রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিলেন হিলারি

Hillary Rodham Clinton Signs Copies Of Her Memoir "Hard Choices"অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন হিলারি ক্লিনটন। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে একটি মেইলের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

সমর্থকদের কাছে ই-মেইলে এ ঘোষণা দেন বলে হিলারির নির্বাচনী প্রচার শিবিরের চেয়ারম্যান ও উপদেষ্টা জন ডি পোডেস্টার পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে হিলারি তার প্রচারাভিযানের জন্য একটি ওয়েবসাইট এবং ইউটিউব পেজও খোলেন এবং সেখানে তিনি প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা জানান।

হিলারি তার ওয়েবসাইটে দেয়া একটি ভিডিওতে বলেন, “আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছি।” তিনি আরো বলেন, “মার্কিনিদের প্রতিদিনই একজন চ্যাম্পিয়ান দরকার এবং আমি সেই চ্যাম্পিয়ান হতে চাই।”

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০০৮ এর পর দ্বিতীয়বারের মতো হিলারি ২০১৬-তে আবার লড়ছেন প্রেসিডেন্ট পদে।

এবারের নির্বাচন হিলারির জন্য ২০০৮এর চেয়ে সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেখানে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা থাকছেন না লড়াইয়ে। আগেরবার ওবামার কাছেই হার স্বীকার করতে হয়েছিল হিলারিকে। আর এবার যদি প্রত্যাশিতভাবে হিলারিই নির্বাচিত হন, তবে মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনিই।

১৯৯১ এ স্বামী বিল ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময় থেকেই হিলারি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনিই মার্কিন ইতিহাসের একমাত্র ফার্স্টলেডি যিনি সিনেট সদস্য হিসেবে মনোনীত হন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে কাজ করা এই প্রাজ্ঞ কূটনীতিক তাকে হারিয়ে দেওয়া প্রেসিডেন্টের অধীনেই দলের হয়ে কাজ করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

৬৭ বছর বয়সী হিলারি এবার দ্বিতীয় এবং সম্ভবত শেষবারের মতো প্রেসিডেন্ট পদে লড়বেন এই বিশ্বব্যাপি জনপ্রিয়তা নিয়েই। বিশেষ করে নারীদের মধ্যে তার রয়েছে উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা।

হিলারির নির্বাচনী প্রচারণা ছোট পরিসরে শুরু হলেও শেষপর্যন্ত তা ২.৫ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ ডেমোক্রেট সমর্থকদের কাছ থেকে সাগ্রহেই অনুদান হিসেবে আসবে বলে ভাবা হচ্ছে।

আশা করা হচ্ছে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ছোট কিন্তু অন্তরঙ্গ কিছু সমাবেশের মধ্য দিয়ে আজ নির্বাচনী প্রচারণা শুরু করবেন হিলারি। তার নির্বাচনী ইশতেহারে এবার গুরুত্ব পাবে মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের এজেন্ডা। বিশেষ করে তাদের বেতন বৃদ্ধি এবং আয়-বৈষম্য কমিয়ে আনায় জোর দেবেন হিলারি।

ভারতে মুসলিম, খৃস্টানদের জোর করে নির্বীজীকরণ করা উচিত

deba thakurমুসলিম ও খৃস্টানদের জোর করেই নির্বীজীকরণ করিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করে নতুন বিতর্কের সূত্রপাত করলেন উগ্রবাদী হিন্দু মহাসভার অন্যতম শীর্ষ নেত্রী সাধ্বী দেবা ঠাকুর।

শনিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মুসলিম ও খৃস্টানদের বাধ্যতামূলক ভাবে নির্বীজীকরণ অস্ত্রোপচার করিয়ে দেওয়া উচিত।

তাতে তাদের সম্প্রদায়ের সম্প্রসারণের ওপর নিয়ন্ত্রণ থাকবে, না হলে যে হারে মুসলিম-খৃস্টান সম্প্রদায়ভুক্তদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে।

সাধ্বী বলেন, মুসলিম ও খৃস্টানদের  সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। একে নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রকে জরুরি অবস্থা জারি করতে হবে। সেখানে সব মুসলিম ও খৃস্টানদের জোর করে নির্বীজীকরণ করাতে হবে, যাতে তারা সংখ্যা বৃদ্ধি না করতে পারে।

সারা ভারত হিন্দু মহাসভার সহ-সভানেত্রী একইসঙ্গে হিন্দুদের উদ্দেশে অধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বানও করেন।

সাধ্বী বলেন, হিন্দুদের উচিত অধিক সন্তানের জন্ম দিয়ে সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধিতে জোর দেওয়া, যাতে সারা বিশ্বে এর প্রভাব পড়ে। এখানেই শেষ নয়। সাধ্বী এর পাশাপাশি আরও একটি বিতর্কিত মন্তব্য করেন।

তিনি জানান, হিন্দু দেব-দেবীদের মূর্তি মসজিদ ও গির্জায় বসাতে হবে। পাশাপাশি, নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করে হরিয়ানায় তার মূর্তি বসানোর জোর সওয়াল করেন তিনি।

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠালেন খালেদা

hasina khaleda13প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাত সাড়ে ৮টার দিকে চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

খালেদা জিয়ার একান্ত সচিব সাত্তার এ তথ্য জানিয়েছেন।

দুই নেত্রীর মধ্যে দীর্ঘ সময় মুখোমুখি সাক্ষাৎ না হলেও নববর্ষ ও ঈদের সময়ে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছিয়ে দেন তার প্রটোকল অফিসার খোরশেদ-উল-আলম।

আগামীকাল মঙ্গলবার বাংলা নববর্ষ উদযাপিত হবে।

বগুড়ায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

bogra mapজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই বগুড়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌন ৯টার দিকে শহরের শেরপুর রোডের সিটি স্কুলের সামনে শিবির কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও ফাঁকা গুলি ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সদর থানার ওসি আবুল বাসার জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই।

এদিকে, সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে মহাসড়কের পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা।

এসময় বেশকিছু যানবাহন ভাঙচুর ও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়।

এদিকে সকাল ৭টায় হরতালের সমর্থনে শহরের খান্দারে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।

অন্যদিকে সকাল সাড়ে ৭টায় নারুলী সাফি ক্লিনিকের সামনে আরেকটি মিছিল বের করে শহর জামায়াত।

এদিকে একই সময়ে শহরের নামাজগড়ে মিছিল বের করলে গোয়েন্দা পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

বাবার কামড়ে শিশুর মৃত্যু

child marder৩৭ দিন বয়সের শিশু সন্তান লুৎফুর রহমান হৃদয়কে নেশাগ্রস্থ বাবা কামড়িয়ে হত্যা করেছে। ঘটনা ঘটেছে রোববার গভীর রাতে মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামে। ওই শিশুর বাবা মশিউর রহমান রিপনকে (৩৭) মৌলভীবাজার মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে।

মৌলভীবাজার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা  জানান, এখন পর্যন্ত মামলা হয়নি। নিহত শিশুর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের বারান্দায় নিহত শিশুর পাশে ছিলেন মা লুবনা (২২)।

শোকে পাথর লুবনা ও তার এক বোন জানালেন বিয়ের পর থেকে রিপন তার স্ত্রীকে অপছন্দ শুরু করে। যৌতুক দাবী করে। সম্প্রতি আরেক বিয়ে করতে চাইলে তা নিয়ে বিরোধ শুরু হয় লুবনার সঙ্গে।

রিপনের এক প্রতিবেশি ছাতির আলী বলেন মূলত গরীব লুবনার পরিবার। রিপনের পরিবার ধনী । রিপন নতুন করে বিয়ে করতে চাইলে এর মধ্যে শিশু সন্তানকে অন্তরায় ভাবতে শুরু করে।

লুবনার ভাই মাহমুদ আলী (৪০) জানান, ঘটনা ঘটে রাত আড়াই থেকে তিনটার মধ্যে। পরে তার বোন লুবনা থানায় এসে সন্তান হত্যার কথা জানায়। পুলিশ গিয়ে রিপনকে আটক করে এবং শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ভোর পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরতালের শুরুতে সিলেটে শিবিরের গাড়ি ভাঙচুর

vangchur13জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সিলেট নগরীতে গাড়ি ভাঙচুর করেছে শিবির নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও পাঁচটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে তারা।

সোমবার সকাল ৭টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে শিবির নেতাকর্মীরা আম্বরখানা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও পাঁচটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।

পরে পুলিশ আসার আগেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বিমান বন্দর থানার ওসি গৌছুল আলম জানান, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গত শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন।

গাজীপুরে বাসে আগুন-ভাঙচুর

bus fire bolakaগাজীপুর জেলা শহরে যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে নামতে গিয়ে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে জামায়াতের ডাকা হরতালের মধ্যে শহরের শিববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত শনিবার দলের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহীন আলম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে পলাশ পরিবহনের একটি বাস ১০-১৫ জন যাত্রী নিয়ে গাজীপুর আন্তজেলা বাস টার্মিনাল থেকে নবীনগরের উদ্দেশে রওনা দেয়। জেলা শহরের শিববাড়ি এলাকায় হরতাল-সমর্থকেরা বাসটি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তারা বাসের কাচ ভাঙতে শুরু করে।

একপর্যায়ে তারা পেট্রল ছিটিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত পাঁচজন যাত্রী আহত হন। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে বাসের আসন পুড়ে গেছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুস সালাম সরকার বলেন, এ ঘটনায় আহত দুই যাত্রী এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের ভাষ্য, গাজীপুরে হরতালের প্রভাব নেই। সকাল থেকে সড়ক-মহাসড়কে প্রচুর যানবাহন চলছে।

বাবা মা হলেন জাস্টিন-জেসিকা

jastin jeshikaগায়ক জাস্টিন টিম্বারলেক ও তার অভিনেত্রী স্ত্রী জেসিকা বাইয়েল শনিবার প্রথমবারের মতো বাবা-মা হলেন। ছেলের নাম রাখা হয়েছে সাইলাস র্যানবল। খবর এএফপি’র।

পিপল পত্রিকা জানিয়েছে, মা ও শিশু দুজনেরই সুস্থ আছে। বাবা হতে পেরে টিম্বারলেক (৩৪) অত্যন্ত আনন্দিত।

টিম্বারলেকের মা লিন হার্লেস তার ফেইসবুক এ্যাকাউন্টে লিখেছেন, “আমার বিস্ময়কর ছেলে ও তার সুন্দরী স্ত্রী আমাদেরকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছে।”

আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ সেভেনথ হেভেনে অভিনয় করে বাইয়েল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

এদিকে ২০০৭ সালে টিম্বারলেকের গানের সলো অ্যালবামও ব্যাপক জনপ্রিয় হয়।

উভয়ে ২০১২ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

খালেদাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাসিনা

hasina khaleda13বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। এসময় খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন।
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ নববর্ষ পালিত হবে। এই উপলক্ষে সারা দেশেই বর্ষবরণের প্রস্তুতি চলছে।

জামায়াতের হরতাল চলছে

jamat hortalদলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার সকাল থেকে রাজধানীতে যান চলাচল অন্য দিনের তুলনায় কিছুটা কম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর কোথাও বড় ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে রোববার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা-ভাঙচুরের ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

গত রোববার কামারুজ্জামানের ‘শাহাদাত কবুলে’র জন্য দোয়া অনুষ্ঠানের কর্মসূচিও পালন করে জামায়াত। শনিবার রাত ১০টা ৫৭ মিনিটে পাঠানো দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ  এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে কামারুজ্জামানকে ‘বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, ইসলামী চিন্তাবিদ, জনগণের প্রিয় নেতা’  হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, “সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে মুহাম্মাদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পরে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার তার বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। এ মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। সাক্ষীদের পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়। ”

বিবৃতিতে দাবি করা হয়, “যে সোহাগপুরের কথিত ঘটনার অভিযোগে তাকে ফাঁসি কার্যকরের নামে হত্যা করা হলো তার সাথে  মুহাম্মদ কামারুজামানের দূরতম কোনো সম্পর্ক নেই। মুহাম্মদ কামারুজ্জামান বার বার বলেছেন, জীবনে কোনোদিনও তিনি সোহাগপুর যাননি। ওই এলাকায় কোনোদিন তাকে দেখেছে এ ধরনের কথা কেউ বলতে পারবে না। সরকার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। জনাব মুহাম্মদ কামারুজ্জামান তার পরিবারের মাধ্যমে দেশবাসীর কাছে জানিয়েছেন তাকে অন্যায়ভাবে হত্যা করার বিচার অবশ্যই আদালতে আখিরাতে আল্লাহ্ রাব্বুল আলামিন নিজ হাতে করবেন। ”

তিনি বলেন, “উচ্চ মাধ্যমিক শ্রেণীর একজন ছাত্রকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপরাধী হিসেবে চিহ্নিত করার যে মহাষড়যন্ত্র ও তাকে পরিকল্পিতভাবে হত্যা করার যে ব্যবস্থা আওয়ামী সরকার করেছে তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা সরকারের এই চক্রান্ত ও বিভৎস হত্যার নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই।”

বিবৃতিতে তিনি আরো বলেন, “মুহাম্মদ কামারুজ্জামানের রক্ত বাংলাদেশসহ সারা বিশ্বের ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের নিকট অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার রক্ত বাংলাদেশের ইসলামী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ্।  যারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছে ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। এই জালেম সরকারকে বিচারের নামে অবিচারের এবং পরিকল্পিত এ হত্যাকাণ্ডের জন্য জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে।”