রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

বিমান ছিনতাইয়ের হুমকি, শাহজালালে নিরাপত্তা জোরদার

shahjalal‘আমাদের লোক প্রস্তুত আছে। কিছুক্ষণের মধ্যেই বিদেশগামী একটি বিমান ছিনতাই হবে।’ গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কেন্দ্রীয় এক্সচেঞ্জে এমন উড়ো ফোন যায়। এর পরই বিমানবন্দরজুড়ে শুরু হয় তোলপাড়। পুরো বিমানবন্দরে সতর্কতা জারি করে চলতে থাকে নিরাপত্তা তল্লাশি। দুই ঘণ্টার তল্লাশির পর স্বস্তি ফেরে কর্মকর্তাদের মধ্যে। এমন হুমকির পর বিমানবন্দরের পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন
জাকির হোসেন বলেন, রাত পৌনে ৯টার দিকে এক্সচেঞ্জে ফোন দিয়ে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই বিদেশগামী একটি বিমান ছিনতাই করা হবে। কারা, কেন, কোথায় থেকে ফোন দিয়েছে_ তা জানতে চাইলে ফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এ ধরনের হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবগত করা হয়। পুরো বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি করা হয়েছে।
গ্রুপ ক্যাপ্টেন জাকির হোসেন বলেন, সম্ভবত এটা ভুয়া ফোন ছিল। আতঙ্ক সৃষ্টির জন্যই তা করা হতে পারে। তবুও সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, টেলিফোনে বিমান ছিনতাইয়ের হুমকি পাওয়ার পর বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এর পরই তল্লাশি শুরু হয়। টার্মিনাল থেকে রানওয়ে পর্যন্ত চলে তল্লাশি। টার্মিনালের গেটগুলো থেকে শুরু করে বিমানের দরজা পর্যন্ত বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হয়। বিদেশগামী ফ্লাইটগুলোও রাখা হয় নজরদারির মধ্যে। সন্দেহভাজন যাত্রীদের পাসপোর্ট থেকে শুরু করে সব যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। সতর্ক রাখা হয় নিরাপত্তাকর্মীদের। পুরো এলাকায় গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়। তবে সাধারণ যাত্রীদের মধ্যে ঘটনাটি ছড়াতে দেওয়া হয়নি। পুরো নিরাপত্তা কার্যক্রম চলে অতি গোপনে। প্রায় দুই ঘণ্টার অভিযানে স্বস্তি ফিরে আসে বিমান কর্মকর্তাদের মধ্যে।
বিমানবন্দর আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) অধিনায়ক রাশেদুল ইসলাম খান জানান, হুমকির বিষয়টি অবগত হয়েই এপিবিএন সদস্যরা আরও সতর্ক হয়। বিমানবন্দরে সার্বক্ষণিক নিরাপত্তা বলবৎ থাকলেও তা বাড়ানো হয়। হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অধিনায়ক বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ হয়েছে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্যই এটি করেছে। তবে ফোনটি কোথায় থেকে করেছে, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।

মাওনা ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

hasinaaগাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় নবনির্মিত মাওনা ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্লাইওভারটি উদ্বোধন করতে শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছেন তিনি। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী মাওনার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজধানী থেকে ৬০ কিলোমিটার উত্তরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ৭০ কোটি টাকা ব্যয়ে ৪৫০ মিটার দীর্ঘ মূল উড়ালসেতু এবং আরো ৪৫০ মিটার অ্যাপ্রোচ সড়কসহ এ ফ্লাইওভারটি নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে মাওনা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে সরকারের ব্যয় হয় ৯৯২ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইউসিবির তদারকিতে দেশের শীর্ষস্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড ফ্লাইওভারটি নির্মাণ করেছে। নির্ধারিত সময়ের তিন মাস আগে সেনাবাহিনী মাওনা ফ্লাইওভারের কাজ সম্পন্ন করেছে।

উত্তরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

city22ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে উত্তরের কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। ৩৬টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৪টিতেই দল সমর্থিতদের বিরুদ্ধে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একটি ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ৮ জন। অন্য ওয়ার্ড থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৬ জন। সব মিলিয়ে ওয়ার্ডপ্রতি গড়ে প্রায় ৩ জন করে বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

গত বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এতে উত্তর সিটির ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত নারী এবং দক্ষিণ সিটির ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় সমর্থন পাওয়া প্রার্থীদের নাম জানানো হয়। তবে ওই রাতেই এই প্রার্থী তালিকার বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশের পাশাপাশি মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান উপেক্ষা ও প্রার্থিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রাখেন অনেক প্রার্থী। পরে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাসহ ক্ষেত্রবিশেষে দল সমর্থিত প্রার্থীদের অনুরোধ, এমনকি নানা চাপ ও প্রলোভন উপেক্ষা করেই ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনী লড়াইয়ে রয়ে যান তারা।

নেতারা বলছেন, দীর্ঘ ১৩ বছর পর এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি অনেকটা অপ্রস্তুত অবস্থায় অংশ নিচ্ছে। বেশিরভাগ ওয়ার্ডে তাদের কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকায় আত্মগোপনে রয়েছেন। তারা কার্যত নির্বাচনী প্রচার ও গণসংযোগে অংশ নিতে পারছেন না। কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিতেই পারেনি বিএনপি। এ অবস্থায় একক প্রার্থী নিয়ে মাঠে থাকা গেলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত ছিল। কিন্তু প্রায় প্রতিটি ওয়ার্ডেই যে হারে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাতে দল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।

জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি সমকালকে বলেছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিতা চূড়ান্ত করে প্রকাশ করেছে। এই তালিকার বাইরে দলীয় কোনো প্রার্থী নেই। কেউ দাবি করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে দল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রার্থী পরিবর্তন :এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এখানে আগে সমর্থন পাওয়া লুৎফর রহমানের বদলে মুজিব সরোয়ার মাসুমকে সমর্থন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়।

উত্তরে যারা বিদ্রোহী প্রার্থী :উত্তর সিটির ১ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেয়েছেন আফছার উদ্দিন খান। তার বিরুদ্ধে দলীয় ৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরা হচ্ছেন এম. ফয়সাল আমিন মিলন, মামুন সিরাজুর রহমান, মামুন সরকার, মোস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ ও আনোয়ারুল ইসলাম।২ নম্বর ওয়ার্ডে কদম আলী মাদবর দলীয় সমর্থন পেলেও বিদ্রোহী হয়েছেন ইসমাইল হোসেন ও মো. মমিন। ৩ নম্বরে দল সমর্থিত প্রার্থী কাজী জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন মামুন মজুমদার, মুজিবুর রহমান, আয়নাল হক, বাহাউদ্দিন বাহার ও রফিকুল ইসলাম জামিম। ৪ নম্বরে দল সমর্থিত জামাল মোস্তফার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কাজী আবুল হোসেন, মতিউর রহমান মাইকেল ও সামসুদ্দিন শেখ। ৫ নম্বরে আবদুর রউফ নান্নুর বিরুদ্ধে মাঠে রয়েছেন দেলোয়ার হোসেন ও নূর ইসলাম খান খোকন। ৬ নম্বরে আতিকুল ইসলাম আতিক দলের সমর্থন পেলেও বিদ্রোহী হিসেবে রয়ে গেছেন আবু বকর সিদ্দিক ও সালাউদ্দিন রবিন।

৭ নম্বরে মোবাশ্বের চৌধুরীর বিরুদ্ধে আবদুস সোবহান; ৮ নম্বরে কাজী টিপু সুলতানের বিরুদ্ধে আবুল কাশেম মোল্লা আকাশ ও শাহজাহান তালুকদার মিয়া; ৯ নম্বরে মুজিব সরোয়ার মাসুমের বিরুদ্ধে লুৎফর রহমান (আগে দলীয় সমর্থন পেলেও গতকাল পরিবর্তন করা হয়েছে), এম. এ. সেলিম খান ও আবুল হোসেন; ১০ নম্বরে আবু তাহেরের বিরুদ্ধে আবুল খায়ের, এবিএম মাজহারুল আনাম ও মোহাম্মদ নাদির চৌধুরী; ১১ নম্বরে গাজী অলিয়ার রহমান বাবুলের বিরুদ্ধে একেএম দেলোয়ার হোসেন, দেওয়ান আবদুল মান্নান, মির জসীম উদ্দিন ও মামুন মিয়া শাহজাহান; ১২ নম্বরে শিরিন রুখসানার বিরুদ্ধে ওয়াজ উদ্দিন, খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল হোসেন তিতু; ১৩ নম্বরে নাজমুল আলম ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে হারুন অর রশিদ মিঠু; ১৪ নম্বরে রেজাউল হক ভূঁঁইয়া বাহারের বিরুদ্ধে এসএম আবুল কাশেম, জহিরুল ইসলাম, জাকির হোসেন ও রবেল মিয়া; ১৫ নম্বরে হাজী আজমত দেওয়ানের বিরুদ্ধে সালেক মোল্লা ও আবদুর রব মাইজভাণ্ডারী; ১৬ নম্বরে মাহমুদা বেগম কৃকের বিরুদ্ধে আবুল হাসেম হাসু, রফিকুল ইসলাম, মতিউর রহমান মোল্লা ও মোহাম্মদ আজিজুর রহমান স্বপন; ১৭ নম্বরে ডা. জিন্নাত আলীর বিরুদ্ধে ইসহাক মিয়া ও রাকিব আহসান, ১৮ নম্বরে জাকির হোসেন বাবুলের বিরুদ্ধে গোলাম কাদের, বিলকিস আলম, কফিল উদ্দিন ও মোহাম্মদ আফরোজ-এ-হাবিব; ১৯ নম্বরে মফিজুর রহমান মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ফারুক রাজা; ২০ নম্বরে হাজী মোহাম্মদ আসলামের বিরুদ্ধে মো. নাছির; ২১ নম্বরে ওসমান গনির বিরুদ্ধে গোলাম মোস্তফা; ২২ নম্বরে হাজী লিয়াকত আলীর বিরুদ্ধে এবিএম আহম্মদ উল্যা পপ্পী ও নূরুল ইসলাম; ২৩ নম্বরে সরদার ফায়সাল বাশার ফুয়াদের বিরুদ্ধে মাহাবুব ফয়েজ, নীলুফা ইয়াসমীন নীলু ও মোস্তাক আহমেদ; ২৪ নম্বরে সফিউল্লাহ শফির বিরুদ্ধে তালুকদার সারওয়ার হোসেন এবং ২৭ নম্বরে ফরিদুর রহমান খান ইরানের বিরুদ্ধে আমির হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।২৮ নম্বর ওয়ার্ডে ফোরকান হোসেন দলীয় সমর্থন পেলেও তার বিরুদ্ধে সর্বোচ্চ ৮ জন বিদ্রোহ করে প্রার্থিতা বহাল রেখেছেন। এরা হচ্ছেন_ এএইচএম কামরুজ্জামান, খোন্দকার রোমানা হাসান, গাজী ওবায়দুর রহমান নান্না, আনোয়ার হোসেন মিন্টু, নজরুল ইসলাম সিকদার, অ্যাডভোকেট নাজিম উদ্দিন জামশেদ, মোহাম্মদ শিবলী সাদেক ও সান্টু রহমান দুলাল।

এ ছাড়া ২৯ নম্বরে সলিমুল্লাহ সলুর বিরুদ্ধে নূরুল ইসলাম রতন; ৩০ নম্বরে মোহাম্মদ আরিফুর রহমান তুহিনের বিরুদ্ধে হাজী আবুল হাসেম হাসু ও সালাহ উদ্দিন; ৩১ নম্বরে এসএম ইমতিয়াজ খান বাবুলের বিরুদ্ধে জসিম উদ্দিন, গোলাম কিবরিয়া ভূঁইয়া অপু ও শেখ শফিউল আলম মানিক; ৩২ নম্বরে হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে মাসুদ রানা শাহীন ও সৈয়দ সিরাজউদ্দীন; ৩৩ নম্বরে শেখ বজলুর রহমানের বিরুদ্ধে আবু সাঈদ বেপারী, একেএম অহিদুর রহমান, এমএ হালিম বাদশাহ ও তারেকুজ্জামান রাজিব; ৩৪ নম্বরে আবু তাহের খানের বিরুদ্ধে কামাল উদ্দিন ও নুরুল হক; ৩৫ নম্বরে মোক্তার সরদারের বিরুদ্ধে ফয়জুল মুনির চৌধুরী ও মোহাম্মদ মোখলেসুর রহমান এবং ৩৬ নম্বরে তৈমুর রেজা খোকনের বিরুদ্ধে বড়ূয়া মনোজিত ধীমন, ইসলাম চৌধুরী আজাদ ও সালাহ উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়ে গেছেন।তবে উত্তর সিটির কাউন্সিলর পদে দলীয় সমর্থন পাওয়া ২৫ নম্বর ওয়ার্ডে শেখ মুজিবুর রহমান এবং ২৬ নম্বর ওয়ার্ডে শামীম হাসান আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রয়েছেন।

আজ কামারুজ্জামানের ফাঁসি হবে

kamruzzamanআজ (শনিবার) জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হবে। গত রাতে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। গত রাত ৮টার পর থেকেই বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন বার্তা সংস্থাগুলো শুক্রবার রাতেই কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ‘তথ্য’ জোরালোভাবে প্রচার করলে দেশজুড়ে অপেক্ষার পালা শুরু হয়। রাত ১০টার দিকে সূত্রগুলো জানায়, শুক্রবার রাতে ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। অবশ্য গতকাল রাতেই মঞ্চ ফাঁসির জন্য প্রস্তুত করা হয়। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না_ কামারুজ্জামান তা নিয়ে গত বৃহস্পতিবার থেকেই অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি করেন। স্বীয় আইনজীবীদের সঙ্গে ‘পরামর্শ’, ‘ভেবে দেখা’র কথা বলে তিনি যে কালক্ষেপণের কৌশল অবলম্বন করছেন তা স্পষ্ট হয়ে উঠলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল গতকাল গণমাধ্যমকে একাধিকবার জানান, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিবিসি বাংলাকে বলেছেন, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা চাননি।
সংশ্লিষ্ট সূত্র রাতে জানায়, ফাঁসি কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। সেটি আজ শনিবার সম্পন্ন হতে পারে। এ ছাড়া কামারুজ্জামানের সঙ্গে তার স্বজনের ‘শেষ সাক্ষাতের’ বিষয়টিও রয়েছে। আজ কামারুজ্জামানের স্বজনদের কারাগারে ডাকা হতে পারে। এই দুই বিষয় সম্পন্ন হওয়ার পর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হবে।
কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল গতকাল রাতে বলেন, ‘বাবার সঙ্গে সাক্ষাতে কারা কর্তৃপক্ষ এখনও তাদের ডাকেনি। তবে ডাকলে আমরা যেতে প্রস্তুত রয়েছি।’ গত সোমবার কামারুজ্জামানের স্বজনরা তার সঙ্গে সাক্ষাতের জন্য কারাগারে যান। ওই সময় স্বজনদের অনেকে কামারুজ্জামানকে আলিঙ্গন করতে
আগ্রহ প্রকাশ করেন। তখন কারা কর্তৃপক্ষ তাদের জানান, ‘আপনারা আবার দেখা করার সুযোগ পাবেন।’
গতকাল সকালে কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে ম্যাজিস্ট্রেটরা বেরিয়ে যাওয়ার সময় কারাফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কথা বলেননি। ম্যাজিস্ট্রেটরা বেরিয়ে যাওয়ার পর কারাফটকের সামনে আসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী। অপেক্ষমাণ সাংবাদিকরা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কামারুজ্জামানের কী কথা হয়েছে_ এমন প্রশ্নে কারা তত্ত্বাবধায়ক কেবল দুটি শব্দ বলেন_ ‘নো কমেন্টস’।
দায়িত্বশীল সূত্র জানান, দু’জন ম্যাজিস্ট্রেট প্রাণভিক্ষার সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে কনডেম সেলে থাকা কামারুজ্জামান প্রথমে কয়েক মিনিট ‘চুপচাপ’ থাকেন। এর পর নীরবতা ভেঙে ভাবনার জন্য আরও কিছু সময় চান। তবে স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় ম্যাজিস্ট্রেটরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
দায়িত্বশীল সূত্র জানায়, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে স্বজনদের সঙ্গে তাকে আরেকবার সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। ‘শেষ ইচ্ছা’র ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হবে। শুক্রবার আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, ডিআইজি প্রিজন গোলাম হায়দার, সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।
যে ফাঁসির মঞ্চে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে, সেখানে গতকাল রাতে আলোর ব্যবস্থা করা হয়। ওপরে সাদা কাপড়ের শামিয়ানা ও ত্রিপল লাগানোরও ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। জল্লাদদের ১০ জনের একটি প্যানেল প্রস্তুত রয়েছে। ফাঁসি কার্যকরের আগে চূড়ান্তভাবে একজন জল্লাদকে নির্বাচন করা হবে। গতকাল সন্ধ্যার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। কারাগারের সামনে রাত ১০টা পর্যন্ত গণমাধ্যম কর্মী ও উৎসুক মানুষের বেশ ভিড় ছিল।

বেনাপোলে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

bsf28যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

দৌলতপুর ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশুলিয়ায় বাড়ির মালিককে গলাকেটে খুন করে ডাকাতি

dakati asuliyaআশুলিয়ার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির মালিক মনির মন্ডলকে (৩০) গলাকেটে হত্যা করে  নগদ-টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

শুক্রবার রাত নয়টায় আশুলিয়ার দূর্গাপুরে এ ঘটনা ঘটে।

নিহত মনির মন্ডলের বোন জেসমীন জানান,  দশ-বার জনের মুখোশধারী একদল ডাকাত মনির মন্ডলের বাড়ির তৃতীয় তলায় প্রবেশ করে  সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় বাড়ির সবাইকে উলঙ্গ করে বেঁধে রেখে আলমাড়ী ভেঙে নগদ টাকা স্বর্নালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাতরা।

পরে ডাকাতরা বাড়ির কর্তা মনির মন্ডলকে বাথরুমে নিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির সকলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

তবে ওই পরিবারের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ডাকাতি একটি  বাহানা মাত্র। হত্যাই ছিল মূল উদ্দেশ্য।

পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

এব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, বাড়ির অন্য সদস্যদের অভিযোগের ভিত্তিতে ধারনা করা হচ্ছে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখতে হবে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

bnp logoজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আজ শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মাছ কিনতে গিয়ে ঠকবেন না, মনে রাখুন ৯টি টিপ

fish11মাছ কিনতে গিয়ে ঠকে আসেন নি বা দোকানী পচা মাছ গছিয়ে দেয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যতই ফরমালিন বা রঙ দেওয়া হোক না কেন, টাটকা ও ওষুধ মুক্ত মাছ চিনে নেওয়ার জন্য কৌশল আছে।
এই ৯টি কৌশল প্রয়োগ করতে পারলে জীবনে আর কখনো মাছ কিনে ঠকতে হবে না আপনাকে।

১. টাটকা মাছের চোখ সবসময় স্বচ্ছ হবে। একদম ঝকঝকে চোখ হবে, দেখলে মনে হবে মাছটি জীবন্ত। সময়ের সাথে সাথে এই চোখ ঘোলাটে, মৃত হয়ে আসে। যত সময় যায়, চোখ তত নিষ্প্রাণ। ফরমালিনে মাছের মাংস পচে না ঠিকই, কিন্তু চোখের জীবন্ত ভাব নষ্ট হওয়া ঠেকানো যায় না। চোখ দেখলেই চিনে নিতে পারবেন তাজা মাছ।

২. টাটকা মাছ কখনোও শক্ত হবে না, আবার নরমও হবে না। তাজা মাছ হবে “বাউন্সি”। যদি আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখেন যে মাছ একদম শক্ত, বুঝবেন যে সেটা ফ্রিজে রাখা ছিল। আর যদি আঙ্গুল দিলেই দেবে যায় ভেতরে, বুঝবেন মাছের বয়স হয়েছে। তাজা মাছে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিলে দেবে যাবে। কিন্তু আঙ্গুল সরিয়ে নিলেই জায়গাটা ঠিক হয়ে যাবে।

৩. মাছের কানকো দেখাটা টাটকা মাছ চেনার একটা ভালো উপায়। যদিও মাছের কানকোতে এখন রঙ মিশিয়ে রাখেন দোকানিরা। তাই শুধু কানকো দেখে মাছ কিনবেন না। জেনে রাখুন, টাটকা মাছের কানকো হবে তাজা রক্তের রঙের এবং পিচ্ছিল, স্লাইমি ভাব থাকবে।

৪. চোখ আর কানকো দেখার পর মাছের শরীর দেখুন। মাছের শরীর কি চকচকে আর উজ্জ্বল রূপালি রঙের? বিশেষ করে সুপারশপের মাছে দেখবেন চকচকে রূপালি রঙের বদলে হলদে, লালচে বা অন্য রঙের আভা দেখা যায় মাছের গায়ে। এতে বুঝে নেবেন যে মাছটি অতি অবশ্যই অনেকদিনের পুরনো। তাজা মাছ চকচক করবে, সময় যাওয়ার সাথে সাথে চকচকে ভাব একেবারেই ম্লান হয়ে যাবে তা সে যতই ফরমালিন দেয়া হোক না কেন।

৫. তাজা মাছের গন্ধ হবে পানির মতো, সামুদ্রিক মাছ হলে সমুদ্রের মতো। শসার গন্ধের সাথেও মিল পেতে পারেন। যে মাছ থেকে বাজে গন্ধ আসবে, সেটা নিঃসন্দেহে তাজা মাছ নয়।

৬. চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু পদ্ধতি ভিন্ন। যদি চিংড়ি মাছের খোসা শক্ত আর ক্রিসপি থাকে, তাহলে মাছ তাজা। যদি খোসা নরম আর নেতিয়ে পড়া হয়, তাহলে মাছ ভালো নয়।

৭. সুপার শপের কেটে রাখা মাছ বা ফিশ ফিলে কিনতে চান? কাটা মাছের রঙ লক্ষ্য করুন। টাটকা মাছের মাংস হবে উজ্জ্বল রঙের। রঙ যত বিবর্ণ, মাছ তত পচা।

৮. বাজারে কেটে ভাগা দেওয়া মাছ কিনবেন? ভালো করে লক্ষ্য করুন মাছের আশেপাশে কোন সাদা বা ফ্যাকাশে রঙের জল আছে কিনা। যদি থাকে, বুঝবেন মাছ ভালো নয়। টাটকা মাছের আশেপাশে স্বচ্ছ জল থাকবে।

৯. জিয়ল মাছ যেমন শিং, মাগুর, শোল ইত্যাদি কিনতে গেলেও সাবধান। আজকাল দোকানিরা মরা জিয়ল মাছকেও টাটকা বলে ধরিয়ে দেন। জিয়ল মাছ যদি ট্রের মধ্যে  ছটফট করে তাহলে সেই মাছ কিনুন। আগে থেকে বের করে ট্রে-তে সাজিয়ে রাখা মাছ নয়।

প্রেমের গুজবে ক্ষেপেছেন নার্গিস

nargissস্লামডগ মিলিওনিয়ার খ্যাত অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে প্রেমের গুজবে বেজায় চটেছেন হলিউড থেকে বলিউডে পাড়ি জমানো অভিনেত্রী নার্গিস ফখরি।

সম্প্রতি নার্গিস নাকি প্রেমে পড়েছেন এমন খবর রটে যায় মিডিয়ায়। খবরে বলা হয়, নয়া প্রেমিকের সঙ্গে খোলামেলা ডেটিংও করছেন তিনি। মুম্বইয়ের একটি রেস্তরাঁয় দেবের সঙ্গে ডেটিং করতে গিয়ে পাপারাৎজীদের ক্যামেরাবন্দিও হয়েছেন।

এই খবরে বিরক্ত হয়ে টুইট করেছেন এই অভিনেত্রী। এমনকী ঘটনাটি বোঝাতে সেইদিনের একটি ছবিও পোস্ট করেন তিনি।

এর আগে চাউর হয়েছে রকস্টার’খ্যাত নার্গিস ফাখরি ও বলিউডের কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়ার ছেলে ‘ধুম’খ্যাত উদয় চোপড়ার প্রেমের কথা।

তারা বিয়ে করছেন এমন খবরও বেরিয়েছিলো। তারপর মিডিয়ার দাবি কদিন আগেই নাকি শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন নার্গিস।

তাই এবার নতুন সঙ্গী হিসেবে দেবকেই বেছে নিয়েছেন নার্গিস এমন খবর রটে যায়। আর তা নিয়েই রেগে লাল মাদ্রাজ কাফে, ম্যায় তেরা হিরো খ্যাত এই অভিনেত্রী।

খালেদা জিয়া সাপের মতো খোলস পাল্টিয়েছেন : ইনু

enu uতথ্যমন্ত্রী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েননি সাপের মতো খোলস পাল্টিয়েছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের তার আঁচলের নিচেই আশ্রয় দিয়ে রেখেছেন, তিনি মানুষ পোড়ানোর জন্য এখনো ক্ষমা চাননি। তিনি সিটি নির্বাচনকে দম ফেলার কৌশল হিসেবে বেছে নিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা অডিটোরিয়াম চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা জাসদের সভাপতি অ্যাড. হেমায়েত উল্লাহ হিরুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আক্তার (এমপি), সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জেলা সাধারণ সম্পাদক অ্যা. আব্দুস সালাম খান, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সৈয়দ আরিফুল ইসলাম পান্থসহ অনেকে।

সম্মেলনে জেলা জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।