রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

কর্মখালির বিজ্ঞাপন আইএসের

is vacuncyইন্টারনেটে একাধিক সাইটে দেখা গিয়েছে এই বিজ্ঞাপন৷ কর্মখালির বিজ্ঞাপন দেখে উৎসাহে তাকিয়েছেন অনেকেই৷ কেউ বেকার, কেউ বা চাইছেন বর্তমানের একঘেয়ে চাকরি বদল করে নতুন কোনো আকর্ষণীয় চাকরির সন্ধান পেতে৷ যিনি চাকরির বিজ্ঞাপন দিয়েছেন, তিনি অবশ্য চাকরির পদগুলিকে ‘খুবই আকর্ষণীয়’ বলে উল্লেখ করেছেন৷ বিজ্ঞাপনদাতার নাম আবু সইদ আল-ব্রিটানি৷ ব্রিটেন থেকে কয়েক মাস আগে এই ব্যক্তি পশ্চিম এশিয়ায় এসে নাম লিখিয়েছেন ইসলামিক স্টেটের দলে৷ এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে তিনিই কর্মখালির বিজ্ঞাপনটি দিয়েছেন৷

যে ১০টি পদে লোক নিয়োগ করতে আগ্রহী জঙ্গিরা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেস অফিসারের পদ৷ নাশকতার কাজ সারা বিশ্বে জনপ্রিয় করতে ঠিকমতো বিজ্ঞাপনী প্রচারকের দরকার যে খুবই বেশি তা বুঝেই এমন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দিয়েছে জঙ্গিরা৷ এ ছাড়া চিকিৎসক, রাঁধুনি ও মেকানিকের পদের জন্যও লোক নেওয়া হবে বলে লেখা রয়েছে এই বিজ্ঞাপনে৷ সংঘর্ষে প্রতিদিনই যে ভাবে আহতের সংখ্যা বাড়ছে, তাতে চিকিৎসকের প্রয়োজন হওয়া স্বাভাবিক৷ আর খারাপ হয়ে যাওয়া যানবাহন ও অন্যান্য কলকব্জা সারাতে মেকানিকের প্রয়োজনীয়তাও খুবই গুরুত্বপূর্ণ৷

কর্মখালিতে রয়েছে আরও দু’ধরনের বিশেষজ্ঞের চাহিদা৷ প্রথমত, শিক্ষক৷ আইএস-এর দখল করা এলাকায় এই সংগঠন ইসলামকে যেভাবে দেখে সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষকের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি বলে মনে করছে সংগঠন৷ সব শেষে, সংগঠনে বোমা প্রস্তুতকারকের চাহিদার কথাও প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনে৷ প্রয়োজনে বোমা বিশেষজ্ঞকে আত্মঘাতী জঙ্গির ভূমিকাও পালন করতে হতে পারে বলে লেখা আছে বিজ্ঞাপনে৷ বিজ্ঞাপনে সাড়া দিয়ে কেউ এগিয়েছেন কি না তা এখনও জানা যায়নি৷

প্রথমবার একসঙ্গে মোশাররফ-তিশা

tisha mosharafপ্রথমবারের মতো একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী ও মডেল তানজিন তিশা।

সাগর জাহানের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ এই নাটকটির নাম ঘুম ভাঙ্গা এক বিকেল।

নাটকে মোশাররফ -তিশা জুটি ছাড়াও অভিনয় করেছেন শাহনেওয়াজ রিপন, বাদলসহ একঝাক নতুন শিল্পী। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রধারণ করা হয়েছে।

নাটকটির গল্পে দেখা যাবে মোশাররফ করিম ও তানজিন তিশার সুখে সংসার। হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায় তিশা। আর মোশাররফ করিম গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর থেকে মোশাররফ করিমকে সবাইকে সন্দেহ করতে থাকে।

কারণ কিছুতেই তিশা হত্যাকারীকে সনাক্ত করা সম্ভব হচ্ছিলো না। তাই তিনি ভিন্ন পথ বেছে নেন মোশাররফ করিম। এক সময় এই ঘটনার জট খুলে যায়। বাকি ঘটনা জানতে অপেক্ষা করতে হবে আগামী ঈদ পযর্ন্ত।

নাটকটি সম্পর্কে পরিচালক শেখ সেলিম বলেন, গতানুগতিক গল্পের বাইরের একটি গল্প ঘুম ভাঙ্গা এক বিকেল। গল্পটি সবার ভালো লাগবে। সুখ-দু:খ, হাসি কান্না ছাড়াও এই নাটকে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দর্শকদের বাড়তি তৃপ্তি দিবে।

বাণিজ্য ঘাটতি মেটাতে মন্দিরের সোনা চান মোদি

gold110ভারতের স্বর্ণ আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্যের অভাব মেটাতে প্রখ্যাত মন্দিরগুলির ভাণ্ডারে বহু বছর ধরে জমানো সোনা ব্যাংক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কথা ভাবছে নরেন্দ্র মোদির সরকার৷ মন্দিরগুলির কর্তৃপক্ষ বা ট্রাস্টগুলি যাতে সুদ পাওয়ার ভিত্তিতে ব্যাংকে সোনা জমা রাখতে উৎসাহী হয়, সে জন্য আগামী মে মাসেই আকর্ষণীয় প্যাকেজ ঘোষণার পরিকল্পনা চলছে৷ ২০১৩-র মার্চে শেষ হওয়া আর্থিক বছরে বিদেশ থেকে ব্যাপক হারে সোনা আমদানির ঘটনা সে বারের বাণিজ্য ঘাটতির ২৮ শতাংশের জন্য দায়ী৷

কেন্দ্রের দাবি, ব্যাংকে মন্দিরগুলি যে সোনা জমা দেবে, তা গলিয়ে স্বর্ণব্যবসায়ীদের লোন হিসেবে দেওয়া হবে, যাতে তার সাহায্যেই দেশের ভেতরকার সোনার চাহিদা অনেকটা মেটানো যায়৷ এই উদ্যোগ সফল হলে বিদেশ থেকে সোনা আমদানির (যা বর্তমানে বছরে গড়ে ৮০০-১০০০ টন, এবং ১ টন= ১০০০ কেজি) হার এক-চতুর্থাংশ কমানো যেতে পারে৷

তবে বেশি হারে সুদ না-পেলে মন্দির কর্তৃপক্ষগুলি রাজি না-ও হতে পারে৷ মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নরেন্দ্র মুরারি রানে বললেন, ‘রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলিতে সোনা রাখতে আমরা খুশিই হব, যদি সংশ্লিষ্ট পলিসি লাভদায়ক ও সুরক্ষিত হয়৷ সুদের হার অন্তত ৫ শতাংশ হওয়া দরকার৷’

দু’শো বছরের পুরোনো এই মন্দিরে প্রায় ১৫৮ কেজি সোনা জমা আছে৷ বহু বছর ধরে ভক্তদের দেওয়া গয়না, সোনার বাট এবং কয়েন জমা হয়ে এ দেশের মন্দিরগুলি বর্তমানে সব মিলিয়ে প্রায় তিন হাজার টন সোনার মালিকে পরিণত হয়েছে, যা মন্দিরগুলির পুরোনো এবং আধুনিক নানা ধরনের ভল্টে রয়েছে৷ ১৯৯৯ সালেও ওই সোনা ব্যাংকে রাখার উদ্যোগ নেওয়া হলেও, সুদের হার ০.৭৫-১ শতাংশ হওয়ায় এতদিনে মাত্র ১৫ টন সোনা জমা পড়েছে৷

সরকার সাধারণ মানুষকেও ব্যাংকে সোনা রাখতে উত্সাহী করে তোলার চেষ্টা করবে৷ ভারতে ব্যক্তিগত সংগ্রহে প্রায় ১৭ হাজার টন সোনা রয়েছে৷ তবে দেশবাসী ‘ঐতিহ্য’ ভেঙে ব্যাংক তথা বাজারের হাতে তাদের সোনা ছেড়ে দিতে কতখানি রাজি হবে, তা সময়ই বলবে৷ কিছু ঝুঁকিও রয়েছে৷ জনসাধারণ হোক বা মন্দির ট্রাস্ট, তারা যদি এমন সময়ে ব্যাংকে রাখা সোনা তুলে নিতে চান যখন বাজারে তার দাম বাড়ছে, তখন সরকার বিপাকে পড়তে পারে৷ ২০১৩ সালে বৈদেশিক বাণিজ্য ঘাটতির পরিমাণ ১১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকায় পৌঁছে যাওয়ার পরে আমদানি হওয়ার সোনার ওপর শুল্কের হার বাড়িয়ে দিয়েছে ভারত সরকার৷

অন্য দিকে, ‘ভক্ত’রাও এই উদ্যোগকে কী চোখে দেখবে, সেটাও প্রশ্ন৷ যেমন, মুম্বাইয়ের এক ব্যবসায়ীর কথায়, ‘আমি ও আমার বাবা বিগত কয়েক বছরে সিদ্ধিবিনায়ক-সহ বেশ কিছু মন্দিরে প্রায় ২০০ কেজি সোনা দিয়েছি৷ দেবতাকে উৎসর্গ করা ওই সোনা সুদে খাটানো পাপ!’

সৌদি আরবে ব্যাপক সংখ্যক পাকিস্তানি সেনা মোতায়েন

moshahidullahপাকিস্তানের জলবায়ু পরিবর্তন সংক্রান্তমন্ত্রী মুশাহিদুল্লা খান বলেছেন, সৌদি আরবে পাকিস্তানের ব্যাপক সংখ্যক সেনা রয়েছে। এ সব সেনা তার ভাষায় দেশটির পবিত্র স্থানগুলো রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে।

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’এর তথ্য সম্পাদক  এবং পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য  মুশাহিদুল্লা খান বলেন, তাবুকসহ সৌদি আরবের অন্যান্য শহরে পাক সেনা রয়েছে।

অবশ্য, ইয়েমেনের যুদ্ধের জন্য পাকিস্তান কোনো সেনা পাঠাবে না বলে দাবি করে তিনি বলেন, সৌদি আরবের  ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা ও দেশটির পবিত্র স্থানগুলো পাহারা দেয়ার কাজ করবে পাকিস্তানি সেনারা। তিনি একে পাকিস্তানের ধর্মীয় দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন।- আইআরআইবি

ইয়েমেন থেকে ২৭২ বাংলাদেশি উদ্ধার, দেশে ফিরেছেন ১১

yemen11ভারতের সহায়তায় সংঘাতপূর্ণ ইয়েমেন থেকে পাঁচ নারী ও পাঁচ শিশুসহ মোট ২৭২ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন ইতিমধ্যে দেশে ফিরেছেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক টুইট বার্তার বরাত দিয়ে শুক্রবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইয়েমেনের আল হুদাইদাহ থেকে অবশিষ্ট ২৭২ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে পাঁচ শিশু ও একই সংখ্যক নারী রয়েছেন। আল হুদাইদাহ থেকে উদ্ধার করে প্রথমে তাদের জিবুতি নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে সেখানে বাংলাদেশের কর্মকর্তারা কথা বলেছেন বলে জানা গেছে।

এর আগে, বাংলাদেশিদের উদ্ধারে ভারতের সহযোগিতার আশ্বাস পেয়ে সরকার কুয়েত মিশনের বাংলাদেশ কর্মকর্তাদের ইয়েমেনের প্রতিবেশী দেশ জিবুতিতে পাঠায়। ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং জিবুতি থেকে পুরো উদ্ধার প্রক্রিয়া সমন্বয় করেছেন বলে জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় বলেন, উদ্ধার অভিযান শেষ। ভারত ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে।

তবে ইয়েমেনে এখনো কোনো বাংলাদেশি আটকা পড়ে আছেন কি না, সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। দেশটিতে বাংলাদেশের কোনো মিশন নেই। ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়। তবে যুদ্ধ শুরুর আগে ইয়েমেনে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

ইয়েমেনের রাজধানী সানায় প্রায় সাড়ে ৩০০ বাংলাদেশি আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেনের সুন্নিপন্থী প্রেসিডেন্ট আবদরাব্বো মনসুর হাদিকে উৎখাতের পর শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নিয়েছে।

হুতিদের দমন ও প্রেসিডেন্ট হাদির সমর্থনে সেখানে শুরু হয়েছে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো বিমান হামলা অব্যাহত রেখেছে।

এদিকে, শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের রাজধানী সানা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে আরো ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে

জিবুতি থেকে বাংলাদেশিদের সরানোর পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন বাংলাদেশের কুয়েতভিত্তিক কূটনীতিকরা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে শুক্রবারে এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে করে ১১ বাংলাদেশি দেশে ফিরেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অতিরিক্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারাও ছিলেন। উদ্ধারকৃত বাকিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জিবুতিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

পূর্বধলায় কংস নদীতে পাকা সেতু নির্মাণের উদ্যোগ

bridge netনেত্রকোনা : অবশেষে জেলার পূর্বধলার জারিয়ায় কংস নদীর উপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য সরকার সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

আগামী জুলাই মাস থেকে সেতু নির্মানের কাজ শুরু হবে বলে জানা গেছে। নেত্রকোনা সড়কও জনপথ বিভাগ সেতু নির্মিত করবে।

নেত্রকোনা জেলা সড়কও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মসুদ খান জানান, ১৯৯৫ সনে কংস নদীর উপর বড় ধনসের এই বেইলি সেতু নির্মাণ করা হয়।

তবে পিলারগুলো পাকা থাকায় বেইলি সরিয়ে  সেখানে পাকা স্লাব বসানো হবে। সেতু নির্মাণকালে যানবাহন চলাচলের জন্য কংস নদীতে একটি বিকল্প সেতু নির্মাণ করা হবে।

কড়াইল বস্তিতে প্রচারণায় তাবিথ আউয়াল

tabith awalদ্বিতীয় দিনের মতো প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ শনিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর কড়াইল বিটিসিল মাঠের পাশে আনসার ক্যাম্পের সামনে প্রচারণা শুরু করেন তরুণ এই নেতা।

কড়াইল বস্তি এলাকায় প্রচারণা শুরুর আগে তাবিথ আউয়াল সংক্ষিপ্ত এক পথসভায় বলেন, ‌‌‌প্রার্থী হিসেবে আমি তরুণ। রাজধানীর মানুষ তরুণ নেতৃত্ব চায়। প্রচারণায় আমি মানুষের সমর্থন পাচ্ছি। আশা করি জনগণ ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।

এরপর স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কড়াইল বস্তি এলাকায় জনসংযোগে নেমে পড়েন তিনি। প্রচারণার সময় বিএনপির কোন জ্যেষ্ঠ নেতাকে তার সাথে দেখা যায়নি।

এর আগে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে হযরত আম্বর শাহের মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ।

বাস- প্রতীক পাওয়া তাবিথ আউয়াল, ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে। বাবার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপির সমর্থন পেয়েছেন তিনি।

ক্যাসিয়াস, বেল আউট; রোনালদো ইন

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ লা লিগার পরবর্তী ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নামবে। অনেক জল ঘোলা করে এ ম্যাচে খেলবেন রিয়ালের প্রাণভোমরা খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, দল থেকে ছিটকে পড়েছেন ইকার ক্যাসিয়াস এবং গ্যারেথ বেল।

ক্যাসিয়াস এবং বেলকে পরের ম্যাচে দলে পাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

এক মৌসুমে ৫টি হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো। গত ম্যাচে প্রতিপক্ষের ডি-বক্সে ইচ্ছাকৃত ‘ডাইভ’ দেওয়ায় ম্যাচের দায়িত্বে থাকা রেফারি রোনালদোকে হলুদ কার্ড দেখান। পরে রিয়াল কর্তৃপক্ষ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রোনালদোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপিল করেন। লিগ কমিটি এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন রোনালদোর বিষয়টি পুনঃবিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

আনচেলত্তি জানিয়েছেন, ‘রোনালদোকে এইবারের বিপক্ষে মাঠে নামাতে পারবো। আর পায়ের ইনজুরির কারণে ওয়েলস তারকা বেলকে আমি দলে পাচ্ছি না।’ তবে, ঠিক কি কারণে ক্যাসিয়াসকে দলে পাচ্ছেন না আনচেলত্তি সংবাদ সম্মেলনে তা পরিস্কার করে জানান নি।

রোনালদো ছাড়াও পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন জেমস রদ্রিগেজ ও টনি ক্রুস। অপরদিকে, আর একটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সার্জিও রামোস, লুকা মডরিচ ও দানি কারভাজাল।

এ মৌসুমে বর্তমানে মোটেও স্বস্তিতে নেই আনচেলত্তির রিয়াল। লা লিগার শীর্ষস্থানটি আগেই ছেড়ে দিতে হয়েছে বার্সেলোনার কাছে। কোপা দেল রে’র আসর থেকেও ছিটকে পড়েছে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বহু কষ্টে উঠেছে তার শিষ্যরা। তাদের লড়তে হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

রাজধানীতে ৮ ভুয়া ডিবি পুলিশ আটক

arrestরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, ওয়াকিটকি, এবং দুইটা মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আজ ডিএমপিতে যাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা

lawer bnpবিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাত করবেন।

দুপুর ১২টার দিকে প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

প্রতিনিধি দলের নেতারা ডিএমপির কাছে আসন্ন সিটি করেপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনসহ বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।