বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

হজের নিবন্ধন শুরু কবে থেকে, জানালো ধর্ম মন্ত্রণালয়

২০২৪ সালের হজ নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। নিবন্ধন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন।
নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজের মধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে। প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন। নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। এ ছাড়া নিবন্ধনের পর হজে যেতে ব্যর্থ হলে ইতোমধ্যে ব্যয় করা অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে।
কোনো কারণে হজের খরচ বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। বিমান টিকিট পরিবর্তন প্রয়োজন হলে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্র-ভারত সংলাপের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের নির্বাচন, দিল্লিতে পিটার হাস

ভারতের নয়াদিল্লিতে আজ শুক্রবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের টু+টু বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই বৈঠকে যোগ দেবেন। তবে ব্লিঙ্কেনের আসার আগেই সেখানে উড়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পিটার হাসের উপস্থিতিতে আলোচনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যু প্রধান্য পাবে বলে মনে করছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত থাকবেন।
একটি সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই ভারত ও যুক্তরাষ্ট্র।
সূত্রের বরাতে পত্রিকাটি বলছে, যুক্তরাষ্ট্র বারবার বলছে, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা; কিন্তু চীনা হস্তক্ষেপে যা বাধাগ্রস্ত হতে পারে বলে দেশটির আশঙ্কা।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক ইয়াসি শেলির ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্থানীয় জনগণের চীনপন্থী একটা ঝোঁক আছে। প্রতিবেশী দেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের সংকট বাড়িয়ে তুলতে পারে। চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের নির্বাচনে জয়ী হওয়ার পর, ভারত দ্বীপরাষ্ট্রে তার শক্ত ঘাঁটি হারিয়েছে। প্রতিবেশী এলাকায় একই ধরনের পরিস্থিতি ভারতের প্রভাবকে আরও দুর্বল করে দেবে।
ইয়াসি শেলি মনে করেন, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রহ ইন্দো-প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখে দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ। বাংলাদেশে আসন্ন নির্বাচন তাই তাৎপর্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কতটা গুরুত্ব দিচ্ছে- তা বারবার বলে আসছে।
উল্লেখ্য, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র ২০২১ সালে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের জানুয়ারিতে রূপপুরে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পণ্য বহনকারী রাশিয়ান জাহাজ উরসা মেজরকে মোংলা বন্দরে নঙ্গর করা থেকে বিরত রাখে। কেননা জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ছিল।
এদিকে, গত কয়েক বছরে কক্সবাজারে ১.২ বিলিয়ন ডলার মূল্যের বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাঁটি তৈরি করেছে চীন। এটি ২০২৩ সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়। এটি দেশের প্রতিরক্ষা সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য বাংলাদেশের ‘ফোর্সড গোল ২০৩০’ এর একটি অংশ হিসাবে একসঙ্গে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধজাহাজ ডক করার ক্ষমতাসহ নির্মিত হয়েছে।
বাংলাদেশ নিয়ে বিশদ আলোচনা না হলেও আজকের মিটিংয়ে একটা ফোকাস পয়েন্টে বাংলাদেশ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় দিনে চার ঘণ্টা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল: হোয়াইট হাউস

গাজার উত্তরে দিনে চার ঘণ্টা যুদ্ধ বিরতিতে সম্মাত হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, দীর্ঘ এক মাসের বেশি সময় গাজায় হামলা চালানোর পর বড় একটি পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। যদিও এ হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, চার ঘণ্টা যুদ্ধ বিরতির ফলে দুটি মানবিক করিডোরের মাধ্যমে মানুষ নিরাপদ স্থানে যেতে পারবে। একই সঙ্গে তিনি একে ঐতিহাসিক পদক্ষেপ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে ইসরায়েল নির্ধারিত স্থানে কোনো ধরনের হামলা চালাবে না। যুদ্ধ বিরত আজ থেকেই কার্যকর হবে।
জন কিরবি বলেন, যুদ্ধ বিরতির সময় তিন ঘণ্টা আগে জানিয়ে দেওয়া হবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া সম্প্রতিক সময়ে আলোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছান।
সম্প্রতি ইসরায়েল বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে অনেক বেসামরিক নাগরিক উত্তর থেকে পালিয়ে দক্ষিণে আশ্রয় নেয়। তবে অনেকে উত্তরেই রয়ে গেছেন। তারা আল সিফাহ এবং আল কুদস হাসপাতালে আশ্রয় নিয়েছেন। কারণ ওই অঞ্চলে স্থাল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এছাড়া আকাশ থেকে বৃষ্টি মতো বোমা বর্ষণ করছে।

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু, নতুন রোগী ১৭৩৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৪ জন ডেঙ্গুরোগী। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৩৬০ জন রোগী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭১ এবং ঢাকার বাইরের এক হাজার ৪৬৩ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন আর ঢাকার বাইরের ১৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮৭ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ২ হাজার ৫৯১ জন আর ঢাকার বাইরের এক লাখ ৮৪ হাজার ৬৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৭০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৩ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪৭৭ জন।

বাংলাদেশ ম্যাচে খেলবেন ম্যাক্সওয়েল, প্রত্যাশা হ্যাজলউডের

ধসে পড়া ব্যাটিং লাইনআপের পর আফগানিস্তানকে একাই হারিয়ে দিয়েছিলেন ম্যাক্সওয়েল। তার অতিমানবীয় আর অবিস্মরণীয় ইনিংসের বেশিরভাগই ছিল চার-ছক্কায় সাজানো। কারণ সেদিন এই অলরাউন্ডার ভুগছিলেন দুই পায়ের ক্র্যাম্পের জন্য। অস্বস্তির কারণে এক পর্যায়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠছে শেষ ম্যাচে তাকে পাওয়া নিয়ে।
বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের আগেই ম্যাক্সওয়েল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন তার সতীর্থ জস হ্যাজলউড।
তিনি আশা করছেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি। এটি আপনার হাইড্রেশন পাওয়ার ব্যাপার এবং আপনার ওজনকে আগের জায়গায় ফিরিয়ে আনবে। আমি মনে করি না সে খুব বেশি কিছু করবে এবং কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার এক পর্যায়ে ক্র্যাম্পের কারণে যন্ত্রণাদায়ক ব্যথা ভোগ করেছিলেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসের পথে এই যন্ত্রণার জন্য ব্যক্তিগত ১৪৭ রানে উভয় পায়ে ক্র্যাম্প নিয়ে পিচে পড়ে গিয়েছিলেন তিনি। শুয়ে থাকার সময় পিঠেও টান লাগে তার। তখন মাঠ ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত খেলেছেন।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। তবে এরমধ্যেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। এমনকি চূড়ান্ত হয়ে গেছে প্রতিপক্ষও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে তাদের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলবে তারা। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা খুব জরুরী নয় ম্যাক্সওয়েলের জন্য।
তবে অজিদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও বাংলাদেশের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। অন্য দলগুলোর ফলাফল পক্ষে না পেলে এই ম্যাচে নির্ভর করতে পারে বাংলাদেশের আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে টাইগাররা।

টিসিবির স্মার্ট কার্ডে জবাবদিহিতা নিশ্চিত হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি‘র এক কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রুপান্তরিত করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অসামঞ্জস্যতা দূর হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মালিবাগে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার অডিটোরিয়ামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সারা দেশে বিনামূল্যে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হবে। কার্ড পেতে কার্ডধারীদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।
টিপু মুনশি আরও বলেন, শেখ হাসিনা গরিব-দুখী, অসহায় মানুষ, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করে এক কোটি ফ্যামিলি কার্ড অর্থাৎ ৫ কোটি মানুষকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশে যে পরিমাণ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তার চেয়েও বেশি মানুষকে সরকার ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে।
ডিম ও আলু আমদানি শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের একটি চালান দেশে আসার পর সরকার থেকে যে দাম নির্ধারণ করে দিয়েছে তার চেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি আলু-পেঁয়াজসহ অন্যান্য শাক-সবজির বাজার স্বাভাবিক হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পেঁয়াজের দাম নির্ভর করে দেশের উৎপাদনের ওপর। এখন পেঁয়াজের শেষ সময়। আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে ঘাটতি পূরণ করে থাকি। কিন্তু ভারত রফতানি নিরুৎসাহিত করতে প্রথমে ৪০ শতাংশ ট্যারিফ আরোপ করে। এর কিছুদিন পরই প্রতি ম্যাট্রিক টন পেঁয়াজের রফতানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে। যাতে করে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। যে কারণে বাজারে দাম বেশি।’

ডিম আমদানির অনুমতি দেয়ার পরও চালান আসতে দেরি হওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ডিম আমদানির ক্ষেত্রে আমরা বেশ কয়কটি শর্ত দিয়েছিলাম বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সনদ নিতে হবে। এসব শর্ত পূরণে কিছু আইনি জটিলতা থাকায় দেশে চালান আসতে দেরি হয়েছে।’

টিপু মুনশি জানান, ডিম, আলু ও পেঁয়াজের দাম নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে এবং মানুষ কষ্ট পাচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে এবং আমরা সে চেষ্টাই করে যাচ্ছি।

তিনি বলেন, বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি নিয়ে ভীষণ দুঃসময় পার করতে হচ্ছে। এরমধ্যেই বাড়তি সুবিধা নিচ্ছে অসাধু চক্র। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে দেশে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে যেটি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। আর গত বছরের এই সময়ে যা ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ল্যানিং

বয়স মাত্র ৩১। ইচ্ছা করলে আন্তর্জাাতিক ক্যারিয়ারটা আরো দীর্ঘায়িত করতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলবেন না বলে জানিয়েছেন।
অবসর ঘোষণায় মেগ ল্যানিং বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া আমার জন্য একটু কঠিন ছিল। তবে আমার মনে হয়েছে এটা সঠিক সময়। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি দারুন সময় পার করেছি। কিন্তু আমি জানি সরে যাওয়ার জন্য এটা সঠিক সময়। ক্যারিয়ারে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত।’
ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেগ ল্যানিং। তিনি বলেন, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার সহযোগিতা করার জন্য আমার পরিবারের সদস্য, সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমাকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদেরও ধন্যবাদ জানাচ্ছি।
২০১০ সালে ১৮ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ল্যানিংয়ের। এ সময় তিনি ১৩২টি টি-টোয়েন্টি, ১০৩টি একদিনের ম্যাচ ও ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৪১ ম্যাচের ১৮২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ সময়ে তার অধীনে অস্ট্রেলিয়া ৭৮ ওয়ানডের ৬৯ ম্যাচে, ১০০ টি টোয়েন্টির ৭৬ ম্যাচে এবং চার টেস্টে জয় পেয়েছে।
ল্যানিংয়ের অধীনে অস্ট্রেলিয়া টি-টেয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। গত বছর কমনওয়েলথ গেমস ক্রিকেটেও দেশকে সোনা এনে দেন তিনি।

মোহাম্মদ শামিকে বিয়ের প্রস্তাব বলি অভিনেত্রীর

জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। ইতিমধ্যেই টীম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে, যদিও দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকাও কোন অংশে কম যাচ্ছেনা, ভারতের কাছে লজ্জাজনক পরাজয় পরেও তারা দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে। আর ভারতের এই পারফরমেন্সের পিছনে অন্যতম ভূমিকা নিয়েছেন মোহম্মদ শামি। বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচ না খেলেও শামির ধার একটুও কমতে দেখা যায়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলতে দেখা যায় শামিকে। প্রথম ম্যাচেই ৫ উইকেট নেন শামি, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে আবার কামাল দেখান শামি ও তুলে নেন ৪ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার ৫ উইকেট তুলে নেন শামি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেট তুলে নিয়ে ভারতের হয়ে সর্বাধিক উইকেট তুলে নিয়েছেন বাংলার মোহম্মদ শামি।

আসন্ন ম্যাচগুলিতে শামির বোলিং নিয়ে থাকবে চর্চা। বোলিংয়ের পাশাপাশি এবার শামির বিয়ে নিয়ে শুরু হল চর্চা। তাঁকে বিয়ের প্রস্তাব দিলেন বলিউড অভিনেত্রী। কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে মহম্মদ শামির।

মডেল হাসিন জাহানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ, যেখান থেকে নিজেকে দূর করেছেন শামি তবে তার এই পারফরম্যান্স নজর কেড়েছে নতুন এক অভিনেত্রীর। এমনকি শামিকে বিয়ের প্রস্তাব দিলেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। শামিকে করতে চান বিবাহ, সমাজ মাধ্যমে প্রকাশ্যে আনলেন সেই তথ্য।

তবে এটার জন্য তিনি একটা মজার শর্ত দিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘শামি, তুমি তোমার ইংরেজির উন্নতি কর, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’এরপর ৭ নভেম্বর তিনি একটি টুইট করেন যেখানে তিনি লেখেন, ‘সামি সেমিফাইনালে নিজের সেরাটা দিতে তুমি কীরকম মানসিক সাহায্য চাও? আমাদের আগে এটাকে ফাইনালে নিয়ে যেতে হবে এবং আমি তোমাকে সেখানে হিরো হিসেবে দেখতে চাই।

‘হামাস ইস্যুতে’ তোপের মুখে গাল গ্যাডট

সম্প্রতি ইসরায়েল-হামাস যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন হলিউডের ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট। সামাজিক মাধ্যমে হামাসের সন্ত্রাসী গোষ্ঠীর নিন্দা জানিয়ে হতাহতদের জন্য সমবেদনা জানান গ্যাডট। তখন ভক্তদের বেশ রোষানলে পড়েছিলেন অভিনেত্রী। এবার হামাসের ইসরায়েল আক্রমণের ভিডিও প্রদর্শনের উদ্যোগ নিয়ে আবারও তোপের মুখে পড়লেন গ্যাডট।
৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল থেকে সংগৃহীত একটি ফুটেজের স্ক্রিনিং আয়োজন করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন গাল গ্যাডট। ৪৭ মিনিটের সেন্সরবিহীন ফুটেজটি দেখানোর জন্য আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী, যার শিরোনাম রাখা হয়েছে ‘বেয়ারিং উইটনেস টু দ্য সেভেন্থ অক্টোবর মারাকাস’। ভিডিওটিতে ১৪০০ জনকে হত্যা এবং ২৪০ জন জিম্মিকে অপহরণ করার দৃশ্য রয়েছে। লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কে হলিউডের বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে এই ভিডিও প্রদর্শনী দেখতে পারবেন দর্শকরা।
ক্লিপটি ‘আইডিএফ’-এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে এবং এটি ইতিমধ্যে গত সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্যের সাংবাদিকদের জন্য প্রদর্শন করা হয়েছে।
ইহুদি এক সংবাদমাধ্যম জানিয়েছে, হলিউডের প্রায় ১২০ জন বিশিষ্ট ব্যক্তিকে গ্যাডটের আয়োজিত প্রাথমিক প্রদর্শনীতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়াইনেট অনুযায়ী, পরে আরো স্ক্রিনিং নির্ধারিত হতে পারে। ইভেন্টের সময় চিত্রগ্রহণ বা ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অস্কারজয়ী পরিচালক গাই ন্যাটিভ ভিডিওটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিউজউইক অনুসারে, এর আগে পরিচালক বলেছিলেন যে গাল গ্যাডট এবং তার স্বামী ইয়ারন ভারসানো এটি সম্ভব করতে সহায়তা করেছিলেন। প্রদর্শনীর তারিখ এবং অতিথি তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে গ্যাডটের এই প্রদর্শনীর খবর ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একের পর এক বিদ্রুপমূলক মন্তব্যের মুখে পড়ছেন তিনি।
কেউ লিখছেন, ‘তার ক্যারিয়ার শেষ।’ কেউ বা লিখছেন, ‘এই স্ক্রিনিংয়ে যাওয়া প্রত্যেক সেলিব্রিটিকে বয়কট করুন। প্রত্যেককেই।’ অনেকে লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রীদের একজন এখন আমার ঘৃণার তালিকার একজন হয়ে উঠেছেন।’
চলমান গাজা-ইসরায়েল সংঘর্ষে বিশ্বজুড়ে যুদ্ধের দামামার আশঙ্কায় সবাই। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর দেড় হাজারেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে। গাজায় আরো ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় ১০ হাজার ৩০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ৭০ শতাংশই শিশু, নারী ও বৃদ্ধ।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাহী বিভাগসহ জনগণের সহযোগিতা প্রয়োজন : রাষ্ট্রপতি

নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা। রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল। এসময় তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী বিভাগসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়ে থাকে।
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একসাথে চলে।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপতি আশা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা দেবে। তিনি নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতিনীতি ও বিধি-বিধান অনুসরণপূর্বক কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।