বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সোনার দাম ছাড়াল ১ লাখ ৮১ হাজার

ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা ।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সমালোচকদের পাল্টা জবাব দিলেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের বাবা মারা যাওয়ার পর কনসার্ট করায় সম্প্রতি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

অবশেষে নীরবতা ভেঙে সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি কানাডায় একটি সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন এই শিল্পী।

আতিফ আসলাম বলেন, ‘যখন মানুষ আমার সম্পর্কে কথা বলে তখন আমি একজন বিদ্রোহী হয়ে উঠি। সম্প্রতি, আমার বাবার মৃত্যুর পর পারফর্ম করার জন্য তারা আমার সমালোচনা করে বলছিল ‘ওহ! তার সাথে এটা ঘটেছে, তার সাথে ওটা হয়েছে তবুও সে পরের দিন পারফর্ম করছে।’

তার কথায়, ‘আমি বুঝতে পারি যে তারা তাদের চ্যানেলে খারাপ কিছু ঘটার জন্য নানা কথা লিখছে। আমার কনসার্টে যাওয়া উচিত কিনা, সেটা কাউকে বলা বা ব্যাখ্যা করা আমার কাজ নয়।’

আতিফের ভাষ্যে, ‘আমি পুরো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হতে পারি না। আমার শিল্পকে পছন্দ করুন, আমার গানকে ঘৃণা করুন কিন্তু আমি নিজেকে ব্যাখ্যা করব, এমনটা আশা করবেন না।’

প্রসঙ্গত, আতিফ আসলাম তার সুরেলা কণ্ঠ এবং ব্যতিক্রমী গানের জন্য পরিচিত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আদত’, ‘কুছ ইস তারহা’, ‘বা খুদা’, এবং ‘দিল দিয়ান গ্যালান’।

নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সেই সমস্ত বিষয়কে সমর্থন করবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতির বিষয়ে সভাস্থান ঘুরে দেখে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিএনপি ব্যক্তিগতভাবে আমার জন্য একটি ইমোশনাল ইস্যু। বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর এটি একটি ভালো সংগঠন ছিল। কিন্তু এরশাদ সাহেব আসার পরে এই সংগঠনের ধ্বস নেমে যায়। আমাদের বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে আমরা এই সংগঠনের দায়িত্বে আসি। আমরা তিলে তিলে কাজ করি। সেই সংগঠন আজকে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, ১৫ বছর আমরা সম্মেলনের কথা ভাবতেও পারিনি, সে সময়ের ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের ফলে। সম্মেলন করার সুযোগ সৃষ্টি হয়নি।

অন্যদিকে আমাদের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন করে জেলে পাঠানো হয়েছে। চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে বিএনপিকে কাজ করতে হয়েছে। সেই ঠাকুরগাঁও বিএনপি আবার এখন উজ্জীবিত হয়েছে। সবকিছু অতিক্রম করে তরুণ ও পুরোনোদের সঙ্গে নিয়ে আগামীকাল অত্যন্ত সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংগঠনের প্রাণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। যেটা ঠাকুরগাঁও জেলা বিএনপির অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি, ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্ত সৃষ্টি করবে।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সারা দেশে আ. লীগের কর্মীসহ গ্রেপ্তার ১৬৬৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তার এক হাজার ৩২০ জন। বাকি ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য অভিযোগে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজালালে তৃতীয় টার্মিনালে আসছে নতুন গ্রাউন্ড হ্যান্ডলার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রী ও কার্গো সেবার মান বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কম্পানিকে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। এতে করে দীর্ঘদিনের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একচ্ছত্র আধিপত্য কমতে পারে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা সেখ বশির উদ্দিন বাসসকে বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই তা প্রকাশ করব।’ আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে তিনি জানান।

উপদেষ্টা বশির বলেন, সরকার একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চায়। এর মূল লক্ষ্য হলো—সংশ্লিষ্ট সব পক্ষের সক্ষমতার ওপর ভিত্তি করে যাত্রীসেবার মান উন্নত করা। তিনি আরো বলেন, ‘আমরা চাই না কোনোভাবে বিমান প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ুক, তবে একই সঙ্গে চাই না যাত্রীসেবাও নষ্ট হয়ে যাক।’ নতুন টার্মিনালে আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করতে প্রতিযোগিতা আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এদিকে সদ্য নির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেবিচক সূত্র জানায়, কনসোর্টিয়ামটি ব্যাপক পরিচালন ও রাজস্ব ভাগাভাগির অধিকার চাইছে। তবে তাদের জন্য অস্বস্তির কারণ হলো—বিমানকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত।

১০ বছরে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার কূপে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এ তথ্য জানিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এসজিএফএল জানায়, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে ১০ বছরে ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক চার হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

এসজিএফএল জানায়, এসজিএফএল ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা-কর্মচারীরা ৩ নম্বর কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাশটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন, কৈলাশটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের ওয়ার্কওভার (সংস্কার) কাজ চলছে।

রোনালদোর ১৪০তম গোল

বয়স যেন তাঁর কাছে স্রেফ একটা সংখ্যা! চল্লিশ ছুঁয়েও তিনি মাঠে ছড়াচ্ছেন টগবগে তারুণ্যের দীপ্তি। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও নিয়মিত করছেন গোলোৎসব। আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের ৫-০ গোলের বিশাল জয়েও দুইবার লক্ষ্যভেদ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

রোনালদোর ১৪০তম গোলরেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার স্বপ্নে বাছাইয়ের শুরুটা দুর্দান্ত করলেন ‘সিআরসেভেন’।
ম্যাচের পরপর উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রথম পদক্ষেপ নেওয়া হলো।’ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই দখলে নিয়েছেন। নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করে দেশের জার্সিতে গোলসংখ্যা ১৪০-এ উন্নীত করলেন তিনি। পরশু শনিবার রাতে পর্তুগালের হয়ে আর্মেনিয়ার জালে দুইবার বল পাঠিয়েছেন রোনালদোর আল নাসর ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্সও, আর অন্য গোলটি জোয়াও কানসেলোর।

সহজ জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মিশন শুরু করেছে ফ্রান্সও। পোল্যান্ডে নিরপেক্ষ মাঠে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে গত দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা দিদিয়ের দেশমের দল। দশম মিনিটে লেস ব্লুজদের এগিয়ে নেন মিচেল অলিসে। এরপর শেষ বেলায় লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে।
একক প্রচেষ্টায় করা এই গোলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ৩২ ম্যাচ কম খেলে দেশের হয়ে থিয়েরি অঁরির সমান ৫১ গোল এখন এমবাপ্পের। ৫৭ গোল নিয়ে তাঁর সামনে এখন শুধু অলিভিয়ের জিরোদ।

ওদিকে ইতালি নিজ মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে এস্তোনিয়াকে। আজ্জুরিদের হয়ে জোড়া গোল করেছেন মাতেও রেতেগুই, আর একবার করে লক্ষ্যভেদ করেছেন মইস কিন, জিয়াকোমো রাসপাদোরি ও আলেসান্দ্রো বাস্তোনি।
বড় জয়ের পরও নিজেদের গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ বেশি খেলা নরওয়ে। নিজ মাঠে ইংল্যান্ড ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যান্ডোরাকে। ইএসপিএন

এবার দেশের প্রেক্ষাগৃহে ‘সাবা’

বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার ‘সাবা’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে মুক্তি পেতে পারে ‘সাবা’। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “অবশেষে দেশের মানুষকে ‘সাবা’র গল্পটা দেখাতে প্রস্তুত।
আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম দেশে কবে ছবিটি মুক্তি দেওয়া যায়। এটা আমাদের দেশের গল্প, খুব ইমোশনাল একটা গল্প। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উৎসবে প্রশংসা পেয়েছে। এবার দেশের মানুষ গল্পটি কিভাবে নেয় সেটি দেখার অপেক্ষায়।
” ফেসবুকে এক পোস্টে ‘সাবা’ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, “স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরো অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষের সঙ্গে দেখা করার জন্য।” মন্তব্যের ঘরে দর্শকদের উদ্দেশে প্রশ্ন রেখে মেহজাবীন আরো লিখেছেন, “কোন দিন মুক্তি দেওয়া উচিত ‘সাবা’, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?”

বাণিজ্যচুক্তিতে দর-কষাকষির সক্ষমতা বাড়ানোর তাগিদ

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান এখনো যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, সীমিতসংখ্যক রপ্তানি পণ্যের ওপর নির্ভরশীলতা বাংলাদেশের দর-কষাকষির ক্ষমতাকে দুর্বল করে তুলছে। তাই কার্যকরভাবে আলোচনার দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।

গতকাল রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটিস ইন ট্রেড নেগোসিয়েশনস : রিফ্লেকশনস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যচুক্তিতে দর-কষাকষির সক্ষমতা বাড়ানোর তাগিদ সেখ বশির উদ্দিন বলেন, ‘আজকের দ্রুত বিকশিত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর নানা ধরনের চ্যালেঞ্জ সামনে আসবে। সে ক্ষেত্রে অনুকূল বাণিজ্যচুক্তি নিশ্চিত করার জন্য দক্ষ আলোচনার সক্ষমতা অপরিহার্য হয়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘অল্প কিছু পণ্যের ওপর নির্ভর করে বৈশ্বিক দর-কষাকষি করা অত্যন্ত কঠিন।
আমাদের দরকার রপ্তানি বাজারে বহুমুখিতা এবং শক্তিশালী টিম, যারা আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুেফ সিদ্দিকী বলেন, বাংলাদেশ এখনো বৈশ্বিক বাণিজ্যে যথেষ্ট শক্তিশালী অবস্থানে নেই। তিনি বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে আমরা এখনো বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনেক বেশি দাবি করার অবস্থায় নেই। সমঝোতার পথেই এগিয়ে যাওয়া উচিত।

লুেফ সিদ্দিকী আরো বলেন, ‘বাণিজ্যবিষয়ক দর-কষাকষিতে অন্য দেশের সঙ্গে আমাদের আলোচনায় ঘাটতি নেই; বরং নিজেদের মধ্যে আলোচনায় ঘাটতি আছে। তাই অনেক বিষয়ে আমাদের আলোচনা শুরু হলেও শেষ হয়নি। সরকারের বেশির ভাগ কর্মকর্তার মধ্যে এখনো তথ্যভিত্তিক আলোচনার সংস্কৃতি নেই।’

শিল্প মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কোনো বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠালে উত্তর আসতে মাসের পর মাস সময় লাগে। এরপর ছয় মাস পর যখন উত্তর পাঠায়, তখন দেখা যায়, অন্য পক্ষ সব ভুলে গেছে।
একবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, বাংলাদেশকে দেওয়া এক চিঠির উত্তর আসার অপেক্ষায় তাঁরা ভারতের সঙ্গে আলোচনা শুরু ও শেষ করে ফেলেছেন।’

লুেফ সিদ্দিকী বলেন, ‘সরকারে যোগ দেওয়ার পর আমাদের মূল লক্ষ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সে সময় মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়টি উঠে আসে। তখন আমাদের কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিছু আলোচনায় বেশ অগ্রগতিও হয়েছিল। কিছু সরকারি কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। একদিন হঠাৎ ফোন পেলাম, একজনকে বদলি করে মৎস্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এক সপ্তাহ পর আরেকজনকে বদলি করা হয়। ফলে বাণিজ্যবিষয়ক নানা আলোচনায় আমাদের সামষ্টিক সক্ষমতা কমে যায়।’

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘বাণিজ্যচুক্তি বা আলোচনায় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সঠিক জায়গায় নিয়োগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিনিয়োগ বাড়াতে সিইওদের নিয়ে ট্রাম্পের নৈশভোজ

আমেরিকায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সিলিকন ভ্যালির প্রভাবশালী সিইওদের নিয়ে নৈশভোজের আয়োজন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে সিলিকন ভ্যালির ৩৩ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকলেও ছিলেন না ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ ও নির্বাচনে বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইলন মাস্ক।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এই নৈশভোজে উপস্থিত হওয়া উল্লেখযোগ্য সিইওদের মধ্যে ছিলেন স্যাম অল্টম্যান, মার্ক জাকারবার্গ, টিম কুক ও বিল গেটস। উপস্থিতির মধ্যে ১৩ জনই ছিলেন বিলিয়নেয়ার।
অনুপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংগ। যদিও সামাজিক মাধ্যমে মাস্ক দাবি করেছেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে যেতে পারেননি। যদিও প্রাথমিক তথ্যে জানা যায়, অতিথির তালিকায় মাস্ক ছিলেন না।

এই নৈশভোজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সিলিকন ভ্যালির কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরে।
অনুষ্ঠানে সিইওরা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগে অনুকূল নিয়ম-নীতি চেয়েছেন সরকারের কাছে। কেউ কেউ বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মেটার সিইও মার্ক জাকারবার্গের বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি।

নৈশভোজজুড়ে ট্রাম্পের মূল ফোকাসই ছিল আমেরিকায় বিনিয়োগ বাড়ানো।
নৈশভোজে হঠাৎ ট্রাম্প মার্ক জাকারবার্গকে প্রশ্ন করেন, ‘আপনি আগামী কয়েক বছরে আমেরিকায় কত বিনিয়োগ করবেন?’ ট্রাম্পের প্রশ্ন শুনে জাকারবার্গ উত্তর দেন, ‘সম্ভবত ২০২৮ সালের মধ্যে আমেরিকায় আমাদের প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে।’

জাকারবার্গের এই উত্তর শুনে ট্রাম্প বললেন, ‘সত্যিই অনেক বড় অঙ্ক। দারুণ খবর, মার্ক। আমাদের পাশে থাকার জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না।’ ডিনার টেবিলের সবাই বেশ সপ্রশংস দৃষ্টিতে মার্ক জাকারবার্গের দিকে তাকান।
সূত্র : ফরচুন