রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

satkhiraসাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা গ্রামের রহমান পাড়ের স্ত্রী নূরুন নাহার (৩৫)  ও একই উপজেলার বংশিপুর-পাতড়াখালী গ্রামের সাজেদা খাতুন (৪০)।
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের মৃত্যু হয়।
এ বজ্রপাতে আহত হয়েছেন অন্তত সাতজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়,  বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় মাঠে কাজ করার সময়  নূরুন নাহার এবং রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় সাজেদা খাতুন মারা যায়।
শ্যামনগর থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

rizvi19নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশের করা রিমান্ড আবেদনও গ্রহণ করা হয়নি।

তবে তদন্তকারী কর্মকর্তারা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের বুধবার উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বুধবার রিজভীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, রিজভীর আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাব সদস্যরা আটক করেন। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

ঘর ভাঙলেই কি

ghor bবিবাহবিচ্ছেদ হলেই পরিবারের সব সুখ কি শেষ হয়ে যায়? ইন্দোনেশিয়ার নয় বছরের বালক আজকা কোনোভাবেই তা বিশ্বাস করে না।

ইন্টারনেটে এক ভিডিওচিত্রে সে বলেছে বাবা-মা একসাথে না থাকলেও তার কোনো আক্ষেপ নেই। বরঞ্চ আজকার কাছে স্বস্তির বিষয় যে বাবা-মা আর ঝগড়া করেনা।

আজকার এই স্বীকারোক্তি, অভিজ্ঞতা এখন বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের মনে দাগ কাটছে।

ভিডিও চিত্রটি শুরু হয়েছে এভাবে – “আমার নাম আজকা … একটি ঘরভাঙা শিশুর কাহিনী..”

কার্টুন চিত্র দিয়ে আজকা তারপর বলে গেছে তার বাবা-মার সম্পর্ক, তাদের বিয়ে, তার জন্ম এবং বিচ্ছেদের ইতিবৃত্ত।

একটু করুণ সুরের আবহ সঙ্গীত ব্যবহার করা হলেও, আজকার কথায় বিন্দুমাত্র দুঃখের ছোঁয়া নেই।

বিচ্ছেদ হলেও তার বাবা-মা কাছাকাছি থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব আছে। মাঝে মধ্যে আজকাকে নিয়ে একসাথে বিদেশে ছুটি কাটাতেও যায় তারা।

“বাবা-মা দুজনের কাছ থেকে একইরকম ভালোবাসা পেলে, সেটা ভাঙা ঘর হতে পারেনা।”

কোরবুজিয়ের বলেছে, অনেক মানুষ তাকে প্রশ্ন করে বাবা-মার মধ্যে বিচ্ছেদে সে কষ্ট পাচ্ছে কিনা। অনলাইনে এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছিল সে।

ইন্দোনেশীয় বালকের এই ভিডিও চিত্রটি ইউটিউবে সাড়ে তিন লক্ষ বার দেখা হয়েছে। সারা পৃথিবী থেকে বহু মানুষ আজকাকে প্রশংসা করে মন্তব্য করেছে।

একটি মন্তব্যের ভাষা ছিল এমন:”এরকম উৎসাহব্যঞ্জক ভিডিওর জন্য ধন্যবাদ। আমি এটি আমার মা এবং ছোট বোনকে দেখিয়েছি। আমাদের চোখে পানি চলে এসেছিল।”

অন্যরা বাবা-মার বিচ্ছেদের পর তাদের অভিজ্ঞতার কথা লিখেছে। একজন লিখেছে, ” (বাবা-মার বিচ্ছেদ হলেও) আগের চেয়ে আনন্দে থাকা সম্ভব। অল্প বয়সেই এরকম মনে হয় – যা হয়েছে ভালো হয়েছে।”

আজকা ইন্দোনেশিয়ার জনপ্রিয় একজন টিভি ব্যক্তিত্ব ডেডি কোরবুজিয়েরের সন্তান।

কোরবুজিয়ের বিবিসিকে বলেন, তিনি এবং তার স্ত্রী যখন আজকাকে তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন, ছেলের প্রতিক্রিয়া দেখে তারা অবাক হয়েছিলেন। “তার প্রথম প্রশ্ন ছিল – আমি কার সাথে যাবো।”

“আমরা তাকে বলি, যে বাড়িতে সে আছে, সেখানেই থাকবে সে… তার উত্তর ছিল -কোনো সমস্যা নেই।”

ওই বাড়ির নাম দেয়া হয়েছে আজকা’র বাড়ি।

এই ভিডিও প্রকাশের পর নয় বছরের আজকা এখন ইন্দোনেশিয়াতে একজন সেলিব্রেটি হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৬০,০০০।– বিবিসি

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে সতর্ক থাকুন

shorbotচারদিকে প্রচণ্ড গরম। মানুষ গরমের উত্পাতে দিশেহারা। বিশেষ করে যাদেরকে বাধ্য হয়ে প্রচণ্ড গরমে খোলা মাঠে চলাফেরা বা কায়িক পরিশ্রম করতে হয়। গরমে অনেক বিপদের মাঝে সবেচেয় ভয়াবহ অবস্থার নাম হিট স্ট্রোক।

হিট স্ট্রোক কি : গরমের দিনের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। চিকিত্সা শাস্ত্র অনুযায়ী প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে।

হিট স্ট্রোক কাদের বেশি হয় : প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারোর হিট স্ট্রোক হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। যেমন— শিশু ও বৃদ্ধ। এদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। যারা দিনের বেলায় প্রচণ্ড রৌদ্রে কায়িক পরিশ্রম করেন তাদের ঝুঁকি বেশি।

হিট স্ট্রোকের লক্ষণসমূহ : তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে হিট স্ট্রোকের পূর্বে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সহসশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশী ব্যথা করে, দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা লাগে। এরপরের ধাপে হিট এক্সহসশনে দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথা ব্যথা, ঝিমঝিম করা, বমি ভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর প্রচণ্ড ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেয়া হলে হিট স্ট্রোক হতে পারে। এর লক্ষণসমূহ হল— শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রী ফারেন হাইট ছাড়িয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায়, ত্বক শুষ্ক ও লালাভ হয়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, নাড়ীর স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়, রক্তচাপ কমে যায়, খিচুনী, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক ব্যবহার, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি। প্রসাবের পরিমাণ কমে যায়, রোগী শকেও চলে যেতে পারে। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

প্রতিরোধের উপায় : গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। এগুলো হলো— হালকা ঢিলেঢালা কাপড় পরুন। কাপড় সাদা বা হাল্কা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভাল, যথাসম্ভব ঘরের ভিতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন, বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন, বাইরে যারা কাজকর্মে নিয়োজিত থাকেন, তারা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন, প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সাথে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সাথে সাথে লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই ফুটানো হতে হবে, তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন— চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত, রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে ও প্রচুর পানি ও স্যালাইন পান করতে হবে।

আক্রান্ত হলে করণীয় : প্রাথমিকভাবে হিট স্ট্রোকের পূর্বেই যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হচ্ছে— দ্রুত শীতল কোন স্থানে চলে যান। যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন, ভেজা কাপড়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করে নিন, প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। ঘরে চিকিত্সা করার কোন সুযোগ নেই।

এক্ষেত্রে রোগীর আশেপাশে যারা থাকবেন তাদের করণীয় হল— রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যাওয়া, তার কাপড় খুলে দিন, শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন, সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন, রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন, দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন, সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাস-প্রশ্বাস এবং নাড়ী চলছে কিনা। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস ও নাড়ী চলাচলের ব্যবস্থা করতে হতে পারে।

হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। তাই এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত।

লেখক:ডীন, মেডিসিন অনুষদ, অধ্যাপক, মেডিসিন বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

এরশাদ সিএমএইচ এ ভর্তি

ershaddজাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাতে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

সুনীল শুভরায় বলেন, জাপা চেয়ারম্যানের পায়ে ব্যথা অনুভূত হওয়ায় উনাকে সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে। সবাই স্যারের (এরশাদ) জন্য দোয়া করবেন।

নেশাগ্রস্ত যুবকের গুলিতে ঢাকায় জোড়া খুন

marder gunnগভীর রাতে রাজধানীর রাজপথে নেশাগ্রস্ত যুবকের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছিলেন প্রায় দুই মাস আগে। অভিযুক্ত যুবক নয় দিন আগে গ্রেফতার হলেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সাংসদের ছেলে বলে।

গত ১৩ এপ্রিল রাত পৌনে দুইটায় নিউ ইস্কাটনে এ ঘটনা ঘটে। এতে একজন অটোরিকশাচালক এবং একজন রিকশাচালক নিহত হন। বখতিয়ার আলম রনি নামের এই যুবকের বয়স ৪২, মা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খান। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, ঘটনার সময় বখতিয়ার নেশাগ্রস্ত ছিলেন।

ডিবি পুলিশ বলেছে, বখতিয়ার ও তার গাড়ির চালক ইমরান ফকিরকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুজনকেই গত ৩১ মে গ্রেফতার করা হয়। বখতিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার চার দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। ১ জুন তাঁর রিমান্ড আবেদন মঞ্জুর হলেও ‘অসুস্থতার’ কারণে তাকে হেফাজতে নিতে পারেনি ডিবি।

ওই রাতের গুলিতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম প্রথমে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম ১৫ এপ্রিল বিকেলে এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ইয়াকুব দৈনিক জনকণ্ঠের অটোরিকশাচালক। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন নিহত হাকিমের মা মনোয়ারা বেগম। এজাহারে তিনি গাড়ি থেকে একজন ব্যক্তি গুলি চালিয়েছেন বলে উল্লেখ করেন, তবে গুলিবর্ষণকারীর নাম-বর্ণনা বা গাড়ির বর্ণনা উল্লেখ করেননি।– প্রথম আলো

টস জিতে ব্যাটিং করছে ভারত

ic10ফতুল্লা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান তৃতীয়। বাংলাদেশ নয় নম্বরে। র্যাঙ্কিংয়ে ব্যবধান যা-ই থাকুক না কেন, ভারতকে মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের ঘটনা থাকলেও, দু’দলের মধ্যে সাতটি টেস্টের সবক’টিতেই জিতেছে ভারত।

এরমধ্যে ২০০৭ সালে একটি টেস্ট ড্র করেছিল বাংলাদেশ।

তবে, এবারের সফরে ভারত দল এসেছে তাদের পূর্ণশক্তির দল নিয়েই।

এদিকে বাংলাদেশ দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমও উইকেটকিপিং করছেন না। নতুন উইকেটকিপার হিসেবে লিটন দাসের অভিষেক হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ যে খেলছেন না তার একটা প্রভাব বাংলাদেশের খেলায় পড়তে পারে।

তবে বাংলাদেশ দল যদি ধারাবাহিকতা বজায় রেখে খেলে, প্রত্যেক খেলোয়াড় যদি তাদের সর্বোচ্চ খেলাটা খেলে তাহলে ম্যাচ ড্র হবার সম্ভাবনা আছে বলে মনে করেন রকিবুল হাসান।

মিয়ানমারে ভারতীয় কম্যান্ডোদের গোপন অভিযান, নিহত ১৫ জঙ্গি

indian comandoমণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত করল ভারতীয় সেনা।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, মঙ্গলবার প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে ঢুকে গোপন অভিযান চালিয়ে অন্তত ১৫ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের জওয়ানরা। তাদের এই অভিযানে সর্বস্তরে সহায়তা করেছে সেদেশের সামরিক বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সেনা অভিযান চলছে।

সেনা সূত্রে খবর, এদিনের অভিযানে সেনাবাহিনীর এলিট প্যারা কম্যান্ডোদের নামানো হয়। অত্যন্ত গোপনে তারা মিয়ানমারে ঢুকে জঙ্গিদের ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। স্পেশাল ফোর্সের সামনে কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জঙ্গিরা। এই গোটা অপারেশনে ভারতীয় জওয়ানদের সমন্বয় দিয়ে গিয়েছে মায়ামনমার প্রশাসন। সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের দুই প্রধান জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (কে) এবং কেওয়াইকেএল জঙ্গিরাই সেখানে ছিল।

এদিন অভিযানের সম্পর্কে তথ্য দিতে গিয়ে সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (এডিজিএমও) মেজর জেনারেল রণবীর সিংহ জানান, গত কয়েকদিন ধরেই তাদের হাতে নির্দিষ্ট গোয়েন্দা-তথ্য আসছিল যে, আগামী দিনে মণিপুরের মতো হামলা আরও কয়েকটি জায়গায় করার ছক কষছিল জঙ্গিরা। তিনি জানান, গোয়েন্দা-তথ্য অনুযায়ী, ওই হামলাগুলি করার পরিকল্পনা করছিল মণিপুরের হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠী ও তাদের সহযোগীরা। ফলে, আশঙ্কাকে নিষ্ক্রিয় করতে আগাম পাল্টা-হামলা চালানো ছাড়া আর কোনও উপায় ছিল না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মণিপুরে সেনা কনভয়ে জঙ্গিরা হামলা চালালে ১৮ জওয়ান নিহত হন। ওইদিন সকালে চন্দেল জেলার মল্টুকে টহল দিচ্ছিলেন ৬ নম্বর ডোগরা রেজিমেন্টের জওয়ানরা। অতর্কিতে রাস্তার ধারের জঙ্গল থেকে জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জওয়ানরা। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। সেনা হেডকোয়ার্টারে খবর পৌঁছতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয় বিশাল বাহিনী। আহতদের দ্রুত চিকিৎসার জন্য উড়িয়ে নিয়ে যেতে পাঠানো হয় হেলিকপ্টারও। হামলার দায় স্বীকার করে আলফা, কেওয়াইকেএল, এনএসসিএন (কে) সহ চারটি জঙ্গি সংগঠন।

হামলার ঘটনায় তদন্তে নেমে চাণ্ডেল সংলগ্ন পারালং, চারং, মলতু-সহ বেশ কিছু এলাকায় দিনভর তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। জঙ্গিদের খোঁজে জঙ্গলে চিরুনি তল্লাশি করতে গিয়ে গোয়েন্দাদের সন্দেহ হয় যে, হামলাকারীরা সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে থাকতে পারে।  কারণ, ঘটনাস্থল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত। সেখানেই এই জঙ্গিদের ঘাঁটি। হামলা চালিয়ে তারা সেখানেই পালিয়ে যায় বলে মত প্রকাশ করেন সেনা-কর্তারা।

সেনা সূত্রের খবর, এরপরই মিয়ানমার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্র। একইসঙ্গে, জঙ্গিদের গতিবিধির ওপর ক্রমাগত নজর রাখতে শুরু করে দুদেশ। এর মধ্যেই নির্দিষ্ট তথ্য আসতেই একেবারে স্পেশাল ফোর্সকে দিয়ে পুরদস্তু়র গোপন অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা সূত্রের মতে, এদিনের অভিযানে যে জঙ্গিদের খতম করেছে জওয়ানরা, তারা সম্ভবত মণিপুরের হামলায় জড়িত ছিল।

১৬ জুন ঢাকায় আসছেন পরিণীতি চোপড়া

porinita chupraঢাকায় আসছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পরিণীতি চোপড়া। তবে কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি ফ্যাশন শোয়ে অংশ নিতে। আগামী ১৬ জুন সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে আয়োজিত ফ্যাশন শোয়ে শো স্টপার হিসেবে থাকবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান গ্রীন অ্যাপল কমিউনিকেশনস।

এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনা বলেন, “ঈদ উপলক্ষে দেশ সেরা ডিজাইনারদের করা পোশাক নিয়ে আমরা একটি ফ্যাশন শোর আয়োজন করছি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন। এমন একটি বিশেষ আয়োজনে আমরা এই সময়ের খুব জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শো স্টপার হিসেবে খুঁজছিলাম। তখনই পরিণীতি চোপড়ার নামটি মাথায় আসে। কারণ, ইদানীং বেশ কয়েকটি বড় ফ্যাশন শোয়ে শো স্টপার হিসেবে পরিণীতি চোপড়াকে দেখা গেছে। তিনিও বিষয়টি জেনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন।”

আগামী ১৬ জুন দুপুরে ঢাকায় আসবেন তিনি। এসেই গুলশানের একটি পাঁচতারকা হোটেলে বিশ্রাম নেবেন। রাতের অনুষ্ঠান শেষে পরদিন সকালে আবার মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে আয়োজক সুত্র নিশ্চিত করেছে।

২০১৪-২০১৫ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

parlament13জাতীয় সংসদে আজ চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৯ হাজার ৫০৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৪ জুন ২০১৫- ১৬ অর্থ বছরের বাজেট পেশের সাথে এই সম্পূরক বাজেটও পেশ করেন।

মঙ্গলবার অর্থমন্ত্রীর পক্ষে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উত্থাপিত নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৫ পাসের মধ্য দিয়ে এই সম্পূরক বাজেট পাস হয়।

চলতি অর্থবছরের জন্য মূল বাজেটে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে মোট বরাদ্দ দাঁড়ায় ২ লাখ ৩৯ হাজার ৬৬৮ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ১৬০ কোটি টাকা। সংশোধিত বাজেটেও ১ লাখ ৬৯ হাজার ৪৫ কোটি টাকা রাখা হয়েছে।

সম্পূরক বাজেটে পরিকল্পনা বিভাগে ১ হাজার ৮১৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা, স্থানীয় সরকার বিভাগে ১ হাজার ৫৩৭ কোটি ২৪ লাখ ২৯ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে ১ হাজার ৪২৩ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে ১ হাজার ৩৭২ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে ১ হাজার ২৭১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা, শিক্ষা মন্ত্রণালয়ে খাতে ৬৫৭ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় খাতে ৩৯২ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ খাতে ২২৩ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ১৪২ কোটি ৮৩ লাখ ৩১ হাজার টাকা, নির্বাচন কমিশন সচিবালয় ১২০ কোটি ৮০ লাখ ৭৭ হাজার টাকা, খাতে বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের মূল বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতে বরাদ্দ ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ৭৫ হাজার কোটি টাকা করা হয়।

মঙ্গলবার সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ২২টি মঞ্জুরি দাবি উত্থাপন এবং কণ্ঠভোটে তা পাসের মধ্য দিয়ে সম্পূরক বাজেট পাস হয়। এর আগে সম্পূরক বাজেটের ওপর বিরোধী দলের সদস্যরা মোট ১৭০টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে ৬টি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। তবে এ ছাঁটাই প্রস্তাবসহ সব প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি দলের সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও সেলিম উদ্দিন।

এর পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে অর্থ ও প্রতিমন্ত্রী এম এ মান্নান সম্পূরক বাজেটের ওপর সমাপনি বক্তৃতায় বিভিন্ন সমালোচনার জবাবে বলেন, ভর্তুকি সরকার বিনিয়োগ হিসাবে প্রদান করে থাকে। যেমন কৃষিতে ভর্তুকি প্রদান করা হয় দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে। আর এ পদক্ষেপের ফলে দেশ এ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। এছাড়া কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসাবে কৃষিতে উচ্চ ফলন নিশ্চিত হওয়ায় অর্থনীতিও শক্তিশালী হয়েছে।

তিনি এবার ধানের দাম কম বিষয়ে বলেন, এবার সারা বিশ্বে খাদ্র উৎপাদন বেশী হয়েছে। আর এ অতিরিক্ত উৎপাদনের ফলে বিশ্ব বাজারে খাদ্য পণ্যের দাম হ্রাস পেয়েছে। বিশ্ব অর্থনীতির অংশ হিসাবে বাংলাদেশেও বিশ্ব খাদ্য মূল্যের প্রভাব পড়েছে। তবে সরকার যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেয়ায় বর্তমানে ধানের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। তিনি বিনিয়োগের ব্যাপারে বলেন, সরকার দেশে দেশী বিদেশী বিনিয়োগ বৃদ্ধি করতে অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর ফলাফলও পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি রোধেও সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর ফলে দুর্নীতি ধীরে ধীরে কমে আসবে। আর সুশাসন নিশ্চিত করতে জনপ্রশাসনকে ঢেলে সাজানোর ব্যবস্থার সাথে সাথে কর্মকর্তা- কর্মচারিদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে। অচিরে এর সুফল পাওয়া যাবে।

এর আগে সম্পুরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বাজেট পেশ এবং সম্পূরক বাজেট উপস্থাপনের আগে তা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যাতে যায় এ ব্যাপারে কার্যপ্রণালী বিধি সংশোধনের প্রস্তাব করেন।

তিনি বলেন, সম্পূরক আর্থিক বিবৃতিতে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারেনি তাদের নাম উল্লেখ করে কেন এসব মন্ত্রণালয় বা বিভাগ খরচ করতে পারলো না তা লিপিবদ্ধ করতে হবে।

তিনি বলেন, ‘বাজেটের টাকা খরচের ব্যাপারে আমি বিরোধিতা করছি না। কিন্তু কোন মন্ত্রণালয় কত টাকা কোথায় খরচ করলো, এগুলো আর্থিক বিবরণীতে থাকা উচিত ছিলো। টাকাগুলো কোথায় গেলো? ৫৯টি মন্ত্রণালয়ের কয়েকটি মন্ত্রণালয় কোনো কাজই করতে পারেনি। কিন্তু কেন পারেনি? ওইসব মন্ত্রণালয় এবং মন্ত্রীদের নাম থাকতে হবে।’

রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে সেজন্য দৃঢ় পদক্ষেপ নেয়ার জন্য বাণিজ্যমন্ত্রীকে আহবান জানান।

সরকারি দলের সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতের আমলে প্রতিবেশী দেশ ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে সেদেশের সাথে বৈরী সম্পর্ক তৈরী করেছিল। অথচ বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনসহ কূটনৈতিক ক্ষেত্রেও ব্যাপক সাফল্য অর্জন করেছে।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে।

জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, বাজেট উপস্থাপনের মাধ্যমে অর্থমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের অভিজ্ঞ করে তোলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, বাজেটের সুফল পেতে হলে সকল ক্ষেত্রে দক্ষ জনবল, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে সমাজের সর্বত্র শৃংখলা আনতে হবে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে দুষ্টু লোকদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।

শিল্পায়ন ও কর্মসংস্থানের উপর জোর দিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা দিতে হবে।