রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মহেশখালীতে দালালের গুলিতে জেলে নিহত

trolar mবঙ্গোপসাগরের সোনাদিয়ায় মালয়েশিয়ায় মানব পাচারকারী দালালদের গুলিতে লুতু মিয়া (২২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মহেশখালীর সোনাদিয়া এলাকায় সাগরে এ ঘটনা ঘটে। মৃত জেলে লুতু মিয়া মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের কামাল পাশা ছেলে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মানব পাচারকারীরা মহেশখালীর কুতুবজোম তাজিয়ারকাটা ঘাট থেকে বেশকিছু যুবককে ‍ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি টের পেয়ে সোনাদিয়া দ্বীপের কয়েক জেলে ট্রলারটিকে ধাওয়া করে। এ সময় ওই জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে ট্রলারের দালালরা। এতে লুতু মিয়া গুলিবিদ্ধ হয়।

পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লুতু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিরসরাইয়ে কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

mirshoraiমিরসরাইয়ে হঠাৎ ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এতে উপজেলার হিঙ্গুলী, করেরহাট, ইছাখালী, মিরসরাই সদর, মায়ানী, শাহেরখালী, খৈয়াছরা, ওয়াহেদপুরসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইছাখালী ইউনিয়ন। ওই ইউনিয়নের অর্ধশতাধিক ঘর ধসে গেছে বলে স্থানীয়রা জানান।

এদিকে ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডালপালা ভেঙ্গে বিদ্যুৎ তারের উপর পড়ায় মঙ্গলবার রাত থেকে উপজেলাজুড়ে প্রায় ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে রবি শষ্য, সবজি ক্ষেত ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের কৃষক বিকাশ ভৌমিক জানান, কাল বৈশাখী ঝড়ে তার লাউ ক্ষেতের মাচা ভেঙ্গে গেছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এছাড়া ওই গ্রামের সাধন চন্দ্র নামের এক পান চাষী জানান, ঝড়ে তার একটি পানের বরজ পড়ে গেছে। এতে তার ক্ষতির পরিমাণ হবে ৫০ হাজার টাকার বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম জানান, কৃষিতে মোট ক্ষতির সঠিক পরিমাণ এখানো জানা যায়নি।

প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাননি কামারুজ্জামান

lawer kরাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা, সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাননি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ কামারুজ্জামান।

বৃহস্পতিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইনজীবীরা তার সঙ্গে দেখা করলে তিনি এই তথ্য জানান।

মি. কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কারাগার থেকে বেরিয়ে বলেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি পড়ে শোনানোর পর এখন করনীয় সম্পর্কে আমাদের কাছ থেকে আইনের বিধিবিধানগুলো জেনেছেন। বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং পরামর্শ চেয়েছেন। অন্যান্য দেশেও কি নজীর রয়েছে, সেগুলো আমাদের কাছ থেকে জেনেছেন।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে চিন্তাভাবনা করে তিনি সিদ্ধান্ত নেবেন এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন, বলে মি. মনির জানিয়েছেন।

তবে চিন্তাভাবনার জন্য কতটা সময় লাগবে বা জেল কর্তৃপক্ষকে কখন জানাবেন, সে বিষয়ে তাদের কিছু জানা নেই বলে মি. মনির জানান।

তিনি বলেন, এ বিষয়ে একটি ‘রিজনেবল’ সময় নেবেন বলে তিনি আমাদের বলেছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে সময়মতো বিষয়টি জানাবেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

বুধবার রায় প্রদানকারী চার বিচারপতি রায়টি চূড়ান্ত করার পর তাতে স্বাক্ষর করেন। এরপরই সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে বিকালে কারাগার কর্তৃপক্ষের হাতে পৌঁছায়।

বিকালে রায়টি তাকে পড়ে শোনানো হয়।

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা, কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তিনি আইনজীবীদের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত জানান।

এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে হলে কামারুজ্জামানকে একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে হবে। রাষ্ট্রপতি ক্ষমা করলে তিনি রেহাই পেতে পারেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে আবেদন করলে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফাঁসি রায় কার্যকর করার বিধান নেই। তবে তিনি ক্ষমা প্রার্থনা না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়। এরপর মন্ত্রণালয় ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মি: কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফাঁসির আদেশ দেয়।

প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছিল, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মি. কামারুজ্জামান জামায়াতে ইসলাম-এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন।

তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতা বিরোধী অপরাধের মোট সাতটি অভিযোগ আনা হলেও ৫টি অভিযোগ প্রমাণিত হয় বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের একজন আইনজীবী তুরীন আফরোজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন জানান মি: কামারুজ্জামানের আইনজীবীরা।

তবে আপিল বিভাগ ফাঁসির ওই আদেশই বহাল রাখেন। তখনই মি: কামারুজ্জামানের একজন আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছিলেন তারা এই রায় পুনর্বিবেচনার আবেদন করবেন।

এরপর গত ৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে আসামি পক্ষ।

মি. কামারুজ্জামানকে পুলিশ ২০১০ সালে গ্রেপ্তার করে ।

সাভারে ২০০ কেজি জাটকা আটক

savarসাভারে একটি মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে সাভারের ফুলবাড়িয়া মৎস্য আড়তে অভিযানটি চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নির্দেশে উপজেলা সিনিওয়র মৎস্য কর্মকর্তা মো.সলিমুল্লাহ্ অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বাজারে প্রচুর পরিমান জাটকা  বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২০০ কেজি জাটকা  জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ্ বলেন, “জাটকা বিক্রি বন্ধে  নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

আগামী জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা

lawer kকামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তারা (ঢাকা মেট্রো-চ ৫১-৬১০৫) একটি সাদা মাইক্রোবাসে জেল গেটে পৌঁছান। এরপর ১০টা ৫২ মিনিটে কারাগার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনজীবীরা ভেতরে প্রবেশ করেন।

অ্যাডভোকেট শিশির মনিরসহ পাঁচ সদস্যের আইনজীবী দলে রয়েছেন ব্যরিস্টার এহসান সিদ্দিকী, মতিউর রহমান আকন, আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট মুজিবুর রহমান।

এদিকে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে হাসান ইকবাল।

তিনি বলেন, আইনজীবীরা সাক্ষাৎ করে গেলে তাদের সঙ্গে আলাপ করে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে।

মিন্টুর মনোনয়নপত্র বাতিলের রায় বহাল

mintuসিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে আবদুল আউয়াল মিন্টুর আপিল আবেদনের ওপর কোনো আদেশ দেননি আপিল বিভাগ। এর ফলে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের রায় বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর আইনজীবীরা আপিল দায়ের করেন।

৬ এপ্রিল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।

গত ৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

গত ১ এপ্রিল ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহ আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ধাওয়ানের সেই বিতর্কিত ক্যাচ!

dawan cবিশ্বকাপের যে ক্যাচটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, নিশ্চিতভাবেই সেটি কোয়ার্টার ফাইনালে শিখর ধাওয়ানের নেওয়া মাহমুদুল্লাহর ক্যাচ। এবার সেই বিতর্কিত ক্যাচটিকে বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ বলে অভিহিত করেছে আইসিসি। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বকাপের সেরা পারফরম্যান্স পর্যালোচনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল সংস্থাটি তাদের ওয়েবসাইটে সেরা দশ ক্যাচের বর্ণনা প্রকাশ করে। গুরুত্ব ও শ্রেষ্ঠত্বের বিবেচনায় নয়, ক্যাচগুলোকে বর্ণনা করা হয়েছে ম্যাচের ধারাবাহিকতায়।
এতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে বাউন্ডারি দড়ির কাছে শিখর ধাওয়ানের নেওয়া ক্যাচটি সম্পর্কে বলা হয়েছে, ‘একটি শান্ত সমাপ্তির ক্যাচ, একটি দারুণ সম্পূর্ণতার ক্যাচ।’
১৯ মার্চ মেলবোর্নে ওই ক্যাচের ঘটনাটি ঘটে ম্যাচের। ভারতের ৩০০ রান তাড়া করতে নেমে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ। ২১তম ওভারে মোহাম্মদ শামির শটবলকে পুল করেন মাহমুদুল্লাহ। লং লেগে দাঁড়ানো শিখর ধাওয়ানের মাথার ঠিক ওপরে ছিল বলটি। লাফিয়ে বলটি ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলে বল ওপরের দিকে ছুড়ে দেন ধাওয়ান। খানিকটা পিছিয়ে বলটি আরেকবার হাতে জমানোর চেষ্টা করেন। এরপর আরও একবার ওপরের দিকে বল ছুড়ে দিয়ে ধীরস্থিরভাবে মাঠের ভেতরে ঢুকে বলটি তালুবন্দি করেন ধাওয়ান।
আঙুলে উঁচিয়ে আউটের ইশারা করে জানান দেন ক্যাচটি তিনি ঠিকমতোই নিয়েছেন। এটি নিশ্চিত হতে টিভি আম্পায়ারের সাহায্য নেন মাঠের দুই আম্পায়ার।
দায়সারাভাবে দূর থেকে দুই অ্যাঙ্গেলে রিপ্লে দেখেই আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার স্টিভ ডেভিস। এ ধরনের ক্ষেত্রে চার-পাঁচ অ্যাঙ্গেল থেকে যতটা সম্ভব গভীরভাবে রিপ্লে দেখে থাকেন থার্ড আম্পায়াররা।
পরে স্থিরচিত্রে দেখা যায়, ধাওয়ান যখন খানিকটা পিছিয়ে বলটি তালুবন্দি করার চেষ্টা করেন, ঠিক তখনই তার পা সীমানাদড়ি স্পর্শ করে। ম্যাচের এ ক্যাচটির পাশাপাশি আরও কিছু বিতর্কিত সিদ্ধান্ত মিলিয়ে আম্পায়ারদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশ। আম্পায়ারদের যেসব সিদ্ধান্তের ফলে কোয়ার্টারে বাংলাদেশের বিশ্বকাপযাত্রা থেমে গেছে, তার একটিকেই আইসিসি এবার সেরার মর্যাদা দিল।

জবাবদিহিতার অভাবে দুর্ঘটনা বাড়ছে : কাদের সিদ্দিকী

kader siddikiফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২০ জন আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

কাদের সিদ্দিকী শোক বার্তায় বলেন, কোথাও কোনো জবাবদিহিতা না থাকায় আশঙ্কাজনক হারে দুর্ঘটনা ঘটছে। অমূল্য প্রাণ অকালে ঝরে যাচ্ছে। রাষ্ট্রের সকল পর্যায়ে জবাবদিহিতা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করতে জোর দাবি জানাই।

দেশে শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে অবস্থান করছেন কাদের সিদ্দিকী।

দ্বিতীয় দিনের মতো প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী

abbas wife2দ্বিতীয় দিনের মতো প্রচারণায় নেমেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর মালিবাগ শান্তিবাগ প্রাইমারি স্কুল থেকে এ প্রচারণা শুরু করেন তিনি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিএনপির অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানের নেতাকর্মীরা এ প্রচারণায় অংশ নিয়েছেন।

প্রচারণায় আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ঢাকাবাসীর পক্ষে পরীক্ষীত বন্ধু সাবেক সফল মেয়র জননেতা মির্জা আব্বাসকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এই ধরনের লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, মির্জা আব্বাসের পক্ষে বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন স্ত্রী আফরোজা আব্বাস।

স্ত্রীর নাকে কামড় দেওয়ায় যুবকের জেল

kamorমদ্যপ অবস্থায় স্ত্রীর নাকে কামড় দেওয়ায় স্বামীকে দেওয়া দণ্ড ও জরিমানার রায় বহাল রেখেছেন ভারতের একটি আদালত।
এবিপি আনন্দ বুধবার এক প্রতিবেদনে জানায়, দিল্লিতে ২০১১ সালের ১৫ মে মদ্যপ অবস্থায় রাগের মাথায় নিজের স্ত্রীর নাক কামড়ে দেন মহেশ সিংহ। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মামলার পর দিল্লির এক ম্যাজিস্ট্রেট আদালত ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রায় চ্যালেঞ্জ করে মহেশ সিংহ দিল্লির এক নগর ও দায়রা আদালতে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানান।
রায় পুনর্বিবেচনার বিষয়ে বুধবার আদালত ঘোষণা করেন, মহেশ সিংহের বিরুদ্ধে এক বছরের জন্য কারাদণ্ড বহাল থাকবে, সঙ্গে তাকে ক্ষতিপূরণ বাবদ হাজার টাকাও দিতে হবে।