রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মেধা তালিকার ভিত্তিতে ভর্তি, বৈধতা চ্যালেঞ্জ করে রিট

high courtমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন রিট আবেদনটি দায়ের করেন।

তিনি বলেন, মেধা তালিকার ভিত্তিতে নয়, পরীক্ষার মাধ্যমেই ভর্তি করাতে হবে। কারণ সরকারের এ নীতিমালা সংবিধানের কয়েকটি ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে গত ১ জুন মেধা তালিকার ভিত্তিতে কলেজে ভর্তির জন্য নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১, ও ৯.৩ এই ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ কলেজের তিন অধ্যক্ষ।

নীতিমালার ৩.১ ধারায় বলা হয়েছে, ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেবল শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

৪.১ ধারায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অথবা টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। ৪.২ ধারায় বলা হয়েছে, আবেদন ফি ১৫০ টাকা, একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫ কলেজে পছন্দক্রম দিতে পারবে। অনলাইনে একবার আবেদন করতে পারবে। প্রতি কলেজের জন্য আবেদন ফি ১২০ টাকা।

৫.৩ ধারায় বলা হয়েছে, এসএমএস প্রাপ্তির পর মেধাক্রম অনুসারে কলেজের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোনো কারণে আসন শূন্য হলে বোর্ডের পছন্দ অনুসারে ২য় মেধাক্রম প্রকাশ করতে হবে।

৯.১ ধারায় বলা হয়েছে, সব কলেজে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। ৯.৩ ধারায় এ নীতিমালা না মানলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শুনানি শেষে সোমবার (০৮ জুন) আদালত এই তিন কলেজের জন্য নীতিমালার কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। এছাড়া এ ছয়টি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

ক্ষমতায় থাকলে ভারত বিএনপির বন্ধু, বিরোধীদলে থাকলে শত্রু

rabbi miyaবিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন ভারত তাদের বন্ধু হয়, আর যখন বিরোধীদলে থাকে, তখন শত্রু  হয় বলে মত দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

তিনি বলেন, বিএনপি নেতৃত্ব অনেক দেনদরবার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বলেছেন, দেশে গণতন্ত্র অনুপস্থিত।

এর জবাবে তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। আর বিএনপির জন্ম মার্শাল-লয়ের মধ্যে। তার গণতন্ত্রের কী বুঝবে!

বুধবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে জাতীয় স্কেলে বেতনের দাবি আদায়ের লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ মত ও বক্তব্য দেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করে।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থন বর্তমান সরকারের সাফল্য; যা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ছিল। সে কাজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে পেরেছেন।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন ভারত বন্ধু হয়। আর যখন বিরোধীদলে থাকে, তখন ভারত শত্রু হয়। আপনারা অনেক দেনদরবার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন।

দেখা করে বলেছেন, দেশে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার হস্তক্ষেপ কামনা করেছেন। অথচ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন ঢাকা আসেন, তখন তার সঙ্গে দেখা করেসনি। এবার আবার নালিশ করলেন!

বিএনপির উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, আপনারা তো ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আসেননি। এরপরের ২০‌১৯ সালের নির্বাচনী ট্রেনে আসেন। আগে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অনেক দেনদরবার করেছেন, যেন নির্বাচন না হয়।

তিনি বিএনপিকে মনে করিয়ে দেন যে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না হলে Extra judicial power (অসাংবিধানিক শক্তি) ক্ষমতায় আসতো। ওই নির্বাচনের মাধ্যমে সংবিধান সমুন্নত হয়েছে; এর ধারাবাহিকতা রক্ষা হয়েছে।

ফজলে রাব্বি মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বলেন, বর্তমান সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। আপনারাও আপনাদের দাবি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারলে তা জাতীয়করণ হতো।

তিনি বলেন, আলেম সমাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদ দরদ আছে।

এ সময় তিনি জানান, ৬০০০ হাজার মাদ্রাসাকে জাতীয়করণ করার জন্য জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিরাশ করবেন না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সাগর আহমেদ শাহীন, উপকমিটির সহসম্পাদক এম এ করিম, ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী।

সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী এবং বক্তব্য রাখেন সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।

শিক্ষা প্রতিষ্ঠানকে আয়ের হিসেব দিতে হবে

nahid30নিজেদের স্বার্থেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আয়ের হিসেব দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘পেয়ার ইন্সপেকশন’ বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিআইএ পরিচালক প্রফেসর মো. মফিজ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৮১ সালে ৭ হাজার ৫০৩টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সরকারের প্রায় আড়াই শ’ কোটি টাকা ব্যয় হতো। বর্তমানে ৩৩ হাজার প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যয় হয় সাড়ে সাত হাজার কোটি টাকা। শিক্ষা বাজেটের অধিকাংশ টাকা পরিদর্শন খাতে চলে যাচ্ছে। এ টাকার সঠিক ব্যবহার হয় না।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি, অনুদান, প্রতিষ্ঠানের জমি, জায়গা, পুকুর থেকে প্রচুর পরিমাণে আয় হলেও সরকার অনেক ব্যয় বহন করে থাকে। মাদ্রাসাতেও ওয়াজে মোটা অংকের আয় হয়।
এ আয়ের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এ টাকা কোথায় ব্যয় হয় তাও সরকারকে জানায় না প্রতিষ্ঠান।

অনেক নামিদামি প্রতিষ্ঠান টিউশন ফিসহ বেশ কিছু খাতে কোটি কোটি টাকা আয় করে। এ আয় দিয়ে তারা প্রতিষ্ঠানের উন্নয়ন করে। আমরা চাই, এ ব্যয়ের সঠিক হিসেব থাকুক।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ব্যয় ও অতিরিক্ত আদায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নাহিদ বলেন, এ টাকা সরকার নেবে না। তবে ‍প্রতিষ্ঠানের স্বচ্ছতার জন্য এর হিসেব দিতে হবে। যেন এসব টাকার সঠিক ব্যবহার হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এসব আয়ের সঠিক ব্যবহার না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

এ ইন্সপেকশনের মাধ্যমে সরকারি অনুদান ও প্রতিষ্ঠানের আয় দু’টি বিষয়ের স্পষ্ট হিসেব দিতে হবে। যে শিক্ষা আইন হচ্ছে তাতে দু’টি আলাদা আইন করে দেওয়া হবে।

ডিআইএ যে জনবল ও অবকাঠামো রয়েছে তা দিয়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে ২০ বছর সময় লাগবে। আমরা তাদের দক্ষতা উন্নয়ন করতে চাই। পেয়ার ইন্সপেকশনের মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মূল্যায়ন করবেন। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত, একাডেমিক বছরে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, জবাবদিহিতা, শিক্ষন পদ্ধতির উন্নয়ন সম্ভব হবে।

এজন্য গাইড লাইন তৈরি করে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, অনেক নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পরীক্ষার আধা ঘণ্টা আগে খাম খুলে প্রশ্নপত্র বাইরে দিয়ে দিচ্ছেন। এদের অনেককে হাতে-নাতে ধরাও হয়েছে। শিক্ষকদের সম্মান রক্ষা ও শিক্ষার পরিবেশ ঠিক রাখতে অনৈতিক কাজ গুলো বন্ধ করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েম’র মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইএ উপ-পরিচালক দীপন চন্দ্র সরকার। এতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তারা অংশ নেন।

রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পিটিয়ে খুন

marder pরাজবাড়ী: জেলার পাংশায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পিটিয়ে খুন করেছে সস্ত্রাসীরা। তার নাম প্রিতিশ কুমার সরকার (৫৫)।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনো পুলিশ বা প্রিতিশের পরিবারের সদস্যরাও জানতে পারেনি।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি)আবু শামা মো. ইকবাল হায়াত জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হিসেবে প্রিতিশ কুমার পাংশা থানায় রাইটারের কাজ করতেন। কিন্তু সস্ত্রাসীদের ধারণা, প্রিতিশ কুমার সোর্স হিসেবে পুলিশকে তথ্য  দিতেন।

ওসি জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে প্রিতিশের পরিচিত কয়েকজন লোক তার বাড়ি গিয়ে তথ্য আছে বলে হোসেনডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কাছে তাকে ডেকে  নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা প্রিতিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তার ওপর ফেলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিশ্বজুড়ে ৫০ হাজার কর্মী ছাঁটবে এইচএসবিসি

hsbcবিশ্বজুড়ে প্রতি পাঁচ জনের মধ্যে এক জন কর্মী ছাঁটাই। সম্পদ কমানো। এবং ইনভেস্টমেন্ট ব্যাংকের আয়তন ছোট করে আনা। এ সবের হাত ধরে ফের ব্যবসা ঢেলে সাজার কথা জানাল এইচএসবিসি। ২০০৮ সালের মন্দার পর এই নিয়ে দ্বিতীয় বার। এ বার লক্ষ্য মুনাফা বৃদ্ধির চাকায় গতি ফেরানো আর শেয়ারহোল্ডারদের হাতে লাগানো ডিভিডেন্ড (লভ্যাংশ) তুলে দেওয়া।

সংস্থা জানিয়েছে, লক্ষ্য ছোঁয়ার জন্য আড়াই বছরের মধ্যে বার্ষিক খরচ ৫০০ কোটি ডলার পর্যন্ত বাঁচাতে চেষ্টা করবে তারা। পিছপা হবে না বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ে।

বহুজাতিক এইচএসবিসি সম্পত্তির নিরিখে ইউরোপের বৃহত্তম ব্যাংক। তাদের দাবি, ব্যবসার স্বার্থেই অলাভজনক শাখাগুলি বন্ধ করবে তারা। প্রয়োজনে বেরিয়ে আসবে সেই সব দেশ থেকে, যেখানে ব্যবসা করা মানে লাভের থেকে বেশি লোকসান গোনা। যার জেরে প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাই করতে হবে। এক বেশির ভাগটাই হবে ব্রাজিল ও তুরস্কে ব্যবসা বিক্রি করে দেওয়ার কারণে।

এই পরিকল্পনার পক্ষে যুক্তি হিসেবে লগ্নিকারীদের আরও বেশি ডিভিডেন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন ব্যাংকের চিফ এগজিকিউটিভ স্টুয়ার্ট গালিভার। তার দাবি, এ ভাবে আগের মতো ফের লম্বা সময় ধরে বেশি ডিভিডেন্ড দেওয়ার মুখে দাঁড়াতে চলেছে ব্যাংক।

যদিও লগ্নিকারীরা এইচএসবিসির কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে কিছুটা ত্রস্ত। বিশেষজ্ঞদের অনেকেরই মতে, যতক্ষণ না ব্যাংকের পরিচালকেরা কর্মকাণ্ড আরও সহজ করে গ্রাহক টানতে পারছেন, ততক্ষণ এ সব অর্থহীন।

একাংশ অবশ্য মনে করছে, বোঝা হয়ে দাঁড়ানো সম্পদ কমানোর মতো পদক্ষেপ যথেষ্ট শক্তিশালী। তাদের মতে, এর ফলে এশিয়ায় সম্পদ বাড়ানোর জন্য তহবিল জোগাতে পারবে ব্যাংকটি। যার মাধ্যমে খরচের একটা বড় অংশ বাঁচাতে পারবে এইচএসবিসি। এবং এর সুবিধা পুরোমাত্রায় নেওয়ার সম্ভাবনা বিশেষত ভারত ও চীনের।

এইচএসবিসি কর্মী কমাচ্ছে তথ্যপ্রযুক্তি ও ব্যাক অফিসের কাজেও। এ ক্ষেত্রে শুধুমাত্র বৃটেনেই ছাঁটাই হচ্ছে প্রায় ৭,০০০-৮,০০০ জন।

এইচএসবিসি ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তাও বলেন, ‘‘এই সব পদক্ষেপ এশিয়ার জন্য ইতিবাচক হতে পারে। কারণ এশিয়া, বিশেষত ভারতের বাজার মজবুত করাকে অগ্রাধিকার দিচ্ছি আমরা।’’ সে ক্ষেত্রে ব্যাংকটি আগামী দিনে ভারত ও চীনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট ও ব্যাক অফিসের কাজ বাড়াতে পারে। বিশেষত যেখানে নিজেদের সদর দফতরও লন্ডন থেকে এশিয়ায় সরিয়ে আনার কথা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে এইচএসবিসি।

বিটিভি দেখা যাবে ভারতে

btvচলতি বছরের শেষেই বাংলাদেশ টেলিভিশন দেখা যেতে পারে ভারতে। স্থির হয়েছে, বাংলাদেশের সরকারি ‘বিটিভি’-র অনুষ্ঠান প্রচার করতে প্রসারভারতীর সঙ্গে সেটিকে যুক্ত করা হবে।

তিন দশক আগে বিশেষ অ্যান্টেনা বসিয়ে ভারতের পশ্চিমবঙ্গে এই চ্যানেলটি দেখা যেত। এবারের সফরে মোদির লক্ষ্য ছিল বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সেতু রচনা করা। সে ক্ষেত্রে এই চ্যানেল যোগাযোগটিকেও গুরুত্ব দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসারভারতীর ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) পরিষেবাকে কাজে লাগানোর কারণ, এটি নেওয়ার জন্য গ্রাহককে মাসিক কোনো অর্থ দিতে হয় না। শুধুমাত্র ডিশ বসাতে এককালীন কিছু খরচ হয়। কিন্তু এই পদক্ষেপেই সমস্যার সমাধান হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ শুধুমাত্র বিটিভি নয়, ভারতে তাদের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য ঢাকার বিভিন্ন বেসরকারি চ্যানেলের পক্ষ থেকেও বিরাট চাপ রয়েছে নয়া দিল্লির ওপর।

ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার

dse cseবাজেট ঘোষণার পর অবশেষে ঊর্ধ্বমুখী হলো দেশের শেয়ারবাজার। আজ বুধবার ঢাকা ও চট্টগ্রামের দুই শেয়ারবাজারে লেনদেনের প্রথম ঘণ্টা পর্যন্ত লেনদেনে আসা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়ে কেনাবেচা হচ্ছে।
 
যদিও গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসে গত রোববারও বেশিরভাগ শেয়ার ও মূল্যসূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল। তবে সে দিন লেনদেনের শুরুর তুলনায় শেষটা ছিল বেশ নিম্নমুখী। পরের দুইদিন সোম ও মঙ্গলবার বড় দরপতন হয়।
 
আজকের লেনদেনের প্রথম ঘণ্টার লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি অনেকটাই সীমিত পর্যায়ে রয়েছে। বিশেষত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ থাকা প্রায় সব শেয়ার দরবৃদ্ধির ধারায় রয়েছে। কেবল টানা দুইদিন সার্কিটব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে বৃদ্ধির পর ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির শেয়ার কিছুটা দর হারিয়ে কেনাবেচা হচ্ছে।
 
বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির প্রভাব বাজার মূল্যসূচকেও লক্ষ্য করা যাচ্ছে।
 
সকাল সাড়ে ১০টায় ডিএসই সূচকটি ৪৫১৩.৯৮ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সকাল সাড়ে ১১টায় সূচকটি গতকালের তুলনায় ৬২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৪৫৭৬.৩৯ পয়েন্টে অবস্থান করছিল। সূচক বৃদ্ধির হার ১ দশমিক ৩৮ শতাংশ।
এ সময় প্রধান শেয়ারবাজার ডিএসইতে দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিল ১৯৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিল ৩২টি এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর।
 
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান এ শেয়ারবাজারে ১৩৭ কোটি ২৯ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়, যা গতকালের তুলনায় মাত্র আড়াই কোটি টাকা বেশি।
 
দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে প্রথম ঘণ্টার লেনদেন শেষে দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিল ১০০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিলো ২৫টি এবং অপরিবর্তিত ছিল ২৬টির দর।
 
বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় এ বাজারের প্রধান মূল্যসূচক সিএসসি-এক্স ৬৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৮৫২৬.৫৩ পয়েন্টে অবস্থান করছিল।
 
এ বাজারে এ সময় পর্যন্ত ১১ কোটি ৭২ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে; যা গতকালের তুলনায় ৩ কোটি টাকা কম।
 
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছিল এশিয়া ইন্সুরেন্স কোম্পানির শেয়ার। গতকালের তুলনায় ৯ দশমিক ৬৭ শতাংশ দর বেড়ে শেয়ারটি ২০.৪০ টাকা দরে কেনাবেচা হচ্ছিল।
 
দরবৃদ্ধিতে এরপরের অবস্থানে ছিল আইসিবি এমপ্লয়ি প্রথম মিউচুয়াল ফান্ড (৫.৩০ টাকা/ ৮.১৬%), দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড (২৮১.৪০ টাকা/ ৮.০২%), হা-ওয়েল টেক্সটাইল (৩৩.৮০ টাকা/৭.৬৪%), ট্রাস্ট ব্যাংক (২২.২০ টাকা/ ৭.২৪%)।
 
খাতওয়ারি লেনদেনে বরাবরের ন্যায় জ্বালানি ও বিদ্যুৎ খাত এগিয়ে। ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় এ খাতের ১৮ কোম্পানির ২২ কোটি ১২ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়।
 
খাতওয়ারি লেনদেনে এরপরের অবস্থানে ছিল- ওষুধ ও রসায়ন খাত (১৭.২৯ কোটি টাকা), ভ্রমণ ও অবকাশ (১৪.৭৪ কোটি টাকা), প্রকৌশল খাত (১৩.০৮ কোটি টাকা), বিবিধ (১৩.০৬ কোটি টাকা)।
 

একক কোম্পানি হিসেবে সকাল সাড়ে ১১টায় ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ইউনাইটেড এয়ারওয়েজ। লেনদেনের প্রথম ঘণ্টা পর্যন্ত এ কোম্পানির ১৪ কোটি ১৮ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। শেয়ারটি কেনাবেচা হচ্ছিল ১১ টাকায়

এরপরের অবস্থানে ছিল- বেক্সিমকো লিমিটেড (মোট লেনদেন ১২.৪১ কোটি টাকা/বাজার মূল্য ৩৬.৪০ টাকা), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস (৬.৭৪ কোটি টাকা/ ১৭২ টাকা), হাইডেলবার্গ সিমেন্ট (৫.৭৯ কোটি টাকা/ ৫৫২.৪০ টাকা), খুলনা পাওয়ার (৫.৬৯ কোটি টাকা/ ৭৭.৯০ টাকা)।

সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড

court26সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বাড়িতে গিয়ে তদন্তের নামে ভয়ভীতি দেখানোর অভিযোগে খালেদ সাইফুল্লাহ (২২) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরীফি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
এর আগে রাত ৯টার দিকে সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের শ্যামনগর উপজেলাধীন লক্ষ্মীপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে বাজেট অধিবেশন চলায় এ সময় সংসদ সদস্য জগলুল হায়দার বাড়িতে ছিলেন না।
সাজাপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহর বাড়ি জেলার আশাশুনি উপজেলায়।
সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরীফি জানান, সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বাড়িতে গিয়ে খালেদ সাইফুল্লাহ নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। এ সময় তিনি বাড়ির নারীদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষে তদন্ত করতে সেখানে গিয়েছেন বলে জানান। পরে ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হওয়ায় ও তদন্তের নামে ভয়ভীতি দেখানোর দায়ে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অতিরিক্ত ঘুম ভালো নয়

sleepদীর্ঘ সময় ঘুমানোর অভ্যাস রয়েছে আমাদের অনেকেরই। লম্বা ঘুমের পর বেশ সতেজ বোধ করেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের বেশি ঘুম শরীরিক ও মানসিক সমস্যা তৈরি করতে পারে। গবেষণায় এমনটাই দেখা গেছে।
চিকিৎসকরা বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর বেশি সময় ঘুমালে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ঘুম যেসব সমস্যা তৈরি করে তার মধ্যে কয়েকটি হলো-
গর্ভধারণে সমস্যা
২০১৩ সালে কোরিয়ায় ৬৫০ জন নারীর ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, অতিরিক্ত ঘুমানোর কারণে নারীর গর্ভধারণ ক্ষমতা হ্রাস পায়। আর যারা পরিমিত ঘুমান তাদের মধ্যে গর্ভধারণ হার বেশি। খ্যাতিমান চিকিৎসক ইভান রোজেনব্লাথ বলেন, ‘ঘুমের সঙ্গে দেহের জৈবিক চক্র, হরমোনক্ষরণ ও ঋতুচক্রের মতো বিষয় জড়িত। এসব আবার গর্ভধারণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’
বাড়তে পারে ওজন
একই গবেষণায় আরও দেখা যায়, যারা অতিরিক্ত ঘুমান তাদের মধ্যে ওজন বাড়ার প্রবণতা বেশি। অতিরিক্ত ঘুমের কারণে স্থূলতাও দেখা দিতে পারে। তাই যারা ওজন কমাতে চান প্রয়োজনের বেশি তাদের না  ঘুমানোই ভালো।
বাড়তে পারে মানসিক অবসাদ
মানসিক অবসাদে ভোগার কথা আমরা অনেকের মুখেই শুনি। প্রত্যেকেই কম-বেশি এ অবস্থার মধ্যে দিয়ে যান। ২০১৪ সালে প্রাপ্তবয়ষ্ক দুই জমজ বোনের ওপরে গবেষণা চালিয়ে দেখা যায়, যে বোন বেশি ঘুমায় তার মধ্যে মানসিক অবসাদের লক্ষণ বেশি (৪৯ শতাংশ)। আর যে বোন ৭ থেকে ৯ ঘণ্টা তার মধ্যে ওই লক্ষণ মাত্র ২৭ শতাংশ।
হৃদযন্ত্রকে ক্ষতি করতে পারে
গবেষণায় দেখা গেছে, বেশি ঘুমানোর কারণে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০১২ সালে আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এ বিষয়ে একটি গবেষণা চালিয়ে বলে, ৮ ঘণ্টার বেশি নিয়মিত ঘুমালে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। অতিরিক্ত ঘুমান এমন তিন হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, অন্যদের অপেক্ষা দ্বিগুণ এনজিনা ও দেড়গুণ করোনারি আর্টেরি রোগের ঝুঁকিতে ভোগেন তারা। সূত্র: হাফিংটন পোস্ট/টাইমস অব ইন্ডিয়া

ছাত্রলীগ সেজে অপকর্ম করছে ছাত্রদল : জয়

joyছাত্রদলের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মসূচিতে ঢুকে ‘নানা অপকর্ম’ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি মঙ্গলবার ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় এ মন্তব্য করেন।

জয় বলেন, ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্রলীগের ইমেজ তথা সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে ছাত্রলীগ সেজে নানা অপকর্ম করছে।

এ সময় বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আন্তর্জাতিক মহল ও দেশে নিজ নিজ এলাকায় সবাইকে সজাগ করতে প্রবাসের নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নিতেই মূলত সংগঠনের নেতাদের সঙ্গে এই সভা ডাকেন জয়। তার তলবে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

বেলা দুইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই বৈঠক হয়। বৈঠকে সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, সাংগঠনিক অবস্থা এবং তাদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন।

বৈঠক বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমাদের বৈঠক ফলপ্রসূ। দলের সাংগঠনিক বিষয় নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেসব সমস্যা রয়েছে, তা সমাধানের বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই সভাপতি জানান, বৈঠকে নিউ ইয়র্ক আওয়ামী লীগের কার্যক্রম ছাড়াও সংগঠনের দুই-একজন নেতার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, এছাড়া যুক্তরাষ্ট্র যুবলীগ ও শ্রমিক লীগসহ দলের অন্য সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়েও কথা হয়।

সিদ্দিকুর রহমান বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন জয়। একই সঙ্গে তিনি দলীয় নেতার্কীদের চেইন অব কমান্ড মেনে দলকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

জয়ের সঙ্গে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এম ফজলুর রহমান, আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ