শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

পশ্চিম তীরজুড়ে মানি এক্সচেঞ্জে ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লাহ, নাবলুসসহ কয়েকটি শহরে একযোগে বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ স্টোরে অভিযান চালিয়েছে। এ সময় সেনাদের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছে।

অভিযানে অংশ নেওয়া সেনারা দাবি করেছেন, এসব স্টোরের মূল কম্পানির সঙ্গে ‘সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র’ রয়েছে। অভিযানের সময় রামাল্লাহর একটি স্টোরের সামনে রেখে যাওয়া এক নোটিশে বলা হয়, ‘আল-খালিজ এক্সচেঞ্জ কম্পানির সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে, সে কারণেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
’

ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, রামাল্লাহর স্টোরটির সামনে সেনাবাহিনীর বেশ কয়েকটি যানবাহন অবস্থান করছিল এবং সেনারা ভেতর থেকে কাপড়ে ঢাকা কিছু বস্তু নিয়ে বেরিয়ে আসেন। এ সময় স্টোরটির এক কর্মীকে সেনাবাহিনীর দুটি গাড়ির মাধ্যমে পাহারা দিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

পশ্চিম তীরের উত্তরের শহর নাবলুসেও আল-খালিজ কম্পানির আরেকটি মানি এক্সচেঞ্জ স্টোর ও একটি সোনার দোকানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানেও একজন এএফপি সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে অভিযানের সময় নাবলুসে ফিলিস্তিনি বাসিন্দারা সেনাদের সঙ্গে সংঘাতে জড়ায় এবং তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবলুসে মঙ্গলবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত ও অন্তত আটজন আহত হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষের সময় তারা টিয়ার গ্যাসে আক্রান্ত ২০ জন এবং রাবার বুলেটের আঘাতে আহত তিনজনকে চিকিৎসা দিয়েছে।

ফিলিস্তিনের ইসলামপন্থী গোষ্ঠী হামাস এই অভিযানের নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর এই হামলা, বিপুল পরিমাণ অর্থ লুট ও সম্পদ জব্দ করা—এবই ইসরায়েলি সরকারের দস্যু নীতিরই অংশ।’

হামাস আরো দাবি করে, যেসব কম্পানিকে লক্ষ্য করা হয়েছে তারা ‘আইনের অধীনে পরিচালিত হচ্ছিল’।

রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আমরা জাপানের কাছে ৭৫০ মিলিয়ন ডলার আশা করি : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট।’

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন।
এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিজিট। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে। আড়াই হাজার জাপানির জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরো বেশি জাপানি বিনিয়োগ আসে এবং তাদের আর কী কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলবেন।
ওই সেমিনারে ৩০০ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন।’

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এখানে অনেকগুলো প্ল্যান। পুরো প্ল্যানটা যদি এগজিকিউট করা হয়, সেখানে ইনভেস্টর লাগবে ১৪০ বিলিয়ন ডলারের মতো, সেই জায়গায় কিভাবে ইনভেস্টমেন্ট আনা যায়, সেটার জন্য এই সফরে ফোকাস থাকবে।’

সেনাবাহিনীর হাতে এক্সেল বাবু গ্রেপ্তার

মোহাম্মদপুরের কিশোর গ্যাং গ্রুপের মদতদাতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, এক্সেল বাবু ‘কবজি কাটা গ্রুপের’ প্রধান আনোয়ারের আশ্রয়দাতা হিসেবে পরিচিত।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য মতে, এক্সেল বাবু আনোয়ারকে মদদ দিতেন এবং আড়াল থেকে তার অপরাধ কর্মকাণ্ডের সহায়তা করতেন।
দীর্ঘদিন ধরে এলাকাবাসী এক্সেল বাবু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ভারত ছাড়লেন ‘মিস ইংল্যান্ড’

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ভারতে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে সরে সরে দাঁড়ালেন ‘মিস ইংল্যান্ড’ মিলা ম্যাগি। ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগী বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কারণে আয়োজক সংস্থাকেই কাঠগড়ায় তুলেছেন মিলা। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে।

প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার জন্য আয়োজক সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মিলা। ইংল্যান্ডের এ সুন্দরীর অভিযোগ, সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে আসলে প্রতিযোগীদের শোষণ করা হয়। তাঁর কথায়, ‘নিজেকে যৌনকর্মী বলে মনে হচ্ছিল। বাঁদরকে যে ভাবে নাচানো হয়, সেই ভাবেই আমাদের পারফর্ম করতে হচ্ছে।
’ এর পরই মিলা উষ্মা প্রকাশ করে বলেন, ‘আমি কারও মনোরঞ্জনের পাত্রী হতে আসিনি।’ মিলা আরও জানিয়েছেন, প্রতিযোগীদের সকাল থেকে মেকআপ করা, পোশাক পরা, সেগুলি ঘনঘন বদলানো, ইত্যাদি করতে হচ্ছে। শুধু তা-ই নয়, সকাল থেকে রাত পর্যন্ত তা চলছে। তার পর ধনী পুরুষদের সামনে হাঁটানো হচ্ছে।
’
মিলা জানিয়েছেন, একটা অন্য রকম কিছু আশা করেছিলেন তিনি। কিন্তু এই প্রতিযোগিতা সেই পুরনো দৃষ্টিভঙ্গিতেই আটকে রয়েছে বলে দাবি ‘মিস ইংল্যান্ড’-এর। তাঁর দাবি, ‘জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় প্রতিযোগীদের। প্রত্যেক টেবিলে ছয়জন করে পুরুষ বসে থাকেন। তাঁদের কাছে দুজন করে প্রতিযোগীকে পাঠানো হয় যাতে তাদের মনোরঞ্জন করতে পারি।
’ এই ঘটনাকে তিনি মেনে নিতে পারছিলেন না বলে জানিয়েছেন মিলা। প্রতিযোগীদের সঙ্গে অত্যন্ত অন্যায় হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। মিলা বলেন, ‘মিস ওয়ার্ল্ড-এর একটা মূল্যবোধ আছে। কিন্তু দেখা যাচ্ছে, এই প্রতিযোগিতা সেই পুরনো ধ্যানধারণাতেই আটকে। এই ধরনের ঘটনা নিজেকে যৌনকর্মী ভাবতে বাধ্য করাচ্ছে।’

এই ঘটনায় তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও তীব্র নিন্দা জানিয়েছেন। মিলা ম্যাগির উপর হওয়া হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেন তিনি। কেটি রামা রাও বলেন, ‘মিলা ম্যাগি, তুমি একজন অত্যন্ত শক্তিশালী নারী। আমাদের রাজ্যে এসে তোমাকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তার জন্য আমি সত্যিই দুঃখিত।’

মিলা ম্যাগি পেশায় এক জন লাইফগার্ড। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে সিপিআর দিয়ে বাঁচানোই তাঁর কাজ। সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়ম বদলের জন্য লড়াই জারি রেখেছেন তিনি। ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতায় নিয়ম বদলে সফলও হয়েছেন তিনি। তবে এবার ভারতে এসে রীতিমতো ধাক্কা খেয়ে প্রতিযোগিতা ছাড়লেন এ মডেল।

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন।

এর আগে গত ৮ মে শুনানি শেষ হলে ওই দিনই সর্বোচ্চ আদালত রায় ঘোষণার জন্য রাখেন।

আপিলের পক্ষে শুনানি ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তাকে সহযোগিতা করেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক ও প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে এটিএমআজহারুল ইসলামের আপিল খারিজ করে ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

পরে এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর আবেদনটির শুনানির উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি শুনানির পর সর্বোচ্চ আদালত রিভিউ আবেদনটি মঞ্জুর করে এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ফের আপিল করার অনুমতি দেন। সেদিন আদালত ২২ এপ্রিল শুনানির দিন রেখে এর মধ্যে আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) জমা দিতে বলেন আইনজীবীদের।
সেই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল শুনানির পর তা ৬ মে শুনানি হয়। গত ৮ মে চূড়ান্ত শুনানির পর রায় ঘোষণার জন্য রাখেন সর্বোচ্চ আদালত।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার‌ দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ‌টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে। এ ছাড়া বাংলাদেশ জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে। গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এ কথা জানান।

ব্রিফিংয়ে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। আজ মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে রওনা হবেন। তিনি হংকং হয়ে আগামীকাল বুধবার টোকিওর স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিকেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, জাপান সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জাইকার সহযোগিতা এবং বর্তমানে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। পরদিন শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

শুক্রবার দুপুরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

১৮ কেজি গাঁজা নিয়ে ইংল্যান্ড যাওয়ার পথে আটক নারী

যুক্তরাজ্যে ফেরার পথে ১৮ কেজি গাঁজা পাচার চেষ্টার অভিযোগে আটক ব্রিটিশ নারীর নাম প্রকাশ করা হয়েছে। ২৩ বছর বয়সী ব্রাউনি-ফ্রেটার চায়না জাদা ঘানার আক্রা শহর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে গ্যাটউইক এয়ারপোর্টে যাচ্ছিলেন। তবে ঘানাতেই আটক হন তিনি।

অভিযোগ অনুযায়ী, তার ব্যাগে ৩২টি গাঁজার স্ল্যাব ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো।

ঘানার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তারের পর গত শনিবার তিনি আদালতে হাজির হন এবং তাকে হেফাজতে নেওয়া হয়।

আরেক ব্রিটিশ নাগরিক, ১৯ বছর বয়সী ওউসু উইলিয়ামস ক্রিশ্চিয়ান একই বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হন।

তিনি দুবাই যাচ্ছিলেন। তখন তার ব্যাগে প্রায় ৫৪ কেজি ওজনের ৯২টি গাঁজার স্ল্যাব পাওয়া যায় বলে অভিযোগ।

দুটি গ্রেপ্তারের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে ঘানার মাদক নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, তারা দেশের মধ্যে মাদক পাচার ও ব্যবহারের বিরুদ্ধে ‘দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ’।

ব্রিটিশ নাগরিকদের মাদক পাচারে জড়িত থাকার বেশ কয়েকটি মামলা সম্প্রতি সামনে এসেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তথ্য অনুযায়ী, গত বছর দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ২৭ টন গাঁজা জব্দ করা হয়েছে—যা আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেশি।
এর মধ্যে প্রায় অর্ধেকই হিথ্রো বিমানবন্দরে ধরা পড়ে।

যুক্তরাজ্যের বর্ডার ফোর্স এখন একটি নতুন প্রকল্প চালু করেছে, যার আওতায় মাদক বহনকারীদের তাদের দেশেই ফেরত পাঠানো হচ্ছে যাতে স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিচার করতে পারে।

ব্রিটিশ নাগরিকদের মাধ্যমে যেসব মাদক পাচার হয়, তার বেশির ভাগই থাইল্যান্ড থেকে আসে। এ ধরনের কয়েকটি আলোচিত মামলাও সম্প্রতি ঘটেছে।

২১ বছর বয়সী শার্লট মে লি বর্তমানে শ্রীলঙ্কার একটি কারাগারে আছেন।
তাকে বিপুল পরিমাণ গাঁজা পাচারের অভিযোগে দেশটির মূল বিমানবন্দর কলম্বোতে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেছেন, কিভাবে গাঁজা তার ব্যাগে এলো, তা তিনি জানেন না।

আরেকটি সাম্প্রতিক ঘটনায়, ১৮ বছর বয়সী বেলা মে কুলি বর্তমানে জর্জিয়ার একটি কারাগারে রয়েছেন। তাকে থাইল্যান্ড থেকে ১৪ কেজি গাঁজা পাচারের অভিযোগে তিবলিসি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।

দোষী সাব্যস্ত হলে, তার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করবে না ইরান, বলছে তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি হলেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করবে না—সোমবার এমনটাই জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিন বছরের জন্য স্থগিত রাখার যে খবর ছড়িয়েছে, তা ‘পুরোপুরি ভিত্তিহীন’।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ওমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত পঞ্চম দফার বৈঠকের তিন দিন পর এই মন্তব্য আসে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম মেনে নিতে পারবে না। অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রের এমন ‘লাল রেখা’ মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

বাঘাই বলেন, “ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে রাজি হবে না।” তিনি আরও জানান, তেহরান এখন ওমানের কাছ থেকে ষষ্ঠ দফা আলোচনার সম্ভাব্য সময়সূচি ও আলোচ্য বিষয়ের বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথ খোঁজা হবে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে ইরান তার কঠোর অবস্থান বজায় রেখেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সরকারি বিবৃতিতে জানান, প্রয়োজনে ইরান আলোচনা ছাড়তেও প্রস্তুত। সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যদি তারা আমাদের সঙ্গে আলোচনা না করে বা নিষেধাজ্ঞা দেয়, তাহলেও আমরা বাঁচার পথ খুঁজে নেব। চুক্তি ছাড়াও আমরা টিকে থাকতে পারব।”

বিভিন্নমুখী বার্তা

তেহরান যেখানে কঠোর অবস্থান বজায় রেখেছে, সেখানে ওয়াশিংটনের বার্তা ছিল অপেক্ষাকৃত আশাব্যঞ্জক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেন, আলোচনা ‘খুব, খুব ভালো’ হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যেই একটি ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, “দেখা যাক কী হয়, তবে আমার মনে হয় ইরান ইস্যুতে ইতিবাচক কিছু আসছে। আমরা বাস্তব এবং গুরুত্ব সহকারে অগ্রগতি করছি।”

পঞ্চম দফা আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আলোচনায় ‘অগ্রগতির ইঙ্গিত’ দিয়েছেন।

দুই পক্ষের এই আশাবাদী মন্তব্য থেকেই গণমাধ্যমে গুঞ্জন ওঠে, একটি অস্থায়ী চুক্তি হতে পারে যা পরবর্তীতে চূড়ান্ত সমঝোতার ভিত্তি হিসেবে কাজ করবে। তবে মুখপাত্র বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, “অস্থায়ী কোনো চুক্তির কথাও আমাদের আলোচনায় নেই। আমেরিকার সদিচ্ছা থাকলে আমরা আশাবাদী। কিন্তু আলোচনার উদ্দেশ্য যদি হয় আমাদের অধিকার খর্ব করা, তাহলে তা কোনো ফল দেবে না।”

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হামাস

গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন মতে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। চুক্তির খসড়া অনুযায়ী, হামাস দুই ধাপে ইসরাইলের ১০ জন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের পাশাপাশি ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে ইসরাইল।

এছাড়া প্রস্তাব অনুযায়ী, ইসরাইল বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকশজন ইসরাইলি কারাগারে দীর্ঘমেয়াদে সাজা ভোগ করছেন। তবে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, চুক্তির আওতায় গাজায় প্রতিদিন ১ হাজার ট্রাক ত্রাণ প্রবেশের কথা রয়েছে এবং যুদ্ধবিরতির পঞ্চম দিনের মধ্যে গাজার গুরুত্বপূর্ণ এলাকা থেকে ইসরাইলকে সরে যেতে হবে।

যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাওয়া এবং আলোচনা বন্ধ হয়ে গেলে আরও উত্তেজনা রোধ করার প্রতিশ্রুতিও দিয়েছে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

একই সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রচেষ্টাকে সমর্থন করছেন এবং গত জানুয়ারির যুদ্ধবিরতি কাঠামোর ভিত্তিতে সম্পূর্ণ সেনা প্রত্যাহারসহ অন্যান্য শর্তাবলী মেনে চলার জন্য ইসরাইলের উপর চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। চুক্তিতে যুদ্ধবিরতি বাড়ানোর বিধানও রয়েছে, যার বাস্তবায়ন তদারকি করবে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যবেক্ষকরা।

সিএনএনকে দেয়া উইটকফের এক মন্তব্যের পরই হামাসের যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার খবর এলো। উইটকফ বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি এখন টেবিলে রয়েছে এবং হামাসকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

যে উপায়ে চালের দাম কমানোর প্রতিশ্রুতি দিল জাপান

জাপানের নতুন কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি সোমবার বলেছেন, ভোক্তাদের জন্য দাম কমানোর লক্ষ্যে বড় খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি মজুদ করা চাল বিক্রি করবে সরকার।

দেশটিতে চালের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি আগামি জুলাইয়ে অনুষ্ঠেয় উচ্চকক্ষের নির্বাচন সামনে রেখে জনপ্রিয়তা হারানো সরকারের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, সম্প্রতি চালের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকারের চলমান নিলামের কৌশল কার্যকর হয়নি।

তিনি আরো বলেন, “তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই চাল ‘স্বেচ্ছা চুক্তির ভিত্তিতে’ বছরে অন্তত ১০ হাজার টন চাল বিক্রি করে—এমন বড় খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করা হবে।
”

সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমি বলেন, ‘জুনের প্রথম দিকেই’ এই চাল বাজারে আসবে। প্রাথমিকভাবে তিন লাখ টন চাল ছাড়া হবে। তবে চাহিদা বেশি হলে পরবর্তীতে পরিমাণ আরো বাড়ানো হবে।

এর আগে বিতর্কিত বক্তব্যের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন সাবেক কৃষিমন্ত্রী তাকু এতো।
তিনি বলেছিলেন, বিনা মূল্যে চাল পান বলে তিনি কখনো চাল কেনেন না। তার এই বক্তব্য জনরোষের জন্ম দেয়।

গত শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, এপ্রিল মাসে চালের দাম গত বছর একই সময়ের তুলনায় ৯৮.৪ শতাংশ বেড়েছে। চালের ঘাটতির বিভিন্ন কারণের মধ্যে রয়েছে, ২০২৩ সালে তীব্র দাবদাহে কম ফসল উৎপাদন এবং গত বছর ‘মেগা ভূমিকম্প’ সতর্কতা জারির কারণে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কিনে মজুদ করা।

রেকর্ডসংখ্যক পর্যটকের আগমনকেও চালের চাহিদা বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। এ ছাড়া কিছু ব্যবসায়ী চাল মজুদ করে রাখায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।