রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের ফ্ল্যাট-ভবন জব্দের আদেশ

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও সাত শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীর সাবেক প্রধান ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায়, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে।
স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরূহ হবে। তাই জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে ৫ মে আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও জনৈক সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গকিমি দখলে গড়ে ২৭ সেনা হারিয়েছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সাল ছিল রাশিয়ার জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। ওই বছর অন্তত ৪৫ হাজার ২৮৭ জন রুশ সেনা নিহত হয়েছেন, যেটা আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি। তখন যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘতম সংঘর্ষ হয়েছিল বাখমুতে।

১ অক্টোবর ২০২৪-এ রুশ বাহিনী ডোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর ভুহলেদার দখল করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের মতে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রাশিয়া ইউক্রেনের দুই হাজার ৩৫৬ বর্গকিমি এলাকা দখল করে। পুরো বছরজুড়ে দখল করা এলাকার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ১৬৮ বর্গকিমি। এর বিপরীতে রাশিয়া হারায় অন্তত ৪৫ হাজার ২৮৭ সেনা অর্থাৎ প্রতি বর্গকিমি দখলে গড়ে ২৭ জন রুশ সেনার মৃত্যু হয়।

বিবিসি রুশ সার্ভিস, স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবক দলগুলোর সমন্বয়ে রুশ কবরস্থান, সামরিক স্মৃতিসৌধ ও মৃত্যুসংবাদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে— যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত এক লাখ ছয় হাজার ৭৪৫ জন নিহত রুশ সেনার পরিচয় শনাক্ত করা গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। অনুমান অনুযায়ী, এই সংখ্যা ৪৫ শতাংশ থেকে ৬৫ শতাংশ। অর্থাৎ মোট মৃত্যু হতে পারে এক লাখ ৬৪ হাজার ২২৩ থেকে দুই লাখ ৩৭ হাজার ২১১ জন।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ছিল রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন।
ওই দিন দোনেৎস্কের দখলকৃত ভোলনোভাখা শহরের কাছে একটি প্রশিক্ষণস্থলে ইউক্রেনের হিমারস ক্ষেপণাস্ত্র আঘাত করলে ৬৫ জন রুশ সেনা নিহত হন, যাদের মধ্যে ছিলেন আলদার বায়রভ (২২), ইগর বাবিচ (৩২) ও ওখুনজোন রুস্তামভ (৩১)। তারা ৩৬তম মোটর রাইফেল ব্রিগেডের সদস্য ছিলেন এবং সেদিন তাদের একটি পদক প্রদানের জন্য সারিবদ্ধ হতে বলা হয়েছিল।

বায়রভ পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চল থেকে আসা এক তরুণ, খাদ্য স্যানিটেশন বিষয়ে পড়াশোনা করলেও বাধ্যতামূলক সেনাসেবার পর পেশাদার সেনা হন। রুস্তামভ ছিলেন একজন ওয়েল্ডার এবং পূর্বে বিশেষ বাহিনীতে কাজ করেছেন। বাবিচ ছিলেন একজন স্বেচ্ছাসেবী, যিনি পক্ষাঘাতগ্রস্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের শারীরিক থেরাপিতে সহায়তা করতেন।

সেদিন মোট ২০১ জন রুশ সেনা নিহত হন। একই দিন সন্ধ্যায় তৎকালীন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনের সাফল্য নিয়ে বৈঠক করেন, তবে প্রশিক্ষণস্থলে হামলার কোনো উল্লেখ ছিল না।

২০২২ সালে রাশিয়া কমপক্ষে ১৭ হাজার ৮৯০ জন সেনা হারায়। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৭ হাজার ৬৩৩ জনে। ২০২৪ সালে পুরো বছরজুড়ে কোনো সময় কমেনি মৃতের সংখ্যা। অবদিইভকা, রোবোটিনে, পোক্রোভস্ক ও তোরেৎস্কের দিকে রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে ধারাবাহিকভাবে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ধীরগতির পূর্বমুখী অগ্রযাত্রায় সবচেয়ে বেশি সেনা প্রাণ হারান।

মার্কিন বিশ্লেষক মাইকেল কফম্যান বলেন, ‘ছোট ছোট দল নিয়ে বারবার আক্রমণের কৌশল রুশ সেনার মৃত্যু হার বাড়িয়ে দিয়েছে।’

সেনাসংকট মোকাবেলায় নিয়োগ বাড়াচ্ছে রাশিয়া

২০২৪ সালের শেষার্ধে রাশিয়া সেনা নিয়োগ বাড়ায় এবং তা মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে চুক্তিভিত্তিক সেনাদের এককালীন প্রণোদনা বৃদ্ধি করা হয়। আইনগত সুবিধার কারণে কারাবন্দিদের মধ্য থেকেও অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে যোগ দেন।

২০২৩-২৪ সালে হাজার হাজার চুক্তিভুক্ত স্বেচ্ছাসেবককে মাত্র ১০-১৪ দিনের স্বল্প প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ফলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কমে আসে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাশকিরতিস্তানে। সেখানে ৪ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়। বেশির ভাগই ছিলেন গ্রামীণ এলাকা থেকে আসা এবং ৩৮ শতাংশের কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।

উন্মুক্ত উৎস থেকে মৃত্যু পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা থেকেই যায়। অনেক মৃতদেহ এখনো যুদ্ধক্ষেত্রে রয়ে গেছে এবং তাদের উদ্ধার করা ঝুঁকিপূর্ণ। এ ছাড়া দোনেৎস্ক ও লুহানস্কের সশস্ত্র বাহিনীর সদস্যদের হিসাব ধরলে মৃতের সংখ্যা আরো বাড়বে।

মৃত্যুসংবাদ ও নিখোঁজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অতিরিক্ত ২১ হাজার থেকে ২৩ হাজার ৫০০ জন নিহত হতে পারেন, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখ ৮৫ হাজার থেকে দুই লাখ ৬০ হাজার ৭০০ জনে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই : হামাস

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ, দুর্ভিক্ষ ও গণহত্যা বন্ধ না হলে দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা কিংবা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে হামাস। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার (৬ মে) এ কথা বলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজা উপত্যকার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাঈম।

বাসেম বলেন, ‘যতক্ষণ গাজায় ক্ষুধা, পিপাসা ও হত্যাকাণ্ডের অপরাধ থামানো হবে না, ততক্ষণ আলোচনা অর্থহীন। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এসব অপরাধ বন্ধে চাপ দিতে হবে।
’

এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েল ঘোষণা করেছে, তারা গাজার অধিকাংশ এলাকা দখলে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নতুন অভিযানে গাজা থেকে ‘অধিকাংশ জনগণকে সরিয়ে দেয়া’ হবে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি সামরিক বাহিনীর ‘বিস্তৃত অভিযান’ পরিকল্পনা অনুমোদন করেছে। এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো গাজা উপত্যকা দখল এবং সেখানে অবস্থান করাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।

ইসরায়েলের নতুন অভিযানের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি ‘অগণিত বেসামরিক মানুষের মৃত্যুর’ কারণ হবে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেছেন, ‘গাজা একটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।’

এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’ এবং এটি মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ফিলিস্তিনিদের কাছে এই ধরণের জোরপূর্বক বাস্তুচ্যুতি ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ের ‘নাকবা’ বা বিপর্যয়ের কথা মনে করিয়ে দেয়। সে সময় কয়েক লাখ ফিলিস্তিনি দেশছাড়া হয়েছিল।

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ২,৪৫৯ জন নিহত হয়েছেন। পুরো যুদ্ধে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৫৬৭ জনে।

অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব : আসিফ নজরুল

সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সৌদি আরব সফর শেষে মঙ্গলবার (৬ মে) সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, অবৈধ বাংলাদেশিদের বিষয়ে গত সৌদি আরব সফরের সময় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বৈধতা দেওয়ার অনুরোধ করেছিলাম।
এবারের সফরে জানতে পেরেছি, তারা ইতোমধ্যে অবৈধ নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সাম্প্রতিক সফরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী (শ্রম) ড. আবদুল্লাহ এন আবুথনাইনের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা আসিফ নজরুল।

সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সের ফাঁকে তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অবৈধ বাংলাদেশি শ্রমিকরাও বৈধতা পেতে পারেন।

জানা যায়, গত ২১ বছরে( ২০০৪-২৫- এর এপ্রিল পর্যন্ত)) সৌদি আরব প্রায় ৬ লাখ বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন ২ লাখ ১১ হাজার বাংলাদেশি নারী শ্রমিক।

বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে।

যে শর্তে ঈদুল আজহায় ১০ দিনের ছুটি, জানালেন প্রেসসচিব

আগামী ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই টানা ছুটি কাটাতে সাপ্তাহিক ছুটির দুই শনিবার অফিস করতে হবে সরকারি কর্তকর্তাদের।

১০ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই পোস্টে শফিকুল আলম বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে। এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।
ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না : সুরিয়া

সদ্যই মুক্তি পেয়েছে সুরিয়ার ‘রেট্রো।’ ২০২৪ সালে ‘কাঙ্গুভা’র ব্যর্থতার পর ‘রেট্রো’ সুরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এর ট্রেলারও বেশ আশা জাগিয়েছে। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি।
নেটিজেনদের সমালোচনাও শোনা যাচ্ছে রেট্রোকে ঘিরে। সুরিয়ার অভিনয় ঘিরেই নেটিজেনদের আলোচনা চলছে। তবে দক্ষিণী এ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েন, তিনি কোনো মহান অভিনেতা নন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সেরাটা দিতে।

‘রেট্রো’-তে একসঙ্গে কাজ করেছেন সুরিয়া ও পরিচালক কার্তিক সুব্বারাজ। সম্প্রতি সিনেমাটির একটি প্রচারণামূলক আলোচনায় উপস্থিত ছিলেন কার্তিক সুব্বারাজ, সংগীত পরিচালক সান্তোষ নারায়ণন ও সুরিয়া। যেখানে অভিনেতা বেশ বিনয়ী ভঙ্গিতে নিজের অভিনয় নিয়ে কথা বলেন সুরিয়া।

পরিচালক কার্তিক জানান, কিভাবে সুরিয়া ছোট ছোট প্রতিটি দৃশ্যেও অত্যন্ত যত্ন ও মনোযোগ দিয়ে কাজ করেছেন।
সুরিয়ার অভিনয়ের প্রশংসা করেন এ পরিচালক। জবাবে সুরিয়া বলেন, ‘আমি মহান অভিনেতা নই। অনেকে বলেন আমি বেশি অভিনয় করি। এটা তাদের মত। আমি শুধু সেই কথা মনে রাখি, যা পরিচালক বালা একদিন আমাকে বলেছিলেন।
তিনি বলেছিলেন, ক্যামেরার সামনে শুধু সৎ থেকো। যদি তুমি চরিত্রের আবেগ থেকে বেরিয়ে যাও আর আমি সেটা বুঝতে না পারি, তাহলে আমাকে বলো। আমি খুশি হব।’

তিনি আরো বলেন, ‘আমি বালার ইউনিভার্সিটিতেই পড়েছি। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিবার সফল হই না, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করি।’

অনুষ্ঠানে উঠে আসে সুরিয়ার ভাই কার্থির কথাও। সুরিয়া স্বীকার করেন যে, তার ছোট ভাই কার্থি রুপালি পর্দায় একেবারে ভিন্ন ধরনের শক্তি নিয়ে আসেন। তিনি বলেন, “কিছু জিনিস আমি পারি, আবার কিছু জিনিস পারি না। যেমন ‘মেইয়াঝাগান’ সিনেমার মতো কোনো চরিত্র আমি পারব না। আমি কার্থি হতে পারি না। আমি মেইয়াঝাগান হতে পারি না। কিছু জিনিস আমি খোলাখুলিভাবে মেনে নিই যে আমি পারি না।”

সুরিয়া ও পূজা হেগড়ে অভিনীত ‘রেট্রো’ মুক্তি পায় ১ মে এবং এটি বক্স অফিসে নানির ‘হিট ৩’-এর সঙ্গে মুখোমুখি হয়। কার্তিক সুব্বারাজ পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও এটি সেভাবে সাড়া ফেলতে পারছে না। বিপরীতি ‘হিট ৩’ তামিল বক্স অফিস দখলে রেখেছে।

অভিষেকে সেঞ্চুরি হাঁকানো ব্যাটারকে নিয়ে যুক্তরাজ্য সফরে ওয়েস্ট ইন্ডিজ

অভিষেকেই বিশ্বকে তাক লাগিয়ে দেন আমির জঙ্গু। প্রথমবার আন্তজার্তিক ক্রিকেট খেলতে নেমেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান তিনি। ৭৯ বলে সেঞ্চুরি হাঁকানো উইকেটরক্ষক ব্যাটার সেই ছন্দ ধরে রাখার সুযোগ পাচ্ছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে।

জঙ্গুকে রেখেই আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
শাই হোপের নেতৃত্বাধীন দলে বেশ কজন ক্রিকেটার ফিরেছেন। তবে দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- শিমরণ হেটমায়ার। বর্তমানে আইপিএলেও খুব একটা ছন্দে নেই বাঁহাতি ব্যাটার।

দলে ফিরেছেন জুয়েল অ্যান্ড্রু।
শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলেছেন জুয়েল। এ ছাড়া চোটের কারণে সর্বশেষ ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড দলে ফিরেছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে যুক্তরাজ্য সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২১ মে ডাবলিনে প্রথম ওয়ানডে।
দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও ডাবলিনেই ২৩ ও ২৫ মে। আর ইংল্যান্ডের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৯ মে, বার্মিংহামে। বাকি দুটি ১ ও ৩ জুন কার্ডিফ ও দ্য ওভালে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল-

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, কিসি কার্টি, ব্র্যান্ডন কিং, জাস্টিন গ্রিভস, ম্যাথিউ ফোর্ড, আমির জাঙ্গু, শামার জোসেফ, জেডন সিলস, রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি।

মেট গালায় নিজের পরিচয় নিজেই দিলেন শাহরুখ!

নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ বসেছে এবারের মেট গালা আসর। সেই আসরে রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান! ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব।

ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা। বলিউডে তার ‘কিং’ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে ‘কে’ আদ্যাক্ষরের নেকলেস পরেছিলেন।

রেড কার্পেটে হাঁটার সময় ধারণ করা একটি ভিডিওতে, তার স্বাক্ষর করা ‘ম্যা হু না’ পোজ দেওয়ার কিছুক্ষণ পরে, তাকে একজন সাংবাদিকের কাছে যেতে দেখা যায়, যিনি তাকে নিজের পরিচয় দিতে বলেন।

অবাক হয়ে তিনি উত্তর দেন, ‘হাই, আমি শাহরুখ!’ ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিটি তাকে তার ডিজাইনার এবং পোশাকের সাথে পরিচয় করিয়ে দিতে বলেন। তিনি সব্যসাচীর সাথে পরিচয় করিয়ে দেন এবং পোশাকের পিছনের গল্প ভাগ করে নেন।

অন্যদিকে, ভোগের সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মেট গালায় আত্মপ্রকাশকারী প্রথম ভারতীয় পুরুষ বলিউড তারকা হিসেবে ইতিহাস তৈরি করা কেমন লাগছে।

এর উত্তরে শাহরুখ বিনীতভাবে উত্তর দেন, ‘আমি ইতিহাস জানি না, তবে আমি নার্ভাস, আমি উত্তেজিত, আর সব্যসাচী এখানে…!’ পাশে দাঁড়িয়ে থাকা ডিজাইনারের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘তিনি আমাকে আসতে রাজি করিয়েছেন।

নিজের পোশাক নিয়ে খুবই আত্মপ্রত্যয়ী ছিলেন শাহরুখ। বললেন, তার পোশাক খুবই আরামদায়ক ছিল এবং তিনি আত্মবিশ্বাসী এবং চমক বোধ করেছিলেন।, এই অভিনেতা এটাও উল্লেখ করেন যে, তিনি বেশিরভাগ কালো এবং সাদা পোশাক পরেন।

গ্ল্যামারের জাঁকজমকের মধ্যে একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। রেড কার্পেটের সেই মুহূর্ত অবশ্য এখন ভাইরাল, যা এক্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
যেখানে দেখা যাচ্ছে যে, রেড কার্পেটে দাঁড়িয়ে এক সাংবাদিককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’

এই গোটা বিষয়টিকে একেবারে ভাল ভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করেছেন তাঁরা।

ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলা, আহত অন্তত ২১

ইয়েমেনের হুদাইদা বন্দর এবং একটি সিমেন্ট কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই স্থাপনাগুলো হুথি বিদ্রোহীদের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েল ।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর জবাবে বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ।

ইয়েমেনের বন্দরে সোমবারের (৫ মে) এই হামলায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হুদাইদা বন্দরের কাছাকাছি একটি সিমেন্ট কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ‘গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ’ হিসেবে হুথি বাহিনী ব্যবহার করছিল।

ইসরায়েলের দাবি, এই কারখানাটির কাঁচামাল দিয়ে সুড়ঙ্গ এবং সামরিক স্থাপনা নির্মাণ করা হতো।

ইসরায়েলি সেনাবাহিনী আরো দাবি করেছে, হুদাইদা বন্দরটি ইরানি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম স্থানান্তরের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েল হুদাইদা বন্দরে ছয়টি বিমান হামলা চালিয়েছে এবং এই ঘটনার জন্য তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়কেই দায়ী করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ এক সিনিয়র মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানান, এই হামলাগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় করে চালানো হয়েছে।

সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী

চলতি বছর হজ করার উদ্দেশে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৭০টি ফ্লাইটে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা সৌদি পৌঁছান।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ হাজার ৩১ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ৭০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩১টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত খলিলুর রহমান (৭০) ও ফরিদুজ্জামান (৫৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।