মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

নির্বাচনের আগে নতুন প্রকল্প ও অর্থ অবমুক্ত না করার নির্দেশ ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে কোনো প্রকল্প গ্রহণ, অর্থ অবমুক্ত ও অনুদান না দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর ইসির উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ইসি সূত্রে জানা যায়, জাতীয় ভোট উপলক্ষে নির্বাচনি এলাকায় অনুদান দেওয়া, নতুন প্রকল্প গ্রহণ এবং অর্থ ছাড় না করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে ইসি। এ ছাড়া ভোট উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় ভিজিডি কার্ড ইস্যুসহ নতুন ধরনের কোনো প্রকার অনুদান-ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ (সংলগ্নী-২)-এর বিধি ৩ক অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল হতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ দেওয়া বা অর্থ অবমুক্ত করতে পারবেন না। এ বিধিমালার বিধান লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উল্লিখিত আচরণ বিধিমালার বিধি ১৮ অনুযায়ী দণ্ডনীয় হবেন।
নতুন এ নির্দেশনায় ইসি জানায়, সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী সিটি কর্পোরেশন/পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি তথা অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকি-টকি বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না। এমনকি মাশুল প্রদান করেও এগুলো ব্যবহার করা যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা/কর্মচারীকে কোনো অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।
তা ছাড়া, কোনো প্রার্থী সরকারি অর্থে ক্রয়কার্য-সংক্রান্ত কোনো দরপত্র আহ্বান, গ্রহণ কিংবা বাতিলের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৩ অনুসারে নির্বাচন-পূর্ব সময়ে কোনো সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় অনুদান/ত্রাণ বিতরণ সংক্রান্ত কার্যক্রম বা উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ইতোপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করা নিতান্ত আবশ্যক হলে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের উল্লিখিত নির্দেশনার আলোকে একটি পরিপত্র জারি করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ প্রসঙ্গে ইসি কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় নতুন ভিজিডি কার্ড ইস্যুসহ নতুন ধরনের কোনো প্রকার অনুদান-ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে যেসব ত্রাণ কার্যক্রম আগে থেকে পরিচালিত হচ্ছে সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠাবে উত্তর কোরিয়া

আগামীকাল বুধবার (২২ নভেম্বর) দিনের শুরুতেই মহাকাশের উদ্দেশে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। বিষয়টি প্রতিবেশি জাপানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। এ নিয়ে মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠানোর তৃতীয় প্রচেষ্টা চালাবে পিয়ংইয়ং। আর এবারের প্রচেষ্টাটি তারা চালাবে রাশিয়ার প্রযুক্তিগত সাহায্য নিয়ে।
এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, তিনি উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং দেশের জনগণকে তা জানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে সরকারি মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় এ উৎক্ষেপণ বাতিলের দাবি জানাবেন।
তিনি আরও বলেন, ব্যালাস্টি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে ধরনের ব্যবহার জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘনের সামিল। এক্ষেত্রে জাপান তাদের ত্রিপক্ষীয় অংশীদার দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এ মাসের শুরুর দিকে সিউলের গোয়েন্দা সংস্থা জানায়, গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের তৃতীয় প্রচেষ্টার প্রস্তুতি চূড়ান্ত ধাপে রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রোববার বলেন, এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।
জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর কাং হো-পিল সোমবার বলেন, ‘সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বর্তমান প্রস্তুতি অবিলম্বে বন্ধ করতে আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সতর্কতা সত্ত্বেও যদি উত্তর কোরিয়া সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেয় তাহলে আমাদের সামরিক বাহিনী দেশের জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
খবর এএফপি

শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেটের দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। সবার আগে বিশ্বকাপ ব্যর্থতায় ভারত ছেড়ে নিজ দেশে পৌঁছানোর পর থেকেই লঙ্কানরা পাচ্ছে একের পর এক দুঃসংবাদ। তবে বিষাদময় বিশ্বকাপ কাটানোর পর যে বড় দুঃসংবাদ পেয়েছে ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নরা তা কখনো ভাবতে পারতেনি তারা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে। নিষেধাজ্ঞার পর আসন্ন ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক থেকেও শ্রীলঙ্কার নাম সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই ভেঙে দেওয়া হয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। একই সঙ্গে নতুন পরিচালনা কমিটি নিয়োগের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বাধীন কমিটিকে।
সেই সিদ্ধান্তই কাল হয় শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ চলবে না। তাই আইসিসি নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বোর্ডের সদস্য পদ বাতিল করে।
আজ আইসিসির এক জরুরি সভায় আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর আর সেখানে হবে না। তা সরিয়ে নতুন আয়োজক করা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
আজ আইসিসি সভায় আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, লঙ্কান ক্রিকেট ও ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ‘সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে নিষেধাজ্ঞা এখনই উঠিয়ে নেওয়া হবে না। ফলে দেশটিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রিকেট চালু থাকবে।’

অঘোষিত সফরে লয়েড অস্টিন কিয়েভে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ গেলেন। তাঁর এই সফরের নিয়ে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি।
কিয়েভে গিয়ে অস্টিন আবার জানিয়েছেন, ইউক্রেনকে সমর্থন করে যাবে যুক্তরাষ্ট্র। সোমবার কিয়েভে পৌঁছানোর পর এক্স-এ অস্টিন লিখেছেন, ‘ইউক্রেনের নেতাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি কিয়েভ এসে পৌঁছেছি। আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। তা হলো, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আগেও ইউক্রেনের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।’
এই সংঘাত শুরু হওয়ার পর অ্যামেরিকা ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থসাহায্য করেছে। আবার ইউক্রেনকে সমানে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন রিপাবলিকানদের রোষের মুখেও পড়েছে।
আগামী মাসে আমেরিকায় দুই দেশের সামরিক শিল্প সম্মেলনও হবে।
পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে কমতে পারে মনে করে কিয়েভ এখন তাদের দেশে অস্ত্রের উৎপাদন বাড়াবার চেষ্টা করছে।
সোমবার রাশিয়ার সঙ্গে সীমান্তে চারটি বর্ডার ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। এই সিদ্ধান্তে রাশিয়া ক্ষুব্ধ।
ক্রেমলিনের মুখপাত্র পেশকভ জানিয়েছেন, ‘ফিনল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। দুই দেশ একে অপরের উপর আস্থা রাখে। ফিনল্যান্ডের এই সিদ্ধান্তে রাশিয়া মর্মাহত।’
তিনি জানিয়েছেন, ‘ফিনল্যান্ড ক্রমশ রাশিয়া-বিরোধী অবস্থন নিচ্ছে।’
ফিনল্যান্ড জানিয়েছে, অভিবাসীদের স্রোত নিয়ন্ত্রণ করতেই তারা সীমান্তের ক্রসিং পয়েন্ট বন্ধ করেছে।
ফিনল্য়ান্ড ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পরই রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে। তদের বক্তব্য, ফিনল্যান্ডের সিদ্ধান্ত দুই দেশের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে।

দলীয় মনোনয়ন জমা দিলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর, আকরাম কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়ন জমা দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসে আসেন।
দলীয় কার্যালয়ের নিচতলায় তারা শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দেন।

চীনা নৌবাহিনীর আচরণ ‘বিপজ্জনক’ ছিল : অ্যান্থনি অ্যালবানিজি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি সোমবার বলেছেন, তার দেশের নৌবাহিনীর জাহাজের সঙ্গে চীনা যুদ্ধবিমান বিপজ্জনক ও অপেশাদার আচরণ করেছে। গত ১৪ নভেম্বর জাপানের অধিকারে থাকা সাগরে এ ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি বিপজ্জনক ছিল, অনিরাপদ ছিল। চীনা যুদ্ধজাহাজের অপেশাদার আচরণ ছিল।’
ওই এলাকায় অস্ট্রেলিয়ার ফ্রিগেট ‘এইচএমএএস টুউম্বা’ ডাইভিং অপারেশন চালানোর সময় চীনের একটি ডেস্ট্রয়ার থেকে নিক্ষেপ করা সোনারের আঘাতে অস্ট্রেলিয়ার এক ডুবুরি সামান্য আহত হন বলে জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস। তিনি বলেন, ডাইভিং অপারেশন সম্পর্কে চীনের যুদ্ধবিমানকে আগে জানানোর পরও এ ঘটনা ঘটেছে।
সোমবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়ার সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি বিপজ্জনক ছিল, অনিরাপদ ছিল। চীনা যুদ্ধজাহাজের অপেশাদার আচরণ ছিল।’ তিনি জানান, ‘স্বাভাবিক সব উপায় ব্যবহার করে বিষয়টি নিয়ে (চীনের সঙ্গে) আলোচনা করা হয়েছে।’
অবশ্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপেক বৈঠকের সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় তিনি এই বিষয়টি তুলেছেন কিনা, সেটি জানাননি অ্যালবানিজি। তবে তিনি বলেন, ‘এসব ঘটনার পরিণতি হচ্ছে, এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এবং নিশ্চিতভাবেই এটি সেই ধরনের ঘটনা যাতে সম্পর্কের ক্ষতি হয়। এই বিষয়টি আমরা চীনকে খুব স্পষ্টভাবে জানিয়েছি।’
এই মাসে চীন সফরে গিয়েছিলেন অ্যালবানিজি। গত সাত বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীর সেটিই ছিল প্রথম চীন সফর। এখন থেকে নেতাদের মধ্যে প্রতিবছর আলোচনা করতে সম্মত হয়েছে দুই দেশ।
অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর ডয়চে ভেলে

দেশে ফেসবুক-ইউটিউবকে নিবন্ধনে আনতে আইন হবে : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, আগামী সংসদে এ আইন হবে; এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।
সচিবালয়ের তথ্য অধিদপ্তওে আজ মঙ্গলবার ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে সরকার আলোচনা করছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটাও একটা বড় প্রতিবন্ধকতা। ভারত আইন করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের সব সার্ভিস প্রোভাইডারের সেখানে নিবন্ধিত হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন আইন করেছে, সেখানে নিবন্ধিত হতে হবে। যুক্তরাজ্য আইন করেছে, সেখানে নিবন্ধিত হতে হবে। অন্যান্য দেশে আইন করেছে। আমাদের দেশে এখনো আইনটি হয়নি।
তিনি বলেন, আমরা তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) সঙ্গে আলোচনা করছি, বারবার তাগাদা দিচ্ছি। এখানে অফিস করার জন্য বলছি, বাংলাদেশে আইনের নিবন্ধিত হওয়ার জন্য বলছি। তবে তাদের এখানে নিবন্ধিত হতেই হবে সেই বাধ্যবাধকতা আরোপ করা আইনটি এখনো করা হয়নি। সেটি করার প্রয়োজনীয়তা রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এখন তো আইন করার সময় নেই। আগামী পার্লামেন্টে ইনশাআল্লাহ এ বিষয়ে আইন হবে।
বিদেশে থেকে অনেকে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন- এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিদেশ থেকে অনেকে গুজব ছড়ায়। সজীব ওয়াজেদ জয়কে নিয়েও অনেক গুজব ছড়ানো হয়েছে। উনি আমেরিকায় নেই। উনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, এসে আবার আমেরিকা চলে যান। বিদেশ থেকে গুজব ছড়ানো হয়, সেটির ব্যাপারে আমরা ওয়াকিবহাল, আগের তুলনায় কমেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এ গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামায়াত তাদের নিয়মিত পয়সা দেয়। পয়সা না দেওয়ার পরিপ্রেক্ষিতে বা কম দেওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছে। সেই অডিও ভাইরাল হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে গুজব রটানোর জন্য যদি একটি রাজনৈতিক দল গুজব রটনাকারীদের পয়সা দেয় এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা তাদের চিহ্নিত করেছি যারা গুজব রটায়। এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে। কেউ যদি মনে করে বিদেশে বসে গুজব রটাবে আর ধরাছোঁয়ার বাইরে থাকবে এখন আর সেটি কিন্তু নয়।
দেশে যারা গুজব রটিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে দেখা যায় না- এ বিষয়ে মন্ত্রী বলেন, দেশের মধ্য থেকে যখন কেউ গুজব রটায় তখন তার বিরুদ্ধে মামলা হয়। মামলা যদি আইসিটি অ্যাক্টে হয়, তবে সেটি পত্রিকায় ছড়ায় কেন মামলা হলো? গুজবটাতো অনলাইনেই ছড়ানো হয় বা সামাজিক যোগাযোগমাধ্যম, সেটি তো ডিজিটাল মাধ্যম। ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ালে তো ডিজিটাল আইনেই মামলা হবে। কিন্তু সে মামলা করলে তখন আবার অনেকে বলে, কেউ কেউ চেঁচামেচি করেন কেন মামলা হলো, এটি একটি বড় চ্যালেঞ্জ। গ্রেফতার করলে তো সেটি নিয়ে আরও বেশি কথাবার্তা হয়, সে কি করেছে সেটি তখন ঢাকা পড়ে যায়।
এছাড়া দেশে বিচার প্রক্রিয়ার মধ্যে দীর্ঘসূত্রিতা আছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো কেউ যদি সত্যিকার অর্থে অপরাধ করে থাকে, সেটি যদি আমিও হই, সেটা যদি একজন সাংবাদিকও হয়, তার তো বিচার হতে হবে। না হলে তো এ অপরাধ কোনো দিন বন্ধ করা যাবে না, কমানো যাবে না। আইন সংশোধন করা হয়েছে, সহজীকরণ করা হয়েছে।

ইউক্রেনকে রুখে ইউরোর মূলপর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি

ইউরো ২০২৪ এর মূলপর্বে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না ইউক্রেনের, অন্যদিকে হার এড়ালেই টিকিট নিশ্চিত করবে ইতালি। এমন সমীকরণে মাঠে নেমে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দু’দল। এতে ইউরো বাছাইয়ে ‘সি’ গ্রুপে ইউক্রেনকে রুখে দিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ইতালি।
‘সি’ গ্রুপ থেকে গ্রুপ টপার হিসেবে আগেই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দলের জন্য লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন। শেষ ম্যাচ ড্র করায় দুদলের পয়েন্ট সমান হয়। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় টিকিট নিশ্চিত হয় ইতালির।
সোমবার (২০ নভেম্বর) জার্মানির বে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেন ও ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়। জয়ের বিকল্প না থাকায় এদিন মরিয়া হয়ে খেলে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। বল দখলে তারা পিছিয়ে থাকলেও ৭টি শটের ৪টিই রেখেছিল গোলমুখে। বিপরীতে ৫৯ শতাংশ বল দখলে রেখে ইতালির নেয়া ১৭টি শটের ২টিই কেবল ছিল গোলমুখে।
ম্যাচ শুরুর ৫ম মিনিটে আক্রমণে যায় ইউক্রেন। মাঝমাঠ থেকে বল নিয়ে ইতালির ডি-বক্সের কাছাকাছি চলে আসেন ইউক্রেনের ভিক্টর সাইহ্যানকভ। সেখানে থেকে তার নেয়া জোরালো শট গ্লাভসবন্দী করেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। ম্যাচের ১৪তম মিনিটে ডি বক্সের বাইরে ইউক্রেনের মিডফিল্ডার সুদাকভের নেয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দোনারুম্মা। ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেল্লার জোরালো শট ঠেকিয়ে দেন ইউক্রেনের গোলরক্ষক অ্যানাতোলি ত্রুবিন।
২৯ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন ডেভিস ফ্র্যাতেসি। সতীর্থের পাস বক্সে পেয়ে ওয়ান টু ওয়ান পজিশনে তিনি ত্রুবিনকে পরাস্ত করতে ব্যর্থ হন। ৬৫ মিনিটে মিখাইলো মাদরিক, সুদাকভদের অসতর্কতায় দারুণ সুযোগ হাতছাড়া হয় ইউক্রেনের। ডানপ্রান্ত থেকে ইউখিম কোনোপ্লিয়ার লম্বা থ্রো ছয় গজ দূরত্বে দোনারুম্মার ঠিক সামনে পড়ে লাফিয়ে ওঠে। তিনি ধরতে পারেননি। মাদরিক ও সুদাকভ বলের কাছাকাছিই থাকলেও আজ্জুরিদের রক্ষণ ফাঁকি দিয়ে তা জালে জড়াতে ব্যর্থ হন।
ম্যাচের বাকি সময়ে কোনো দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তাই গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হয়। ইতালির সমান ১৪ পয়েন্ট নিয়েও ছিটকে যেতে হয় ইউক্রেনকে। গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত করে আজ্জুরিরা।
এদিন ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল নর্থ মেসিডোনিয়া। র‌্যাঙ্কিংয়ের ৬৬তম দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চার নম্বরে থাকা ইংল্যান্ড।

ভোটের দিন ফেসবুক বন্ধ নিয়ে আলোচনা

জাতীয় সংসদ নির্বাচনের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের গুজব কিংবা বিশৃঙ্খলা ছড়াতে না পারে সেজন্য ভোটের দিন ফেসবুক বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন বেশ কয়েকজন সচিব।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব দেয়া হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের দিন ফেসবুক বন্ধ রাখার মতামত এসেছে। তবে বিষয়ে আরও আলোচনা হবে।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন সচিব জানান, ভোটের দিন ঘটনাকে বিকৃতি করে ভোটারদের বিভ্রান্ত করতে পারে গুজব রটনাকারীরা। সে জন্য ওই সভায় বেশ কয়েকজন সচিব ফেসবুক বন্ধের পক্ষে মতামত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
আন্তমন্ত্রণালয় বৈঠক সূত্রে জানা যায়, পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া ফেসবুক বন্ধের বিষয়টি তুলে ধরেন। পরে কয়েকজন সচিব এ প্রস্তাবের পক্ষে মতামত দেন।
জাতীয় নির্বাচনের ভোট ঘিরে ফেসবুকে অপপ্রচার বন্ধের বিষয়ে গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল কোম্পানি মেটা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ভোটের দিন কেউ যাতে অপপ্রচার, বিদ্বেষ, সহিংসতা ও বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে আলোচনা হয়। এ নিয়ে দুই পক্ষের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা অশোক কুমার দেবনাথ বলেন, ওই বৈঠকে মেটা কর্তৃপক্ষ বলেছে, নির্বাচনের সময় অপপ্রচার রোধে তারা কাজ করতে চায়। নির্বাচনের আগে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান তারা।
ঢাকা সেনানিবাসে সকাল ৮টার দিকে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সাড়ে ৮টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে দিবসটিকে ঘিরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক। মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। তিন বাহিনীর সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। তাই বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্ব গাঁথা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী যেকোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।’
বাণীতে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৩ উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিবসটিকে ঘিরে নেওয়া সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তাঁরা।