বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভাগ্যের ছোঁয়ায় ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে চেলসি

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো ছিল চমকের কেন্দ্রবিন্দুতে। নাকাল করেছে ইউরোপের বাঘা সব দলকে। সেই ধারাবাহিকতা নিয়েই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল পালমেইরাস। তবে ম্যাচের শেষ দিকে নিজের জালেই বল জড়িয়ে বসেন পালমেইরাস গোলরক্ষক ওয়েভারটন।
আর তার সেই আত্মঘাতী গোলেই ২-১ গোলের ব্যবধানে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ব্লুজরা।

ম্যাচের শুরুর দিকেই চেলসির হয়ে প্রথম গোলটি করেন ইংল্যান্ড তারকা কোল পালমার। ১৬ মিনিটে চেলসিকে এগিয়ে দেন তিনি। মাঝমাঠ থেকে ট্রেভোহ চালোবাহর পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে এগিয়ে গিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই তরুণ মিডফিল্ডার।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে রিচার্ড রিওসের পাস নিয়ন্ত্রণে নিয়ে এক দারুণ শটে তাদের সমতায় ফেরান কয়েকদিন পর চেলসির জার্সি পরতে যাওয়া ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়ান।

ম্যাচে মোইসেস কাইসেদো না থাকায় চেলসির মাঝমাঠে সুযোগ পান ব্রাজিলিয়ান তরুণ আন্দ্রে সান্তোস, যিনি স্ট্রাসবুর্গে ধারে খেলে ফিরে এসেছেন। এ ছাড়া এদিন চেলসির হয়ে অভিষেক হয় আরেক ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রোর।

তবে সবকিছু ছাপিয়ে শেষ দিকে ভাগ্যের ছোঁয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ৮৩ মিনিটে কর্নার থেকে ছোট পাসে বল পেয়ে মালো গুস্তো নিচু এক ক্রস দেন। সেটি পামেইরাস ডিফেন্ডার গিয়াইয়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে ওয়েভারটনের গায়ে লেগে জালে জড়ায়। এতেই নিশ্চিত হয় ব্লুজদের সেমিফাইনালের টিকিট।

আগামী মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে আরেক ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনাল খেলবে এনজো মারেস্কার দল।

ঢাকার শোবিজে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে, এবং বাংলাদেশও এই ধারা থেকে পিছিয়ে নেই। দেশের শোবিজ অঙ্গনেও এ প্রযুক্তির প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিজ্ঞাপনচিত্র, নাটক, সিনেমাসহ বিভিন্ন নির্মাণকাজে নির্মাতারা এখন নিয়মিত এআই ব্যবহার করছেন। এক সময় যা ছিল কল্পনার মতো, এখন তা বাস্তবে কাজকে সহজতর ও দ্রুততর করে তুলছে।

নির্মাতারা মনে করছেন, এআই কোনো হুমকি নয় বরং সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। মেধাবী ও দক্ষদের জন্য এটি নতুন সুযোগ এনে দিচ্ছে, যদিও অদক্ষদের জন্য কিছুটা চাপ তৈরি করতে পারে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল মনে করেন, এআই কোনো যাদুর কাঠি নয়, এটি একটি টুলমাত্র। দক্ষ ব্যক্তি কখনোই কর্মহীন হবেন না, বরং এই প্রযুক্তির মাধ্যমে তাঁদের কাজ আরও সহজ ও সৃজনশীল হবে। তিনি নিজেই দেশে প্রথম এআই ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ শর্টফিল্ম নির্মাণ করেছেন এবং নাটকের দৃশ্যেও এর ব্যবহার করেছেন। তাঁর মতে, যেমন থ্রিডি ভিজ্যুয়াল এক সময় নতুন ছিল এবং পরে তা গ্রহণযোগ্যতা পেয়েছে, তেমনি এআইও ধীরে ধীরে সবার কাছে স্বাভাবিক হয়ে উঠবে।

‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপঙ্কর দীপন মনে করেন, ভবিষ্যতের কাজগুলো হবে মানুষ ও এআইয়ের সম্মিলিত প্রয়াসে। তিনি বলেন, এআই শুধু ভিজ্যুয়াল তৈরির সীমায় নেই, এটি স্ক্রিপ্ট লেখা, নির্মাণ কৌশল, মার্কেটিং, এমনকি প্রজেক্ট বিক্রির কৌশলেও সহায়ক ভূমিকা রাখতে পারে। তাঁর ভাষায়, যে এআই ব্যবহার শিখতে পারবে, সে এগিয়ে যাবে; আর যেসব নির্মাতা বা কর্মী তা পারবে না, তারা পিছিয়ে পড়বে। অদক্ষদের জন্য ঝুঁকি থাকলেও দক্ষদের জন্য এটি নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে।

নির্মাতা রাকা নোশিন নাওয়ারও এআইকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁর মতে, এআই প্রযুক্তির মাধ্যমে কাজের গতি বেড়েছে, যেসব কাজ এক সময় মাসখানেক লাগত, এখন তা কয়েক দিনের মধ্যেই শেষ করা যাচ্ছে। তবে এর কার্যকর ব্যবহার শিখতে হবে। তিনি স্ক্রিপ্ট লেখার সময়, গবেষণায় এবং প্রি-প্রোডাকশন কাজেও এআই ব্যবহার করছেন। তাঁর বিশ্বাস, এআই কর্মহীনতা তৈরি করবে না, বরং নতুন কর্মসংস্থানের পথ তৈরি করবে। ক্যামেরার পেছনের কর্মীরা নতুন দক্ষতায় নিজেকে গড়ে তুললে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তাঁরা আরও বেশি সফল হবেন।

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী জানান, তিনি তাঁর বিভিন্ন কাজে যেমন স্ক্রিপ্ট লেখা ও প্রজেক্ট প্রেজেন্টেশনে এআই ব্যবহার করছেন। যদিও এখনো ভিজ্যুয়াল দিক থেকে এআই ব্যবহার শুরু করেননি, তবে তিনি মনে করেন, ভবিষ্যতে এআই filmmaking-এ বড় ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, “প্রযুক্তি নতুন কিছু নয়, টাইপরাইটার বা কম্পিউটারও একসময় নতুন ছিল। আজ সেগুলো ছাড়া কাজ কল্পনাও করা যায় না। তেমনি এআইকেও শিখে এবং বুঝে কাজে লাগাতে হবে।”

সব মিলিয়ে নির্মাতাদের দৃষ্টিতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বাংলাদেশের শোবিজের জন্য হুমকি নয়, বরং এটি একটি বড় সম্ভাবনা। দক্ষতা ও সৃজনশীলতাকে সঙ্গে নিয়ে যারা প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারবে, তারা এ প্রতিযোগিতামূলক জগতে এগিয়ে থাকবে। শোবিজে গুণগত মানের উন্নয়ন ও বৈশ্বিক বাজারে পা রাখার জন্য এআই হতে পারে একটি কার্যকর হাতিয়ার।

রোহিঙ্গা সমস্যার সমাধানে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ

রাখাইনে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। রাখাইনে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা এবং তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান অধিবেশনে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলুশন গৃহীত হওয়ার প্রাক্কালে দেওয়া বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম একথা বলেন। জেনেভায় চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে রেজ্যুলুশনটি গৃহীত হয়।

গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের বক্তব্যে আরো বলা হয়, রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী এবং ‘আরাকান আর্মি’র মতো সশস্ত্র গোষ্ঠীসমূহের মধ্যে চলমান সংঘাত মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং রোহিঙ্গাদের দুর্দশা আরো বাড়িয়ে তুলছে। রাখাইন রাজ্যে চলমান হত্যাযজ্ঞ, নিপীড়ন এবং সহিংসতা এড়াতে শুধুমাত্র ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় এক লক্ষ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে মানবাধিকার পরিষদকে অবহিত করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে আয়োজিতব্য উচ্চ-পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকটের সমাধানকল্পে বাস্তবমুখী এবং সময়াবদ্ধ সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান অধিবেশনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত রেজ্যুলুশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
রেজুল্যুশনে রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর দায়িত্ব গ্রহণের বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়াও জাতিসংঘ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমূহকে রাখাইনে নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ১০

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় শুক্রবার একটি পাঁচতলা ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ সময় ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহীদ মোতরমা বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা (এসএমবিবিআইটি)।

ডনের খবরে বলা হয়, করাচির সিভিল হাসপাতালের তথ্যানুযায়ী, ৯টি মরদেহ হাসপাতালে আনা হয় এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দও একই সংখ্যক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএমবিবিআইটির নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, আহতদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে করাচির খারাদার এলাকায় একটি ভবন ধসের ঘটনা ঘটে। এর কয়েকদিন পর গতকাল এই ঘটনা ঘটল। গত ডিসেম্বরে সিন্ধু বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্রাদেশিক সরকারকে করাচিজুড়ে ‘বিপজ্জনক’ ঘোষণা করা ৫৭০টিরও বেশি ভবন খালি করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

মূলত দুর্বল নিরাপত্তা মান ও নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এসব ঘটনা ঘটছে। দুই কোটিরও বেশি জনসংখ্যার করাচি দুর্বল নির্মাণ, অবৈধ সম্প্রসারণ, পুরাতন অবকাঠামো, অতিরিক্ত জনাকীর্নতা ও ভবন বিধিমালার শিথিল প্রয়োগের ক্ষেত্রে অনেকটাই উদাসীন।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদ শনিবার জানিয়েছে, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবে তারা সমর্থন জানালেও, প্রক্রিয়াটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে—এমন নিশ্চয়তা চায়। খবর আল জাজিরা ও রয়টার্সের।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আমরা হামাসকে মধ্যস্থতাকারীদের প্রস্তাব বাস্তবায়নের একটি পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু পয়েন্ট উপস্থাপন করেছি এবং আমরা অতিরিক্ত গ্যারান্টি চাই যেন ইসরায়েল বন্দিদের মুক্তির পর আবার আক্রমণ শুরু না করে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।
শুক্রবার (৪ জুলাই) হামাস মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক জবাব’ দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। এই চুক্তিতে জিম্মিদের মুক্তি এবং সংঘাত অবসানের বিষয়ে আলোচনার কথা রয়েছে।

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কাতার ও মিশরকে তাদের জবাব দিয়েছেন এবং এটি চুক্তি অর্জনে সহায়ক হবে বলে মনে করেন।

এবার উড্ডয়নের আগেই লুটিয়ে পড়লেন এয়ার ইন্ডিয়ার পাইলট

একের পর এক দুর্ঘটনা ও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারতের বিমান সংস্থাগুলো। এবার বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে লুটিয়ে পড়লেন পাইলট।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বিমানটি এয়ার ইন্ডিয়ার। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
পরে অপর পাইলটকে দিয়ে বিমানটি যাত্রীদের নিয়ে রওনা দেয় দিল্লির উদ্দেশে।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, অসুস্থ পাইলটকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

এই প্রসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জুলাই ভোরে এক পাইলটের এআই ২৪১৪ বিমান চালানোর কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি ওই বিমানের চালকের আসনে বসতে পারেননি।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অসুস্থ পাইলটের অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তবে কী কারণে পাইলট লুটিয়ে পড়েছিলেন সে সম্পর্কে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাইলটের অসুস্থতার কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা গেলেও পরে অন্য পাইলট ওই বিমান নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা দেন।

আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতিগত গুরুত্বপূর্ণ বিলটিতে স্বাক্ষর করেছেন, যা কংগ্রেসে অল্প ব্যবধানে পাস হওয়ার একদিন পরই আইনে পরিণত হলো।

শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের এজেন্ডার প্রধান কিছু অংশ কার্যকর হয়—এর মধ্যে রয়েছে কর ছাড়, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং অভিবাসন দমন নীতি।

স্বাধীনতা দিবসের আতশবাজি ও সামরিক পিকনিকের আগে বিলটিতে স্বাক্ষরের সময় হোয়াইট হাউসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এই পিকনিকে সম্প্রতি ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো পাইলটরাও উপস্থিত ছিলেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেন, এই আইন অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে। তবে এখন তাকে এমন অনেক আমেরিকানকে বোঝাতে হবে যারা বিলটির কিছু অংশ নিয়ে সন্দিহান, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে অনেকেই এর কিছু দিক পছন্দ করছেন না।

তার নিজের রিপাবলিকান দলের কিছু সদস্যও এর বিরোধিতা করেছেন, কারণ এটি যুক্তরাষ্ট্রের ঋণ আরো বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে ডেমোক্র্যাটরা সতর্ক করেছেন যে, এই বিল ধনীদের উপকৃত করবে এবং গরিবদের ক্ষতিগ্রস্ত করবে।

এর আগে ক্যাপিটল হিলে দীর্ঘ অধিবেশনের পর বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি পরিষদে বিলটি ২১৮ বনাম ২১৪ ভোটে পাস হয়। এর আগে মঙ্গলবার সিনেটে এটি মাত্র এক ভোটের ব্যবধানে অনুমোদিত হয়েছিল।

ট্রাম্প রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসকে এই বিল ৪ জুলাইয়ের মধ্যে তাকে চূড়ান্তভাবে পাঠাতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যাতে তিনি এটিকে আইনে পরিণত করতে পারেন।

কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ বছরে এই বিলের ফলে মার্কিন বাজেট ঘাটতি ৩.৩ ট্রিলিয়ন ডলার (প্রায় ২.৪ ট্রিলিয়ন পাউন্ড) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং কোটি মানুষ স্বাস্থ্যবীমা থেকে বঞ্চিত হতে পারেন — যদিও হোয়াইট হাউস এই পূর্বাভাসের সঙ্গে একমত নয়।

গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবের মাঝেই এসব হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

এসব হত্যাকাণ্ডের মধ্যে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত তাঁবুতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

এদিকে গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ‘নির্বিচারে’ গুলি করে হত্যা করছে ইসরায়েল। গত ২৭ মে থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬১৩ ত্রাণপ্রত্যাশী। এছাড়া স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরো পড়ুন
এমন বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

এমন বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক এক নিরাপত্তা ঠিকাদার বলেছেন, তিনি কয়েকবার তার সহকর্মীদের মেশিনগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে দেখেছেন, যারা কোনো হুমকি ছিল না।

আল হিলালকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকে হারিয়ে ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছিল আল-হিলাল। সেই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। তবে শেষ চারে যাওয়ার লড়াইয়ে এসে ব্রাজিলিয়ান ক্লাবের কাছে থমকে যেতে হলো তাদের।

ফ্লোরিডার মাঠে শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকেই বিদায় নেয় আল-হিলাল।
আর এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স।

ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে নেমে আসে শোকাবহ পরিবেশ। স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল-হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর চোখের পানি ছুঁয়ে যায় সবাইকে।
আবেগময় মুহূর্ত পেরিয়ে মাঠে গড়ায় বল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল আল-হিলাল। বল দখল, শট—সবকিছুতেই এগিয়ে থাকলেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখলেও তা থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি তারা।

অন্যদিকে, বল দখলে পিছিয়ে থেকেও সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের ৪০ মিনিটে মাথেউস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ক্লাবটি। বিরতির পর গোল শোধ করেন আল-হিলালের মার্কোস লিওনার্দো। তবে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোলে ফের লিড নেয় ফ্লুমিনেন্স।

শেষ মুহূর্তে গোল শোধে মরিয়া চেষ্টা চালায় আল-হিলাল।
তবে ফ্লুমিনেন্সের জমাট রক্ষণ আর ম্যাচে ফিরতে দেয়নি সৌদি ক্লাবটিকে।

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে চলতি বছর হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিমানবন্দরে কোনো হাজি যেমন হয়রানির সম্মুখীন হননি তেমনি সৌদি আরবে গিয়েও কেউ বিড়ম্বনার শিকার হননি। এবার স্বল্পমূল্যে কাবার কাছাকাছি স্থানে হাজিদের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছে। ফলে আমাদের খরচ কিছুটা কম হয়েছে এবং কিছু টাকা জমা রয়েছে।
সব হাজি দেশে আসা শেষ হলে জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেন, টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ১টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২টি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ তিনটি মসজিদ নির্মাণে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে সারা দেশে ৫৬৪টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। এ মসজিদগুলো সে প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।

ধর্ম উপদেষ্টা রাউজানের মডেল মসজিদ উদ্বোধন ও মসজিদে জুমার বয়ান করেন। উদ্বোধনী বয়ানে উপদেষ্টা বলেন, ‘সরকার ১৩ কোটি টাকা ব্যয় করে এ মসজিদ নির্মাণ করে দিয়েছে।
এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা নামাজ সবাইকে সব ধরনের খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে, মূল্যবোধ সমুন্নত রাখে।

পরে উপদেষ্টা এখানে জুমার নামাজ আদায় করেন। আজ প্রথম দিনে মসজিদে খুতবা দেন ও জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারী বড় মাদরাসার প্রধান মুফতি মো. জসীম উদ্দিন। নামাজ শেষে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণ এবং দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণ করে দেওয়ায় বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান ও প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম বক্তৃতা করেন। তিনতলা বিশিষ্ট এ মসজিদ কমপ্লেক্সে একসঙ্গে ১ হাজার ২০০ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া মুর্দা গোসল দেওয়ার জায়গা, কার পার্কিং, ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণের ব্যবস্থা, এতিমখানা, ইসলামিক বই প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন এর অফিস, কিচেন ও ডাইনিং সুবিধা, ইসলামিক রিসার্চ সেন্টার, গণশিক্ষা ব্যবস্থা, হজ্জ বুকিং এর ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম শিক্ষক ও মুয়াজ্জিন এর থাকার কক্ষ, গেস্ট রুম ও কনফারেন্স রুম, অটিজম কর্ণার প্রভৃতি সুবিধা রয়েছে। এছাড়া এখানে মহিলাদের জন্য পৃথক নামাজের সুবিধাও রাখা হয়েছে।

এর আগে সকালে উপদেষ্টা হাটহাজারী পৌরসভা এলাকার ফটিকা কডিয়ার দীঘির পাড় এলাকায় হাটহাজারী উপজেলার মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও মোনাজাতে অংশ নেন। এ অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার প্রধান পরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী প্রমুখ।