রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকরাই জাতির মেরুদণ্ড। কিন্তু তারা তাদের ফসলের ন্যায্যমূল্য পান না। কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার : আউটলুক ২০৫০’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিল্পকারখানার মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে দুই শতাংশ ইন্টারেস্ট দিয়ে মাফ পেয়ে যায়। তারা নানা ধরনের প্রণোদনা পায়। কৃষকরা ঋণ নিতে গেলে পায় না।

তিনি বলেন, তাদের প্রণোদনা দিতে গেলে নানা ধরনের বাধা আসে। এটা ভাবা হয় যে, কৃষকরা উৎপাদন না করলে বিদেশ থেকে আমদানি করা যাবে। কিন্তু টাকা থাকলেই সবসময় পণ্য পাওয়া যায় না। তাই দেশেই উৎপাদন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

কৃষি উপদেষ্টা বলেন, দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেয়। আমরা কয়েকদিন হা-হুতাশ করি। ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রণোদনা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়। এ ধরনের অবস্থা হলে কৃষকরা বাঁচবে না। আর কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাই কৃষির উন্নয়ন করতে হলে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।

আউটলুক সম্পর্কে উপদেষ্টা বলেন, এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, আমরা আমাদের দেশের কৃষি খাতের ভবিষ্যৎ গঠনের জন্য এ পরিকল্পনা প্রণয়ন করছি। আগামী ২৫ বছরে বাংলাদেশের কৃষির রূপান্তর, জীবনযাত্রার মানোন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এ পরিকল্পনার সফল বাস্তবায়ন শুধু কৃষি খাতের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান।

কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার ঢাকাস্থ প্রতিনিধি ড. জিকুইন শি, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. মুস্তাফিজুর রহমান ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।

আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর প্রজন্মের জন্য পারস্পরিক হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

বৈষম্যহীন ও সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির জানান, চব্বিশের আগস্টের ৫ তারিখের পর তারা সব ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন এবং সাহস জুগিয়েছেন।

তিনি বলেন, ‘এ দেশে সবাই সমান নাগরিক এবং সবার অধিকার সমান।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ তারিখে দুইটা ভোট- একটা ‘হ্যাঁ’, একটা ‘না’। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামী। ১২ তারিখ শক্ত হাতে প্রথম ভোটটা ‘হ্যাঁ’-এর পক্ষেই বসাবো।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।’

তিনি আরও বলেন, দোষারোপ, তোষামদি, ধোঁকা, মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।

ফেব্রুয়ারীর ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে অতীতের দুঃখ-দুর্দশার রাজনীতির কবর রচিত হয়ে নতুন রাজনীতির সূর্য উদিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন জামায়াত আমির।

সমাবেশে প্রতীকীভাবে প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির।

তিনি বলেন, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান মোল্লাসহ মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত আমলের স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে।

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের বড় ভূমিকা ছিল। ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে মঞ্চের পাশে উপস্থিত গুম ও খুনে স্বজনহারা পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘এই মানুষগুলো কেন স্বজনহারা হয়েছেন- তার সাক্ষী এখানে উপস্থিত সবাই।’

তিনি বলেন, গত ১৬-১৭ বছর রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে তারা আপনজন হারিয়েছেন।
অনেক রক্ত ও চোখের পানির ত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ পরিবর্তনের ধারাকে টিকিয়ে রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা রক্ষা করা এবং ভোটাধিকারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি। তা না হলে ভবিষ্যতে আবারও কোনো স্বৈরাচার এসে মানুষের অধিকার কেড়ে নিতে পারে বলে তিনি সতর্ক করেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নানা মন্তব্য করে, যা মানুষের উপকারে আসে না। ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে- কীভাবে মানুষের সমস্যার সমাধান করা যায়।’

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় একটি সরকারি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও সেখানকার জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে।

পানিসংকটের বিষয়ে তারেক রহমান বলেন, খাল-বিল শুকিয়ে যাওয়া এবং উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর প্রবাহ কমে যাওয়াই পানিকষ্টের বড় কারণ। এ সমস্যা সমাধানে বিএনপি ‘খাল খনন কর্মসূচি’ গ্রহণ করেছে, যার লক্ষ্য সারা দেশের পানি সমস্যার সমাধান করা।

এ সময় দেশের কর্মসংস্থানহীন লাখ লাখ তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানান তারেক রহমান।

সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬-১৭ বছরে আমরা শুধু গল্প শুনেছি, সমাধান পাইনি।’

তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে পারলে দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। এ জন্য জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এর আগে নির্বাচনী সমাবেশে অংশ নিতে বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহে রওনা হন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি গাজীপুরে যান। রাত ১২টায় সেখানে সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের স্বীকৃতি পেল বিপিএল

‘আইপিএল ও বিগব্যাশের পর সেরা লিগ বিপিএল’ – কথাটা যখন বলেছিলেন, তখনই সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তখনও শীর্ষ লিগের ধারেকাছেও ছিল না বিপিএল। এরপর থেকে বিপিএলের মানের গ্রাফ স্রেফ নিচের দিকেই নেমেছে। এবার বিপিএলের কপালে আরও এক লজ্জাজনক এক তকমা জুটে গেল। বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেয়ে গেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি।

আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান দশম। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’।

বিপিএল ক্রিকেট বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু জনপ্রিয় হওয়া তো দূরের কথা, বিপিএলের মান ক্রমশ নিচের দিকে নামছে। নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে বিপিএল আন্তর্জাতিক গণমাধ্যমেরও চোখ এড়ায় না, সেটা বোঝা গেল এবার দ্য ক্রিকেটারের পর্যালোচনায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা করে তাদের তৈরি র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ হিসাবে চিহ্নিত হয়েছে বিপিএল।

চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করেছে দ্য ক্রিকেটার। সেগুলো হলো- বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে চালানো এই পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই রয়েছে দশ নম্বরে। শুধু স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি ২০ রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল নবম।

‘দ্য ক্রিকেটার’ জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে কম রেটিং পেয়েছে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাদের মতে, ‘সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ লেগেই আছে।’

মাদুরো স্টাইলে ট্রাম্পকে তুলে আনার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজঘাদি। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এই হুমকি দেন।

সম্প্রতি ইরানের সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের সদস্য আজঘাদি বলেন, ‘ট্রাম্পের অবস্থান বিবেচনা করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে, তাদের সব অঙ্গরাজ্য ও শহরে ধ্বংসাত্মক অভিযানসহ যেকোনো ধরনের অভিযান চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে। মার্কিন কর্মকর্তা এবং তাঁদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে।’

ইরানি এই কর্মকর্তা বলেন, ‘ইরানকে ট্রাম্পের সঙ্গে অবশ্যই তা-ই করতে হবে, যা তারা (যুক্তরাষ্ট্র) মাদুরোর সঙ্গে করেছিল। ট্রাম্পকে তাঁর মেয়াদে বা এর পরেও এই অন্যায়ের মাশুল দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি, ট্রাম্পকে ধরে আনা হবে।’

চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়। তাঁদের কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে বলে জানান ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করার ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

নিন্দা জানায় ইরান, চীন, রাশিয়া, কিউবা, স্পেন, কলম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ হিসেবে আখ্যা দেওয়া হয়। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, আলজাজিরা, বিবিসি

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী এ কথা জানান। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লুৎফে সিদ্দিকী বলেন, ওয়াশিংটন বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আন্তরিক এবং শিগগিরই এ–সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে বিদ্যমান ২০ শতাংশ শুল্ক ঠিক কতটা কমানো হবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

দাভোসে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন জানিয়ে লুৎফে সিদ্দিকী বলেন, ‘যুক্তরাষ্ট্রের অশুল্কনীতির অনেক বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে প্রায় ৬০০ কোটি ডলারের বাণিজ্যঘাটতি ছিল, তা অনেকটা কমে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে বাণিজ্য বাধা কমাতে আন্তরিকতা দেখাচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে লুৎফে সিদ্দিকী জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরের আগ্রহের কথা স্পষ্ট করেছি। তারা এতে আগ্রহ দেখিয়েছে, তবে তাদের প্রক্রিয়াটি ধীরে এগোচ্ছে।’

লুৎফে সিদ্দিকী আরও বলেন, ইইউ বর্তমানে ভারতের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে এবং এরপর হয়তো ভিয়েতনামের দিকে এগোবে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। তবে তিনি বলেন, ‘তাতেও ভয়ের কিছু নেই। আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। পরবর্তী সরকারের জন্য আমি এ বিষয়ে বিস্তারিত নোট রেখে যাব।’

জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আব্দুল করিম সিকদার নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আমির হোসেন বাচ্চু হাওলাদার রাজাপুর উপজেলার পশ্চিম রাজাপুর ওয়ার্ড যুবদলের সভাপতি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম রাজাপুর (সারে চার আনি) ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত জামায়াতের কর্মী আব্দুল করিম সিকদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনার পর হাসপাতালে আহত জামায়াতের কর্মীকে দেখতে আসেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।

এ সময় তিনি বলেন, চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। কিন্তু পরাজয় হবে—এই আশঙ্কায় আজ তারা আমার দলের কর্মীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে। দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয়, আমি প্রশাসনসহ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের জানাতে চাই—আমার ঝালকাঠি-১ আসন বহু বিষয়ে আলোচিত ও সমালোচিত একটি আসন। এই আসনের পেছনে যদি আপনারা এখনই নজর না দেন, তাহলে আমরা এই নির্বাচনকে অবশ্যই একটি পাতানো, ষড়যন্ত্রমূলক নির্বাচন বলে মনে করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রত্যেকটি কর্মী রক্ত দিয়ে তৈরি আমাদের একজন কর্মীর রক্ত যেহেতু ঝড়েছে তাহলে সেই রক্তের ওপার ভিত্তি করে বাংলাদেশের সকল চাঁদাবাজ সন্ত্রাস লুটেরা হয়নাদের কবর রচিত করা হবে। তারা এখান থেকে অবশ্যই তাদের মাশুল পাবে এবং সেটা পাবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। আজকে এই রক্ত ঝরা দিয়ে প্রমাণিত হয় বিএনপি রাজাপুর কাঁঠালিয়ায় পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে। না হয় তারা আমাদের নিয়ে আবোল তাবোল বলা শুরু করেছে এমনকি রক্ত ঝরিয়েছে। আমরা কারো উপরে একটা টোকা পর্যন্ত মারিনা তাহলে বিএনপি জামায়াত ইসলামের কর্মীর ওপর এই হামলার দুঃসাহস কেমনে পেল। আমি প্রশাসনকে বলবো এই রাতের মধ্যে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে না হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব।

ঘটনার বিষয়ে অভিযুক্ত বাচ্চু হাওলাদার বলেন, আব্দুল করিম তার দূরসম্পর্কের আত্মীয়। প্রায় ৩–৪ বছর আগে তার কাছে ১ হাজার ৮০০ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন তাকে এলাকায় না দেখায় টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তবে বড় ধরনের মারধর বা জখমের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। পাশাপাশি ড. ফয়জুল হকের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন বাচ্চু হাওলাদার।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এটাই আমার শেষ নির্বাচন, উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন : বিএনপি মনোনীত প্রার্থী নাছির

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, “গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে তৃণমূলের প্রতিটি কর্মীকে সকল ভেদাভেদ ভুলে আন্দোলনের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে।”

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিকেলে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীহাইল গ্রামে আয়োজিত পথসভাটি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ​পথসভায় নাছির উদ্দিন চৌধুরী আবেগপ্রবণ কণ্ঠে ভোটারদের উদ্দেশ্যে বলেন, ​”আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করুন। এটিই আমার জীবনের শেষ নির্বাচন, এটিই শেষ চাওয়া। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি আপনাদের এলাকার আমূল উন্নয়ন দেব।”

এলাকায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কেউ আপনাদের ওপর কোনো অত্যাচার বা জুলুম করার চেষ্টা করে, তবে সরাসরি আমাকে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে সেটি প্রতিহত করব। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার সাথে টেলিফোনে যোগাযোগ করবেন।”

​শ্রীহাইল গ্রামের বাসিন্দা আলী আহমদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান।

​বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে ধানের শীষের জয় এখন সময়ের দাবি। শ্রীহাইলের বিশাল জনসভা শেষে নাছির উদ্দিন চৌধুরী পর্যায়ক্রমে ইসাকপুর, সীমের কান্দা, মনুয়া, সহদেব পাশা, কান্দিগাঁও ও ইয়ারাবাদ গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে এই ঝটিকা সফরের ফলে পুরো শাল্লা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে অথবা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

এর আগে মঙ্গলবার সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তি লাঘবে এবং ঘরের কাছে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এই সংশোধিত নীতিমালাটি জারি করা হয়।

এবারের নীতিমালার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্বচ্ছতা। মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে।

এখন থেকে কোনো শিক্ষককে বদলির জন্য আর প্রভাবশালীদের দপ্তরে ধরনা দিতে হবে না। এই নীতিমালা জারির তারিখ থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।

নীতিমালায় শিক্ষকদের আবেগকে প্রাধান্য দিয়ে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক-শিক্ষিকারা প্রাথমিকভাবে নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় যাওয়ার সুযোগ পাবেন।

সবচেয়ে নাটকীয় এবং মানবিক পরিবর্তনটি এসেছে ৩.৮(গ) ধারায়। এই বিশেষ বিধান অনুযায়ী, শিক্ষকরা চাইলে এখন থেকে তাদের স্বামী অথবা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এটি হাজার হাজার বিচ্ছিন্ন পরিবারের জন্য এক বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।

আবেদনের শর্তাবলি

চাকরির বয়স : প্রথমবার যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে তবেই একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন।

পরবর্তী বদলি : একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পরবর্তী আবেদনের জন্য আবারও ন্যূনতম দুই বছর অপেক্ষা করতে হবে।

শূন্যপদ প্রকাশ: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্ধারিত সময়ে অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করবে। সেই তালিকার বিপরীতেই কেবল আবেদন গ্রহণ করা হবে।