মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

এই প্রথম ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিলেন ট্রাম্প

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় ৯ মাস পর প্রথমবোরের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি ইতোমধ্যে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষরও করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনে দু’টি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক চালানে থাকবে ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে।

ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা হিসেবে এই অস্ত্র দিচ্ছে না। কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। চালান পাঠানোর খরচও প্রদান করবে তারা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়্যার লিস্ট (পার্ল) নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট ১ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তার প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তার অনুমোদন দেওয়া হবে না। গত ৯ মাস সেই কথা রাখার চেষ্টা তিনি। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি যুদ্ধাবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের গত ৯ মাসের তৎপরতায় যুদ্ধাবসান ইস্যুতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি।

তার পরও অবশ্য গত ৯ মাসে ইউক্রেনে মার্কিন অস্ত্রের চালান গিয়েছে, তবে সেগুলোর অনুমোদন দিয়ে গিয়েছিল বাইডেন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এখনও ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা স্থগিত রেখেছে।

কিয়েভে পাঠানোর জন্য প্রস্তুত দু’টি চালানে কী কী অস্ত্র আছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, চালানে অন্যান্য অস্ত্রের সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এই সিস্টেম পাঠানো হচ্ছে কিয়েভে।

রয়টার্সকে ওই কর্মকর্তা বলেছেন, “পার্ল এর আওতায় কিয়েভের জন্য প্রচুর অস্ত্রের ফরমায়েশ দিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। আমরা তাদের এ ফরমায়েশের তালিকা যাচাই করছি। তালিকায় থাকা অস্ত্রগুলোর মধ্যে যেগুলো মার্কিন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ— কেবল সেগুলোই পাঠানো হবে কিয়েভে।

সূত্র : রয়টার্স

হানিয়ার পর ঢাকায় আসবেন দুই পাকিস্তানি গায়ক

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে আসার ঘোষণা দেওয়ার পর এবার দেশটির দুই তরুণ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় আসছেন।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে আসবেন এই দুই হিপহপ গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট।
আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজক প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এ দুই তারকা পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান। ‘বার্গার-এ-করাচি’ গানের মাধ্যমে দর্শকমহলে
প্রথম জনপ্রিয়তা আসে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গানও জনপ্রিয়তা পায়।

প্রসঙ্গত, ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তার। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।

যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখতে চুক্তি হয়ে গেছে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চুক্তি হয়েছে যার ফলে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে। এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন মালিকানায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাই প্রাধান্য পাবেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াইট হাউস থেকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “টিকটক নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। শুক্রবার প্রেসিডেন্ট শি’র সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করব।”

এর আগে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিতে বলা হয়েছিল।

তবে জানুয়ারি থেকে কয়েক দফা টিকটক নিষেধাজ্ঞার ঘোষণা দিলেও ট্রাম্প তা বারবার পিছিয়ে দিয়েছেন। মঙ্গলবারও তিনি সময়সীমা বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করেছেন। ট্রাম্প জানান, শিগগিরই নতুন ক্রেতার নাম ঘোষণা করা হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, আলোচনার অংশ হিসেবে টিকটকের যুক্তরাষ্ট্র শাখার মালিকানা যাবে একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের হাতে। এতে প্রযুক্তি কোম্পানি ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আন্দ্রেসেন হরোভিৎজ অংশ নেবে।

চুক্তির অধীনে নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গঠিত হবে। এতে প্রায় ৮০ শতাংশ শেয়ার থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। বোর্ডেও প্রাধান্য থাকবে আমেরিকানদের, যেখানে একজন সদস্য মনোনীত করবে মার্কিন সরকার।

এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা চলে যাবেন নতুন একটি অ্যাপে, যা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই অ্যাপটি বাইটড্যান্সের প্রযুক্তি লাইসেন্স নিয়ে টিকটকের কনটেন্ট-রেকমেন্ডেশন অ্যালগরিদম ব্যবহার করবে। অ্যাপটির সাফল্যের মূল কারণই এই অ্যালগরিদম।

সিএনবিসি জানায়, চুক্তিতে বর্তমান ও নতুন বিনিয়োগকারীদের মিশ্রণ থাকবে এবং তা ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পন্ন হবে। এর মধ্যে ওরাকল যুক্তরাষ্ট্রে টিকটকের সার্ভার হোস্ট করার বিদ্যমান চুক্তি বহাল রাখবে। মার্কিন আইনপ্রণেতাদের প্রধান উদ্বেগই ছিল চীনের সঙ্গে তথ্য ভাগাভাগি হওয়ার আশঙ্কা।

সোমবার মাদ্রিদে চলমান বাণিজ্য আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল চীনের সঙ্গে একটি “ফ্রেমওয়ার্ক চুক্তি”র কথা জানায়। চীনও চুক্তির কাঠামোতে সম্মতি জানায়, তবে তাদের কোম্পানির স্বার্থের বিনিময়ে কোনো সমঝোতা হবে না বলেও জানায়।

চীনের সাইবারস্পেস প্রশাসনের উপপ্রধান ওয়াং জিংতাও এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন, এই চুক্তিতে অ্যালগরিদম ও মেধাস্বত্ব ব্যবহারের অনুমতি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, “টিকটক সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানি এবং মেধাস্বত্ব লাইসেন্স ব্যবহারের বিষয়গুলো আইন অনুযায়ী চীন সরকার পর্যালোচনা ও অনুমোদন দেবে।”

প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার পক্ষে থাকলেও এখন তিনি অবস্থান পরিবর্তন করেছেন। এর আগে জানুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট গত বছরের এপ্রিল মাসে পাস হওয়া আইন বহাল রাখে, যেখানে বলা হয়েছিল বাইটড্যান্স তাদের মার্কিন শাখা বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ হবে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, টিকটক মার্কিন ব্যবহারকারীদের তথ্যের কারণে “গভীর ও ব্যাপক জাতীয় নিরাপত্তা হুমকি” তৈরি করছে। তবে বাইটড্যান্স বারবার বলেছে, তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন এবং কোনো তথ্য চীনা সরকারের সঙ্গে শেয়ার করা হয় না।

এর আগে জানুয়ারিতে টিকটক সাময়িকভাবে একদিনেরও কম সময়ের জন্য বন্ধ হয়েছিল, তবে নিষেধাজ্ঞা পরে স্থগিত হয়। এরপর থেকে চারবার সময়সীমা বাড়ানো হয়েছে। সর্বশেষ সময়সীমা বাড়ানো হয়েছে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

মেসির নৈপুণ্যে প্রতিশোধ নিল মায়ামি

লিওনেল মেসির গোলের নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রতিশোধের স্বাদ পেল। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারের পর এবার মেজর লিগ সকারে (এমএলএস) তাদের ৩-১ গোলে হারাল মায়ামি।

মাসের শুরুতে হওয়া ফাইনালে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল সাউন্ডার্স। সে ম্যাচ শেষে ঘটে ঝগড়া, যেখানে লুইস সুয়ারেজসহ তিন খেলোয়াড়কে ৬ ম্যাচ ও ৩ ম্যাচ করে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।
এমএলএসও সুয়ারেজকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তাই এ ম্যাচে তাকে পায়নি মায়ামি।

তবু শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ম্যাচের ১২ মিনিটেই মেসির পাস থেকে ফাঁকায় থাকা জর্দি আলবা গোল করেন।
কিছুক্ষণ পর মেসির বাঁ-পায়ের শট পোস্টে লেগে ফেরে। তবে বিরতির চার মিনিট আগে আলবার ক্রস হালকা স্পর্শে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে, স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এরপর ৬৯ মিনিটে সাউন্ডার্সের হয়ে ওবেদ ভার্গাস একটি গোল শোধ দেন।
কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ পান মেসি, তবে গোলরক্ষক স্টেফান ফ্রেই দারুণ সেভ করে তাকে গোলবঞ্চিত করেন।

এই জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। তবে হাতে রয়েছে তিন ম্যাচ বেশি।

ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পথে রয়েছে। তবে এই উত্তরণকে শুধু একটি মাইলফলক হিসেবে দেখা যাবে না। কারণ এতে ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে, যা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। যা সরাসরি আমাদের অর্থনীতি এবং জনগণকে প্রভাবিত করবে।
এ সময় তিনি বিএনপিকে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

গতকাল বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। এতে তারেক রহমান আরও বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অগ্রসর না হলে অর্থনীতি ও জনগণ সরাসরি চাপের মুখে পড়তে পারে। পোস্টে তিনি কয়েকটি সম্ভাব্য সমস্যার কথা উল্লেখ করেন।
এগুলো হলো, বাণিজ্যসুবিধা হারালে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিযোগিতা সক্ষমতা কমতে পারে। স্বল্প সুদে ঋণ ও সাহায্যের প্রবাহ কমে যাবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণের চাপে থাকা অর্থনীতিকে আরও সংকটে ফেলতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিশেষ সুবিধা- যেমন ভর্তুকি বা ওষুধের পেটেন্ট-সংক্রান্ত ছাড় আর থাকবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে পারে এবং প্রতিযোগিতামূলক ক্ষয়ক্ষতি হলে একটি ক্ষেত্রের ওপর রপ্তানিনির্ভরতা আমাদের দুর্বল করে তুলতে পারে।
তিনি আরও বলেন, দেশের শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্মকে দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না। এলডিসি থেকে উত্তরণের সুফল ভোগ করতে হলে এখনই বাস্তব অগ্রগতি ও সুযোগ তৈরি করাটা জরুরি।

এমন পরিস্থিতিতে বিএনপিকে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারেক রহমান। এর মধ্যে রয়েছে পোশাকের বাইরে আমাদের রপ্তানিভিত্তিক আইসিটি, ওষুধ ও অন্যান্য মূল্য সংযোজন শিল্পে বৈচিত্র্য আনতে হবে, ঋণের ফাঁদ এড়াতে উন্নত আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে। বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক থাকার জন্য উৎপাদনশীলতা, বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে, রূপান্তরকে সমর্থন করার জন্য বাণিজ্য সুবিধা এবং সবুজ অর্থায়নের ক্ষেত্রে বিদেশি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

পুঁজিবাজারে এসএমই কোম্পানির অংশগ্রহণ বাড়াতে হবে : ডিসিসিআই প্রেসিডেন্ট

পুঁজিবাজারে বাজার মূলধন টু জিডিপি অনুপাত (মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি রেশিও) বাড়াতে অধিক সংখ্যক এসএমই কোম্পানি তালিকাভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট তাসকিন আহমেদ।

তিনি বলেছেন, আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি অনুপাত এখনও ২০ শতাংশের নিচে। আমাদের মতো অর্থনীতির অনেক দেশে এটি ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশের বেশি। পুঁজিবাজারে এসএমই কোম্পানির অংশগ্রহণ বাড়িয়ে এই অনুপাতের দূরত্ব কমিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গুলশানের ডিসিসিআই অফিসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ এবং সংগঠনটির পরিচালনা পর্ষদের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তাসকিন আহমেদ এসব কথা বলেন। সভায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, ব্যবসায় লাভ-ক্ষতি রয়েছে। যেসব কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছে, তাদের সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমাদের মতো দেশগুলোর অথবা আমাদের থেকে কিছুটা এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে তুলনা করে আগামীর কর্মপন্থা নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে হবে। এজন্য কিছু দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা করতে হবে। এর মধ্যে অন্যতম হলো দ্বৈত কর ব্যবস্থার প্রত্যাহার ও এর প্রয়োজনীয় সংস্কার এবং পণ্যের বৈচিত্র্যকরণ করা। আমাদের দেশের অর্থনীতিতে এসএমই কোম্পানিগুলোর ব্যাপক অবদান রয়েছে।

এসএমই কোম্পানিগুলোর অর্থায়নের ওপর বেশি করে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তাসকিন আহমেদ আরও বলেন, বর্তমানে আরজেএসসি-তে ২ লাখের বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে মাত্র ৩৬০টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। নিবন্ধিত ওইসব কোম্পানিগুলো থেকে পুঁজিবাজারে তালিকাভুক্তির সংখ্যা বাড়াতে হবে। এছাড়া সরকারি কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে।

ডিএসই-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ভালো কোম্পানিগুলোকে দ্রুত বাজারে নিয়ে আসার জন্য গ্রিন চ্যানেল করার চেষ্টা করা হচ্ছে। বিএসইসি এই বিষয়ে আমাদের সহযোগিতা করছে।

তিনি ডিএসই ও ডিসিসিআইয়ের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে পুঁজিবাজারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ লক্ষ্যে এসএমই বোর্ড এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) সুবিধা ও তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে চেম্বার সদস্যদের সঙ্গে পৃথক দুটি অনুষ্ঠান আয়োজনেরও পরামর্শ দেন।

সভায় অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম সোলাইমান, সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামান পাটুয়ারি, ডিএসই-এর পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.), সৈয়দ হাম্মাদুল করীম, মো. শাকিল রিজভী, প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসরায়েলি হামলায় গাজায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ৮৯ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় আজ মঙ্গলবার (১৬ জুন) অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৭৮ জনই প্রাণ হারিয়েছেন গাজা সিটিতে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এসব মানুষকে হত্যা করেছে ইসরায়েল সেনারা।

গতকাল সোমবার রাত থেকে গাজর বৃহৎ শহর গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে ২০ হাজারের বেশি সেনা রয়েছে।

স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করে দখলদার ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ১৬২ নম্বর এবং ৯৮ নম্বর ডিভিশন গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখানে হামলার পরিধি বাড়াচ্ছে। এ দুই ডিভিশনের সঙ্গে ৩৬ নম্বর ডিভিশন পরবর্তীতে যোগ দেবে। এর মাধ্যমে গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে।

গতকাল রাতে স্থল সেনারা গাজা সিটিতে প্রবেশের আগে ব্যাপক বোমাবর্ষণ করে বিমানবাহিনী।

গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ ছিলেন। ইসরায়েল এ হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সেখানে আরও ৬ লাখ মানুষ রয়ে গেছেন।

সূত্র: আলজাজিরা

ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে সর্বাধিক ছয় বাংলাদেশেরও

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে নেমে আফগানিস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। একাদশে চার পরিবর্তন এনে ওপেনিংয়ে নামানো হয় সাইফ হাসানকে। ক্রিজে থিতু হওয়ার মতো বল পেলেও তিনি নড়বড়ে ব্যাটিং করেছেন। আরেকপ্রান্তে ঝড় তুলছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটে চড়ে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে। তামিমও ব্যক্তিগতভাবে এক পঞ্জিকাবর্ষে হাঁকালেন সর্বোচ্চ ছয়।

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল টাইগাররা। ওই ম্যাচে একটি ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। যার কল্যাণে তিনি এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ড গড়েন। তার সতীর্থ ওপেনার তামিমের সঙ্গেই লড়াইটা চলছিল। কিন্তু হংকংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ছয় পাননি তামিম। লঙ্কানদের বিপক্ষে বিপর্যস্ত ব্যাটিংয়ে অবশ্য দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি।

আজ আফগানদের বিপক্ষে একাদশে জায়গা হয়নি ইমনের। আর এদিনই তামিম তাকে ছাড়িয়ে গেলেন, ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পথে বাঁ-হাতি এই ব্যাটার তিনটি ছয় মেরেছেন। যা এক পঞ্জিকাবর্ষে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ২৬তম ছয়। ২৩ ছক্কা নিয়ে এর পরই অবস্থান ইমনের। ব্যক্তিগত রেকর্ড গড়ার ম্যাচে তানজিদ তামিমই বাংলাদেশকে পথ দেখিয়েছেন। নূর আহমেদের বলে বাউন্ডারিতে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ৫২ রান করেছেন তিনি। মেরেছেন ৪টি চার ও ৩টি ছয়।

ব্যক্তিগতভাবে আরেকটি রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। আবুধাবির মাটিতে তিনি টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। তামিম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বলে, তার সমান বল খেলে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিফটি করেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ। আবুধাবিতে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি মোহাম্মদ ওয়াসিমের। আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ সালে তিনি ওই কীর্তি গড়েন ২১ বলে। ২০২১ সালে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দ্বিতীয় দ্রুততম ২৬ বলে ফিফটি করেন।

ম্যাচটিতে তানজিদের মারা দ্বিতীয় ছক্কা দিয়েই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছয়ের রেকর্ড পূর্ণ করে বাংলাদেশও। গত বছর সর্বোচ্চ ১২২ ছক্কা মারার রেকর্ড গড়েছিল টাইগাররা। এবার ৬ ম্যাচ কম খেলেই তারা রেকর্ডটা গড়ল। এখন পর্যন্ত ২০২৫ সালে তাদের ছয়ের সংখ্যা ১২৬টি।

সোনার ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার, বেড়েছে রুপার দামও

ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। এটা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় বেচাকেনা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৮ হাজার ৭০১ টাকা ।

এবার সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতদিন দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় কেনাবেচা হয়েছে।

সৌদিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা

ইরানের সুপ্রিম জাতীয় নিরপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সৌদি আরবে গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। সৌদির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আঞ্চলিক দুই পরাশক্তির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এমন সময় সৌদিতে গেছেন আলী লারিজানি। এরআগে সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিন বিন সালমান তেহরান সফর করেছিলেন।

বার্তাসংস্থাটি জানিয়েছে, লারিজানির সঙ্গে এ সফরে রয়েছেন নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আলী বাক।

এ সফরে তেহরান ও রিয়াদের মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনার পাশাপাশি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।

এর আগে লারিজানি গত আগস্টে ইরাক ও লেবানন সফর করেছিলেন। আন্তর্জাতিক সফরে অংশ হিসেবে এবার তিনি গেছেন রিয়াদে।

২০১৬ সালে নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব ও ইরান। এরপর চীনের মধ্যস্থতায় ২০২৩ সালের ১০ই মার্চ দুই দেশ আবারও সম্পর্ক পুনর্স্থাপন করেছিল।

সূত্র: ইরনা