সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে।’

রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।
’

তিনি বলেন, ‘আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।’

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।
’

তিনি বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে।
তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’

রাজস্থান নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্যালস ছেড়ে যেতে চেয়ে দলকে ইঙ্গিত দিয়েছেন সঞ্জু স্যামসন। এই খবর ইতিমধ্যেই শোরগোল তুলেছে ক্রিকেট মহলে। দীর্ঘ জল্পনার পর অবশেষে রাজস্থান নিয়ে মুখ খুললেন সঞ্জু। রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্ট ‘কুট্টি স্টোরিজ’-এ দেওয়া সাক্ষাৎকারটিকে অনেকেই রাজস্থানের উদ্দেশে ‘বিদায়বার্তা’ হিসেবে দেখছেন।

সঞ্জু স্যামসনের কথায়, ‘রাজস্থান আমার কাছে গোটা বিশ্বের সমান। ছোট্ট কেরলের গ্রামের এক ছেলে হিসেবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছি এখান থেকে। রাহুল দ্রাবিড় স্যার এবং মনোজ বাদালে স্যার আমাকে সেই মঞ্চটা দিয়েছেন। গোটা বিশ্বকে দেখানোর সুযোগ দিয়েছেন যে আমি কী।
তখন ওনারা সব সময় আমার ওপর আস্থা রেখেছেন। তাদের আস্থায় আমার পথচলা শুরু। রাজস্থানের সঙ্গে আমার যাত্রাপথ খুবই সুন্দর, এই দলের সদস্য হতে পেরে আমি কৃতজ্ঞ।’

তবে সাক্ষাৎকারের শেষ অংশে সঞ্জুর দেওয়া কিছু বাক্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
অনেকের মনে প্রশ্ন জাগছে—অর্থাৎ তাহলে কি আর রাজস্থানের ওপর তার আস্থা নেই? দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কেও কি ফাটল ধরেছে? এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি।

অন্যদিকে ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের প্রশংসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সঞ্জু। দীর্ঘ সময় জাতীয় দলে সুযোগ না পাওয়া ও হতাশায় ভোগার পর গম্ভীর যে আস্থা দেখিয়েছেন, তার জন্য সঞ্জু মন থেকে কৃতজ্ঞ।

সঞ্জু জানান, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক কিছু বদলে গিয়েছিল। দীলিপ ট্রফিতে বিপক্ষ দলে থাকা অধিনায়ক সূর্যকুমার যাদব আমাকে বলেছিল, ‘ভাই, সামনে তোমার জন্য দারুণ সুযোগ আসছে, সাতটা ম্যাচে তোমাকে ওপেনার হিসেবে খেলাতে চাই।
’ অধিনায়ক থেকে এমন কথা শুনে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম।”

সে জন্য হতাশার মুহূর্তগুলোয় গম্ভীরের সাহায্য ছিল বড় ভূমিকার। “শ্রীলঙ্কায় দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলাম। তখন গৌতম ভাই এসে জিজ্ঞাসা করেছিলেন, কী হয়েছে? আমি হতাশা প্রকাশ করেছিলাম। তিনি বলেছিলেন, ‘যদি ২১ বার শূন্য রান করেও খেলে যাও, তাহলে তবেই তোমাকে বাদ দেব।’ অধিনায়ক এবং কোচের এই আস্থা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।”

৮ উপদেষ্টাকে নিয়ে সাবেক সচিবের বক্তব্য প্রত্যাখ্যান সরকারের

সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, সেটিকে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে; যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন।
আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভারে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জন-আস্থার জন্য ক্ষতিকর।’

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য
বাংলাদেশ অ্যাডমেনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শুক্রবার অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে গিয়ে দু-একটি গণমাধ্যম উপদেষ্টাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যা অ্যাসোসিয়েশনের বক্তব্য নয়। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
অন্তর্বর্তী সরকার দৃশ্যমান সংস্কার কার্যক্রমসহ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছে।

বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটে অ্যালেক্স মার্শাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার ঢাকায় অনুষ্ঠিত সভায় তিনজন নতুন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। জুলিয়ান উড তিন মাসের জন্য বিশেষ ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। পাওয়ার হিটিংয়ে দক্ষ এই কোচ সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন।

অ্যালেক্স মার্শাল এক বছর মেয়াদে বিসিবির অ্যান্টি-করাপশন বিভাগে কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
মার্শাল গত বছর সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার ছিলেন। বিসিবির মিডিয়া কমিটির সভাপতি ইফতেখার রহমান বলেন, তারা মার্শালের মাধ্যমে বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিটকে ‘উন্নত’ করতে চায়।

তিনি আরো জানান, আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট এবার বিপিএলের অ্যান্টি-করাপশন তদারকির কাজ করবে। বর্তমানে ২০২৪-২৫ মৌসুমের বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে করাপশন তদন্ত চলছে।

পূর্বে বিসিবির কিউরেটর পদে থাকা টনি হেমিংকে আবারও দুই বছরের জন্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর কিউরেটরদের তত্ত্বাবধান করবেন এবং কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন। গামিনি সিলভাকে এক বছরের জন্য পুনরায় বর্ধিত করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহকে দেশের নতুন প্রথম শ্রেণির দল হিসেবে ঘোষণা করা হয়েছে।
তারা ঢাকা মেট্রোপলিসের জায়গায় ন্যাশনাল ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে। তবে আগামী এনসিএল টি-টোয়েন্টিতে তাদের সুযোগ না পাওয়া গেলেও পরবর্তী আসরে তারা অংশ নেবে।

ফাইনালে বাংলাদেশ ও দ. আফ্রিকা মুখোমুখি আজ

হারারেতে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের আগে লিগ পর্বে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচের দুটিতে জিতেছেন বাংলাদেশের যুবারা। আরেকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা যুবাদের বিপক্ষে এই দাপট স্বাভাবিকভাবে আজও ধরে রাখতে চাইবে বাংলাদেশ। লিগ পর্বেও বেশ দাপুটে ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছেন জাওয়াদ আবরার-আজিজুল হাকিমরা। সেটিও দক্ষিণ আফ্রিকা যুবাদের বিপক্ষে।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই জয় আর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচের চারটিতে জিতেছে। তাদের দুটি হারই বাংলাদেশের বিপক্ষে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন সোমবার

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই সেখানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী মঙ্গলবার মালয়েশিয়ায় দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

ওইদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম।
দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।

বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র ক্ষমতায় আসে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের দুই মাস পর, গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন।
যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সফর ছিল।

ফেব্রুয়ারির নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ বাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে অন্তত ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কিনছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডিক্যামের ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, এই ডিভাইসগুলো দেশের হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো জানান, আমরা অক্টোবরের মধ্যে বডিক্যামগুলো কেনার লক্ষ্য নিয়েছি, যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসহ এর মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে যথেষ্ট প্রশিক্ষণ নিতে পারেন।

এ বিষয়ে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করেছে বাংলাদেশ। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কনস্টেবলরা এগুলো বুকে ধারণ করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং হাজারো পুলিশ সদস্যের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যে কোনো মূল্যে দেশের সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।’

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা প্রকাশ করেন।

অ্যাপটিতে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারঅ্যাকটিভ সুবিধাসহ ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অ্যাপটি দ্রুত চালু করতে এবং দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য করতে।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ৩ হাজার ৫৫৯ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই দিনে ৩ হাজার ৫৫৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেন।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রোনালদোর ক্লাবে গেলেন বার্সেলোনা ডিফেন্ডার

স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে জর্জ জেসুসের দল। ২০২৬ সাল পর্যন্ত আল নাসরের জার্সিতে খেলবেন তিনি।
এর আগে চলতি গ্রীষ্মে চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টেনেছে সৌদি জায়ান্টরা।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জেতা মার্তিনেজ পেশাদার ক্যারিয়ার শুরু করেন রিয়াল সোসিয়েদাদে। ২০১৮ সালে যোগ দেন অ্যাথলেটিক বিলবাওতে এবং ২০২৩ সালে পাড়ি জমান কাতালান ক্লাবে। এখন পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে ৭১ ম্যাচ খেলেছেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তি নবায়ন করার পর নতুন মৌসুমে শক্তি বাড়াচ্ছে আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে দলটি।

লিভারপুল ছেড়ে সৌদি লিগে উরুগুইয়ান তারকা

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজ সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। শনিবার দুই ক্লাবই তিন বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি, তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, আল হিলাল নুনেজের জন্য লিভারপুলকে ৫৩ মিলিয়ন ইউরো (প্রায় ৬১.৬৯ মিলিয়ন ডলার) পরিশোধ করেছে। ইতিমধ্যে তিনি জার্মানিতে দলের প্রি-সিজন ক্যাম্পে যোগ দিয়েছেন।

২০২২ সালে বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে আসা নুনেজ দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে ৪০ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছিলেন। তবে গত মৌসুমে শিরোপা জয়ের দলে তিনি নিয়মিত ছিলেন না, লিগে মাত্র আট ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়ে পাঁচ গোল করেন।

নুনেজের বিদায়ে লিভারপুলের গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের অংশ মেটানো সহজ হবে। ক্লাবটি ইতিমধ্যেই জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজ ও ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকেকে রেকর্ড অঙ্কে দলে নিয়েছে।

সিমোনে ইনজাগির কোচিংয়ে আল হিলাল গত মাসে ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইতিহাস গড়ে। এবারের মৌসুমে দলটি রেকর্ড-বর্ধিত ২০তম সৌদি প্রো লিগ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। নুনেজের পাশাপাশি এসি মিলান থেকে ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজকেও দলে নিয়েছে তারা।