সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন। যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭ শতাংশ।

বিগত ৫ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। কমেছেন জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। এবার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে ২০২টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

উচ্ছ্বাসের মাশুল! টাচলাইন নিষেধাজ্ঞা পেলেন চেলসি কোচ

চেলসি প্রধান কোচ এনজো মাসেস্কাকে এক ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা এবং ৮,০০০ পাউন্ড (প্রায় ১০,৬৮৯ ডলার) জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে অসদাচরণের অভিযোগ স্বীকারের পর বুধবার এই শাস্তি ঘোষণা করা হয়।

স্ট্যামফোর্ড ব্রিজে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে চেলসির জয়সূচক গোলের পর মারেস্কা উচ্ছ্বাসে টাচলাইনের পাশ দিয়ে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপন করেন। রেফারি অ্যান্থনি টেইলর তার এই আচরণকে সীমা অতিক্রম বলে মনে করে দ্বিতীয় হলুদ কার্ড দেখান এবং তাকে মাঠ থেকে বহিষ্কার করেন।

এফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযোগ করা হয় যে চেলসি ম্যানেজার অনুপযুক্ত আচরণ করেছেন এবং/অথবা অপমানজনক ভাষা ব্যবহার করেছেন, যার ফলে তাকে ৯৬তম মিনিটে বহিষ্কার করা হয়। এনজো মারেস্কা অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।’

এর ফলে মারেস্কা চেলসির পরবর্তী প্রিমিয়ার লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন না। বর্তমানে চেলসি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে ১১ পয়েন্ট নিয়ে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে।

ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ আহত ৮

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে শিশুসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর এবং জেরুজালেমে এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আইয়ের।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানে ইসরায়েলি গুলিতে কমপক্ষে আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘেরাও করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর শহর থেকে সরে গেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কালানদিয়া ও আর-রাম শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী দুইজনকে গুলি করেছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তবে তাদের অবস্থা এখনো জানা যায়নি।

দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ধরা পড়ল হট মাইকে

ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।

সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই এই অনুরোধ জানান তিনি; যা মাইক্রোফোনের রেকর্ডে ধরা পড়েছে। কিন্তু দুই প্রেসিডেন্টের কেউই বুঝতে পারেননি লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তাদের এই আলোচনা।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ট্রাম্প মাত্র ভাষণ শেষ করে মাইক্রোফোনের পাশেই দাঁড়িয়েছেন।
আর তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এক আবদার করে বসেন।

তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিকের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে পারবেন কি না।

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও প্রাবোয়ো দুজনের কেউই তখন বুঝতে পারেননি, তাদের কথা লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর মিসরের শারম আল-শেখ শহরে আয়োজিত সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পর তাদের মাঝে এই আলাপ হয়।

সূত্র : রয়টার্স

৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরপর ওই মরদেহগুলো শনাক্তকরণের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে নিহতদের পরিবারের সদস্যরা ১৫ অক্টোবর তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে জড়ো হন।

বুধবার আইসিআরসি এক বিবৃতিতে জানায়, তারা একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের অনুরোধ ও সম্মতিতে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ এখন মরদেহগুলো শনাক্ত করার দায়িত্বে রয়েছে।
আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনবোধে তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

বিবৃতিতে আরো বলা হয়, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ইতালি : প্রধান উপদেষ্টা

অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ইতালি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সরকারপ্রধানকে কাছে পেয়ে প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রবাসীরা বিশেষত ইতালিতে তাদের অভিবাসনসংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের প্রতি সরাসরি আহ্বান জানান।

ড. ইউনূস উল্লেখ করেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। তিনি দৃঢ়ভাবে জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে সেই ভেঙে পড়া অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো।
দেশের প্রতি প্রবাসীদের এই অবদান তিনি ‘অমূল্য’ হিসেবে অভিহিত করেন।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ, নিরাপদ ও কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, যেন তারা বৈধতা রক্ষার পাশাপাশি দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আরো প্রস্তুত করে তোলে। এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।

চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা

চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সব অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে।
দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে। এ নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম কর্মশালায় মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা ২০২৫-এর খসড়া উপস্থাপন করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মবিষয়ক সচিব মো. কামাল উদ্দিন।
অন্যদের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা ও মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি কাসেম শরীফ ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা মসজিদ নীতিমালা যুগোপযোগী করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

এ কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

ব্যাট ছুড়ে শাস্তি পেলেন আফগানিস্তানের ব্যাটার

দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করতে গিয়ে ৯৫ রানে থামতে বাধ্য হন ইব্রাহিম জাদরান। সেই ভুল তৃতীয় ওয়ানডেতে করতে চাননি তিনি। তাই তো গতকাল নব্বইয়ের ঘরে আসার পর দেখেশুনেই ব্যাটিং করছিলেন।

যেন কোনোভাবেই সেঞ্চুরি হাতছাড়া না হয়।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে ইনিংসের ৩৭তম ওভারে রান আউটে কাটা পড়লেন জাদরান। তখন তার নামের পাশে দ্বিতীয় ওয়ানডের মতোই ৯৫। ইকরাম আলীখিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ড্রেসিংরুমে ফেরেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো ‘নার্ভাস নাইন্টিতে’ আউট হয়ে ভীষণ ক্ষুব্ধ হন তিনি।

সেই রাগ ঝাড়তে যেন অপেক্ষায় ছিলেন জাদরান কখন বাউন্ডারি লাইনের বাইরে যাবেন। লাইন ক্রস করতেই সজোরে প্রিয় ব্যাট ছুঁড়ে মারেন মাটিতে। তাতেও রাগ কমে না তার। এরপর কোচ জনাথন ট্রটের পেছনে থাকা চেয়ারে মারেন লাথি।
খেলোয়াড় হিসেবে এমন আচরণ করায় আজ শাস্তি পেয়েছেন তিনি।

অসদাচরণের জন্য জাদরানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন আফগান ব্যাটার। আগামী ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের শাস্তি জাদরান মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়ছে না।

জাদরানের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসি জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। অনুচ্ছেদটি হচ্ছে—আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় ‘ক্রিকেট সরঞ্জামাদি বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনা এবং ফিটিংসের অপব্যবহার’ সম্পর্কিত।

ইন্দোনেশিয়ায় তেলবাহী জাহাজে আগুন, নিহত ১০

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশপ্রধান জায়নাল আরিফিন জানান, বাটাম দ্বীপের একটি জাহাজ মেরামত কারখানায় স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নোঙর করা এমটি ফেডারেল টু নামের জাহাজে এই আগুন লাগে। দ্বীপটি সিঙ্গাপুরের কাছাকাছি অবস্থিত।

তিনি আরো জানান, জাহাজের একটি স্টোরেজ এলাকায় থেকে স্ফুলিঙ্গ ছিটকে আগুনের সূত্রপাত হয়।
আগুন প্রায় এক ঘণ্টা পর নেভানো সম্ভব হয়।

নিহত ও আহতদের চারটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরিফিন বলেন, দুর্ঘটনার সময় জাহাজটিতে কোনো তেল বহন করা হচ্ছিল না, মেরামতের আগে সেটি খালি করে রাখা হয়েছিল।

এটি ছিল একই জাহাজে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ড।
গত জুনে একই জাহাজে আগুনে চারজন মারা যান। তদন্তে তখন দেখা যায়, স্টোরেজ এলাকার অবশিষ্ট গ্যাসে স্ফুলিঙ্গ ছিটকে আগুন ধরে যায়।

সেই ঘটনার জন্য জাহাজ কারখানার দুজন স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছিল।

শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত : নুর

শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। শিক্ষকরা আমাদের গুরু। চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপায় পৌর মঞ্চে সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চেয়েছিলাম। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পাবে, সেই দল তত পার্সেন্ট সংসদ সদস্য থাকবে। তাহলেই আর একক দলের মাতব্বরি থাকত না।

তিনি বলেন, ‘সরকারি অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুণ-তিন গুণ করে দিন। কিন্তু দুর্নীতি হতে পারবে না। আমরা চেয়েছি, ঘুষ-দুর্নীতি বন্ধ হবে। কিন্তু তা বন্ধ হয়নি।

নুর বলেন, ‘কিছুদিন আগে আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা এক আছি কি না। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দল একসঙ্গে ছিল। তখন সেই ক্ষমতালোভী দলটি ঐক্য দেখে পিছু হটেছে।’

সভায় গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম ও মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা জিওপি আহ্বায়ক মো. লিয়ার হোসেন, বাউফল উপজেলা জিওপি আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশালের জিওপি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, পটুয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মো. ফারুক হাওলাদার প্রমুখ।