মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব

যুক্তরাষ্ট্রের বিমান কম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি।
যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টি।

তিনি বলেন, বোয়িং কম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে।

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে।
মাঝে সময় মাত্র পাঁচ দিন। এর মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। এতে তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানি খাতে বিপর্যয় দেখা দিতে পারে।

এমন পরিস্থিতিতে পরিত্রাণের কৌশল হিসেবে সামনে এসেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা বলছেন বিশ্লেষকরা।

একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

রবিবার (২৭ জুলাই) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় অনুমোদিত ১২টি প্রকল্প হলো- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন ও বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (প্রস্তাবিত ২য় সংশোধিত) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রামীণ স্যানিটেশন প্রকল্প ও বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন ( ৩য় সংশোধিত) প্রকল্প, রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসির অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্প, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি (১ম সংশোধিত) প্রকল্প।

উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ও অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভা।

বিয়ে করতে বলায় ফুঁসে ওঠলেন জারিন খান

সালমান খানের হাত ধরে পনেরো বছর আগে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে জারিন খানের। পর পর কয়েকটি ছবি করে বলিউড থেকে উধাও হয়ে যান নায়িকা। বর্তমানে সিনেপর্দায় তাকে দেখা যায় না বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি।
মাঝেমাঝে ট্রলের মুখেও পড়েন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। নেটপাড়ায় আবারও জারিনকে নিয়ে কটাক্ষ, তবে এবার ফুঁসে ওঠলেন নায়িকা।

সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করে নিন।
আপনার বয়স হয়ে যাচ্ছে।’ এই মন্তব্য পড়েই রীতিমতো রাগে ফেটে পড়েন জারিন। পালটা একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘জীবনের সব সমস্যার সমাধান হিসাবে বিয়েকেই দেখা হয়। কিন্তু কেন? বিয়েটাই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের জন্য?’

জারিন আরো লিখেন, ‘আমি আমার সাম্প্রতিক এক পোস্টে একটি মন্তব্য পড়েছি এরকম।
আপনারাই আমাকে বলুন, আমি যদি বিয়ে করি তাহলে কি আমার বয়স কমবে? আমি কি আবার যৌবনে ফিরে যাব? যদি তা না হয় তাহলে এমন মন্তব্যের কী অর্থ? আমি বুঝি না এই ধ্যানধারণা মনের মধ্যে পোষণ করার কী অর্থ? এগুলো কি শুধু আমাদের দেশেই দেখা যায় নাকি বিশ্বব্যাপী এই সমস্যা রয়েছে যে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কিভাবে সম্ভব?’

নিজের ভ্রু নিজেই উপড়ে ফেলেছিলেন ‘সাইয়ারা’ অভিনেত্রী

অ্যাকশন সিনেমার ভিড়ে অনেক দিন পর বড় পর্দায় প্রেমের আখ্যান দেখা গেছে। ‘সাইয়ারা’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। সেই সঙ্গে তুমুল আলোচনায় এই ছবির নায়ক আহান পান্ডে ও নায়িকা অনীত পাড্ডা। তাদের নিয়ে চলছে তুমুল আলোচনা।

অনীত নাকি বলিউডের গৎবাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা। একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম, মত দর্শকদের। কাজল কালো চোখ, গোলাপি গাল, থাক থাক চুল, ঘন ভ্রু। তেমনই ঘন আঁখিপল্লবে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন অনীত।

যদিও বছর দশেক আগে নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেন অনীত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। এবং কোনো এক অদ্ভুত কারণে বাড়ি ফিরে এসে আমি আমার মুখের সমস্ত মেকআপ মুছতে শুরু করি। তখন আমি আমার উভয় ভ্রু কামিয়ে ফেলার এবং আটটি চোখের পাতা উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তারপর আমার মা বাড়িতে এসে বলেন, এ বার তুমি স্কুলে যাবে কিভাবে? চিন্তায় পড়ে যাই। কিন্তু এবং আমি মনে করি, আমি হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। এবং দশ বছর পরে, লোকেরা এখন আসলেই তাদের ভ্রু কামিয়ে ফেলছে, তাই হয়তো আমি সেই সময়ে কিছু একটা করতে চেয়েছিলাম।’

বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ সিরিজে কাজ করেন অভিনেত্রী।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে সম্প্রতি দেশটির অভিবাসন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

এই সাক্ষাৎকে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আলোচনায় অভিবাসন সহযোগিতা, বিদেশি কর্মী ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, এমপ্লয়মেন্ট কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুরশেদ আলম।

অন্যদিকে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রবাসী সেবা বিভাগের পরিচালক আব্দুল হাদী বিন মোহাম্মদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাজওয়ান বিন আব মানান, বিদেশি কর্মী বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজিব বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপপরিচালক এফা নুরজাইনানি বিন্তি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলনিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।

সাক্ষাৎকালে ইমিগ্রেশন মহাপরিচালক জানান, দক্ষ, স্বচ্ছ ও কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রকাশ্যেই অভিনেতা-প্রযোজককে জুতাপেটা করলেন অভিনেত্রী

এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। বেশ আলোচনায় উঠে এসেছিলেন এ অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে বেধড়ক জুতাপেটা করেছেন রুচি!

সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
দেখা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই হঠাৎ ক্ষেপে গিয়ে প্রযোজক করণকে জুতা দিয়ে মারতে থাকেন রুচি। উপস্থিত দর্শকরা হতভম্ব! কেউ কেউ ভিডিও করে ফেলেন মুহূর্তটি, আর সেটিই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক ও অভিনেতা সেখানে ছিলেন। রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর।
বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাঁকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।
কথা ছিল, ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো অঙ্গ নেই! উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাবে ২৭শে জুলাই!

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী! ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন, বেঁচে ফিরলেন ১৭৯ আরোহী

যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর ফ্লাইট থেকে ১৭৩ যাত্রীকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লাইটটি তখনো রানওয়েতেই অবস্থান করছিল।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-৩০২৩ ডেনভার থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজে হঠাত ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিমানের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে, আর আতঙ্কিত যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে বিমান থেকে নিচে নামছেন।

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হলেও কেউই গুরুতর আহত হননি।
তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর যাত্রীদের বাসে করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়। আমেরিকান এয়ারলাইনস জানায়, উড্ডয়নের আগে বিমানের একটি টায়ার সংক্রান্ত যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটে এবং উড়োজাহাজটিকে এখন পরিদর্শনের জন্য সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ছন্দে ফিরেছেন স্কারলেট জোহানসন

রেসের ঘোড়ার মতো ছুটছে স্কারলেট জোহানসনের নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। মাত্র ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৭০০ মিলিয়ন ডলার রোজগার করে ফেলেছে। ২ জুলাই মুক্তির পর থেকে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে গ্যারেথ এডওয়ার্ড পরিচালিত এ ছবির বক্সঅফিস রিপোর্ট। এই সাফল্য আবারও নতুন প্রাণ ফিরিয়েছে স্কারলেটের ক্যারিয়ারে।

কেন্দ্রীয় চরিত্র জোরা বেনেট হয়ে ডাইনোসরের দুনিয়ায় ফিরেছেন স্কারলেট। তার সঙ্গে আরও রয়েছেন মাহেরশালা আলি, জোনাথন বেইলি, রুপার্ট ফ্রেন্ড ও লুনা বেইজি। বিশ্লেষকদের ধারণা, এই গতিতে চলতে থাকলে খুব শিগগিরই ছবিটি ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলবে।

গত ছয় বছরে স্কারলেটের ক্যারিয়ারে তেমন উজ্জ্বল সাফল্য আসেনি।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোজো র‌্যাবিট’ ছিল তার শেষ বাণিজ্যিক হিট, যা মাত্র ১৪ মিলিয়ন ডলারে তৈরি হয়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার তুলেছিল। তারপর ২০২১ সালে কেইট শর্টল্যান্ডের ‘ব্ল্যাক উইডো’ কিছুটা লাভের মুখ দেখলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। সুপারহিরো চরিত্রে তাকে আরও পাকাপোক্ত করে তোলে এই সিনেমাই। ২০২৩ সালে ওয়েস অ্যান্ডারসনের ‘অ্যাস্টারয়েড সিটি’ কানে প্রশংসিত হয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলার আয় করেছিল, যদিও নির্মাণ খরচ ছিল ২৫ মিলিয়ন ডলার।
আর এবার ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ দিয়ে বক্স অফিসে নতুন করে আলোচনায় তিনি।

সব মিলিয়ে বলা যায়, ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’-এর দৌড়ে আবারও সেরা নায়িকাদের কাতারে ফিরলেন স্কারলেট জোহানসন। এর আগে, গত ছয় বছরে খারাপ সময়টাই বেশি গেছে এ অভিনেত্রীর। ক্রিস্টিন স্কট থোমাসের ‘মাই মাদার্স ওয়েডিং’ এবং ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনেসিয়ান স্কিম’ তেমন সাড়া ফেলতে পারেনি বক্সঅফিসে। তবে ‘দ্য ফোনেসিয়ান স্কিম’ এবারও কান উৎসবে প্রশংসিত হলেও স্কারলেট অভিনেত্রী হিসেবে খুব বেশি আলোচনায় আসেননি।
উল্টো আলোচনায় এসেছে তার পরিচালিত প্রথম ছবি ‘ইলিনর দ্য গ্রেট’। ৯০ বছরের এক বৃদ্ধার প্রেমে ১৯ বছরের এক যুবকের টানাপোড়েনের গল্প ঘিরে নির্মিত এ ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বাণিজ্যিকভাবে।

১৯৯৪ সালে ‘নর্থ’ সিনেমার একটি গৌন চরিত্র দিয়ে যাত্রা শুরু করেছিলেন স্কারলেট জোহানসন। মাত্র দু’বছর পর ‘মেনি অ্যান্ড লো’ ছবিতে নায়িকা হয়ে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্লকবাস্টার— ‘দ্য হর্স হুইসপারার’, ‘গোস্ট ওয়ার্ল্ড’, ‘দ্য প্রেস্টিজ’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’, ‘ক্যাপ্টেইন আমেরিকা’— তাকে পৌঁছে দেয় তার ক্যারিয়ারের শীর্ষে। তার সবচেয়ে সফল ছবি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ (২০১৮) মাত্র ৪০০ মিলিয়ন খরচে আয় করেছে ২ বিলিয়নেরও বেশি!

মন্ট্রিয়লে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫”

তানভীর আহমেদের নেতৃত্বে রং প্রোডাকশন ও এ্যাড পয়েন্ট-এর গ্ল্যামারাস আয়োজন

কানাডা প্রতিনিধি:
গত ১৩ জুলাই কানাডার মন্ট্রিয়লের শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল এক তারকাখচিত ও গৌরবোজ্জ্বল সন্ধ্যা—“সপ্নধরা প্রেজেন্টস রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫”।
আয়োজনটি যৌথভাবে সম্পন্ন হয় রং প্রোডাকশন ও এ্যাড পয়েন্ট-এর ব্যবস্থাপনায়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির এবং উপস্থাপিকা নীল হুরে জাহান।
রং প্রোডাকশন-এর কর্ণধার তানভীর আহমেদ তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই সম্মাননা শুধু পুরস্কার নয়, প্রবাসে আমাদের সংস্কৃতির শক্তিশালী প্রতিনিধি।”
তিনি এর আগেও আন্তর্জাতিক তারকাদের নিয়ে বহু সফল কনসার্ট আয়োজন করেছেন—শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, মিকা সিং, আতিফ আসলাম, রুনা লায়লা, হাবিব ওয়াহিদ এবং বালাম-এর মতো কিংবদন্তি শিল্পীদের নিয়ে।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, ইচ্ছা, এবং পারসা ইভানা।
‘বাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও পারসা ইভানা মঞ্চে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেন।
মেহজাবীন চৌধুরী উপস্থাপিকার সঙ্গে মজার খেলায় অংশ নিয়ে পরিবেশকে করে তোলেন প্রাণবন্ত।

সঙ্গীত পরিবেশন করেন এ্যাশেস ব্যান্ড, জনপ্রিয় কণ্ঠশিল্পী তোশিবা এবং সংগীত পরিচালক ও গায়ক প্রীতম হাসান। তাঁদের চমৎকার পরিবেশনায় গোটা বলরুম মুগ্ধ হয়ে ওঠে।

সম্মাননা প্রাপ্তদের তালিকায় ছিলেন—
• অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ
• অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
• অভিনেত্রী পারসা ইভানা
• অভিনেত্রী কেয়া পায়েল
• অভিনেতা জিয়াউল হক পলাশ
• অভিনেতা মিশু সাব্বির
• উপস্থাপিকা নীল হুরে জাহান
• কণ্ঠশিল্পী প্রীতম হাসান
• এ্যাশেস ব্যান্ড
• কণ্ঠশিল্পী তোশিবা
• সাংবাদিক ও ২৪ আওয়ার বিডি পত্রিকার সম্পাদক ইমারত হোসেন
• বিশিষ্ট ব্যবসায়ী অজয় কুন্ড, আমজাদ, লিটন আহমেদ, সুকান্ত

সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ-এর হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া। উপস্থিত দর্শকগণ দাঁড়িয়ে সম্মান জানান এই অভিনয়গুণীকে।

অনুষ্ঠানের শেষভাগে আয়োজকরা ঘোষণা দেন,
➡ “রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড” আগামী বছর অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে, যা দেশের সংস্কৃতি ও আন্তর্জাতিক সংযোগকে আরও গভীর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক গর্ব, ঐক্য ও অনুপ্রেরণার এক নতুন অধ্যায় রচনা করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং আন্তর্জাতিক মানে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

“রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫”-এ শ্রেষ্ঠ সাংবাদিকের সম্মাননা পেলেন ইমারত হোসেন

বাংলাদেশি গণমাধ্যমের আন্তর্জাতিক স্বীকৃতি

কানাডা প্রতিনিধি:
১৩ জুলাই, কানাডার মন্ট্রিয়লের শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত “রং ইন্টারন্যাশনাল বাংলা স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫”-এ শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা পেলেন বিশিষ্ট সাংবাদিক ২৪ আওয়ার বিডি পত্রিকার সম্পাদক ইমারত হোসেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ইমারত হোসেন দেশের গণমাধ্যম জগতে একজন নির্ভরযোগ্য ও প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন প্ল্যাটফর্ম—সবখানেই তাঁর রয়েছে সক্রিয় ও সম্মানজনক উপস্থিতি।

পুরস্কার গ্রহণের সময় ইমারত হোসেন বলেন,

“এই সম্মান শুধু আমার একার নয়, এটি বাংলাদেশি সাংবাদিকতার জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি। প্রবাসেও আমাদের কণ্ঠ, আমাদের দায়িত্ববোধ পৌঁছে দেওয়ার এটাই প্রেরণা।”

তিনি আরও বলেন,

“গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশ নয়, এটি জাতির বিবেক। আগামী দিনগুলোতেও আমি সাংবাদিকতার নীতিশৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, www.24hourbd.com পত্রিকাটি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ, মতামত ও জাতীয় ইস্যুতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে, যার নেতৃত্বে রয়েছেন ইমারত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অতিথিরা standing ovation দিয়ে এই সাংবাদিককে সম্মান জানান।

এই সম্মাননা শুধু ইমারত হোসেনের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের সাংবাদিকতা ও সংবাদপত্র শিল্পের জন্যও এক অনন্য অর্জন।