মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ছাত্রদল-এনসিপির সমাবেশ : পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

রাজধানীর শাহবাগ ও এর আশপাশে তিনটি কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় আজ (৩ আগস্ট) যানচলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।
পাশাপাশি এদিন এইচএসসি পরীক্ষা থাকায় জনদুর্ভোগ এড়াতে ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে পুলিশ। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে (১-৪ অগস্ট) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে। এছাড়াও রবিবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কগুলো হলো

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

মিয়ামিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন লিওনেল মেসি। তবে গুঞ্জন চলছে, আর্জেন্টাইন তারকা ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে পারেন ক্লাবটির সঙ্গে। আবার কিছু গণমাধ্যম দাবি করছে, নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। এমন পরিস্থিতিতে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, ক্লাবেই থাকার ব্যাপারে আশাবাদী তিনি।

লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মাসচেরানো। তিনি বলেন, “আমরা সবাই চাই মেসি চুক্তি নবায়ন করুক। এটা ক্লাব ও মেসির মধ্যকার বিষয়, আলোচনা চলতে পারে গোপনে। যদি সমঝোতা হয়, সেটা সময়মতো জানানো হবে। আমি নিজেও নানা গুঞ্জন শুনেছি, তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী—সে আমাদের সঙ্গেই থাকবে।”

২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে মায়ামিতে যোগ দেন মেসি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গাজা নিয়ে নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতি নিয়ে একটি নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে। তাই গাজায় কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে—তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, যদি হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত না হয়, তবে এই সিদ্ধান্ত আগামী সপ্তাহে আসবে। সূত্রটি বলেছে, এই সপ্তাহে আর কোনো সিদ্ধান্ত আসছে না।

ইসরায়েলি সরকারের ভেতরে গাজা নিয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত—তা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ গাজা শহর ও অন্যান্য জনবহুল এলাকাগুলো ঘিরে রাখার পক্ষপাতী, আবার কেউ কেউ সরাসরি শহর ‘জয় করার’ পরিকল্পনার পক্ষে, বলেছে সূত্রটি।

বৃহস্পতিবার একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতি নিয়ে একটি নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে, কারণ হামাস যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় আলোচনাগুলো থেকে সরে এসেছে।

তিনি আরো বলেন, ‘একই সময়ে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বৃদ্ধি ও সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য একযোগে কাজ করবে।
’

দুইটি সূত্র জানিয়েছে, হামাসের এই আলাপ থেকে সরে আসার বিষয়টি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কাতারের দোহায় আলোচনায় পাঠানো প্রতিনিধিদের প্রত্যাহারের পর। তখন মার্কিন দূত স্টিভ উইটকফ অভিযোগ করেছিলেন, হামাস ‘অসৎভাবে’ আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে এরপরও, একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন যে হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন করে, তাহলে তারা আবার দোহায় আলোচনায় ফিরতে প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার হামাস জানায় যে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে এর আগে গাজার মানবিক পরিস্থিতির ‘উল্লেখযোগ্য উন্নতি’ ঘটাতে হবে।

এই ভঙ্গুর শান্তি আলোচনা চলছে এমন এক সময়ে, যখন গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে এবং বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে।

নতুন চ্যালেঞ্জের খোঁজে টটেনহাম ছাড়ছেন সন

টটেনহাম হটস্পামের দীর্ঘদিনের অধিনায়ক এবং দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড হিউং মিন সন এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত এক দশক ধরে স্পার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো সন, এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ শিরোপা জিতে ক্লাবের ১৭ বছর ধরা ট্রফি শূন্যতা দূর করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সন জানিয়েছেন, তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য টটেনহাম থেকে বিদায় নিচ্ছেন। ‘১০ বছর খুব দীর্ঘ সময়।
আমি এখন নিজেকে নতুন পরিবেশে চালেঞ্জ নিতে চাই,’ বলেন সন। তিনি টটেনহাম সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবাই আমার এই সিদ্ধান্তকে সম্মান করবেন বলে আমি আশা রাখি।’

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস এফসি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। ক্লাবের নতুন কোচ থমাস ফ্র্যাঙ্ক নিশ্চিত করেছেন, রবিবার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম বন্ধুত্বপূর্ণ ম্যাচে সন অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন, যা তার টটেনহ্যামের হয়ে শেষ ম্যাচ হতে পারে।

২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেওয়া সন, ক্লাবের হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন এবং প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করেছেন।

যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪, সন্দেহভাজনের খোঁজে চলছে অভিযান

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরের একটি বারে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে শহরের আউল বারে এই হামলার ঘটনা ঘটে।

মন্টানা অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন।
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ওই ব্যক্তি সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক। সতর্কতা হিসেবে স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা বদ্ধ করে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, অ্যানাকোন্ডার পাশের গ্রেনাইট কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে টাই-ডাই শার্ট, নীল জিন্স ও কমলা ব্যান্ডানা পরা অবস্থায় দেখা গেছে।

আনুমানিক ১০ হাজার জনসংখ্যার শহর অ্যানাকোন্ডা মন্টানার দক্ষিণ–পশ্চিমাঞ্চলে অবস্থিত।
এটি একসময় তামা গলানোর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

সন্দেহভাজন মাইকেল পল ব্রাউনের বয়স ৪৫। তিনি ওই বারের কাছেই বসবাস করতেন এবং একসময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সেখানকার সোয়াট টিম সন্দেহভাজনের বাসায় অভিযান চালিয়েছে।

এছাড়া এফবিআই ও যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ)–এর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এক বিবৃতিতে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে, মন্টানার সিনেটর স্টিভ ডেইনস জানিয়েছেন, পুলিশ এখন ড্রোনের সাহায্যে চিরুনি অভিযান চালাচ্ছে।

অ্যানাকোন্ডার গুজটাউন এলাকায় অবস্থিত আউল বারটি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
মূলত তামাশ্রমিকদের কাছে মদ বিক্রির জন্য এটি খোলা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই গুলির ঘটনা ঘটে। বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, মন্টানার এই ঘটনাটি নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত দেশটিতে ২৫৬টি ‘ম্যাস শুটিং’-এর ঘটনা ঘটেছে।

এই সংস্থা সে ঘটনাকেই ‘ম্যাস শুটিং’ হিসেবে চিহ্নিত করে, যেখানে বন্দুকধারী বাদে অন্তত চারজন হতাহত হন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ বাংলাদেশি। গতকাল শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য সান।

নিহতরা হলেন— মো. সাব্বের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহত দুই ব্যক্তি হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, টয়োটা আভাঞ্জা মডেলের গাড়িতে তারা কুয়ান্তান থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক সাব্বের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। এই ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে তদন্ত করা হচ্ছে।
পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

কলম্বিয়ার সমতা মন্ত্রী হচ্ছেন প্রাক্তন পর্ন অভিনেতা, বিতর্কের ঝড়

ধর্মীয়ভাবে রক্ষণশীল ও ক্যাথলিক দেশ কলম্বিয়ায় বিতর্কের ঝড় তুলেছে এক নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে। শুক্রবার একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, একজন সাবেক পর্ন অভিনেতা এবং সমকামী অধিকার কর্মী কলম্বিয়ার নতুন সমতা মন্ত্রী হবেন। জুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে শিগগিরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তাকে এমন একটি দপ্তরের দায়িত্বে বসানো হবে, যার কাজ হলো সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি সামাজিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা ও সেবার নিশ্চয়তা প্রদান করা।
এর আগেও ফ্লোরিয়ান জুনিয়র মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তিন বছর আগে ক্ষমতায় আসার পর থেকে তার বামপন্থী সরকারের মন্ত্রিসভায় ৫০ জনেরও বেশি মন্ত্রী পরিবর্তিত বা পদত্যাগ করেছেন। এই নিয়োগ সেই ধারাবাহিকতায় আরো একটি নতুন সংযোজন। তবে ফ্লোরিয়ানের অতীত ও পরিচয় তাকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

অনেকেই একে সমাজে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির পথে অগ্রগতি হিসেবে দেখলেও, ক্যাথলিক গির্জা ও রক্ষণশীল মহলে এটি সমালোচনার মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কলম্বিয়ার সমাজ ও রাজনীতিতে নতুন করে বিভাজনের রেখা টানতে পারে।

সূত্র: এএফপি

হাসপাতালে জামায়াত আমির, চলছে ওপেন হার্ট সার্জারি

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। এখন সার্জারি চলছে।

শনিবার সকাল সাড়ে ৭টার পর তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। জামায়াতে ইসলামীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।
এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে ৩টি বেশি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশের মতো ব্লক। গুরুতর তিনটি ব্লক অপসারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।
তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে : উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনামসজিদ অনেক পুরোনো ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ২০০৬ সালে এই বন্দর প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে এই বন্দর আন্ত:দেশীয় বানিজ্যের সংযোগও হতে পারে। কাজেই এটি সম্প্রসারণ করা দরকার।
পরিধী বাড়ানো দরকার। আমরা বিশ্বব্যাংককে দিয়ে কয়েকটি বন্দর করিয়েছি। যদি সম্ভব হয়, পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের নতুন প্রকল্প থাকে, তবে তারা নিলে সোানামসজিদের সম্প্রসারণ সহজ হবে।

শুক্রবার (১ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনমসজিদ স্থলবন্দর পরিদর্শণে এসে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত।

উপদেষ্টা আরো বলেন, বন্দরে কিছু সমস্যা রয়েছে। এসব দেখার জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একটি ৩ কিলোমিটার সড়ক করতে হবে। বন্দরের ইয়ার্ড তৈরির জন্য জায়গা জমি দেখা হচ্ছে।
কিছু জমি রয়েছে খাস। আবার কিছু ব্যাক্তি মালিকানাধীণ। সেগুলো নিলে খরচ হবে। জেলা প্রশাসন সকল সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার সেটিসহ পরিকল্পনা পাঠালে ব্যয় বোঝা যাবে। তখন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া যাবে।

শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। তিনি বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা চেয়ারম্যান আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবাসহ প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

এরপর বিকাল ৫টায় উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য ১৫ জনের মাঝে এ চেক বিতরণ করা হয়।

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী ৫ আগস্টের আগেও হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান যারা করেছেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ-অভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে। ৫ আগস্টের আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে।

শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র।
জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে। সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।

তিনি আরো বলেন, এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কি না, তা আমরা এখনো জানি না। আমরা মনে করি, মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেন্সাস আছে, ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে।