রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

চাপে নয়, গোল করি ভালোবেসে: মেসি

messi15একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। বিশ্বকাপের আসরে খেতাব জয় হয়নি। কিন্তু ক্লাব পর্যায়ে তার স্বপ্নের দৌড় চলছেই। লিওনেল মেসি প্রতি ম্যাচেই জাদু দেখাচ্ছেন। গত নভেম্বরে লা লিগায় নতুন ইতিহাস গড়েছিলেন। টেলমো জারার ২৫১গোলের নজির ভেঙে দেন মেসি। এরপর আরও একটি নজির গড়েছেন গত মার্চে। বার্সেলোনার হয়ে নিজের ৩২তম হ্যাটট্রিক করে আরও একবার পিছনে ফেলে দিয়েছেন জারাকে। লিগের ২৪তম সপ্তাহ কাটতে না কাটতেই ৩৮ম্যাচে করেছেন ৪১টি গোল। এহেন সাফল্যের কারণে যারপরনাই খুশি মেসি। প্যারিস সাঁ জা’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে নামার আগে সার্বিকভাবে নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন এক সাক্ষাৎকারে।

মাঠে এবং মাঠের বাইরে দারুণ চনমনে লাগছে আপনাকে। খেলাতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে, কারণ কী?
মেসি: দারুণ লাগছে। গত মরসুমে যা হয়েছিলো, তারপর চলতি মরসুমের শুরুটা ভিন্নরকমভাবে হয়েছিলো। মাঠের ভিতরের নানা কারণে, নিজের চোট এবং খারাপ পারফরম্যান্সের কারণে গত মরশুমটা মোটেই ভালো যায়নি। ধারাবাহিক ছিলাম না। বেশ কিছু ম্যাচ খেলতে পারিনি। কিন্তু এই মরশুমে শুরুটা দারুণ হয়েছে। ভালো লাগছে। গত বছরের বেশ কিছুটা সময়ের কথা ভুলতে চাই দ্রুত। তবে গত মরশুমের নেতিবাচক বিষয়গুলি থেকেও শিক্ষা নিয়েছি। যা ভবিষ্যতে কাজে লাগবে, লাগছেও।

চলতি মরশুমে আপনার সঙ্গে নেইমার, সুয়ারেজের মতো দু’জন স্ট্রাইকার রয়েছেন, যারা গোল করার বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন আপনার সঙ্গে। এটা কি অনেকটা চাপ কমিয়ে দিয়েছে?
মেসি: আমি কখনোই গোল করাকে চাপ হিসেবে দেখিনি, ভালোবেসেই সেটি করে থাকি। গোল করাকে নিজের কর্তব্য হিসেবেই মনে করেছি বরাবর। পাশাপাশি বার্সেলোনায় বরাবরই দারুণ কিছু স্ট্রাইকার খেলেছেন। শুধু নেইমার বা সুয়ারেজ নয়, যারাই খেলছে তারা প্রত্যেকেই বিশ্বমানের, ক্লাবের প্রতি ওদেরও বিস্তর অবদান। সেই কারণেই তো আমি এত শান্ত থাকতে পারি!

কী ধরনের গোল করতে বেশি পছন্দ করেন আপনি?
মেসি: সত্যি বলতে গোল করার ক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনও পছন্দ নেই। আমি শুধু গোল করতে ভালোবাসি। দারুণভাবে সুযোগ কাজে লাগানোর আলাদা একটা তৃপ্তি রয়েছে। বক্সের বাইরে থেকে তা হতে পারে, ফ্রি-কিক থেকে গোলও পছন্দের তালিকায় থাকতে পারে। আবার ডিফেন্ডারদের পরাস্ত করেও হতে পারে। কীভাবে গোল হচ্ছে, তা নিয়ে আমি ভাবিত নই।

হ্যাটট্রিকের পর প্রতিবার ম্যাচের বলটি সতীর্থদের সকলকে দিয়ে সই করিয়ে বাড়ি নিয়ে যান। এর নেপথ্যে বিশেষ কোনো কারণ?
মেসি: আমি সবসময়ই বলটায় সই করিয়ে নিই। কারণ আমি মনে করি, এটা সমগ্র টিমের একাত্মতার চিহ্ন। আমি যে কৃতিত্ব অর্জন করেছি তা কখনওই সম্ভব হত না সতীর্থদের ছাড়া। গোলের জন্য ওদের ওপরই নির্ভর করতে হয়, তাই একটি হ্যাটট্রিক মানে আরও অনেকটা বেশি নির্ভরতার ফলাফল। তাই বলটা নিয়ে যাওয়ার আগে ওদের সকলকে দিয়ে সই করিয়ে নেওয়া একটা বিশেষ স্মারক বলতে পারেন। আমার সমস্ত ট্রফির সঙ্গেই বলগুলো রাখা থাকে। তবে এই বলগুলির জন্য বিশেষ কিছু ব্যবস্থা করার কথা ভাবছি। এই বলগুলির গুরুত্ব অন্যরকম। তাই এই বলগুলিকেও রাখা উচিত সেই মর্যাদা দিয়ে।

নিজের সমস্ত হ্যাটট্রিক মনে আছে?
মেসি: এই মুহূর্তে বলতে পারি, না। আমাকে পুরানো গোলগুলির ভিডিও দেখতে হয়। অথবা কেউ মনে করিয়ে দিলে তবেই গোলগুলির কথা মনে পড়ে। তবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ন্যু ক্যাম্পে ৩-৩গোলের ম্যাচে হ্যাটট্রিক করেছিলাম। সেই হ্যাটট্রিক আমার কছে বিশেষ অনুভূতি বহন করে। এটাই ছিল আমার প্রথম হ্যাটট্রিক। লিগে আমাদের লড়াই জারি রেখেছিলো এই পারফরম্যান্স। যদিও শেষপর্যন্ত আমরা লিগ জিততে পারিনি। কিন্তু ওই মুহূর্তে ওই হ্যাটট্রিক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ম্যাচটা ছিলো রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।

গোল করার সময় ঠিক কী ভেবে নেন?
মেসি: আচমকাই এসব হয়ে যায়, ভাবনার অবকাশ কোথায়! শট নেওয়ার আগে ভাবার সময় থাকে খুব কম। সেই সময় যেটা সহজতম এবং দ্রুততম পথ হতে পারে, সেটাই অবলম্বন করার কথা মাথায় থাকে।

গোল বা হ্যাটট্রিকের পর কোনো প্রতিপক্ষের মন্তব্য আপনাকে তৃপ্তি দিয়েছে?
মেসি: মনে আছে, ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের পর রাউল আমাকে অভিনন্দন জানিয়েছিল। ও আমাকে কয়েকটা কথা বলেছিল, যা সেই সময় আমার দারুণ লেগেছিল। খুব তৃপ্তি পেয়েছিলাম। রাউলের মতো ফুটবলারের থেকে মন্তব্য শোনা, ওই ম্যাচের গুরুত্ব, সব মিলিয়ে দারুণ একটা মুহূর্ত ছিল সেটা।

দীর্ঘদিন খেলা হয়ে গেল। পিছনের দিকে তাকালে কী মনে হয়?
মেসি: খেলাধুলোর জগতে সবকিছু এত দ্রুত হয়, যে এখানে পিছনে তাকানোর সুযোগ থাকে না। আমিও তাকাই না। সবসময়ই সামনে তাকানোর, নতুন কিছু করার সুযোগ রয়েছে। শুধু ফুটবল মাঠেই নয়, জীবনে চলার ক্ষেত্রেও এই একই নীতি অনুসরণ করে থাকি।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৪০০

sea boatভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০০ অভিবাসী প্রাণ হারিয়েছে। এসব অভিবাসী লিবিয়া থেকে ইতালির  উদ্দেশে  যাচ্ছিল।

উদ্ধার হওয়া অভিবাসীরা সেভ দ্য চিলড্রেনকে এসব তথ্য জানিয়েছে।

প্রায় ৫৫০ জন যাত্রী ছিল নৌকাটিতে। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সকালে দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

আবহাওয়া ভালো থাকায় এ সময় ভূমধ্যসাগর দিয়ে মানুষ পাচার বাড়ছে । গত ফেব্রুয়ারিতে নৌকাডুবিতে ৩৩০ জনের মৃত্যু হয়।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত শুক্রবার থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর থেকে প্রায় সাত হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

ইতালি লিবিয়ার কাছের দেশ । সাব সাহারীয় অঞ্চলের অধিবাসীরা তাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসনের চেষ্টা করে থাকে।  ইউরোপে অভিবাসনে ইচ্ছুক আফ্রিকানরা অবৈধ চক্রগুলোর সহায়তায় লিবিয়া থেকে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে সাগর যাত্রা করে।

আইওএম  জানিয়েছে চলতি বছরে এরই মধ্যে ভূমধ্যসাগরে  এ ধরনের নৌকা ডুবিতে প্রায় ৫০০ যাত্রী মারা গেছেন।  বোঝাই নৌকাগুলো থেকে হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছিল ইতালি।

সূত্র : বিবিসি।

সংবাদমাধ্যমের ভূমিকাও বিচারের ঊর্ধ্বে নয়

media15ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের কয়েক জন কেষ্ট-বিষ্টুর সঙ্গে সে দিন কথা হচ্ছিল। এই সংস্থার ভারতীয় প্রতিনিধিরা মনে করেন, এ দেশে শুধু রাজনৈতিক শাসনব্যবস্থা নয়, বিচারব্যবস্থা এবং আমলাতন্ত্রেও বড় ধরনের সংস্কার প্রয়োজন। এই দু’টি ক্ষেত্রেও দুর্নীতি বিশেষ ভাবে বাসা বেঁধেছে। এই বিষয়ে নাগরিক সমাজকে সচেতন করার জন্য আরও বেশি বেশি সেমিনার-সিম্পোজিয়াম করা প্রয়োজন। আর এই প্রচার অভিযানকে এক নাগরিক আন্দোলনের পথে নিয়ে যেতে হলে প্রয়োজন সংবাদমাধ্যমের সমর্থন। সংবাদমাধ্যমই দুর্নীতি বিরোধী অভিযানে সামাজিক অনুঘটক হতে পারে।

ওই কর্তাটিকে বললাম, কিন্তু সংবাদমাধ্যমও কি দুর্নীতি মুক্ত? সংবাদমাধ্যম ও সাংবাদিকদের একাংশের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিচার কে করবে? সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক বললেন, ‘‘না না, এখনই মিডিয়াকে আমাদের আক্রমণের লক্ষ্য করতে চাই না। তা হলে আমাদের প্রচারটাই পণ্ড হয়ে যাবে।’’

আমার কিন্তু মনে হয় মিডিয়া মানেই ‘হোলি কাউ’, তাকে স্পর্শ করা যাবে না, এই ভাবনা থেকেও আমাদের সরে দাঁড়ানোর সময় এসেছে। বিচারব্যবস্থার দুর্নীতি নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন সংবাদমাধ্যমের বিচার করা হবে না কেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় গেলে নবীন ছাত্রছাত্রীদের মিডিয়া সম্পর্কে ধ্যানধারণাও দেখছি যথেষ্ট নেতিবাচক। এমনকী, বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য সামাজিক সংগঠন বা সংস্থার লোকেরাও নানা প্রশ্নবাণে আমাদের জর্জরিত করেন। টলিক্লাবে এক শিক্ষা প্রতিষ্ঠানের সংবাদমাধ্যম সংক্রান্ত আলোচনায় বলেছিলাম, ভাল ডাক্তার, ভাল পুলিশ, ভাল শিক্ষক হয়, আবার খারাপ ডাক্তার, খারাপ পুলিশ ও খারাপ শিক্ষকও হয়। কাজেই সাংবাদিক ও সংবাদমাধ্যমেও এই দুই প্রকৃতির মানুষ থাকবে। এটাই তো স্বাভাবিক।

কিন্তু পুলিশ বা চিকিৎসক দুর্নীতিগ্রস্ত হলে তো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সাংবাদিকদের কথা তো সংবাদমাধ্যমে প্রকাশিত হয় না। কাক নাকি কাকের মাংস খায় না। এমন প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে আমাকে বহু বার।

সম্প্রতি ‘ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি’ পত্রিকার ২৮ মার্চ, ২০১৫ সংখ্যায় পরঞ্জয় গুহঠাকুরতা এবং জ্যোতির্ময় চৌধুরীর একটি প্রবন্ধ পড়ে মনে হল, আত্মসমালোচনা শুরু করার সময় এসেছে। প্রবন্ধটির নাম ‘ট্রেডিং প্লেসেস-এ ব্রিফ হিস্ট্রি অফ জার্নালিস্ট অ্যাজ পাওয়ার ব্রোকার্স অ্যান্ড কর্পোরেট এজেন্ট ইন ইন্ডিয়া’।

এই প্রবন্ধে দেখানো হয়েছে সংবাদপত্র-মাধ্যমে বাণিজ্য এবং সম্পাদকীয় বিভাগের বিভাজন প্রায় ঘুচে যেতে বসেছে। এই দু’টি বিভাগের মাঝখানে এক চীনের প্রাচীর গড়ে তোলা প্রয়োজন। এ কথা বহু বার আলোচনা হয়েছে। কিন্তু এই কাজটি করা হয় না। অনেক সময় কিছু সাংবাদিক কর্পোরেট সংস্থার এজেন্ট হিসাবে কাজ করেন, অনেক সময় বিভিন্ন ব্যবসায়ী সংস্থা বা রাজনৈতিক দল বা নেতার ‘মোল’ বা গুপ্তচর হিসাবে কাজ করেন কেউ কেউ। মতাদর্শগত দায়বদ্ধতা নয়, এ হল কায়েমী স্বার্থ।

পরঞ্জয় ও জ্যোর্তিময় তাদের রচনায় বেশ কিছু তথ্য পেশ করেছেন। গত ২০ ফেব্রুয়ারি শান্তুনু শইকিয়া নামে এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করে। শান্তুনু তেল ও গ্যাসের শিল্পের জন্য একটি ওয়েবসাইট চালাতেন। ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজে ২৭ ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত সংবাদ জানায় যে, এসার সংস্থা ও শান্তুনুর ই-মেল কথোপকথন থেকে জানা যাচ্ছে কী ভাবে সাংবাদিক কর্পোরেট গোষ্ঠীর কাছ থেকে সাহায্য নিয়েছেন। এ ব্যাপারে জনস্বার্থ মামলা থেকেই সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসে। এসার শিল্পগোষ্ঠীর কাছ থেকে সাহায্য নেওয়ার অভিযোগে মেইল টুডের সম্পাদক সন্দীপ বামজাই এবং হিন্দুস্থান টাইমসের আর এক সম্পাদক অনুপমা আই রে-কেও ইস্তফা দিতে হয়। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছিল তার আর্থিক মূল্য তেমন নয়। বরং নীরা রাডিয়ার টেপে যে সব অভিযোগ উঠেছিল বরখা দত্ত অথবা প্রভু চাওলা, বীর সাংভির মতো প্রবীণ সাংবাদিকদের ক্ষেত্রে সেগুলি আরও গুরুতর। একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হল রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সম্পর্কের মধ্যে এক ধরনের কায়েমি স্বার্থের মিথোজীবীতা গড়ে ওঠে। সাংবাদিককে এই লক্ষ্মণরেখাটি মেনে চলতে হয়। তাকে জানতে হয় কখন এই লক্ষ্মণরেখাটি অতিক্রান্ত হয়ে যায়। এসারের নোটের ভিত্তিতে টাইমস নাউয়ের ডেপুটি এডিটর মিনু জৈনকে নোটিস দেওয়া হয়েছে। এনডিটিভি প্রফিট চ্যানেলেও ময়ুরশঙ্কর ঝায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাজনেতা ও সাংবাদিকদের মধ্যে অনেক সময় সংঘাত ও তিক্ততা হয়। তখন রাজনেতারা অনেকেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচারও করতে থাকেন। তখন সাংবাদিকরাও অনেক সময় অসহায় হয়ে যান।

আম্বালায় জন্ম কিম ফিলবি (১৯১২-৮৮) সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৬৩ সালে ‘ডিফেকটেড’ হন এবং তারপর ব্রিটেনে এক উচ্চস্তরের গোয়েন্দা অফিসার হিসাবে বসবাস করতে থাকেন। এই লোকটি ইকনমিস্ট এবং টাইমসের মতো পত্রিকার সাংবাদিক ছিলেন।

পরঞ্জয়ের রচনা সম্পর্কে কেউ কেউ বলেন, তিনি নিজে একটু বেশি ‘বায়াসড’। সে তর্কে প্রবেশ করা আজকের লেখার বিষয় নয়। কিন্তু এটা বলতে চাই সাংবাদিক ও সংবাদমাধ্যমের মধ্যে বেনোজল ঢুকলে সে বিষয়েও আত্মসমালোচনা-আত্মসমীক্ষার প্রয়োজন।

জয়ন্ত ঘোষাল: নয়া দিল্লি ব্যুরো চিফ, আনন্দবাজার পত্রিকা

প্রস্তুতি ম্যাচে খেলছেন তামিম

tamim iqbalস্বস্ত্রীক উমরাহ পালন, পায়ের হালকা ইনজুরির কারণে বিশ্বকাপের পর খুব বেশি ম্যাচ খেলা হয়নি তামিম ইকবালের। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের মূল লড়াইয়ে নামার আগে তাই নিজেকে আরও একটু ঝালিয়ে নেওয়ার সুযোগটা নিলেন বাঁহাতি এই ওপেনার। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তে বিসিবি একাদশে অর্ন্তভুক্ত হয়েছেন তামিম।  কোচ, নির্বাচকদের অনুরোধ করে তামিম নিজেই খেলতে চেয়েছেন ম্যাচটা।

আর তামিম ম্যাচটি খেলায় বিসিবি বিশ্রাম দিয়েছে নাসির হোসেনকে। ম্যাচটাতে যদিও নাসিরেরই নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিসিবি একাদশকে। নাসির না থাকায় নেতৃত্বের ভারটা পড়েছে মুমিনুল হকের কাঁধে। যিনি সদ্য সমাপ্ত বিসিএল ওয়ানডে টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক ছিলেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান দল।

ভারতীয় চ্যানেলে ‘না’, পাকিস্তানে সই সংগ্রহ অভিযান

tv pakপাকিস্তানে ভারতীয় সংবাদ ও বিনোদন চ্যানেল দেখানো বন্ধ করার দাবিতে সই সংগ্রহ অভিযানে নেমেছে ‘হাঞ্চ’ নামে সেদেশের এক স্বেচ্ছাসেবী গোষ্ঠী।

তারা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)-র ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যাতে বেআইনিভাবে ভারতীয় চ্যানেলের সম্প্রচারে জড়িত কেবল অপারেটরদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়।সেজন্যই এসএমএসে ভারতীয় চ্যানেলের সম্প্রচারে উদ্বিগ্ন লোকজনের সই সংগ্রহ করছে তারা। পাশাপাশি সই সংগ্রহের জন্য তারা হেল্প ডেস্কও খুলেছে।

ভারতীয় চ্যানেল দেখানো পাকিস্তানে বৈধ নয়। তা সত্ত্বেও বিভিন্ন ভারতীয় চ্যানেলের অনুষ্ঠানের জনপ্রিয়তার জন্য তুমুল চাহিদা রয়েছে। বিশেষত করাচিতে কেবল অপারেটররা অবাধে ভারতীয় বিনোদন, সংবাদ চ্যানেলগুলির সম্প্রচার করে থাকেন।

কিন্তু  হাঞ্চ-এর প্রতিনিধি ইজাজ-উর-রহমানের দাবি, ভারতীয় কেবল চ্যানেলগুলিতে দেখানো সিরিয়াল, সিনেমা অশালীন, জনজীবনে নৈতিকতার পরিপন্থী।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ভারতীয় সোপ অপেরা, সিনেমা পাকিস্তানের  আদর্শ, জাতীয় সংহতি ও অর্থনৈতিক স্বার্থের পক্ষে ক্ষতিকারক ওদের জন্য ক্ষতি হচ্ছে পাক মিডিয়ারও কেননা কোম্পানিগুলি ভারতীয় চ্যানেলে বিনিয়োগে বেশি আগ্রহী।অতএব কেবল অপারেটরদের ভারতীয় চ্যানেল দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করুক পাক সরকার।

সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার কারাদণ্ড

court26ঋণ জালিয়াতির অপরাধে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের সাত শীর্ষ কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এই সাত আসামিকে মোট ১ কোটি ৯০ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়।
সোমবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে বিচারক হোসনে আরা বেগম এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান ও মোহাম্মদ তারিকুল আলম, প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক। আসামিরা সবাই পলাতক আছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সাত আসামিকে এই সাজা দেয়া হয়েছে। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল থানায় দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ মামলা করেন। এজাহার থেকে জানা যায়, ‘মেসার্স তানবীর এজেন্সি’ নামে ‘অস্তিত্বহীন’ একটি প্রতিষ্ঠানের নামে ২০০৫ সালের ২৭ জুলাই ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার ইসলামপুর শাখায় এক কোটি টাকা ঋণের আবেদন করা হয়। সেদিনই ওই ঋণ প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয় এবং ৯৫ লাখ টাকা ঋণ অনুমোদন পায়। আসামিরা ওই ভুয়া প্রতিষ্ঠানের নামে জমা দেখিয়ে ঋণের অর্থ নিজেরা আত্মসাৎ করেন। মামলা দায়েরের সময়ে এই ঋণের বিপরীতে ব্যাংকের পাওনা দাঁড়ায় ১ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকা।
উল্লেখ্য, ২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম পরিবর্তন করে আইসিবি ইসলামিক ব্যাংক করা হয়।
প্রসঙ্গত, দুদকের তথ্য অনুযায়ী ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এসব ঘটনায় ৩৪টি মামলা হয়েছে। ২০১৩ সালে এর মধ্যে আটটি মামলায় অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

মঙ্গলবার নয়াপল্টনে যাচ্ছেন খালেদা

khaleda nilfamariরাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কা্র্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার নববর্ষ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের (জাসাস) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মঙ্গলবার বিকেল পাঁচটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা নববর্ষ উপলক্ষে জাসাসের অনুষ্ঠানে ম্যাডাম যাবেন। সেখান থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন।”

জাসাসের সাধারণ সম্পাদক মনির খান বলেন, “নয়াপল্টনে বরাবরের মতো এবারেও অনুষ্ঠান আয়োজন করেছি। প্রশাসনের মৌখিক অনুমতি পেয়েছি। বিকেলে লিখিত কপিও পাবো।”

তিনি বলেন, “ম্যাডাম প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এবারো তিনি থাকবেন। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন।”

ঢাবি আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ডিজিটাল আইডি কার্ড

du logoঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্যদের ( ১ জুলাই ২০১২ তারিখ থেকে অন্তর্ভুক্ত) মধ্যে যারা এখনো ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করেননি তাদের  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নিজে অথবা ক্ষমতার্পণ পত্রসহ বাহকের মাধ্যমে অফিস চলাকালীন কার্ড সংগ্রহ করা যাবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  ১ জুলাই ২০১২ তারিখের আগে যারা আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত, তাদের ডিজিটাল আইডি কার্ড নিতে হলে রেজিস্ট্রেশন নম্বর, মায়ের নামসহ যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখপূর্বক দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ২০০ (দুই শত) টাকা ফি দিয়ে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

চলে গেলেন গ্যুন্টার গ্রাস

gunterজন্ম পোল্যান্ডে৷ কিন্তু সাহিত্যে নোবেলসহ অনেক স্বীকৃতিই পেয়েছেন জার্মানিতে নতুন জীবন শুরুর পর৷ আজ সোমবার ৮৭ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন লেখক, চিত্রশিল্পী ও ভাস্কর গ্যুন্টার গ্রাস৷

২০১২ সালের ১৪ অক্টোবর৷ জার্মানির ল্যুবেক শহরে ‘গ্যুন্টার গ্রাস হাউস : ফোরাম ফর লিটারেচার অ্যাণ্ড আর্ট’-এর আবার উদ্বোধন হলো৷ তার সাহিত্য, বিশেষ করে শিল্পকর্মের আরো বিস্তৃত প্রদর্শনের উদ্দেশ্যেই এই নব উদ্বোধন৷

নোবেলজয়ী জার্মান লেখক গ্যুন্টার গ্রাস যে একজন উঁচুমাপের চিত্রশিল্পী এবং ভাস্করও, তা অনেকেই হয়তো জানেন না৷ এই জাদুঘরে রয়েছে তার অঙ্কনচিত্র, এচিং, লিথোগ্রাফি, জলরং ও তেলচিত্রের প্রায় এগারোশো শিল্পকর্ম৷ তার অনন্য সাহিত্যকর্মের কিছু পাণ্ডুলিপিও আছে সেখানে৷ এর বাইরেও দৃষ্টি আকর্ষণ করে খোলা আকাশের নিচে, ভবনের বাগানে রাখা তার ভাস্কর্য৷ ১৯৮৬ সাল থেকে এই শহরেই বাস করেন গ্রাস, তার নিজের অফিসঘরও এ ভবনেই৷ তাই প্রায়ই তাকে দেখা যায় সেখানে৷ দর্শনার্থীদের জন্য এটাও দারুণ এক আকর্ষণ৷

১৯৪৫ সালে পোল্যান্ডের ডানজিশ থেকে জার্মানিতে আসেন গ্রাস৷ প্রথমে পাথর খোদাইয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু৷ তারপর ১৯৪৮ থেকে ১৯৫৬ পর্যন্ত ‘ড্যুসেলডর্ফ আর্ট অ্যাকাডেমি’-তে এবং পরে বার্লিনেও ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ৷ মূলত এ সময়েই শুরু হয় তার সাহিত্যচর্চা৷ বাস্তববাদি শিল্পকর্ম, বিশেষ করে সাদা-কালো গ্রাফিকস চিত্রশিল্পের মোটিভ বা ফিগার, যেমন মাছ, শামুক, বাবুর্চি, নান্ বা মঠবাসিনী, তার পঞ্চাশের দশকের রচনার প্রোটাগনিস্ট৷

জন্মস্থান ডানজিশ শহরের সঙ্গে গ্যুন্টার গ্রাসের রয়েছে গভীর সম্পৃক্ততা৷ জার্মান অধিকৃত পোল্যান্ড ও এই শহরের শৈশবের স্মৃতিচারণ করেই রচনা করেন বিশ্বখ্যাত উপন্যাস ‘দ্য টিন ড্রাম’৷ ডানজিশ ট্রিলজির প্রথম পর্ব৷ সঙ্গে যোগ হয় পরবর্তী উপন্যাস ‘ক্যাট অ্যাণ্ড মাউস’ ও ‘ডগ ইয়ার্স৷ শহরের সর্বত্রই গ্রাসের উপস্থিতি অনুভব করা যায়৷ গ্যুন্টার গ্রাস সমিতিও রয়েছে এখানে৷ ২০০৯ সালে ডানজিশ-এর পুরোনো শহরের প্রাণকেন্দ্রে তার নামে স্থাপন করা হয় একটি গ্যালারি৷ পুরোনো ও অতি সাম্প্রতিক বহু চিত্রকর্ম, গ্রাফিকস ও ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে গ্যালারিটি৷ গ্রাফিক ডিজাইনের প্রচুর নমুনাও রয়েছে সেখানে৷ শহরের সাথে গ্রাসের সুসম্পর্কে ছেদ পড়েছিল ২০০৬ সালে৷ এক আত্মকাহিনিতে তিনি নাৎসিদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভাফেন-এস এস বাহিনীর সদস্য থাকার কথা প্রকাশ করায় পোল্যান্ডে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল৷ তার ডানজিশ শহরের সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের পক্ষেও মত দিয়েছিলেন অনেকে৷

সেই ক্ষত অনেকটা শুকিয়ে গেছে৷ ডানজিশ শহরবাসী গ্রাসকে নিয়ে গর্বই করেন৷ শহরের আদি ইতিহাস সম্পর্কে অনেক কিছুই যে তার কাছ থেকে জানতে পেরেছেন তারা!

গ্যুন্টার গ্রাস
•    পুরো নাম: গ্যুন্টার ভিলহেল্ম গ্রাস
•    জন্ম : ১৬ অক্টোবর ১৯২৭, ডানজিশ, পোল্যান্ড ( তখন নাম ছিল ফ্রি সিটি অফ ডানজিশ)
•    পেশা: লেখক, নাট্যকার, কবি, চিত্রশিল্পী ও ভাস্কর
•    বাবা: ভিলহেল্ম গ্রাস
•    মা: হেলেনে
•    স্ত্রী: প্রথম স্ত্রী আনা মার্গারেটা শোওয়ার্তস
•    দ্বিতীয় স্ত্রী উটে গ্রুন্যার্ট
•    সন্তান: তিন ছেলে, তিন মেয়ে
•    স্বীকৃতি: সাহিত্যে নোবেল, গেওর্গ ব্যুশনার পুরস্কার, অনারারি ফেলো অফ দ্য রয়েল সোসাইটি অফ লিটারেচার, প্রিন্স অফ অস্ট্রিয়াস পুরস্কার
•    খুব উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : দ্য টিন ড্রাম, ক্যাট অ্যাণ্ড মাউস, ডগ ইয়ার্স, ক্র্যাব ওয়াক, হোয়াট মাস্ট বি সেইড