শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

সালমানের আগে শাহরুখকে চেয়েছিলেন ‘সিকান্দার’ পরিচালক!

সালমান খানকে নিয়ে নির্মাণ করা এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। এর মধ্যেই আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই পরিচালকের নতুন তামিল ছবি ‘মাদরাসি’।

মুক্তির আগেই পরিচালক সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানান, ‘মাদরাসি’ ছবিটি প্রথমে হিন্দি ভাষায় তৈরি করার পরিকল্পনা ছিল এবং তিনি বলিউডের বাদশাহ শাহরুখ খান-কে এই চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন।

গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরুগাদোস বলেন, ‘আমি পুরো ছবিটা শাহরুখ খানকে নিয়ে ভাবিনি, তবে তার কাছে এই ছবির মূল চরিত্রটির ধারণা দিয়েছিলাম। প্রায় ৭-৮ বছর আগে আমি তাকে এই চরিত্রের কথা জানাই এবং তিনিও এতে আগ্রহ প্রকাশ করেছিলেন।’

মুরুগাদোস আরো বলেন, ‘সেই সময় আমার কাছে শুধু চরিত্রটি ছিল, পুরো চিত্রনাট্য লেখা ছিল না।
ছবি দেখার পর আপনারা বুঝতে পারবেন আমি চরিত্রের কথা কেন বলছি। সেই সময় সিনেমাটোগ্রাফার রবি কে. চন্দ্রন আমাকে শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ করে দেন। তিনি খুব মিষ্টি ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে আমরা ছবিটি করব। কিন্তু নানা কারণে দেরি হওয়ায় কাজটি আর এগোয়নি।
’

শাহরুখের সঙ্গে আর কাজটি হয়নি। এরপর সালমান খানকে নিয়ে এই পরিচালক নির্মাণ করেন ‘সিকান্দার’। ‘আকিরা’ সিনেমার ৯ বছর পর ‘সিকান্দার’ দিয়ে বলিউডে ফেরেন মুরুগাদোস।

এদিকে শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে পাঠান, জওয়ান এবং ডানকি ছবিতে। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এর ছবি ‘কিং’-এর শুটিং করছেন, যেখানে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন।

তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল।

আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এসময় ছাত্রদল সভাপতি ভিপি-জিএসসহ ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থীর নাম ঘোষণা করেন।
তিনি বলেন, ‘ডাকসুর প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী দেবে না। এই পদে ছাত্রদল ঘোষিত প্যানেল তন্বীকে সমর্থন দেবে।’

ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।

এর আগে গত সোমবার ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দেন জুলাই অভ্যুত্থানে আহত হওয়া সেই সানজিদা আহমেদ তন্বী। তিনি ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

তবে তিনি গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানাতে রাজি হননি। ইশতেহার ঘোষণার পর গণমাধ্যমে কথা বলবেন বলে জানান তন্বী।

বিশ্ব টিকটকে হোয়াইট হাউস, আইনপ্রণেতাদের উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অ্যাপ টিকটকে অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছে হোয়াইট হাউস। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় (অ্যাটহোয়াইটহাউস) নামের অ্যাকাউন্টটি চালু হয়। এটির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বার্তা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চান।

২০২৪ সালের নভেম্বরে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।
তার দাবি, টিকটকের মাধ্যমেই তিনি তরুণ ভোটারদের সমর্থন পেয়েছিলেন। তাই এবারও সেই প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন। গতকাল মঙ্গলবার অ্যাকাউন্টটির প্রথম ভিডিওতে ট্রাম্পকে বলেন, ‘আই অ্যাম ইউর ভয়েজ’। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমেরিকা উই আর ব্যাক, হোয়াটস আপ টিকটক?’

এ ছাড়াও ট্রাম্প তার পুরোনো টিকটক অ্যাকাউন্ট (অ্যাটরিয়েলডোনাল্ডট্রাম্প) ব্যবহার করছেন, যেটির ফলোয়ার সংখ্যা ১.৫ কোটির বেশি।
এ ছাড়া তিনি ট্রুথ সোশ্যাল ও এক্স (পূর্বের টুইটার)-এও মাঝেমধ্যে পোস্ট করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘ট্রাম্প প্রশাসন চায়, প্রেসিডেন্টের সফলতা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছাতে। ট্রাম্প টিকটকে দারুণ সাড়া পেয়েছেন, এখন সেটিকে আরো এগিয়ে নিতে চাই।’

তবে ওয়াশিংটনের অনেক আইনপ্রণেতা চিন্তা করছেন চীনা নিয়ন্ত্রণ নিয়ে।
টিকটকের মূল কম্পানি চীনের ‘বাইট ড্যান্স’। আর অনেকেই মনে করেন, এই অ্যাপে থাকা আমেরিকানদের তথ্য চীনা সরকারের হাতে পৌঁছাতে পারে। ২০২৪ সালে একটি নতুন আইন পাস হয়, যেখানে বলা হয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে যদি ‘বাইট ড্যান্স’ অ্যাপের মার্কিন অংশ বিক্রি না করে, তবে টিকটককে তা বন্ধ করতে হবে।

কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই আইন কার্যকর করেননি। বরং তিনি ডেডলাইন একাধিকবার বাড়িয়েছেন—প্রথমে এপ্রিল, পরে জুন এবং এখন সেটি ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এই বিলম্ব নিয়ে অনেক সাংসদ ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা মনে করছেন ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা উপেক্ষা করছে।

সূত্র : খালিজ টাইমস

বিচ্ছেদেও ঝগড়া থামছে না চাহাল-ধনশ্রীর, টি-শার্টের ‘বার্তা’ ঘিরে নতুন বিতর্ক

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তার সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ শেষ হলেও ঝগড়া থামেনি। সম্প্রতি আদালতে চাহাল একটি কালো টি-শার্টে লিখে হাজির হন, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, যা তৎক্ষণাৎ আলোচনার জন্ম দেয়। তা নিয়ে প্রাক্তন স্বামীকে খোঁচা দিয়েছেন ধনশ্রী।

টি-শার্টের এই লেখা নিয়ে প্রাক্তন স্ত্রীর উদ্দেশে নীরব খোঁচা দিয়েছেন চাহাল।
ধারণা করা হয়েছিল, তিনি ধনশ্রীকে ইঙ্গিত দিতে চেয়েছেন যে নিজের আর্থিক দায়িত্ব নিজেই নিন।

এই প্রসঙ্গে ধনশ্রী ‘ইন্ডিয়া টুডের’ এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি জানেন যে লোকে আপনারই দোষ দেখবে। টিশার্ট নিয়ে এই কেরামতি দেখানোর আগেই আমি বুঝে গিয়েছিলাম যে সকলে মিলে আমাকে দোষী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে। আরে ভাই, একটা হোয়াটস্‌অ্যাপ করে দিতে পারতে।
টিশার্ট পরার কী দরকার ছিল?’

উল্লেখ্য, টি-শার্টের বার্তা নিয়ে ভারতীয় দলের লেগ স্পিনার বলেছিলেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও নাটক করতে চাইনি। আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম। সেটাই দিয়েছি।’

তিনি আরো বলেছেন, ‘উল্টো দিক থেকে অনেক কিছু বলা হচ্ছিল।
প্রথম দিকে কোনো উত্তর দিতে চাইনি। কিন্তু থামার কোনো লক্ষণ দেখছিলাম না। একটা সময় মনে হয়, যথেষ্ট হয়েছে। আমার আর কাউকে নিয়ে ভাবার দরকার নেই। কাউকে দোষারোপ করতে চাইনি।
শুধু একটা বার্তা দিতে চেয়েছি।’

চাহাল সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছিলেন, ভরণপোষণ নিয়ে ধনশ্রীর অযৌক্তিক দাবিতে তিনি বিরক্ত।

ধনশ্রী আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার দিন তিনি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত হব-হব করছিল। আমি এক পাশে দাঁড়িয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম এবং সবার সামনে চিৎকার করে কাঁদতে থাকি। সেই মুহূর্তে কী অনুভূতি হচ্ছিল, তা বোঝাতে পারব না, শুধু কেঁদে যাচ্ছিলাম।’

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, প্রার্থী হলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করেছে।

এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী না দিয়ে তাকে সমর্থন দেবে বলে জানান রাকিবুল ইসলাম রাকিব।

এয়ার কানাডার কেবিন ক্রুদের ধর্মঘট উঠছে, ধীরে ধীরে চালু হচ্ছে ফ্লাইট

এয়ার কানাডা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ক্রুদের বেতন বাড়ানোর দাবি নিয়ে চলা বিরোধের অবসান ঘটেছে। চার দিনের টানা ধর্মঘট শেষে এই বিরোধের অবসান ঘটেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে হাজার হাজার যাত্রী আটকে পড়েন এবং শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এই চুক্তির ঘোষণা দেয় এবং এয়ার কানাডাও সেটি নিশ্চিত করে।
সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

এই ধর্মঘটে ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট অংশ নেন। বেতন বৃদ্ধি ও কাজের সময়সূচিসংক্রান্ত দাবিতেই তারা কর্মবিরতিতে যান। সিইউপিই জানিয়েছে, এই সমঝোতা ‘শ্রমিক ও এভিয়েশন খাতে এক ঐতিহাসিক রূপান্তর’ নিয়ে আসবে।
তবে পূর্ণ চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। চুক্তি কার্যকর হতে হলে তা ইউনিয়নের সদস্যদের অনুমোদনের প্রয়োজন হবে।

সিবিসি নিউজের তথ্য মতে, এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেনডেন্টদের জন্য তাৎক্ষণিক ৮ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এ ছাড়া প্রাথমিক প্রস্তাবে থাকা বেতনের হার ইউনিয়নের মতে ‘মুদ্রাস্ফীতির নিচে, বাজারমূল্যের নিচে এবং এমনকি ন্যূনতম মজুরিরও নিচে’ ছিল।

চুক্তি অনুযায়ী, এখন থেকে প্রতি ফ্লাইট শুরুর আগে অন্তত এক ঘণ্টার জন্য ‘গ্রাউন্ড পে’ দেওয়া হবে, যা হবে কর্মীদের ঘণ্টা প্রতি বেতনের ৫০ শতাংশ এবং প্রতিবছর এই হার ৫ শতাংশ হারে বাড়বে।

সিইউপিই বলেছে, ‘অবৈতনিক কাজের যুগ শেষ।’ এই সমঝোতাকে তারা ‘শিল্পের জন্য একটি ঐতিহাসিক লড়াই’ বলেও উল্লেখ করেছে। ধর্মঘটকে অবৈধ আখ্যা দিয়ে কানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ড সোমবার কাজে ফেরার নির্দেশ দিলেও ইউনিয়ন তা মানেনি।

এমনকি সরকারের চাওয়া সাপ্তাহিক সালিশি প্রক্রিয়াও তারা প্রত্যাখ্যান করে, একে ‘করপোরেট চাপে নতি স্বীকার’ বলে সমালোচনা করে।
এর পরেই কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাইডু উভয় পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানান এবং এভিয়েশন সেক্টরে ‘অবৈতনিক শ্রম’ নিয়ে তদন্তের ঘোষণা দেন।

সরকার অনুমোদিত একজন মধ্যস্থতাকারীর সহায়তায় সোমবার রাতে টানা ৯ ঘণ্টা আলোচনার পর মঙ্গলবার সকালে সমঝোতা হয়। এয়ার কানাডা জানিয়েছে, এই ধর্মঘটে ৫ লাখেরও বেশি যাত্রী সমস্যার সম্মুখীন হয়েছে। বিমান ও ক্রু সদস্যরা সঠিক স্থানে না থাকায় পূর্ণ পরিষেবা ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ লিখেছেন, ‘এই সমঝোতার খবর শুনে আমি স্বস্তি পেয়েছি। আশা করি এটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করবে এবং লাখো পরিবার, কর্মজীবী ও পর্যটকদের দুর্ভোগের অবসান ঘটাবে।’ এয়ার কানাডা প্রতিদিন গড়ে ৭০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় রুটে যাত্রী পরিবহন করে।

সূত্র : এএফপি

ইব্রার জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত বুমরাহ

ভারতীয় ক্রিকেট দলের পেসার জাশপ্রীত বুমরাহ সম্প্রতি পেলেন ফুটবল সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচের স্বাক্ষরিত এসি মিলান নম্বর ১১ জার্সি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বুমরাহ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জার্সিতে লেখা ছিল, ‘To Jasprit! With all love and success.’ আনন্দে বুমরাহ ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ওহো! কথা শেষ, আনন্দে অভিভূত।’ এ মুহূর্তটি সম্ভব করে দেওয়ার জন্য তিনি স্ত্রী সঞ্জনা গানেসানকে ধন্যবাদ জানিয়েছেন।

বুমরাহ আগেও ইব্রাহিমোভিচকে তার অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন। ২০২৩ সালে তার অবসরের সময় তিনি লিখেছিলেন, “আমার জন্য অনুপ্রেরণার এক অবিরাম উৎস এবং ‘সিংহের মনোভাব, কখনো পিছপা নয়’ মানসিকতা আবিষ্কারে সাহায্য করার জন্য ধন্যবাদ।”

সুইডেনের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মনে করা হয় ইব্রাহিমোভিচকে। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্সের মতো ইউরোপের সব বিখ্যাত ক্লাবে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার শীর্ষ পর্যায়ের ফুটবলে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫৭৩ গোল। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন ইব্রা।

উ. কোরিয়ায় অস্ত্র পাঠানোয় চীনা ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ায় আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালান করার অপরাধে এক চীনা নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। ৪২ বছর বয়সী শেংহুয়া ওয়েন ক্যালিফোর্নিয়া থেকে এসব সামগ্রী উত্তর কোরিয়া পাঠিয়েছিলেন। এর বিনিময়ে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রায় ২০ লাখ ডলার পেয়েছিলেন ।

ক্যালিফোর্নিয়ার অন্টারিওর বাসিন্দা ওয়েন ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক রয়েছেন। জুন মাসে তিনি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘনের ষড়যন্ত্র এবং একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হওয়ার জন্য দোষী সাব্যস্ত হন।

বিচার বিভাগ জানায়, ২০১২ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ওয়েন। তবে ২০১৩ সালের ডিসেম্বরে তার ভিসার মেয়াদ শেষ হলেও তিনি থেকে যান।
তাকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবেও উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আসার আগে ওয়েন চীনে অবস্থিত উত্তর কোরিয়ার এক দূতাবাসে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই কর্মকর্তারাই তাকে উত্তর কোরিয়ার জন্য অস্ত্র ও সামরিক সামগ্রী সংগ্রহের নির্দেশ দেন।

২০২২ সালে দুই উত্তর কোরিয়ার কর্মকর্তা অনলাইন মেসেজিং অ্যাপের মাধ্যমে ওয়েনের সঙ্গে যোগাযোগ করেন এবং যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী পাচারের পরিকল্পনা শুরু হয়।

২০২৩ সালে ওয়েন অন্তত তিনটি কনটেইনার ভর্তি অস্ত্র লং বিচ বন্দরের মাধ্যমে চীনে পাঠান, যার চূড়ান্ত গন্তব্য ছিল উত্তর কোরিয়া। তিনি এসব চালানে ভুয়া তথ্য প্রদান করেন। একটি কনটেইনারে ফ্রিজ রয়েছে বলে দাবি করা হলেও সেটি ২০২৪ সালের জানুয়ারিতে হংকং পৌঁছায় এবং সেখান থেকে উত্তর কোরিয়ার নামপো বন্দরে পাঠানো হয়।

ওয়েন আরো স্বীকার করেছেন, তিনি উত্তর কোরিয়ার এক কর্মকর্তার অর্থে এসব কাজ করছিলেন এবং সেখানে কেনা অস্ত্রগুলো নিজেই গাড়িতে করে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যান। পরে সেগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়েন প্রায় ৬০ হাজার রাউন্ড ৯ মিমি গুলি কিনেছিলেন। এগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। এ ছাড়াও তিনি রাসায়নিক হুমকি শনাক্তকরণ যন্ত্র এবং একটি হ্যান্ডহেল্ড ব্রডব্যান্ড রিসিভারের মতো সংবেদনশীল প্রযুক্তিও সংগ্রহ করেছিলেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, উত্তর কোরিয়ার জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য পৃথক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে উত্তর কোরিয়া বহুদিন ধরেই নানা উপায়ে এসব নিষেধাজ্ঞা এড়িয়ে অস্ত্র ও সামরিক সামগ্রী সংগ্রহ করে আসছে।

বিচার বিভাগ বলেছে, তিনি জানতেন উত্তর কোরিয়ায় এই সামগ্রী পাঠানো বেআইনি। বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

সূত্র : বিবিসি

দিল্লির অর্ধশতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

খবরে বলা হয়, কোন কোন স্কুলে হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও, এর মধ্যে একটি স্কুল মালব্য নগরে এবং অন্যটি নজফগড়ে রয়েছে বলে জানা গেছে।
দিল্লির হৌজ রানী এলাকার সর্বোদ্যা কন্যা বিদ্যাল্যাকেও (এসকেভি) হুমকি দেওয়া হয়েছে। ফুটেজে দেখা গেছে, এদিন সকালে বোম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা স্কুলে পৌঁছান।

এর আগে সোমবারও দিল্লির ৩২টি স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেই সময় এলাকা খালি করা এবং বড় আকারের নিরাপত্তা তল্লাশি শুরু হয়।
আজও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তল্লাশি অভিযান চলছে।

সম্প্রতি, দিল্লিতে জুলাই মাসে টানা তিন দিনে আটটি স্কুলে বোমা হামলার হুমকির খবর পাওয়া গিয়েছিল। স্কুল ছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের কাছেও একই ধরনের একটি মেইল এসেছে, যেখানে ভুয়া হুমকি দেওয়া হয়েছিল যে ক্যাম্পাসজুড়ে চারটি আইইডি এবং দুটি প্যাকেট আরডিএক্স লাগানো হয়েছে।

আবারও বর্ষসেরা সালাহ

লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এ নিয়ে তিনবার এই পুরস্কার জেতার কীর্তি গড়েছেন তিনি।

গত মৌসুমে তিনি ২৯টি গোল এবং ১৮টি অ্যাসিস্টে লিভারপুলকে চার ম্যাচ বাকি থাকতেই ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতে সাহায্য করেন। সালাহ এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
সম্প্রতি তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন।

অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এই বছর বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। দারুণ একটি মৌসুম কাটানোর পর তিনি ইংল্যান্ডের সিনিয়র দলে অভিষেকও করেছেন।

পিএফএ টিম অব দ্য ইয়ারে সালাহ ছাড়াও লিভারপুলের ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবের্চ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার জায়গা পেয়েছেন।
বুর্নমাউথ থেকে লিভারপুলে যোগ দেওয়া মিলোস কেরকেজ এবং আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েলও ডেকলান রাইসও টিমে রয়েছেন।

নটিংহাম ফরেস্টের ম্যাটজ সেলস ও ক্রিস উড চমৎকার পারফরম্যান্সের জন্য টিমে জায়গা পেয়েছেন। এছাড়া নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকও টিমে রয়েছেন।

পিএফএ টিম অব দ্যা ইয়ার
গোলকিপার: ম্যাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল (আর্সেনাল), ভার্জিল ফন ডাইক, মিলোস কেরকেজ (লিভারপুল)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রায়ান গ্রাভেনবার্চ (লিভারপুল), ডেকলান রাইস (আর্সেনাল)
ফরওয়ার্ড: মোহাম্মদ সালাহ (লিভারপুল), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসেল), ক্রিস উড (নটিংহ্যাম ফরেস্ট)।