শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১২ বছর পর নাসিরুদ্দিনের অপমানের জবাব দিলেন ফারহান

বলিউডে অভিনেতাদের নিয়ে জেষ্ঠ্য অভিনয়শিল্পীরা নানাভাবেই আলোচনা-সমালোচনা করে থাকেন। যেমন, ফারহান আকখতারের অভিনয় নিয়ে একবার খোলামেলা আলোচনা করেছিলেন নাসিরউদ্দিন শাহ। এই জ্যেষ্ঠ শিল্পীর মতে, ফারহানের প্রতিভা-ব্যক্তিত্ব দারুণ হলেও তার অভিনয় ভালো লাগে না নাসিরুদ্দিনের। বিষয়টি নিয়ে যে অসম্মানিত ও অপমানিত বোধ করেন ফারহান; সেটা বোঝা গেল তার সাম্প্রতিক এক বক্তব্যে।
২০১৩ সালে ফারহানকে নিয়ে নাসিরুদ্দিন শাহ স্পষ্ট বলেছিলেন, ‘ফারহানের অনেক প্রতিভা আছে; অভিনয়, গান, লেখা, এমনকি রান্নাও জানেন। কিন্তু ফারহান আখতারের অভিনয় আমার ভালো লাগে না। তবে তার প্রথম পরিচালিত সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ ভালো লেগেছিল। আমি তার অভিনয়ের ভক্ত নই; তবে ওকে আমি দারুণ মানুষ মনে করি।’

কিন্তু ১২ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ফারহান। এই অভিনেতা ও নির্মাতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ তার অভিনয় ও ছবিকে নিয়ে অপমান করেছেন, তাই বিষয়টি নিয়ে আর তার সঙ্গে কথা বলতে চাননি।

ফারহান বলেন, ‘আমি ২৫ বছর ধরে কাজ করছি। যাদের আমি চিনি, যাদের কাজ নিয়ে মনে হয়েছে কিছু বলার আছে, তাদের আমি ফোন করেছি বা দেখা করেছি। তবে সেটা ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে করেছি। যদি মনে হয় শুধু প্রকাশ্যে একটা মন্তব্য ছুঁড়ে দিলাম, যেটা আপনাকে তুচ্ছ করছে, তাহলে কেন আমি যোগাযোগ করব? যে মানুষ আপনাকে সম্মানই করে না, তার কাছে কেন যাব?’

জাভেদ আখতারের ছেলে ফারহান আখতার বলিউডে যাত্রা শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে—‘লামহে’ (১৯৯১) এবং ‘হিমালয় পুত্র’ (১৯৯৭) ছবিতে। পরে পরিচালক হিসেবে ‘দিল চাহতা হ্যায়’, ‘লক্ষ্য’ ও ‘ডন’তাকে আলোচনায় নিয়ে আসে। এর পরে অভিনয়ে আসেন তিনি; ‘রক অন!’, ‘লাক বাই চান্স’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান।

৩৩০০ কোটির ফরোয়ার্ডদের ব্যর্থতায় ইউনাইটেডের হার

চলতি দলবদলের বাজারে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণভাগের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা খরচ করেছে ক্লাবটি। কিন্তু আসরে নিজেদের প্রথম ম্যাচে সে তুলনায় একদম কিছুই পায়নি রেড ডেভিলরা। ফরোয়ার্ডদের ব্যর্থতায় ভালো খেলেও হার দিয়ে মৌসুম শুরু করেছে রুবেন আমোরিমের দল।

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই আর্সেনালের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। দুই দলের লড়াইয়ে গানারদের কাছে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন রিকার্দো কালাফিওরি।

ম্যাচ জুড়ে বল দখল কিংবা আক্রমণে অনেকটা এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে দলটি। বিপরীতে খুব একটা ভালো খেলতে না পারা আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল। এর মাঝেই জয়ের জন্য প্রয়োজনীয় ৩ পয়েন্ট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

গোলরক্ষক আলতাই বায়িন্দির ভুলে ম্যাচের ত্রয়োদশ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টায় সফল হননি তিনি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি। ৩০তম মিনিটে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। বাঁ দিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে বাধা পায়।

আট মিনিট পুর দুরূহ কোণ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহার শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। প্রিমিয়ার লিগ অভিষেকে নিষ্প্রভ আলোচিত স্ট্রাইকার ভিক্তর গিওকেরেসকে এক ঘণ্টার মাথায় তুলে নেন আর্সেনাল কোচ। তার বদলি নামানো হয় কাই হাভার্টজকে।

৭৩তম মিনিটে আরেকটি দারুণ সেভে স্বাগতিকদের হতাশ করেন রায়া। ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোর হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক। বাকি সময়েও কয়েকটি সুযোগ পায় ইউনাইটেড, কিন্তু গোলের দেখা পায়নি তারা। এদিকে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত বেড়ে ৬২ হাজার ছুঁই ছুঁই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান।

এছাড়া বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৪ ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নেওয়ার সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ শিশু রয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু দাঁড়াল ২৫৮ জনে, যার মধ্যে ১১০ শিশু।

মন্ত্রণালয় বলছে, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে ২৪ লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এরপর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় পূর্ণাঙ্গ হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। এরপর থেকে শুধু এ সময়েই ১০ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৪৩ হাজার ৮৪৫ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একইসঙ্গে গাজায় যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।

কনসার্ট বাতিলে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি, যা বলল আর্টসেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফরম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের। তবে কনসার্টের আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় তারা। এতে ক্ষুব্ধ হন আয়োজক ও শিক্ষার্থীরা।

এবার প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আর্টসেলের কাছে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন লেখেন, ‘কালচারাল ফ্যাসিস্ট Artcell, Lincoln Artcell, আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’

তিনি জানান, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের হিসাব তৈরি করা হয়েছে। দাবি পূরণ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যান্ডটির আগামীর কানাডা সফর বাতিলের দাবিও তুলবেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে আর্টসেলের ম্যানেজার মাহের গণমাধ্যমে বলেন, ‘আমাদের ব্যান্ডের ভোকাল লিংকন ভাই শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আমরা ব্যস্ত আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য পরে জানানো হবে।
’

এর আগে অন্য এক পোস্টে আয়োজক অভিযোগ করেন, ‘আর্টসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রেখে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে। …তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসের কুকুরগুলোকে খাওয়াব।’

পাসপোর্ট ও ভিসা কর্মকর্তাদের দুর্নীতিতে না জড়ানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কর্মকর্তাদের দেশের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তাদের কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না।

রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

উপদেষ্টা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। মূলত তারাই রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছেন। আর এ প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শ্রমিক শ্রেণির।
সুতরাং পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের তাদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা মিশনের অন্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, যাতে একটি সুন্দর কর্মপরিবেশ বা আবহ বিরাজ করে।

কর্মকর্তাদের পেশাদারি, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে।

আগস্টের ১৭ দিনে ১৬১ কোটি ডলার রেমিট্যান্স

আগস্টের ১৭ দিনে এক বিলিয়ন ডলারের বেশি (১৬১ কোটি ৯০ হাজার ডলার) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, আগস্টের ১৭ দিনে ১৬১ কোটি ৯০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।
এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু স্থগিত

মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছে, সম্প্রতি কিছু অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসার ইস্যু প্রক্রিয়া ও পদ্ধতি ‘সম্পূর্ণ ও বিস্তৃতভাবে পর্যালোচনা’র জন্য এই বিরতি দেওয়া হয়েছে।

অন্যদিকে এই সিদ্ধান্তের কারণে কিছু ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা সমালোচনা জানিয়েছে। প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড তাদের বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত ‘গাজা থেকে আহত ও গুরুতর অসুস্থ শিশুদের জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আনার ক্ষমতার ওপর ধ্বংসাত্মক ও অপরিবর্তনীয় প্রভাব ফেলবে’।

পররাষ্ট্র দপ্তরের নীতি পরিবর্তন এমন এক সময় এলো, যখন উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট লরা লুমার একাধিক পোস্টে ভিসা প্রগ্রামের সমালোচনা করেন এবং ট্রাম্প প্রশাসনকে ‘এই অমানবিক কার্যক্রম বন্ধ করতে’ আহ্বান জানান। তিনি শনিবার পরবর্তীতে এক পোস্টে এই নীতি পরিবর্তনের জন্য কৃতিত্ব গ্রহণ করেন এবং মার্কো রুবিওকে ধন্যবাদ জানান ভিসা স্থগিত করার জন্য।

প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড জানিয়েছে, তারা ২০২৪ সালে গাজা থেকে ১৬৯ শিশুকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে তাদের চিকিৎসা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের মধ্যে গাজার বেশির ভাগ চিকিৎসা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন সেখানে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। মানবিক সংস্থাগুলো অভিযোগ করেছে, মার্চ মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি অবরোধের কারণে গাজায় যথেষ্ট খাবার পৌঁছাতে বেসরকারি সংস্থাগুলোকে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সরকার বলছে, সহায়তাসংক্রান্ত বিধিগুলো হামাসের দখলে খাবার না যাওয়ার জন্য নেওয়া হয়েছে।

জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা, মানবিক সংস্থা ও গাজা থেকে প্রতিবেদন করা সাংবাদিকরা খেয়াল করেছেন, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিয়েছে।
জুলাইয়ের শেষের দিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্সের সঙ্গে যুক্ত হয়ে বিবিসি একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে, গাজায় সাংবাদিকরা অনাহারের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

বিবৃতিতে আরো লেখা হয়েছে, ‘বেশ কয়েক মাস ধরে, এই স্বাধীন সাংবাদিকরা গাজার মাটিতে বিশ্বের চোখ ও কান হিসেবে কাজ করছেন। তারা যে পরিস্থিতি প্রতিবেদন করেছেন এখন তারা তার সমান কঠিন অবস্থার মুখোমুখি।’

জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ‘বাস্তবিকভাবে দুর্ভিক্ষ’ দেখা দিয়েছে, তবে তার প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি স্থিরভাবে সমর্থন রেখেছে।

পার্থ স্কর্চার্সকে ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নেপালকে হারিয়ে গতকাল টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’। জয়ের ধারা অব্যাহত রাখতে আজ পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের দল।

প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ১২৪ রানের লক্ষ্যও দিয়েছে বাংলাদেশ। অথচ গতকাল ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল সোহানের দল।
অবশ্য ইনিংসের শুরুতে যে অবস্থা ছিল তাতে এই সংগ্রহটাও দাঁড় করানো মুশকিল ছিল। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে বলের থেকে ৪ রান বেশি লক্ষ্য দেওয়ার সুযোগটা পেয়েছে আফিফ হোসেনের কাঁধে ভর করে।

কেননা ৪ নম্বরে নেমে অপরাজিত ৪২ রানের ইনিংসটা না খেললে এক শর নিচেই থামতে হতো বাংলাদেশকে। ইনিংসটি সাজিয়েছেন ৪ চারে।
বাংলাদেশের আর কোনো ব্যাটারই ২০ রানের ঘর পার করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে দশম ব্যাটার রাকিবুল হাসানের ব্যাট থেকে।

দলীয় ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এ সময় ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত লড়ে যান আফিফ।
কিন্তু অন্য প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। পরে সোহান (১৪) এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর (১৪) সঙ্গে ছোট্ট দুটি জুটি গড়ে দলকে এই সংগ্রহ এনে দেন আফিফ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রাইস জ্যাকসন।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ রোগী

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৬ ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১০৫ জনের মৃত্যু হলো।
সর্বশেষ মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ করপোরেশনের বাসিন্দা।

রবিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ২৫ হাজার ১১ জন রোগী ছাড়পত্র পেয়েছে।

ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ অনুমতি পেয়েছে।

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টনের অনুমতি দিয়েছে সরকার।
তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যেকোনো সময় এবং তাদের সবধরনের সহযোগিতা দেওয়া হবে।

অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো হিলি সততা বাণিজ্যালায়, নাশাত ট্রের্ডাস, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রের্ডাস ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যক আমদানিকারক ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নূর ইসলাম বলেন, ‘সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে সেটা খুবই কম।
এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। মাত্র ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে, যা একটি ভারতীয় ট্রাকে আসবে। আগে দুই হাজার থেকে পাঁচ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো। কিন্ত সেটা এবার সরকার করছে না।
এতে আমরা বিপাকে পড়েছি ‘ তিনি বলেন, ‘এলসি করছি, সব কিছু ঠিকঠাক থাকলে আজ (রবিবার) বিকেলে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।’

এদিকে পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। দুই দিন আগে ৭৫ টাকা কেজির পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে সবশেষ চলতি বছরের ৩ মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।