শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করলে প্রতিহত করবো : খাদ্যমন্ত্রী

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার বিপক্ষের অপশক্তিরা দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। সামনে দুর্গাপূজা। এ পূজাকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে চাইবে। তাই কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করা হবে।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একসঙ্গে কাজ করে আমরা দেশকে উন্নত করতে চাই।

জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, ২৬-বিজিবির সহকারী পরিচালক তফসীর আহমেদ, সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার, নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ অন্যান্যরা।

গাজায় সাধারণ মানুষের রক্তক্ষয়ের জন্য দায়ী ইসরায়েল: উত্তর কোরিয়া

ইসরায়েলিদের উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও গাজায় সাধারণ মানুষের রক্তক্ষয়ের জন্য ইসরায়েলকে দায়ী করেছে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া।
মঙ্গলবার (১০ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির পত্রিকা রোডোং সিনমুন একটি সংক্ষিপ্ত প্রবন্ধে বলেছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত অত্যাচারের ফলাফল হলো এই সংঘাত। গত শনিবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর আজ প্রথমবারের মতো এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি।
রোডোং সিনমুনের এ প্রবন্ধে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় দাবি করে হামাসের এই হামলা—সাধারণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত অপরাধমূলক কর্মকাণ্ডের ফলাফল। এই সংঘাত থেকে মুক্তির একমাত্র উপায় হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ’
এদিকে হামাস ইসরায়েলে হামলা শুরু করার পর এখন পর্যন্ত ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন ৯০০ ইসরায়েলি। অপরদিকে ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় পাঁচশরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের এ রক্তক্ষয়ী ও প্রাণঘাতি হামলার পর এখন শঙ্কা দেখা দিয়েছে, গাজায় স্থল হামলা চালানো শুরু করতে পারে ইসরায়েল। এমন আশঙ্কার মধ্যে হামাস হুমকি দিয়েছে, যদি কোনো সতর্কতা ছাড়া ফিলিস্তিনের উপর কোনো হামলা চালানো হয় তাহলে— তাদের হাতে বন্দি ১৫০ ইসরায়েলিকে হত্যা করা হবে এবং সেই হত্যার ভিডিও প্রকাশ করা হবে।
ইসরায়েল ইতিমধ্যে গাজার সীমান্তের কাছে প্রায় ১ লাখ সেনা জড়ো করেছে। এছাড়া প্রায় ৩ লাখ সেনাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লিটন-মুশফিকরা। টাইগারদের অধিনায়ক সাকিব মনে করেন, শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার। আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দারুণ একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেটি মাঠে বাস্তবায়ন করতে পারেনি। প্রথম পাঁচ-ছয় ওভার বল দারুণ মুভ করছিল। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আরও কঠিন কিছু ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা এই ম্যাচে যে সমস্ত ইতিবাচক দিকগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে চিন্তা করতে হবে।’

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৫৫

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন। মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৮৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন। ঢাকায় ৮৬ হাজার ৭৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩২ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মধ্যপ্রাচ্যে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন

গাজার ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, গত সপ্তাহে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের দক্ষিণ ইসরায়েলে আকস্মিক অনুপ্রবেশের ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে ওয়াশিংটনের অক্ষমতারই প্রমাণ। মঙ্গলবার (১০ অক্টোবর) আরটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি অনেকেই আমার সাথে একমত হবেন যে; এটি মার্কিন মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতার একটি উজ্জ্বলতম উদাহরণ। তারা শান্তি চুক্তিতে একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমঝোতার সন্ধানে কোনও মনোযোগ দেয়নি।
পুতিন বলেন, গ্রহণযোগ্য সমঝোতার পরিবর্তে ওয়াশিংটন তাদের উপর নিজস্ব সমাধান চাপিয়ে দেওয়ার প্রয়াসে উভয় পক্ষের উপর চাপ প্রয়োগ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই ফিলিস্তিনি জনগণের মূল স্বার্থকে বিবেচনায় নেয়নি। এসব স্বার্থমূলত একটি স্বাধীন ফিলিস্তিনি জাতিরাষ্ট্র গঠনের সঙ্গে জড়িত, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনে উল্লেখ করা হয়েছে।
মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানের সঙ্গে বৈঠকে পুতিন এ মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে অগ্রাধিকার দিতে দুই দেশ ঐক্যবদ্ধ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এর আগে নতুন করে শত্রুতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। রাশিয়ার শীর্ষ কূটনীতিক সোমবার পরামর্শ দিয়েছেন যে তথাকথিত মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের চার দল যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ – শান্তি আলোচনায় অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব সুবিধার জন্য এই প্রক্রিয়াটিকে “একচেটিয়া” করার জন্য এই প্রক্রিয়াটিকে উপেক্ষা করেছে।

টাইগারদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় ইংল্যান্ডের

২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ইংলিশদের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ডেভিড মালানের ১৪০ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানের সংগ্রহ পেয়েছে জস বাটলারের দল। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ১০ বলে হাতে রেখেই ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। এতে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পায় জস বাটলারের দল।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নেন লিটন। তবে দ্বিতীয় ওভারেই খেই হারায় টাইগাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি।এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন তিনি। ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে পরা বাংলাদেশ। পরে সাকিব আল হাসানকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন।
তবে টাইগার দলপতিও ব্যর্থ ইনিংস বড় করতে। দলীয় ২৬ রানে টপলির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হবার আগে ৯ বলে ১ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ব্যাট করতে আসে বাংলাদেশে ভরসার নাম মিরাজ। তবে আজ ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। দলীয় ৪৯ রানে ক্রিস ওকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্যাভিলিয়নের পথ ধরার আগে ৭ বলে ৮ করেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
সেখান থেকে মুশফিকুর রহিমের সঙ্গে ৬২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন লিটন। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটিও তুলে নেন টাইগার ওপেনার। অবশ্য সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ক্রিস ওকসের বলে বাটলারের তালুবন্দী হন লিটন। আউট হওয়ার আগে ৭৬ রান করেন এ ডানহাতি ব্যাটার। তার বিদায়ে উইকেটে আসেন তাওহীদ হৃদয়। হৃদয়কে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিক।
দেখেশুনে খেলে ম্যাচের ৩০তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে ওয়ানডে ফরম্যাটে নিজের ৪৭তম ফিফটি হাঁকান মুশি। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। রিস টপলির বলে ডিপ থার্ডে উড়িয়ে মারতে গিয়ে আদিল রশিদের তালুবন্দী হন মুশি। আউট হওয়ার আগে ৫১ রান করেন তিনি। শেষ দিকে হৃদয়ের ৩৯ ও শেখ মেহেদীর ১৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে টাইগারদের। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ২২৭ রানে অলআউট হয় টাইগাররা। ইংলিশদের হয়ে বল হাতে রিচ টপলি নেন সর্বোচ্চ ৪ উইকেট।
এদিন শুরুতে বাংলাদেশের হয়ে বোলিং ইনিংসের সূচনা করেন মুস্তাফিজুর রহমান। এরপর একে একে বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল হোসেন, সাকিব এবং মেহেদী মিরাজ। তবে কেউই আজ সফলতার দেখা পাননি। শুরুতে একবার মুস্তাফিজুর রহমানের এক বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল টাইগাররা। সেটির রিভিউও নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে রিভিউতে দেখা যায় বল লেগেছে ডেভিড মালানের হাতের উপরের অংশে। এদিকে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং মালান মিলে আজ দেখেশুনেই খেলেছেন টাইগার বোলারদের। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ১১৫ রান এবং দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
এদিকে ইংলিশদের ওপেনিং জুটি যখন ভাঙতে পারছিলেন না কোনো টাইগার বোলারই তখন সফলতার মুখ দেখেন সাকিব। টাইগার অধিনায়কের বলে বোল্ড হয়ে ৫২রানেই ফিরে যান বেয়ারস্টো। এদিকে বেয়ারস্টো ফিরলেও থেমে থাকেনি ইংল্যান্ডের রানের চাকা। জো রুটকে সঙ্গে নিয়ে এ কাজ চালিয়ে যান আরেক ওপেনার মালান। রুটের সঙ্গে পরে মালান গড়েন ১৫১ রানের এক জুটি। ইনিংস সর্বোচ্চ এ জুটি গড়ার পথে ইংলিশ এই ওপেনার তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিও।
৯১ বলে সেঞ্চুরি করা মালান পরে শেখ মাহেদীর বলে বোল্ড আউট হয়েছেন। দলীয় ২৬৬ রানে সাজঘরে ফেরার আগে করেছেন নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ১৪০ রান। মালান ফেরার পর অবশ্য দ্রুতই বেশ কয়েকটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশী বোলাররা। ১০ বলে ২০ রানের ক্যামিও এক ইনিংস খেলে ইংলিশ অধিনায়ক বাটলার ফেরার পর দলীয় ৩০৭ রানে সাজঘরে ফিরেছেন ৬৮ বলে ৮২ রান করা রুট। রুটকে আউট করার পরের বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে লিভিংস্টোনকেও ফিরিয়েছেন শরিফুল।
৪২ তম ওভারে শরিফুলের ওই জোড়া আঘাতের পর আর ইংলিশদের হয়ে হাল ধরতে পারেননি কেউ। হ্যারি ব্রুককে ২০ রানে ফেরানোর পর স্যাম কারানকেও ফিরিয়েছেন শেখ মাহেদী। এরপর আদিল রশিদের উইকেটটিও তুলে নিয়েছেন টাইগার এই স্পিনারই। বল হাতে টাইগার এই স্পিনার আজ নিয়েছেন চারটি উইকেট। আর শেষ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৬৪ রান।

ফিলিস্তিনকে সমর্থন করে কাজ হারালেন মিয়া খলিফা!

চলমান ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করেছেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। তিনি রীতিমতো হামাসের অত্যাচারকেও সমর্থন করেছেন। এ কারণে তাকে কাজ হারাতে হলো।
রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার।
কিন্তু সাবেক পর্ন তারকা ক্রমান্বয়ে ফিলিস্তিন সমর্থনে টুইট করে চলেছেন। এমন কাণ্ডে তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে বিজনেস ডিল বাতিল করেছেন টড।
গত শনিবার থেকে উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনে। সংঘাতে প্রাণ হারিয়েছে প্রায় দুই দেশের বহু মানুষ। চলছে পাল্টাপাল্টি হামলা। এ ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খলিফা। সেই টুইট থেকে এটুকু একেবারেই স্পষ্ট যে তিনি ফিলিস্তিনকে সমর্থন করছেন।
কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরো মিয়ার ওপর ক্ষুব্ধ হন এবং তাকে কাজ থেকে বরখাস্ত করে টুইট করেন। টড শাপিরো লেখেন, ‘কী ভয়ংকর একটা টুইট মিয়া খালিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছ! কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও। ’
যদিও এই টুইটের পর মিয়া খালিফাও উত্তর দিয়েছেন। বলেছেন, তার কাছে ভিডিও আছে, কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে কিভাবে ওরা বর্ণবাদের হাত থেকে নিজেদের উদ্ধার করেছিল।

১৫০০ হামাস যোদ্ধার মৃতদেহ উদ্ধার, দাবি ইসরায়েলের

ইসরায়েল মঙ্গলবার গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেই সঙ্গে তারা বলেছে, গাজা উপত্যকার আশপাশে ভয়াবহ যুদ্ধে সেনাবাহিনীর পুনরুদ্ধার করা দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে দেড় হাজার হামাস যোদ্ধার মৃতদেহ পাওয়া গেছে।
সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট বলেছেন, ‘গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে হামাসের প্রায় দেড় হাজার (যোদ্ধাদের) মৃতদেহ পাওয়া গেছে।’
এ ছাড়াও সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী ডজনখানেক শহর ও কিবুতজিমে হামাস যোদ্ধাদের সঙ্গে ভয়ানক লড়াইয়ে গাজার আশপাশের দক্ষিণাঞ্চল ও সীমান্তকে ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে।
এদিকে দেশটির ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে গাজার কর্মকর্তারা এখনো পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হওয়ার খবর জানিয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সামরিক অভিযানকে সতর্ক করে বলেছেন, শনিবারের আশ্চর্য গণহত্যা হামাসকে ধ্বংস করতে এবং মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করার জন্য একটি টেকসই যুদ্ধের সূচনা মাত্র। সোমবার গভীর রাতে শোকার্ত জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ক্ষুব্ধ নেতানিয়াহু বলেন, ‘হামাস সন্ত্রাসীরা শিশুদের বেঁধে, পুড়িয়ে মারছে এবং হত্যা করেছে। তারা বর্বর। হামাস হলো আইএসআইএস।
ইসরায়েলের কট্টর-ডান জোটের নেতৃত্বে থাকা প্রবীণ এ নেতা বছরের পর বছর রাজনৈতিক সংকট ও তিক্ত সামাজিক বিভাজনের পর একটি ‘জাতীয় ঐক্যের জরুরি সরকারের’ আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের জন্য তিন লাখ সংরক্ষিত সামরিক সদস্যকে তলব করেছে এবং গাজার কাছে ও লেবাননের সঙ্গে উত্তর সীমান্তে ট্যাংক ও অন্যান্য ভারী বর্ম স্থাপন করেছে।
সেই সঙ্গে ইসরায়েল সোমবার দীর্ঘ অবরুদ্ধ গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। পানি সরবরাহ, খাদ্য, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দিয়েছে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি অবরোধের ঘোষণায় ‘গভীরভাবে ব্যথিত’। তিনি সতর্ক করেছেন, ইতিমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতিতে থাকা গাজার এখন ‘শুধু দ্রুত অবনতি হবে’।

অলিম্পিকে ফিরছে ক্রিকেট

অলিম্পিকে আবারও ক্রিকেট অন্তর্ভূক্ত হবার হয়তোবা অবসান হতে যাচ্ছে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্যতম আকর্ষণীয় একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে দেখা যেতে পারে। এ সপ্তাহেই মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) শীর্ষ পর্যায়ের বৈঠকে এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অলিম্পিকের জন্য ২৮টি ইভেন্টের নাম চূড়ান্ত হয়ে গেছে। তবে আয়োজক দেশের প্রস্তাবিত পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে ক্রিকেট অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রস্তাব দিয়েছে অলিম্পিকে পুরুষ ও মহিলা দলের জন্য টি-টোয়েন্টি ফর্মেটে প্রতিযোগিতা আয়োজনের।
এ সম্পর্কে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমরা অত্যন্ত খুশি যে এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার জন্য সুপারিশ করেছে। এখনো যদিও এ বিষয়ে কোন কিছুই চূড়ান্ত হয়নি। প্রায় একশ বছরেরও বেশী সময় পর প্রথমবারের মতো অলিম্পিকে ক্রিকেটকে দেখতে পাওয়া সত্যিই এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’
২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ এলএ ২৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আশা উজ্জ্বল করেছে। ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ- এই পাঁচটি খেলাকে লস এ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভূক্তির জন্য বিবেচনা করার কথা জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
অলিম্পিক ইভেন্ট হিসেবে বিবেচিত না হলেও কার্যত ক্রিকেট নিজেই এই গেমস থেকে দূরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। ২০২১ সালে বার্কলে বলেছিলেন, কোনো সময়ই বিডে থাকা সত্ত্বেও আমাদের ক্রিকেট নিজেরাই অনেক বেশি শক্তিশালী। তবে অদূর ভবিষ্যতে অলিম্পিকেও আমরা ক্রিকেটকে দেখতে চাই। পুরো বিশ^জুড়ে আমাদের এক বিলিয়নেরও বেশি সমর্থক আছে। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ক্রিকেটকে অলিম্পিকে দেখতে চায়।’
অলিম্পিকের মুভমেন্টের অংশ হিসেবে সর্বোচ্চ পর্যায় থেকে ক্রিকেটের প্রতি সমর্থন সবসময়ই ছিল। আইওসির সাবেক সভাপতি জ্যাক রগে ২০১১ সালে বলেছিলেন, ‘আমরা ক্রিকেটের আবেদনকে স্বাগত জানাই। এটা বিশে^র অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনপ্রিয় একটি খেলা এবং টেলিভিশনে এর শক্তিশালী ভূমিকা আছে।’
বর্তমান সভাপতি থমাস বাখও ক্রিকেটের অন্তর্ভূক্তির বিষয়ে সমর্থন জানিয়েছেন। আগামী ১৫-১৭ অক্টোবর মুম্বাইয়ে আইওসির কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সৌদি আরব ফিলিস্তিনিদের পাশে থাকবে : যুবরাজ সালমান

ইসরায়েলের সঙ্গে গাজার চলমান সংঘাত নিরসনে কাজ করে যাচ্ছে যাচ্ছে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সব সময় ফিলিস্তিনের পাশে আছে বলেও ফোনালাপে মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেছেন যুবরাজ।
ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল দ্বন্দ্ব গত শনিবার থেকে চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পাল্টা হামলায় অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই যখন পরিস্থিতি তখন ফিলিস্তিনের জনগণের পাশে সব সময় সৌদি আরব আছে বলে প্রেসিডেন্ট আব্বাসকে স্মরণ করিয়ে দিলেন যুবরাজ সালমান। তার কার্যালায় থেকে বিবৃতিতে জানিয়েছে, চলমান উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রিয়াদ।
বিন সালমানের উদ্বৃতি দিয়ে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য লড়াই করে আসছে। সেই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে।
খবর আল-জাজিরা