শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

হাসিনার ৮৩২ ভরি সোনার সন্ধান পেল এনবিআর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার অলঙ্কার খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলার পর ৮৩২ ভরি সোনার অলঙ্কারসহ বেশকিছু মূল্যবান সম্পদের সন্ধান মেলে।

রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করা হয়।

এনবিআর সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরো একটি লকার খোলে সিআইসি। তবে এ লকারে কিছু পাওয়া যায়নি।

এনবিআর কর্মকর্তারা জানান, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দেন।

ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে এনবিআর জানিয়েছে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি।

গত ১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করে। এ সময় পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও জব্দ করে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকার সন্ধান পায় তারা। এসব হিসাব তখন জব্দ করা হয় এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছিল।

এরপর গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার আরো দুটি লকারের সন্ধান পায় সিআইসি।
লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।

দেশে ২৪ দিনে এলো ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী ধারা নভেম্বরে আরও সুস্পষ্ট হয়েছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার।
বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছর শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে একবারই মাসিক রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

বিশ্লেষকদের মতে, বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৫ কোটি ডলার।
প্রতি ডলার ১২২ টাকা হিসেবে পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। সে হিসেবে দৈনিক গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৮৪ কোটি ডলার।

বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-চারলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন ধারায় নিতে তার দেশের প্রস্তুতির কথা জানান। তিনি দুদেশের মধ্যে বিশেষ করে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে স্বার্থের সঙ্গতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখে দাঁড়িয়ে, যখন দেশ ইতিহাস সৃষ্টিকারী জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এটি ফ্রান্স ও বাংলাদেশের জন্য আমাদের অংশীদারত্বকে এগিয়ে নেওয়া এবং সহযোগিতা সম্প্রসারণের সময়।

তিনি আরও জানান, এ মাসের শুরুর দিকে দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশের প্রতি ফ্রান্সের গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ফ্রান্সের প্রায় ১৫ লাখ নাগরিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বসবাস করছে, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।

তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল খোলা এবং স্বাধীন চলাচলের মাধ্যমে সংজ্ঞায়িত। ফ্রান্স বাংলাদেশের সঙ্গে আরও কার্যকর সম্পর্কের জন্য বড় সম্ভাবনা দেখছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ এ ধরনের নির্বাচন পরিচালনায় ফ্রান্সের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারবে।

তিনি কিছু ইউরোপীয় দেশের উদাহরণ তুলে ধরেন, যেখানে নির্বাচনকালীন পরিকল্পিত ভুল তথ্য প্রচার এবং সামাজিক বিভাজনের প্রচেষ্টা দেখা গেছে।

রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-চারলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশকে সবচেয়ে কম উন্নয়নশীল দেশের (এলডিসি) অবস্থান থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণে ফ্রান্স প্রস্তুত বলে জানান।

ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের এ প্রতিশ্রুতিকে স্বাগত জানান এবং দেশটিকে ‘বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার’ হিসেবে অভিহিত করেন। তিনি রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের সংশোধনী উদ্যোগ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করেন।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, আপনার নিয়োগের সময়টি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে।

তিনি ফ্রান্সের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যা গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়ে অবদান রেখেছে।

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের উদ্বেগ ও সমবেদনা

রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এই উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘সন্ধ্যায় কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। আশা করি, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোনো জীবনহানি যাতে না ঘটে আমি সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করছি।’

বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।’

ইসরাইলি গণহত্যায় গাজার শিশুদের করুণ অভিজ্ঞতা

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে গাজার ওপর ইসরাইলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই বর্বর আগ্রাসনে অসংখ্য পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে কেউ বাবা-মাকে হারিয়েছে, কেউবা হারিয়েছে নিজের সন্তানদের। অনেক শিশুই এত কম বয়সে এতিম হয়ে গেছে যে, তারা এখনো পুরোপুরি বুঝতে পারে না ঠিক কী হারিয়েছে।

আলজাজিরা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গাজার কয়েকজন শিশুর সঙ্গে কথা বলছেন এক ব্যক্তি। তিনি জানতে চান, তাদের পরিবারে কেউ নিহত হয়েছে কি না।

এক ছেলেশিশু জানায় তার বাবা-মা দুজনই আর বেঁচে নেই। তার পাশে থাকা এক মেয়েশিশুর দিকে ইঙ্গিত করে সে বলে—তার বাবাও আর নেই।

প্রশ্নকারী আবারও নিশ্চিত হতে চাইলে পাশের আরেক শিশু জানায় ওর বাবা নয়, ওর মা মারা গেছেন।

মেয়েটি জানায়, তার বাবা নাবলুস এলাকায় মারা গেছেন। আর ছেলেটি বলে, তার বাবা ঘরে খাবারের জন্য আটা আনতে বের হয়েছিল, কিন্তু আর ফিরে আসেননি। “তিনি শহীদ হয়ে ফিরেছেন” এমন প্রশ্নে শিশুটি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়। নিজের বাবার কথা বলতে গিয়ে তার চোখেমুখে স্পষ্ট দুঃখের ছাপ দেখা যায়।

আরেক মেয়ে জানান, তার বাবাকে ইসরাইলি সেনারা তিনটি গুলি করেছিল। ছেলেটি দেখায় তার বাবাকে বুকে গুলি করা হয়েছিল। প্রশ্নকারী জানতে চাইলে শিশুটি বলে, তারা ‘ওদা’ পরিবারের সন্তান এবং এখন জেইতুন এলাকায় থাকছে।

শেষে মেয়েটি জানায়, তার বাবার নাম ছিল ফাদি। তিনি নাবলুসে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন সেগুলো বিক্রি করে পরিবারে খাবার কিনে আনার জন্য। কিন্তু তিনি আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেননি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ পাওয়া তথ্য মতে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসকদের একটি সূত্র জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দলীয় একটি সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে আছেন প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

মেডিকেল বোর্ডের পরামর্শে গত রোববার (২৩ নভেম্বর) রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

এদিকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দলীয় চেয়ারপারসনকে নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। যাতে লেখা, ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

মির্জা ফখরুলের এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ শেয়ার করেন পোস্টটি। এছাড়া কমেন্ট বক্সে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা।

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা

আফগানিস্তানের খোস্ত অঞ্চলে মধ্যরাতের এক বিমান হামলার পর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে।

কাবুল জানায়, ওই হামলায় এক নারীসহ মোট ১০ জন সাধারণ মানুষ মারা গেছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু। হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান সব অভিযোগ নাকচ করেছে।

দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নাজুক অবস্থায় টিকে আছে। সাম্প্রতিক হামলার পর দুপক্ষ একে অপরকে আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী করছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, খোস্তের গুরবুজ জেলায় সোমবার গভীর রাতে বোমা হামলা চালানো হয়। তার দাবি, পাকিস্তানি বাহিনী এক পরিবারের বাড়িতে বোমা নিক্ষেপ করে শিশুদের মৃত্যু ঘটিয়েছে। তালেবান আরও অভিযোগ করছে—কুনার ও পাকতিকা প্রদেশেও সমপর্যায় সীমান্তবাহিনী হামলা চালিয়েছে, যাতে কয়েকজন আহত হয়েছেন।

এর মাত্র এক দিন আগে পেশোয়ারে পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারি বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয়। পাকিস্তানি গণমাধ্যম বলছে, হামলাকারীরা আফগান নাগরিক। টিটিপির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এই হামলার দায় নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট এটিকে “বিদেশি মদদপুষ্ট উগ্রপন্থীদের” কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

পাকিস্তান দাবি করছে, দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলা আফগান ভূখণ্ডের নির্দেশনায় পরিচালিত হয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে। গত বছর সীমান্তে সংঘর্ষে বহু প্রাণহানি হওয়ায় পরিস্থিতি আরও সংকটময় হয়। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমঝোতা হয়নি। মূল বিরোধের জায়গা—পাকিস্তানের দাবি, টিটিপি যোদ্ধারা আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালাচ্ছে; অন্যদিকে তালেবান বলছে, পাকিস্তান নিজেই আফগানবিরোধী কিছু গোষ্ঠীকে প্রশ্রয় দেয়।

নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে—খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় চালানো এক অভিযানে ২২ জন টিটিপি সদস্যকে হত্যা করা হয়েছে।

প্রবাসীদের জন্য ন্যায্য ভাড়া চাইলেন বিমান উপদেষ্টা

প্রবাসী শ্রমিকরা যেন কম খরচে আকাশপথে ভ্রমণ করতে পারে—এ বিষয়টি বিবেচনা করার জন্য বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইএডিল-এর ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমান উপদেষ্টা বলেন, লো-কস্ট ক্যারিয়ার বা বাজেট বিমান সংস্থাগুলোর প্রাথমিক ভাড়া কম হলেও সিট নির্বাচন, খাবার, পানীয় এবং লাগেজের মতো সুবিধার জন্য আলাদা ফি নেওয়ায় শেষ পর্যন্ত যাত্রীদের খরচ বেড়ে যায়। এ কারণে প্রবাসীদের জন্য ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণে বিমান সংস্থাগুলোর প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে এ দেশের অর্থনীতি সচল রাখে। তাই তাদের জন্য বিমানের ন্যায্য ভাড়া নির্ধারণের আহ্বান জানান তিনি।

এয়ারলাইন ফ্লাইএডিল আগামীকাল বুধবার থেকে জেদ্দা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে সংস্থাটি।

প্রাথমিকভাবে সংস্থা সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট এফ-৩ ৯১১২ স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে, আর ফিরতি ফ্লাইট এফ-৩ ৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুপুর ১টায় উড়বে।

ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো দিন তফসিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে যেকোনো দিন ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় ভাগের সংলাপের সূচনা বক্তব্যে সানাউল্লাহ এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ও বিকেল দুই ভাগে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আর বেশি দেরি নেই। ডিসেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো একদিন তফসিল ঘোষণা হয়ে যাবে। সেটা একসময় আপনারা জানতে পারবেন।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা একটি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন কমিশন থেকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়ে থাকি।
এই সময়কালে তারা একটি জাতীয় নির্বাচন এবং অন্তত চারটি স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে। পর্যবেক্ষক সংস্থাগুলো তিন ধরনের প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেয়।’

‘জাতীয় সংসদ নির্বাচনের পর সাত দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন, এক মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন এবং দ্বিবার্ষিক একটি প্রতিবেদন। এসব প্রতিবেদন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে বাস্তবতা হলো, অতীতে যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন, তাদের প্রতিবেদন থেকে আমরা খুব বেশি উপকৃত হতে পারিনি।’ বলেন নির্বাচন কমিশনের অন্যতম এই শীর্ষ কর্মকর্তা।

এই নির্বাচন কমিশনার বলেন, আপনাদের অনুরোধে পর্যবেক্ষকদের বয়সসীমা ২১ বছরে নামিয়ে আনা হয়েছে। কিন্তু ২১ বছরের একজন তরুণ কতটা অভিজ্ঞ, তা আমরা সবাই উপলব্ধি করতে পারি। সুতরাং বড় চ্যালেঞ্জ হলো- এই প্রতিষ্ঠানগুলো কীভাবে তাদেরকে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষিত করে যোগ্য করে তুলবে।
প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন—এটা হলো নিরপেক্ষতা। পর্যবেক্ষকদের শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনসংক্রান্ত যত আইন ও বিধিমালা রয়েছে, সেগুলো পর্যবেক্ষকদের জানা প্রয়োজন। জানতে হবে নিবন্ধন বাতিলের কারণসমূহ কী, কোনো পর্যবেক্ষকের বিরুদ্ধে অভিযোগ হলে তদন্তের নিয়মাবলি কী এবং কিভাবে তা নিষ্পত্তি করা হয়। এগুলো জানা থাকলে অনেক ভুলভ্রান্তি এড়িয়ে চলা সম্ভব।

জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর এই আগুন লাগে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা আগুনের খবর পান। আগুন নির্বাপণে এখন পর্যন্ত ১৯টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বস্তির বেশির ভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের বেশির ভাগই বাড়িতে ছিলেন না।

সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা যে যেভাবে পারছেন চাপকল বা খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

তবে বস্তির বাসিন্দারা জানান, আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। যে যেভাবে পারছেন ঘরের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন।