সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

টেক্সাসে সুপারমার্কেটের পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃত্যু হয়েছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি দুটি গাড়িও চুরি করেছে। টেক্সাসের রাজধানী অস্টিনে সোমবার (স্থানীয় সময়) একটি টার্গেট স্টোরের (সুপার মার্কেট) পার্কিং লটে এই গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় শহরের অন্য প্রান্ত থেকে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস।

ডেভিস জানান, সন্দেহভাজন ওই ব্যক্তির বয়স ত্রিশের কোঠার এবং তার মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে বলে জানা গেছে। পুলিশ এখনো হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণে কাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পুলিশের কাছে গুলির খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পায়।
তাদের মধ্যে এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলেই মারা যান, অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ডেভিস জানান, পার্কিং লট থেকে চুরি করা গাড়ির মালিকই সম্ভবত নিহতদের একজন। হামলার পর সন্দেহভাজন প্রথমে একটি গাড়ি চুরি করে পালান। পরে সেটি দুর্ঘটনার শিকার হলে একটি গাড়ি ডিলারশিপ থেকে আরেকটি গাড়ি চুরি করে পালান।
প্রায় ২০ মাইল দূরে দক্ষিণ অস্টিনে গিয়ে পুলিশ তাকে আটক করে।

ডেভিস বলেন, ‘আজ অস্টিনের জন্য একটি অত্যন্ত দুঃখজনক দিন। আমার সমবেদনা নিহতদের পরিবারের প্রতি।’ স্থানীয় বাসিন্দা ২২ বছর বয়সী লনি লি বলেন, তিনি ও তার বোন কিছুক্ষণ আগেই টার্গেট স্টোরে ছিলেন এবং দুপুরের খাবারের পর আবার ফিরে এসে দেখেন পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। লি বলেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান ছিলাম।
কিন্তু সবাই ততটা ভাগ্যবান ছিলেন না।’ এই ঘটনার সময় অনেকেই স্কুল শুরুর আগে কেনাকাটা করছিলেন।

টার্গেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। আমাদের অস্টিন দলের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবারর জন্য শোক ও সহানুভূতি জানাই।’ তারা কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করবে বলেও জানায়। অস্টিনের মেয়র কির্ক ওয়াটসন এক্স-এ (পূর্বের টুইটার) এক বার্তায় বলেন, ‘আমার সমবেদনা নিহতদের পরিবারের জন্য। এটি এক জঘন্য, কাপুরুষোচিত সহিংসতা।’

এই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে। মিশিগানের ওয়ালমার্ট স্টোরে হামলার মাত্র দুই সপ্তাহেরও বেশি সময় পরে টার্গেট গুলি চালানোর ঘটনাটি ঘটল। ২৬শে জুলাই ট্র্যাভার্স সিটি স্টোরে ১১ জনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং একাধিক হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সূত্র : এপি

এবার ইউরোজয়ী ফরোয়ার্ডকে দলে ভেড়াল আতলেতিকো

নতুন মৌসুম সামনে রেখে দল আরো শক্তিশালী করছে আতলেতিকো মাদ্রিদ। সর্বশেষ সংযোজন ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরি। নাপোলি থেকে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

আতলেতিকো সোমবার জানায়, ২৫ বছর বয়সী রাসপাদোরির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা।
ইতালির গণমাধ্যমের খবর, এ জন্য লা লিগার দলটির খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ ইউরো। গ্রীষ্মের দলবদলে এটিই তাদের সপ্তম সাইনিং।

রাসপাদোরি ২০২২ সালে সাস্সুয়োলো থেকে ধারে নাপোলিতে যোগ দেন। প্রথম মৌসুমেই সিরি আ জেতেন তিনি।
পরের মৌসুমে তাকে স্থায়ীভাবে কিনে নেয় নাপোলি। গত মৌসুমেও লিগ শিরোপা জয়ের দলে ছিলেন এই ফরোয়ার্ড। নাপোলির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৯ ম্যাচে করেছেন ১৩ গোল, করিয়েছেন ১০টি। বেশির ভাগ সময়ই মাঠে নেমেছেন বদলি হিসেবে।

২০২০ সালের ইউরোজয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ৯ গোল করেছেন তিনি।

বিচ্ছেদ গুঞ্জনে এক হয়ে ফিরলেন ঐশ্বরিয়া-অভিষেক

বলিউডে অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। একাধিকবার তাদের বিচ্ছেদের খবর চাউর হলেও, পরে সবই মিলিয়ে গেছে হাওয়া হয়ে। সম্প্রতি আবারও গুঞ্জন তীব্র হয় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে এ নিয়ে দুই তারকা দম্পতি নিজেরা কিছু জানান না সবটাই গুঞ্জন।

রবিবার (১১ আগস্ট) বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল অভিষেক-ঐশ্বরিয়াকে। ঐশ্বরিয়াকে দেখা গেল লম্বা ঝুলের কালো ব্লেজারে। খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, তার সঙ্গে মানানসই মেকআপ। অভিষেক পরেছিলেন ধূসর রঙের হুডি, তার ওপর ঘি রঙা জ্যাকেট।
মাথায় টুপি। অভিষেকের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ ঐশ্বরিয়া। ভালোবেসে স্ত্রীর কাঁধে হাত রেখেছেন অমিতাভপুত্র। দুজনের মুখেই মৃদু হাসি।

পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি। ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে এবং অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয়নি তাদের সম্পর্কে তিক্ততা আছে।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরো কিছু মধুর মুহূর্তের ভিডিও, যেখানে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে। এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন।
দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।

কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’

বাংলাদেশ-মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক সই

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তি ও নোট বিনিময় হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে রয়েছে- প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত।

এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ড. ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেনের ভূখণ্ড ফেরানোর চেষ্টা করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য কিছু দখলকৃত এলাকা ফেরানোর চেষ্টা করবেন।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বড় একটি অংশ দখল করেছে। তারা মূল্যবান ভূখণ্ড দখল করে রেখেছে। আমরা চেষ্টা করব ইউক্রেনের জন্য সেই ভূখণ্ডের কিছুটা ফেরত পেতে।
’

সপ্তাহের শেষে আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। তিনি দাবি করেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে বসার দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন অগ্রগতি সম্ভব কি না।

ট্রাম্প জানান, শুক্রবারের বৈঠক হবে ‘পরিস্থিতি বোঝার’ এক ধরনের প্রাথমিক আলোচনা, যেখানে পুতিনকে যুদ্ধ বন্ধে আহ্বান জানানো হবে—যা ইঙ্গিত দেয় যে তিনি এই বৈঠককে কেবল প্রাথমিক পর্যায়ের একটি সাক্ষাৎ হিসেবে দেখছেন।

তবে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘কিছু অদলবদল, ভূখণ্ড পরিবর্তন’ হতে পারে।

এটি প্রথমবার নয় যে তিনি ‘ভূমি অদলবদল’ শব্দটি ব্যবহার করলেন, যদিও রাশিয়া কোনো ভূখণ্ড ইউক্রেনকে ফিরিয়ে দিতে পারে তা স্পষ্ট নয়। অন্যদিকে কিয়েভ কখনো রাশিয়ার কোনো ভূখণ্ডের দাবি জানায়নি।

আজ ঢাকা আসছে ইউরোপীয় প্রতিনিধিদল

ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা আসছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত করা।

জার্মানভিত্তিক ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় এই সফরের আয়োজন করেছে। প্রতিনিধিদলে জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স-সহ জার্মানির রাজনীতি, অর্থনীতি এবং সুশীল সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন জানিয়েছেন, এই সফরের লক্ষ্য হলো জার্মানি ও ইউরোপের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক শিক্ষার সুযোগ তৈরি করা।

সফরের সময় প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া, তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে শ্রম অধিকার, শিল্প সরবরাহ এবং দক্ষ শ্রমিক অভিবাসন সম্পর্কে ধারণা নেবে। আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতি সংস্কার নিয়েও অর্থনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে তাদের সংলাপ করার কথা রয়েছে।

বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং বিমসটেকের মতো আঞ্চলিক সংস্থার স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্ব অনেক। এই কারণে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তন এবং দক্ষ শ্রমিক অভিবাসনের মতো বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত। এফএনএফ নিয়মিতভাবে উদার গণতান্ত্রিক মূল্যবোধ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করে থাকে।

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন তিনি।

সোমবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আল-হামদুলিল্লাহ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশদিন পর মঙ্গলবার সকাল ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন।
তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে একটি প্রেস ব্রিফিংও করবেন।

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুত্রজায়ায় তারা বৈঠকে মিলিত হন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুত্রজায়ায় ভিজিটর বইতে স্বাক্ষর করেন।

দ্বিপক্ষীয় বৈঠকের আগে মঙ্গলবার পুত্রজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এসময় পুত্রজায়ায় আগত প্রতিনিধি, কূটনীতিক এবং অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হন আনোয়ার ইব্রাহিম ও ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপক্ষীয় বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা একান্তে কিছুক্ষণ আলাপ করেন।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনারও দেওয়া হয়।

গত বছরের অক্টোবরে ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন।

ইসরায়েলি হামলায় আরো ৪৮ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো একাধিক বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু এবং অন্তত ৫ জন অনাহারে প্রাণ হারিয়েছেন। সোমবার আনাদোলু সংবাদ সংস্থাকে জানিয়েছে চিকিৎসা সূত্র।

চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি যুদ্ধবিমান এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে হামলা চালালে পরিবারের সাতজন সদস্যই নিহত হন।
এছাড়া, দক্ষিণ খান ইউনুসে ত্রাণের জন্য অপেক্ষারত লোকজনের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী, এতে দুই ফিলিস্তিনি নিহত হন।

মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি শিশুর মরদেহ আল-আউদা হাসপাতালে নেওয়া হয়। একই হামলায় আরো চারজন আহত হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

এছাড়া, গাজা সিটির দক্ষিণ-পূর্বের জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় নয় ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে আটজনই শিশু।

আমরা এক দিনও পাঙাশ মাছ খাওয়াই না : নারী উইংয়ের চেয়ারম্যান

ফুটবলে চলছে মেয়েদের জয়জয়কার। বড়দের মতো ছোটরা বাংলাদেশকে এনে দিয়েছে সাফল্য। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে সুযোগ পাওয়া জাতীয় দলের মতো ছোটরাও অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে সুযোগ পেয়েছে।

মাঠের পারফরম্যান্সে তাই প্রশংসায় ভাসছেন মেয়েরা।
এমন আনন্দের সময়ই দেশের ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে সুযোগ-সুবিধা ঠিকমতো পাচ্ছেন তো মেয়েরা। তাদের বেতন নিয়ে অনেকবারই বাফুফেকে সমালোচনার মুখে পড়তে হলেও এবার প্রশ্ন উঠেছে খাবার নিয়ে। মেয়েদের নাকি ঠিকঠাক মতো পুষ্টির চাহিদা মিটছে না।

বাফুফের ডরমেটরিতে পাঙাশ মাছ খাওয়ানোর অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানিয়েছেন, একদিনও পাঙাশ মাছ খাওয়াই না, বেশিরভাগ সময় রুই, মুরগি, গরু-খাসি দেওযা হয়।

বাফুফে ভবনে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কিরণ বলেছেন, ‘পুষ্টিহীনতার কথায় আমি একমত না। বাফুফের ডরমেটরিতে যে খাবার দেওয়া হয়, সেটি পুষ্টিবিদ দিয়ে ডায়েট চার্ট করা।
অনেকেই বলেন আমরা এখানে পাঙাশ মাছ খাওয়াই। আমরা এক দিনও পাঙাশ মাছ খাওয়াই না। বেশিরভাগ সময় রুই মাছ থাকে। থাকে মুরগি, গরু, খাসি ও ডিম। ইলিশ ও পাবদা খেতে চাইলে দেওয়া হয়।
প্রতিদিন তো এমন খাবারই দেওয়া হয়। কেন মিথ্যা নিউজ করা হয়। মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পারে তাহলে তো শক্তি থাকবে না। ৯০ মিনিট খেলতেই পারবে না। ওরা তো ৯০ মিনিট একই ছন্দে খেলে। না খেয়ে খেলে? পাঙাশ মাছ খেয়ে খেলে? না, তাদের পুষ্টি আমরা নিশ্চিত করি। ছোটবেলা থেকে তাদের যে সমস্যা ছিল, সেটা তো আমরা কাটাতে পারবো না।’

লাওসে অনূর্ধ্ব-২০ দলের খাবার খেতে না পারার বিষয়ে কিরণ বলেছেন, ‘একেক দেশের খাবার একেক রকম। লাওসের খাবার তো মেয়েরা খেতে পারে না। বাঙালি খাবার খেতে না পারার কারণে তারা দুর্বল হয়ে পড়ছিল। এ জন্য বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ানোর কথা বলেছিলাম। পিটারের তো সিদ্ধ খাবার ভালো লাগবেই। এটা নিয়ে দ্বিধায় থাকার কিছু নেই।’

বাংলাদেশের মেয়েরা সঠিক পথে আছে এবং ধারাবাহিক উন্নতি করছে জানিয়ে কিরণ আরো বলেছেন, ‘এখান থেকে একটা বিষয় প্রমাণ হয় আমাদের পাইপলাইন অনেক স্ট্রং। যে বছর সিনিয়র টিম কোয়ালিফাই করল, একই বছর বয়সভিত্তিক টিমও কোয়ালিফাই করলো। এতে বুঝতে হবে বাংলাদেশ নারী ফুটবল সঠিক পথে আছে এবং ধারাবাহিকভাবে উন্নতি করছে।’