনায় কঙ্গনাকে দেখা যাবে পর্দায় মীনাকুমারী হয়ে উঠতে৷

মন্ত্রী স্মৃতির পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ: গ্রেফতার ৪

irani mp indiaট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তারা হলেন  উত্তর গোয়ার ফ্যাবইন্ডিয়া  নামের দোকানের কর্মী। দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশ সুপার কার্তিক কশ্যপের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, শনিবার ফ্যাবইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেপ্তার হওয়া চার কর্মীর ব্যাপারে তদন্ত চলছে।

শুক্রবার দুপুরে ভারতের পর্যটন রাজ্য উত্তর গোয়ার কালাঙ্গুত নামের ছোট শহরে ওই ফ্যাবইন্ডিয়ায় কেনাকাটা করতে গিয়ে গোপন ক্যামেরার শিকার হন স্মৃতি ইরানি।

কালাঙ্গুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ মাইকেল লোবো মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির পক্ষ থেকে কালাঙ্গুত পুলিশের কাছে অভিযোগ  করেন। ডিএসপি নেলসন আলবাকুয়েরক জানান, মামলাটি ৩৫৪ সি ধারা (গুপ্তস্থান থেকে যৌনক্রিয়া দেখা) এবং ৫০৯ ধারায় (নারীর শালীনতা নষ্ট করা) তালিকাভুক্ত করা হয়েছে।

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পর্যটন রাজ্য উত্তর গোয়ার কালাঙ্গুত গিয়েছিলেন স্মৃতি ইরানি। শনিবার দুপুরে তিনি ফ্যাবইন্ডিয়ায় পোশাক কিনতে যান। সেখানে কয়েকটি পোশাক বেছে নিয়ে তিনি ট্রায়াল রুমে ঢোকেন। এরপর তার নজরে পড়ে লুকানো ক্যামেরাটি। দ্রুত বের হয়ে এসে ইরানি স্বামীকে ডেকে পাঠান। সব শুনে ক্রুদ্ধ স্বামী জুবিন ইরানি দোকানের কর্মীদের ওপর চড়াও হন। পরে তাদের ভিডিওচিত্র দেখাতে বাধ্য করেন। এতে দেখা যায়, সত্যি সত্যিই মন্ত্রীর কাপড় পাল্টানোর দৃশ্য ধারণ করা হচ্ছিল।

ফ্যাবইন্ডিয়ার ট্রায়াল রুমের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সেটি এমনভাবে বসানো, যাতে করে যিনি পোশাক বদলাচ্ছেন তার পেছন দেখা যায়। একই সঙ্গে আয়নায় তার প্রতিচ্ছবিও ক্যামেরায় ধরা পড়ে।

ফ্যাবইন্ডিয়ার কর্মকর্তারা পুলিশকে জানান, চুরি বন্ধের জন্য ক্যামেরাটি বসানো হয়েছে। আবার ফ্যাবইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম বিসেল বলেন, দোকানের গুদামঘরে নিরাপত্তাবিষয়ক ক্যামেরা রয়েছে। কিন্তু ট্রায়াল রুমে নেই।

গোয়ার মুখ্যমন্ত্রী ও বেঙ্গালুরুতে নিযুক্ত বিজেপির নির্বাহী লক্ষ্মীকান্ত পরেশকার বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

কারাগারে কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

kamruzzamanএকাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা।
শনিবার বেলা ১১টার দিকে আইনজীবী শিশির মনিরের নেতৃত্ব পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেসারউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের সময় শিশির মনির ছাড়াও আইনজীবী এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে দুপুরে আইনজীবী শিশির মনির সমকালকে বলেন, ‘আমরা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে  সাক্ষাৎ করেছি। আইনি পরামর্শের ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে।’
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে রোববার।
২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে কামারুজ্জামানের আপিল শুনানি শেষে ২০১৪ সালের ৩ নভেম্বর ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করে। পরে গত ৫ মার্চ তার আইনজীবীরা রিভিও আবেদন করলে ওই পরোয়ানার কার্যকারিতা স্থগিত হয়ে যায়।
রিভিউ আবেদনের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববারের কার্যতালিকার ছয় নম্বরে রাখা হয়েছে। গত বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দেন।

সেই মার্সিডিজ বেঞ্জটি জব্দ

marcitizরাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাত কোটি টাকা মূল্যের সর্বাধুনিক মডেলের সেই বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
শনিবার দুপুরে বহুল আলোচিত ওই গাড়িটি ধানমণ্ডির পাঁচ নম্বর সড়কের একটি বাড়ি থেকে জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে।
তিনি জানান, বেলায়েত হোসেন নামের এক অসাধু ব্যবসায়ী ভুয়া কাগজপত্র ও বিল অব এন্ট্রি দিয়ে ২০০৯ সালে মার্সিডিজ বেঞ্জটি নিয়ে আসেন। মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করেই ওই গাড়িটি আনা হয়। পরে ভুয়া কাগজপত্র দিয়ে বিআরটিএ থেকে গাড়িটির নিবন্ধনও নেন তিনি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকেল থেকে র‌্যাবের সহায়তায় ওই গাড়িটি জব্দের চেষ্টা শুরু করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
এ গাড়িটির মালিক বেলায়েত হোসেন অবৈধ কসমেটিকস ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি যাত্রাবাড়ীতে তার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা মূল্যের অবৈধ ও নকল কসমেটিকস জব্দ করা হয়। ওই ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।