রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১০ বছরের পুরনো গাড়ি নিষিদ্ধ দিল্লিতে

car indiaদশ বছরের বেশি পুরোনো ডিজেল গাড়ি আর চালানো যাবে না দিল্লিতে৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷

এনজিটি জানিয়েছে, দিল্লিতে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে৷ অবস্থা এমন, যে দিল্লি ছেড়ে লোককে চলে যেতে বলা হচ্ছে৷ আর এই দূষণের অন্যতম কারণ হল ডিজেল চালিত গাড়ি৷ ব্রাজিল, চিন, ডেনমার্কের মতো বিভিন্ন দেশ ইতিমধ্যেই ডিজেলে চলা গাড়ি বন্ধ করে দিতে উদ্যোগী হয়েছে৷ দিল্লির মানুষকে দূষণের বিপদ থেকে বাঁচাতে সেখানেও এবার কিছু কড়া পদক্ষেপ করা দরকার বলে মনে হয়েছে তাদের৷ এনজিটি-র প্রধান বিচারপতি স্বতন্ত্র কুমার বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, দিল্লির মানুষ যাতে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অসুস্থতার দিকে না এগিয়ে যায়, তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিতে হবে৷ তাই আমরা দিল্লি ও এনসিআর এলাকায় দশ বছরের বেশি পুরোনো ডিজেল চালিত হালকা বা ভারী সমস্ত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করলাম৷’ রাজধানীর রেকর্ডে নথিভুক্ত এ রকম গাড়ির একটি তালিকা তৈরি করার জন্য দিল্লি সরকারের পরিবহণ দপ্তরকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল৷ দিল্লিতে বাতাসের দূষণমাত্রা কমানোর বিষয় উদ্যোগী হওয়ার জন্য গত বছরের নভেম্বর-ডিসেম্বরে পরিবহণ দপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে নির্দেশ দিয়েছিল এনজিটি৷ কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে এদিন দিল্লি সরকারকে ভর্তসনা করেছে তারা৷

পর্ণোস্টার হতেও আপত্তি নেই হ্যাপির

happi9ফের শিরোনামে বাংলাদেশের উঠতি মডেল-অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি৷ তবে এবার রুবেল প্রসঙ্গ নয়, হ্যাপি ভাবনায় এখন সানি লিওন! সানির মতো শরীর দেখাতে চান হ্যাপি৷

ঢলিউড এবং বলিউডে দু’জনই নতুন। অভিনয় দক্ষতায় তেমনভাবে নিজেদের গ্রহণযোগ্যতা মেলে ধরতে না পারলেও জনপ্রিয়তায় অনেক গুণী শিল্পীকে ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারের শুরুতেই।

একজন সানি লিওন বিশ্বখ্যাত পর্নোস্টার। এই তকমা কাজে লাগিয়ে দাপটের সঙ্গেই কাজ করে চলেছেন বলিউডের এই বেবিডল। ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনের সঙ্গে নানামুখী কেলেঙ্কারিতে হ্যাপিও ঢলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিতে চাচ্ছেন।

প্রয়োজনে সানি লিওনের মতো কাজ করতেও পিছু হটবেন না বলে সরাসরি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন হ্যাপি।

তিনি বলেন, সিনেমাতে কাজ করতে এসেছি। মাঠে নামার আগেই রুবেল আমার সঙ্গে যা করেছে তা সবাই জানেন। এখন নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চাই। প্রতিষ্ঠিত অভিনেত্রী হতে পরিচালকের ইচ্ছেতেই সানি লিওনের মতো পর্নোস্টার হতেও আমার কোনও আপত্তি নেই।

সূত্র: কলকাতা২৪

ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের নোটিস

facebook17এবার ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের নোটিসও দেওয়া যাবে৷ সম্প্রতি এমনটাই করেছেন ব্রুকলিনবাসী নার্স, ২৬-বছর বয়সি এলানোরা বাইডু৷ ম্যানহ্যাটন আদালতের বিচারক ম্যাথিউ কুপার এই নোটিস অনুমোদনও করেছেন৷

বাইডুর কৌঁসুলি আন্ড্রূ স্পিনেল জানিয়েছেন, অনেক দিন ধরেই বাইডু, তার স্বামী ভিক্টর সেনা ব্লাড জ্রাকুর বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতে চাইছিলেন৷ কিন্তু ফোনে দু’একবার যোগাযোগ হতে জ্রাকু জানিয়েছিলেন তিনি বেকার এবং তার নির্দিষ্ট কোনও ঠিকানাও নেই৷ তখন অনন্যোপায় হয়ে বাইডু সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন৷

বাইডুর সঙ্গে কথা বলে বিচারক কুপার যখন নিশ্চিত হন যে জ্রাকুর সত্যিই একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং তাতে তিনি নিয়মিত লগ ইন করেন, তখনই তিনি এই ভাবে ডিভোর্স নোটিস দেওয়ার পক্ষে মত দেন৷

কুপার বলেন ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া চলে আসায়, তার যোগ্য প্রয়োগ করে সমনও পাঠানো যেতে পারে৷ ২০০৯ সালে আইনি বিবাহের পর, বাইডু সাবেকি প্রথায় বিবাহের কথা তুলতে জ্রাকু কেবলই সেই প্রসঙ্গ এড়িয়ে যেতে থাকেন৷ দু’জনে আদতে ঘানার বাসিন্দা হলেও একসঙ্গে কখনও থাকেননি৷

স্পিনেল জানিয়েছেন, তার মক্কেল কোনো খোরপোষ চান না, শুধু অসুখী দাম্পত্য থেকে বেরিয়ে এসে নতুনভাবে বাঁচতে চান৷ জ্রাকু আগামী তিন সপ্তাহের মধ্যে নোটিসের উত্তর না দিলে, তার অনুপস্থিতিতেই বাইডু ডিভোর্স পেয়ে যাবেন৷ এখনও পর্যন্ত জ্রাকু নোটিসের কোনো জবাব দেননি৷

রাজধানীর রাজাবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

marderrরাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নূর হোসেন (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন সেটও নিয়ে গেছে তারা।

স্থানীয় লোকজন নূর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবার নাম আবু তাহের। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই নূর আলম জানান, নূর হোসেন আগারগাঁওয়ের সরকারি কোয়ার্টারের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।মঙ্গলবার রাতে তিনি মালিকের বাসা থেকে বেতন নিয়ে রাজাবাজারে চাচাতো ভাইর কাছে যান।

সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে ঢালিবাড়ি এলাকায় থেকে তাকে ধরে সেখানকার একটি রিকশা গ্যারেজে নিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার সঙ্গে থাকা বেতনের ১২ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

নূর আলম আরো জানান, পূর্বশত্রুতার জের ধরে রাজাবাজার এলাকার নাসির ও মাহফুজসহ আরো কয়েকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

নূর হোসেনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই সেন্টু চন্দ্র দাশ।

বিএনপির কার্যালয়ের সামনে আবার পুলিশ

polton5পাঁচ দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে ওই কার্যালয়ের পূর্ব পাশে জলকামান, সাঁজোয়া গাড়ি, প্রিজন ভ্যানসহ পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে কাউকে কার্যা লয়ে যাওয়া-আসায় বাধা দিতে দেখা যায়নি।

দীর্ঘদিন ধরে বিএনপির কার্যা লয়ের সামনে অবস্থান নেয়া পুলিশের সদস্যদের গত শুক্রবার দুপুরে সরিয়ে নেয়া হয়েছিল।

গত ৫ জানুয়ারি ২০ দলের ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচি সামনে রেখে ৩ জানুয়ারি নয়াপল্টন কার্যালয় থেকে কর্মচারীদের বের করে দিয়ে সেখানে তালা লাগিয়ে দেয় পুলিশ। এরপর থেকে সেখানে আর যেতে দেয়া হয়নি বিএনপির নেতাকর্মীদের। গত শুক্রবার দুপুরে সেখান থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেয়ার পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল নেতাকর্মী কার্যালয়ের তালা কেটে ভেতরে ঢোকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে জানা যায়,  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়। তারই অংশ হিসেবে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় স্ত্রী

abbasঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

দক্ষিণ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের গোড়ানে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বুধবার সকাল ১০টায় তিনি প্রচারণা শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক সমর্থক তার সঙ্গে ছিলেন।

এ সময় আফরোজা আব্বাস সাংবাদিকদের জানান, মামলা থাকায় মির্জা আব্বাস প্রচারণা চালাতে আসতে পারেননি। তাই স্বামীর পক্ষে তিনি প্রচারণা শুরু করেছেন।

আফরোজা আব্বাস নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য মির্জা আব্বাস ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানান। মামলা প্রত্যাহার করা হলে মির্জা আব্বাস প্রচারণা শুরু করবেন বলেও জানান তিনি।

আফরোজা আব্বাস বুধবার গোড়ান থেকে ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো ও ৫ নম্বর ওয়ার্ডের কমলাপুরে প্রচারণা চালাবেন। সবশেষে ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাবেন তিনি।

২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন নির্বাচনের বিধি অনুযায়ী প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ পেয়েছেন মঙ্গলবার থেকে।

সিটি নির্বাচনে ভোটাররা কিসের ভিত্তিতে রায় দেবেন?

city22ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীরা শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা।

আগামীকাল বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হওয়ার পর থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে জোরেশোরে।

কিন্তু স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা কিসের ভিত্তিতে তাদের রায় দেবেন?

নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপ-এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন ভোটাররা সাধারণত কোনো একটা নিয়ামকের ওপর ভিত্তি করে ভোট দেন না।

এ ক্ষেত্রে বেশ কিছু বিষয় তারা বিবেচনা করেন । মি. কলিমুল্লাহ বলেন “ রাজনৈতিক মতাদর্শ, প্রার্থীর প্রতি ভালোলাগা-মন্দলাগা, এছাড়া স্থানীয় উন্নতির জন্য কে কি ধরণের প্রতিশ্রুতি দিয়েছেন আর সেটা পূরণ করতে কার কি ধরণের সক্ষমতা আছে সেটাও ভোটাররা বিবেচনা করেন।”

তিনি বলেন, এবারের নির্বাচনে একটি বিষয় পরিলক্ষিত হতে পারে সেটা হল ‘প্রতিবাদ ভোট’। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি তাদের মধ্যে এই প্রটেস্ট ভোট দেওয়ার একটা প্রবণতা লুকায়িত থেকে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া প্রার্থীদের ব্যক্তিগত প্রোফাইল ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

যেমন প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, কিংবা তিনি ঋণ খেলাপি কি না এই সব বিষয়।

তবে ব্যক্তির প্রতি ও দলের প্রতি আনুগত্যের একটা ব্যাপার রয়েছে যেটা সব কিছু ছাপিয়ে অনেকসময় প্রবল আকার ধারণ করে বলে বিগত নির্বাচনের সময় দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।- বিবিসি

মুসলিমরা কি কাবার পূজা করে? জাকির নায়েকের চমকলাগানো উত্তর!

jakir nayek‘ডিয়ার টু আশক’ আলোচনায় ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয় হিন্দুরা সূূর্য ও পাথরের পূজা করলে বলা হয় তারা মুর্তি পূজা করে কিন্তু মুসলিমরা কাবার চারদিকে তাওয়াফ করে ও হজরে আসওয়াদ ধরে চুমা খায়। এটা কি মুর্তি পূজা নয়? উত্তরে ড. জাকির নায়েক বলেন, কাবা আমাদের কেবলা। কেবলার দিকে ফিরে বিশ্বের সকল মুসলমানকে নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছে। তাওয়াফেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাই মুসলমানরা এটা করে থাকে।আমরা কাবার পূজা করি না। যদি কাবার পূজা করতাম তাহলে তো কাবার ওপরে উঠতে পারতাম না। কেউ যদি ভূতের পূজা করে তাহলে সে কি ভূতের ওপর চড়াও হতে পারে? পারে না। কেউ যদি পাথরের পূজা করে তাহলে কি সে পাথরের ওপর দাঁড়াতে পারে? পারে না। কিন্তু মুসলমানরা কাবার ওপর দাঁড়াতে পারে। কাবার ওপর দাঁড়িয়ে নামাজও পড়তে পারে। তাহলে তারা কিভাবে কাবার পূজা করে! তাই মুসলমানদের কাবা তওয়াফ ও হজরে আসওয়াদ চুমা খাওয়াকে পূজা বলে আখ্যায়িত করা যায় না। হজরে আসওয়াদ চুমা খাওয়া ও তাওয়াফ করা ইবাদত।  সৃষ্টিকর্তার নির্দেশ পালন করা হবে এটাই স্বাভাবিক। নির্দেশ পালনকে পূজা বলে আখ্যায়িত করা যায় না। নির্দেশ পালন ইবাদত।

আমার বউ নিরাপদ, কারণ তিনি শাড়ি পরেন: বিজেপি মন্ত্রী

dipokহাজার সমালোচনার আবহেও ‘আলটপকা’ মন্তব্য চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। মোবাইলের জন্যই মেয়েরা নষ্ট হচ্ছে বলে বিতর্কে রাজস্থানের বিজেপি বিধায়ক সুন্দর লাল। সাধ্বী প্রাচী, নিরঞ্জন জ্যোতি, সুন্দর লালদের দলে এবার নাম লেখালেন গোয়ার কারখানা ও বয়লার দপ্তরের মন্ত্রী দীপক ধাভালিকার। তার বক্তব্য, যে সব মহিলারা শাড়ি পরেন না, তারাই ইভ টিজিংয়ের শিকার হন।

সম্প্রতি দীপক ধাভালিকারের স্ত্রী একটি সভায় মন্তব্য করেন, পশ্চিমি সংস্কৃতির জন্যই ধর্ষণের ঘটনা বাড়ছে। স্ত্রীকে পুরোদস্তুর সমর্থন করে দীপক ধাভালিকার আরও একধাপ এগিয়ে বললেন, ‘আমার স্ত্রীকে কোনও দিন ইভ টিজিংয়ের শিকার হতে হয়নি। কারণ তিনি শাড়ি পরেন।’ এখানেই ইতি টানেননি বিজেপি মন্ত্রী। তার আরও বক্তব্য, অতীতে নাকি ধর্ষণের ঘটনা খুবই কম ঘটত। পশ্চিমি সংস্কৃতি যখন থেকে ভারতে ঢুকতে শুরু করেছে, ধর্ষণ বেড়ে গিয়েছে।

স্ত্রীয়ের ভূয়সী প্রশংসা করে দীপক বলেন, ‘আমার স্ত্রী সব সময়ই কপালে টিপ ও শাড়ি পরেন। তাই কোনও দিনও ইভ টিজিংয়ের শিকার হননি। এটা সবার বোঝা উচিত। প্রাচীনকালে ধর্ষণের ঘটনা ক্কচিৎ ঘটত। সেকালে মেয়েরা হিন্দু ধর্ম মেনে শাড়ি পরতেন।’

জামায়াতের দ্বিতীয় দিনের হরতাল চলছে

hortal29মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয় যায়নি।

সোমবার রাতে দলের পক্ষে ঢাকা মহানগর জামায়াতের আমির মওলানা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার হরতাল পালনের আহ্বান জানানো হয়।

জামায়াতের হরতালের প্রথম দিন বিচ্ছিন্ন কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া দেশের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  রাজধানী ঢাকাসহ সারা দেশে যান চলাচলসহ সবকিছুই স্বাভাবিক ছিল।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়াকে ‘ষড়যন্ত্র’আখ্যায়িত করে সর্বাত্মক হরতালের ডাক দেয় জামায়াত।