রবিবার, অক্টোবর ৪, ২০২৬

পন্তকে উইকেটকিপিং ছাড়ার পরামর্শ ফিঞ্চের

আইপিএলের চলতি মৌসুমে চরম ফর্মহীনতায় ভুগছেন লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত। দশ ইনিংসে মাত্র ১২৮ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার, স্ট্রাইক রেট ৯৯.২২। যা তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

এই পরিস্থিতিতে পন্তকে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্তকে উইকেটরক্ষণের দায়িত্ব নিকোলাস পুরানের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যাতে অধিনায়ক হিসেবে মাঠে আরো ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন ও বোলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

জিওস্টারে কথা বলার সময় ফিঞ্চ বলেন, ‘অধিনায়ক ও উইকেটকিপার — এই দ্বৈত ভূমিকা পালন করা দারুণ কঠিন। ওভারের মাঝে বোলারদের সঙ্গে কথা বলার সময় খুবই সীমিত, বিশেষ করে স্টপ-ক্লক নিয়ম চালুর পর।
’

তিনি জানান, পুরান প্রায়ই পন্ত ও বোলারদের মাঝে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেন, তবে এই পরোক্ষ বার্তা অনেক সময় পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয়। ‘এই অবস্থায় সমস্যা হয় —বোলারের পরিকল্পনা বল বাই বল বদলাতে পারে, পন্তেরও তাই। আপনি ওকে (পন্ত) দেখলে বুঝতে পারবেন, পরিকল্পনা মতো না হলে ও কতটা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ে।’

ফিঞ্চ পন্তকে সাময়িকভাবে উইকেটরক্ষণের দায়িত্ব থেকে সরে আসার পরামর্শ দেন।
তিনি বলেন, “সম্ভবত এখন পন্তের উচিত নিজেই বলা —‘পুরান, তুমি কিপিং করো। আমি মাঠের ভেতর থেকে পরিকল্পনায় মন দেই, ছন্দে ফিরি। আর আমার বোলিং আক্রমণের সঙ্গে সরাসরি কথা বলতে চাই।’”

ফিঞ্চ উদাহরণ দেন, কীভাবে শ্রেয়াস আয়ার ও শুবমান গিল অধিনায়ক হিসেবে মাঠের ভেতর থেকে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন —যা পন্তের পক্ষেও উপকারী হতে পারে।

এই মুহূর্তে প্লে-অফে যেতে হলে জয়-ই একমাত্র উপায় লখনউ সুপার জায়ান্টসের।
আর সেই পথে অধিনায়কত্বে স্পষ্টতা ও সঠিক সিদ্ধান্ত হতে পারে পারে বড় ফ্যাক্টর।

সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান ড. আসিফ নজরুলের

সৌদি আরবে বাংলাদেশের আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ সৌদি আরবে আসন্ন মেগা ইভেন্ট ও প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ কর্মী প্রয়োজন।

নিয়োগের আগে নিয়োগকর্তার সক্ষমতা যাচাই, আগমন পূর্ব অনলাইন নিয়োগ চুক্তি, সৌদি শ্রম আইন ও সংস্কৃতি বিষয়ে নারী-পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দেন তিনি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি প্রতিনিধিদের বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং সৌদিগামী কর্মীদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি প্রশিক্ষকদের সৌদি আরবে ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে দক্ষ কর্মী গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।

রোমানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী জর্জ সিমিওনের জয়

রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী প্রার্থী জর্জ সিমিওন ৪০ দশমিক ৯৬ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছেন।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে বিরোধিতা করা এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংশয় পোষণকারী অ্যালায়েন্স ফর দ্য ইউনিয়ন অব রোমানিয়ানস (এইউআর) দলের প্রার্থী সিমিওন এখন ১৮ মের দ্বিতীয় দফার নির্বাচনে স্পষ্টভাবে এগিয়ে আছেন।

তার প্রতিদ্বন্দ্বী বুখারেস্টের উদারপন্থী মেয়র নিকুশোর দান মাত্র ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। তারপরেই ২০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী ক্রিন আন্তোনেস্কু।

নির্বাচনের পর গতকাল রবিবার (৪ মে) সিমিওন ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি ছিল সাহস, আস্থা ও সংহতির প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচন কোনো একজন প্রার্থীর নয়, বরং সেই সব রোমানিয়ানের, যারা বছরের পর বছর প্রতারিত, অবহেলিত ও অপমানিত হয়ে এসেও তাদের পরিচয় ও অধিকার রক্ষা করতে চায়।’

জয়ের পর, ন্যাটোকে সমর্থন করার পাশাপাশি রোমানিয়ায় মার্কিন সেনা ও ঘাঁটি রাখার পক্ষে বলে জানান ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী সিমিওন।

গত নির্বাচনে জর্জেস্কুকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এবার সিমিওনকে সমর্থন দিয়েছেন।
এ ছাড়া ‘রোমানিয়া ফার্স্ট’ স্লোগান দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর পোন্টার সমর্থকরাও তার দিকে ঝুঁকেছেন।

২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছিলেন কালিন জর্জেস্কু। কিন্তু জালিয়াতি ও রাশিয়ান হস্তক্ষেপের অভিযোগে সেই ফলাফল বাতিল করা হয়।

নির্বাচন বাতিল করা ও জর্জেস্কুকে নতুন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায়, ফেব্রুয়ারিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কড়া সমালোচনার মুখে পড়ে রোমানিয়া।

রোমানিয়ায় ন্যাটোর তিনটি বড় বিমানঘাঁটি ও একটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্র থাকায় ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের শস্য রপ্তানির ৭০ শতাংশই রোমানিয়ার জলসীমা হয়ে ব্ল্যাক সি পেরিয়ে যায়।

এ ছাড়া রোমানিয়ার নৌ ও বিমান বাহিনী মাইন অপসারণ এবং ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ উড়ানো শিখিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে।

তবে সিমিওন প্রেসিডেন্ট হলে ইউক্রেনকে দেওয়া এসব সহায়তা বন্ধ হবে বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন : সিইসি

কোনো রাজনৈতিক বিতর্কে নির্বাচন কমিশন জড়াবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন রাজনৈতিক কোনো বিতর্কে জড়াবে না।
যেকোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সিইসি আরো বলেন, গত ১৫ বছরে যে নির্বাচন হয়েছে, আগে আইনের প্রয়োগ ছিল না। এই নির্বাচনে সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ হবে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি।
সম্পূর্ণ নিরপেক্ষভাবে তারা আইন-কানুন মেনে নির্বাচন পরিচালনা করবেন।

বলিউডকে ‘চোর’ বলে কটাক্ষ নওয়াজউদ্দিন সিদ্দিকীর!

ওটিটিতে মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সিনেমা ‘কোস্টাও’। আপাতত এর প্রচারেই ব্যস্ত রয়েছেন অভিনেতা। সেই ছবির প্রচারের মাঝেই বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কটাক্ষ করেছেন নওয়াজউদ্দিন।

তার কথায়, আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর।
আমরা গান চুরি করেছি, গল্প চুরি করেছি। এবার চোর কীভাবে সৃজনশীল হতে পারে? আমরা কখনও দক্ষিণ থেকে, কখনও এখান-সেখান থেকে চুরি করে চলেছি। এমনকি হিট হওয়া অনেক কাল্ট ছবির দৃশ্যও চুরি হয়ে গেছে। এটাকেই এখন স্বাভাবিক নেওয়া হচ্ছে।
ভাব খানা এমন যে চুরি করছি তো কী হলো? এই ইন্ডাস্ট্রি থেকে আপনি আর কীইবা আশা করতে পারেন? এখান থেকে কী ধরনের অভিনেতা উঠে আসবেন? যারা আসবেন, তারাও সেই একই ধরনের হবেন। সেই কারণেই অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা ও পরিচালকরা ভাল কাজ করা ছেড়ে দিচ্ছেন।

কথা বলেছেন বলিউডে নিরাপত্তাহীনতা নিয়েও। নওয়াজ বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে একই জিনিস পাঁচ বছর ধরে ঘটে চলেছে।
এভাবেই এক সময়ে, যখন দর্শকরা বিরক্ত হয়ে যান, তখন তারা এটা ছেড়ে বের হয়ে যান। আসলে এখন নিরাপত্তাহীনতা অনেক বেড়ে গেছে। ওরা (নির্মাতারা) যদি মনে করেন কোনও ফর্মুলা চলছে, তাহলে ভাবেই এটাই চালান। ওটাই ঘষতে থাকেন। আর সবথেকে প্যাথেটিক হয়ে ওঠে যখন সেই জিনিসের ২,৩,৪ সিক্যুয়াল হতে শুরু করে।
ঠিক আর্থিক দেউলিয়া হওয়ার মতো এখানে এখন সৃজনশীলতার দেউলিয়া তৈরি হয়েছে। সৃজনশীলতার দিক থেকে আমরা এখন দরিদ্র। আসলে আমরা শুরু থেকেই চুরি করে আসছি, কখনও গান চুরি করছি, তো কখনও গল্প চুরি।

প্রসঙ্গত, ‘কোস্টাও’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে একজন কাস্টমস অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে, যিনি সোনা চোরাচালান অভিযানে সর্বস্ব হারিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন সেজল শাহ। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়া বাপত, কিশোর, হুসেন দালাল। ছবিটি পাওয়া যাচ্ছে জি ফাইভে।

বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন সামিত, অপেক্ষা ফিফার অনুমোদনের

হামজার পর এবার বাংলাদেশের ফুটবলে আসতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূৎ কানাডিয়ান ফুটবলার সামিত সোম। কানাডার অনাপত্তিপত্র পাওয়ার পর ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্টও। এখন বাংলাদেশের জার্সিতে দেখতে শুধু অপেক্ষা ফিফার অনুমোদনের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহসভাপতি ফাহাদ করিম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছে সামিত। এখন ফিফার অনুমোদনের আবেদন করব। ফিফার অনুমোদন পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোন বাধা থাকবে না।’

বাবা-মা দুইজনই বাংলাদেশি হলেও সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।
দেশটির হয়ে ২০২০ সালে দুটি আন্তর্জাতিক ম্যাচেও অংশ গ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যভালরি এফসিতে খেলছেন সামিত।

বাফুফের ইচ্ছা, আগামী ১০ জুন বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবেন সামিত।

সবকিছু ঠিক থাকলে, বিদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ও তারিক কাজীর মতো জাতীয় দলের হয়ে আরেক তারকা ফুটবলার পেতে যাচ্ছে দেশের ফুটবল ভক্তরা।

বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয়ের ‘রেইড ২’

আবারও ধামাকা নিয়ে পর্দায় ফিরলেন অজয় দেবগন। ‘সিংহাম এগেইন’-এর পর ফের বক্স অফিসে চালকের আসনে এ অভিনেতা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রেইড ২’ বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির চারদিনেই ভারতীয় বক্স অফিসে ৭০ কোটির বেশি আয় করে নিয়েছে এটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথম দিন ১৯ কোটি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিন আয় করে ১২ কোটি। তৃতীয় দিন আবারও আয় বাড়ে বক্স অফিসে। ১৮ কোটি আয় তুলে নেয়।
সর্বশেষ তথ্যমতে, চতুর্থ দিন আয় করে ২১.৫০ কোটি টাকা (বাড়তে পারে)। সব মিলিয়ে এখন পর্যন্ত চার দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে মোট ৭০.৭৫ কোটি টাকা।

‘রেইড’-এর প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এতে অজয় দেবগন আবারও সৎ ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন।
যিনি এবার একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। অতি ধুরন্ধর দাদাভাইকে নিজের বুদ্ধি ও সততার জালে ধরাশায়ী করেন অজয়।

এতে রীতেশ দেশমুখ এতে দাদা মনোহর চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক এই চরিত্রে বেশ চমৎকার পারফরম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।
প্রথম কিস্তিতে ইলিয়ানা ডি ক্রুজ ছিলেন অজয়ের স্ত্রী হিসেবে। তবে ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় এবার দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি তিনি। ১ মে মুক্তি পায় সিনেমাটি। ১২০ কোটি টাকা বাজেটে নির্মিত ‘রেইড ২’ বক্স অফিসে হিট হওয়ার পথেই।

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

কাতার সফর শেষে আজ সোমবার দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

গত শনিবার (০৩ মে) সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মান্যবর শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরদিন রবিবার (০৪ মে) সেনাবাহিনী প্রধান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মান্যবর শেখ সাউদ বিন আব্দুলরহমান বিন হাসান বিন আলি আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মান্যবর শেখ আব্দুলআজিজ বিন ফয়সাল বিন মুহাম্মদ আল থানি-এর সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক সমূহে সামরিক সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ বিন আহমদ আল মানাই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনাকালে, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ সহায়তা, যৌথ প্রশিক্ষণ, প্রশিক্ষনার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানের বিষয়সমূহ গুরুত্ব পায়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত শনিবার (০৩ মে) সরকারি সফরে কাতার যান।

দর্শক বলছে, ‘মোশাররফ করিমের এই লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না’

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। তবে এবারই প্রথম তিনি হাজির হলেন একেবারে ভিন্ন রূপে। চিরচেনা লুকের বাইরে এ যেন এক অন্যরকম চরিত্র।

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আসন্ন ঈদের সিনেমা ‘ইনসাফ’ ছবির একটি লুক পোস্টার, যেখানে বিধ্বংসীরূপে দেখা দিলেন মোশাররফ।
অ্যাকশন লুকে হাজির হয়ে চমকে দিলেন তিনি, যা বিস্মিত করেছে নেটিজেনদের।

সিনেমাটির পরিচালক সঞ্জয় সমদ্দার ও মোশাররফ করিম দুজনেই পোস্টারটি পোস্ট করে লিখেছেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!

মোশাররক করিমকে এমন লুকে দেখে অনেকে লিখেছেন, এই লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কেউ বলছেন, পুরাই অস্থির হইছে। আরেকজন লিখেছেন, এমনটাই তো চাই।
মোশাররফ করিমকে প্রতিটি কাজে এমন অন্যভাবে উপস্থাপন করা হোক। পরিচালকের পোস্টের একাধিক মন্তব্যে বলা হচ্ছে, দেরিতে হলেও কেউ একজন মোশারফ করিমকে কমার্শিয়াল সিনেমায় ইউজ করল।

নির্মাতা জানিয়েছেন, ‘ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প।

সঞ্জয় সমদ্দার বলেন, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে।
গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেই সঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যা দেখে বোঝা যায়, এগুলো বাংলাদেশের ছবি।

‘ইনসাফ’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরো অনেকে।

‘বলিউড জঘন্য জায়গা’, কান্না চোখে বললেন ইরফানপুত্র বাবিল

বাবা ইরফান খান ছিলেন বলিউডের অন্যতম আইকনিক একজন অভিনেতা। তার ছেলে বাবিল খানের শুরুটাও মন্দ হয়নি। ‘কালা’ ও দ্য রেলওয়ে ম্যান’ দিয়ে ইতিমধ্যে বলিউডে নিজের জাত চিনিয়েছেন বাবিল। গত মাসেই ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর ‘লগআউট’।
ছবিটির জন্য প্রশংসিত হয়েছেন তিনি। তবে এরই মধ্যে বাবিলের কণ্ঠে শোনা গেল বলিউড নিয়ে বিষোদগার!

বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গতকাল সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বাবিল। বলিউডের নানা নেতিবাচক দিক তুলে ধরেন সেখানে এবং অঝোরে কাঁদতে থাকেন। ভিডিওতে বাবিল বলেন, ‘বলিউড একটা জঘন্য জায়গা।
বলিউডের লোকজন খুবই রূঢ়।’

ভিডিওতে তিনি অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের নামও আনেন। তবে ঠিক কী কারণে হঠাৎ ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করলেন বাবিল, তা স্পষ্ট নয়। বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে অনুমান অনুরাগীদের।
যদিও কিছুক্ষণ পরই ভিডিওটি মুছে দেন বাবিল, পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেন।

বিকেলে বাবিলের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে তাঁর কথাকে ‘ভুলভাবে’ প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘কয়েক বছর ধরে বাবিল খান তাঁর কাজের জন্য, সেই সঙ্গে তাঁর মানসিক স্বাস্থ্যের যাত্রা সম্পর্কে খোলামেলা বক্তব্যের জন্য ভালোবাসা ও প্রশংসা পেয়েছে। অন্য যে কারো মতো বাবিলেরও কঠিন সময় পার করতে হয়।
এটি (ভিডিও বার্তা) ছিল তেমনই একটি। আমরা তার সব শুভাকাঙ্ক্ষীকে আশ্বস্ত করতে চাই যে সে নিরাপদে আছে।’

বাবিল শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও জানানো হয়। বিবৃতিতে আরো দাবি করা ভিডিও বার্তায় বাবিল যেসব বলিউড তারকার নাম বলেছেন, তাঁদের সম্পর্কে নেতিবাচক কিছু বলেননি; বরং এসব তারকা হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছেন, সেটাই বোঝাতে চেয়েছেন।