রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান

নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।মা-বোনরা যাতে রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে সে ব্যবস্থা করতে চাই।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তারেক রহমান কাঁচপুরের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত-ছাত্রীসংস্থার কেউ বাসায় গেলে ধরিয়ে দিন: বিএনপি নেত্রী পাপিয়া

মা-বোনদের উদ্দেশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে ধরিয়ে দেবেন-যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। এমন মন্তব্য করেছেন সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পাপিয়া নতুন ভোটারদের উদ্দেশে বলেন, আবু সাইদ ও মুগ্ধদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য পিকনিক পার্টির খপ্পরে পড়া যাবে না। এসব পিকনিক পার্টি বন্ধ করতে হবে।

তিনি বলেন, জামায়াত সারাজীবন বিএনপি ও আওয়ামী লীগের দয়ায় বড় হয়েছে। এখন নাবালকরা আবার সাবালক হচ্ছে। নির্বাচনে দুই নম্বর হবেন, না তিন নম্বর হবেন-ওটা জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা করেন। সেগুলো বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা। এমন ডগবগানি করছে, ঠিক যেমন কিশোরী থেকে মেয়েরা তরুণী হয়-তেমন।

এ সময় সভায় অভিযোগ করে বিএনপি নেত্রী পাপিয়া বলেন, জামায়াতের সাবেক এমপি কোনো উন্নয়ন কাজ করেননি। তিনি উপস্থিত ভোটারদের প্রতি তাঁর স্বামী ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. হারুনুর রশীদ। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতি বাড়াতে পারে: টিআইবি

জনপ্রশাসনে কার্যকর সংস্কার ও সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত না হলে নতুন পে-স্কেল ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির হাতিয়ার হয়ে উঠতে পারে- এমন শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গতকাল রোববার টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও এই অতিরিক্ত অর্থ দেওয়ার সক্ষমতা যাচাইয়ের আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে পে-স্কেল বাড়ালে দুর্নীতি কমার কোনো বাস্তব উদাহরণ নেই।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বেতন বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে ইতোমধ্যে আর্থিক সংকটে থাকা সাধারণ মানুষের ওপর। বিপুল অর্থের জোগান কীভাবে দেওয়া হবে, তা সরকার স্পষ্ট করেনি। একইসঙ্গে দ্রব্যমূল্যসহ সার্বিক ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, যা জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে।

তিনি বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হলেও ঘুষ, দুর্নীতি ও অনিয়ম একটি বড় অংশের কাছে যেন অধিকার হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে বেতন-ভাতা বাড়িয়ে দুর্নীতি কমানোর কোনো দৃষ্টান্ত নেই। অন্যদিকে বেতন বৃদ্ধির তুলনায় ঘুষ ও অবৈধ লেনদেন আরও বেড়েছে। এবারও এর ব্যতিক্রম হবে—এমনটি ভাবার কারণ নেই।

ইফতেখারুজ্জামান আরও বলেন, একদিকে সরকারি কর্মচারীদের সেবামূলক মানসিকতার ঘাটতি, জবাবদিহিহীন আচরণ ও লাগামছাড়া দুর্নীতি চলতে দেওয়া, অন্যদিকে সংকীর্ণ স্বার্থে তাদের দাবিমতো বেতন-ভাতা বাড়ানো- এটি সাধারণ জনগণের সঙ্গে উপহাসের শামিল।

তবে জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সরকার যদি বেতন বৃদ্ধির নির্ভরযোগ্য অর্থসংস্থানের পথ বের করতে পারে, সেক্ষেত্রেও বিষয়টি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, বেতন বৃদ্ধির আগে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের সব আইন ও বিধি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

সকল পর্যায়ের সরকারি কর্মচারীর আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে তা প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এসব হিসাব প্রকাশ করবেন, কেবল তাদের ক্ষেত্রেই নতুন পে-স্কেল কার্যকর হতে পারে। আর যারা করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া উচিত নয়।

এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ক্ষেতুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামেদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

কৃষকলীগ নেতা সুরুজ মিয়া জানান, আওয়ামী লীগ নেত্রী দেশের বাইরে থাকায় আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আব্দুল রশিদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন আক্তার হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোরশেদ জ্যোতি।

পাবনা-১ আসনের ‘ধানের শীষ’ প্রার্থী ভিপি শামসুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাশু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল সাত্তার জিন্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহানুর আলম পিন্টু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজনু। এছাড়াও ছাত্রদলের সাবেক সভাপতি মজনু উপস্থিত ছিলেন।

ভিপি শামসুর রহমান বলেন, এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। আমরা আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে চাই।

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার ও মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন নগরীর অন্তত ৬২টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বরইকান্দি পলিটেকনিক ইনস্টিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোজারখলা, বাবনা পয়েন্ট, পুলেরমুখ, ঝালপাড়া, চাঁদনীঘাট, কদমতলী, রেলওয়ে স্টেশন, বঙ্গবীর রোড, মোমিনখলা, বারখলা, গালিমপুর, মুন্সিবাজার, আলমনগর, পিঠাকরা, ফরহাদপুর, গাঙপাড়, বনগাঁও, কামালবাজার, পুরানগাঁও, ছোট দিঘলী, বাইপাস রোড, মাসুক বাজার, তাজপুর, মিরেরগাঁও, গুপ্তেরগাঁওসহ আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর কর্তৃপক্ষ।

নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই: সিইসি

নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে বিদেশি কূটনীতিকদের জানাতে নির্বাচন কমিশনের আয়োজিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনে কর্মরত রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।

বৈঠকের পরে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, “আমরা চাই অলমোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন। যাতে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই। অ্যাম্বাসাডাররা অত্যন্ত খুশি।”

কূটনীতিকরা পোস্টাল ভোট, নির্বাচনের সময় কী পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হবে এমন সব বিষয়ে প্রশ্ন করেছেন বলে জানান সিইসি।

“আমরা বুঝিয়েছি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে” বলেন মি. উদ্দিন।

সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হবে বলে জানান তিনি।

ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি।

দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দিন

মোদির সেবাদাসদের হাত থেকে বাংলাদেশকে চিরকালের জন্য মুক্ত করতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন এলিডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, বর্তমানে সমাজে ইনসাফ নেই। আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। সমগ্র জাতিকে চিন্তা করতে হবে, আজকে আমাদের বিরোধিরা নিজকে দিল্লির সেবাদাস হিসেবে পরিচিত করেছে। সেবাদাসকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। তাদের হাতে দেশকে হস্তান্তর করতে পারি না। তাদের হাত থেকে দেশকে যেকোনো উপায়ে মুক্ত করতে হবে। এই মুক্তির একমাত্র উপায় হলো-৫ আগস্টের মুভমেন্টের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করা।

তিনি রোববার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা-৬ আসনের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

অলি আহমদ বলেন, ২০০১ সাল থেকে বিএনপির অনেক কিছুই আমি মেনে নিতে পারিনি। সারাজীবন আমি যুদ্ধ করেছি, ১৯৭১ সালে ক্যাপ্টেন হিসেবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট থেকে ফিরিয়ে এনেছিলাম। তাকে সেখান থেকে ফিরিয়ে না আনলে হয়তো পাঁচ মিনিটেই গুলি করে হত্যা করে কর্ণফুলিতে ফেলে দিত। পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল-ন্যায়ভিত্তিক একটা সমাজ হবে, অর্থনৈতিক মুক্তি হবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দীর্ঘ ২৫ বছর দেখেছি, ভারতের দালাল-মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে আপনারা ক্ষমতায় দেখেছেন, আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন্, জামায়াতের দুইজনকে ক্ষমতায় দেখেছেন। ২০০৮ সালে নিজামী ও মুজাহিদ ছাড়া সবাই দুর্নীতির দায়ে জেলে আবদ্ধ ছিল।

তিনি বলেন, আজকে দেশের কি অবস্থা? আমরা কাপড়া পাল্টাচ্ছি, নাম পাল্টাচ্ছি, কিন্তু দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারিনি। চাঁদাবাজি থেকে বের হয়ে আসতে পারিনি। আমরা যারা এই মঞ্চে আছি, আমাদের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে-১৯৭১ সালের স্বপ্ন বাস্তবায়ন করা। ভারতের দাসত্বমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে ধনী-গরিবের মধ্যে বিচারে কোনো পার্থক্য থাকবে না।

অলি আহমদ বলেন, বর্তমানে সমাজে ইনসাফ নেই। আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। সমগ্র জাতিকে চিন্তা করতে হবে, আজকে আমাদের বিরোধিরা নিজকে দিল্লির সেবাদাস হিসেবে পরিচিত করেছে।সেবাদাসকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। তাদের হাতে দেশকে হস্তান্তর করতে পারি না। তাদের হাত থেকে দেশকে যেকোনো উপায়ে মুক্ত করতে হবে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব বলেছিলো, ৫ আগস্টের মুভমেন্টে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা তারই কথা। তাহলে বিএনপি এখনকার অবস্থা চায়নি, তারা শেখ হাসিনাকেই চেয়েছিল। আর আপনারা চৌদ্দ শতাধিক শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন-ইনসাফের সমাজ। তাই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমগ্র জাতিকে অনুরোধ করবো, একটু চিন্তা করে বিবেককে জিজ্ঞাসা করুন, আবেগে কাজ করবেন না। মার্কা দেখে ভোট না দিয়ে, কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মোদির দালালি করবে-এটা চিহ্নিত করুন।

অলি আহমদ বলেন, দালালদের ভোট দিলে হাসিনা যেভাবে অত্যাচার করেছিল, অনুরুপভাবে অত্যাচারিত হবেন। কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। ১১ দলীয় প্রার্থীরা যে যেখানে আছে, তাদেরকে ভোট দিতে হবে। এ সময় তিনি ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নান এবং ঢাকা-৮ আসনে নাসীররউদ্দীন পাটওয়ারীকে পরিচিত করিয়ে দিয়ে বলেন, জাতির সঙ্গে যারা বেঈমানি করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। তাদেরকে ভোট দিয়ে দেশকে চিরকালের জন্য মোদির সেবাদাসদের হাত থেকে মুক্ত করুন।

সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।

প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ‍্যাম্পিয়নশিপে আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সারাদেশের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানি সম্পদ, বিদ্যুৎ, পরিবহন এবং মানবসম্পদ খাতে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি উন্নয়ন কার্যক্রম অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন প্রদান করা হয়।
বিজ্ঞাপন

অনুমোদিত তালিকায় নতুন পরিকল্পনা রয়েছে ১৪টি, সংশোধিত কর্মসূচি অন্তর্ভুক্ত হয়েছে ৬টি এবং সময় বর্ধিত প্রকল্প সংখ্যা ৫টি।

মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি টাকা, বৈদেশিক ঋণ হিসেবে ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় পরিকল্পনা, অর্থ, পররাষ্ট্র, খাদ্য, ভূমি, স্বরাষ্ট্র, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ, পানি সম্পদ, শিক্ষা, বাণিজ্য, বস্ত্র, পাট, বিমান পরিবহন, পর্যটন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত উদ্যোগগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ এবং জেলা সড়ক উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যক্রম অনুমোদিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের আওতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিবৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে পর্যটন সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে স্যানিটেশন খাতে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ-পুলিশ স্থাপনা, ট্রাফিক ইউনিট এবং হাইওয়ে থানা নির্মাণের পরিকল্পনা অনুমোদন পায়।

রেলপথ খাতে দোহাজারী হয়ে রামু অতিক্রম করে কক্সবাজার পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প সংশোধিত আকারে অনুমোদিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৬৪ জেলায় প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিংভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য খাতে এক হাজার শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপন এবং পুষ্টি সেবা উন্নয়ন কর্মসূচি অনুমোদন লাভ করে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে সবুজায়ন কার্যক্রম এবং শিল্পভিত্তিক উৎপাদন প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।

পানি সম্পদ খাতে নদী ড্রেজিং, তীর সংরক্ষণ, বাঁধ ব্যবস্থাপনা এবং আড়িয়াল বিল এলাকার জীবনমান উন্নয়নে ছয়টি পরিকল্পনা অনুমোদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কার্যক্রম সংশোধিত আকারে অনুমোদন পায়।

সভায় আরও জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প ইতোমধ্যে অনুমোদনের বিষয় একনেককে অবহিত করা হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অনুমোদিত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে নির্বাচনি পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আপনাদেরই ঘরের সন্তান। ধর্ম-বর্ণ কিংবা দল-মতের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। রাজনীতিতে যেন কেউ ব্যাংক ডাকাতের মতো ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য নির্বাচন ও ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজ জন্মস্থান রসুলপুর ইউনিয়নের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। এখানে প্রায় ২২ হাজার ভোটার রয়েছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিলে বিজয় নিশ্চিত করা সহজ হবে।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে নির্বাচন করছি। প্রতিদিন অন্তত ১০ জন ভোটারের সঙ্গে কথা বলে আমার প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করার চেষ্টা করবেন।

এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।