বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে

বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

নুর বলেন, ‘প্রবাসীদের সাধারণ যে দাবিদাওয়াগুলো আছে, বিশেষ করে তাঁদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা। এটা আগে বোধ হয় ছিল, মাঝখানে বন্ধ হয়েছে।
আমরা আলাপ করছি যে এটা বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা।’

তিনি বলেন, ‘লাশ পৌঁছে দেওয়ার জন্য আগে তিনটি ফ্রিজিং গাড়ি ছিল, যেগুলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে যায়। আজ আরো দুটি গাড়ি নতুন অ্যাড (যুক্ত) করা হয়েছে।’

প্রবাসীদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসফেরতদের দেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য তিন লাখ টাকা করে লোন (ঋণ) দেওয়া হয়।
এটি আরেকটু বাড়ানো যায় কি না আমরা চিন্তা করছি এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট ভিসায় যায় জাপানসহ কয়েকটি দেশে, সেখানে কিন্তু ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।’

প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৩

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা মো. রাকিবসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত সোমবার আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. রাকিব ও একই এলাকার মো. জুয়েল এবং উপজেলার মাওলানাকান্দি এলাকার আল আমিন সম্রাট।

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি বাগেরহাটে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ আরো প্রায় ৯ মাস বাকি থাকতে নতুন আইজিপি এলেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আলী হোসেন ফকির এর আগে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনারও ছিলেন তিনি।
তিনি রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খুলনা-৩, এপিবিএন ঢাকা-৫ ও এপিবিএন সিলেট-৭-এর অধিনায়ক ছিলেন। আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। দেশে ফেরার পর খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর পদোন্নতি দিয়ে প্রথমে উপমহাপরিদর্শক, পরে ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়। এর পর থেকে তিনি এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফ্যামিলি কার্ডের নামে টাকা চাইলে পুলিশে দিন: সমাজকল্যাণ মন্ত্রী

সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগবে না জানিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি মহল কার্ড করার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি। তারা প্রতারণা করছে। এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করবো।

মঙ্গলবার রাতে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এই কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

ডা. জাহিদ বলেন, আমরা খবর পেয়েছি রাজধানীর কড়াইল বস্তি, ময়মনসিংহে একটি চক্র ফ্যামিলি কার্ড করার নামে টাকা দাবি করছে। আমরা স্পষ্ট করে বলেছি এই কার্ড করতে কোনো টাকা লাগবে না। কেউ এমনটা করলে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকে জানাতে বলবো।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা ইউনিভার্সেল কার্ড। এখানে কোনো ধরণের ভুল করার সুযোগ নেই। এখানে দলীয় লোকদের কোনো সম্পৃক্ততারও সুযোগ নেই। সরকারি কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে এটি তালিকাভুক্ত করা হবে৷ ওয়ার্ড পর্যায়ে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা এটি তদারকি করবেন। এখানে কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়ার কিংবা বাড়তি যুক্ত করারও সুযোগ নেই। এখানে সবাইকেই যুক্ত করা হবে। তিনি বলেন, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবৃত্ত এই শ্রেণির মানুষ সবার আগে কার্ড পাবেন। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারীরাও কার্ড পাবেন। স্বাভাবিকভাবেই তারা পরে পাবেন। সবচেয়ে ভারনাবল ৪০শতাংশ মানুষ সবার আগে পাবেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমে আমরা ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ করবো। পরে উপজেলা পর্যায়ে এসে এই তথ্যগুলো পুনরায় যাচাই করবো। প্রতিমাসে আমাদের সমাজকল্যাণ কর্মী আছে, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মী আছে, কৃষি বিভাগের কর্মীরা আছে তাদেরকে দিয়ে তথ্য নেয়ার মাধ্যমে আমরা ঢাকা থেকে বলে দিতে পারবো ওমুক গ্রামে কে এই সুবিধাভোগী।

ডা. জাহিদ বলেন, গ্রাহক কোনো মাসে টাকা না পেলে অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়ায় অভিযোগ করতে পারবেন। অফলাইনে উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে অভিযোগ জানানো যাবে। ওয়ার্ড লেভেলে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা এবং চারজন কর্মচারী থাকবে এসব বিষয় তদারকির জন্য। আর এই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে যে গ্রাহক যে মাধ্যমে টাকা পেতে চাইবেন সেভাবে সরাসরি তার কাছে চলে যাবে। কেউ যদি টাকা না তুলে সেটাও অটোমেটিকালভাবে সফটওয়ারের মাধ্যমে বোঝা যাবে উনি টাকা তুলেননি।

মন্ত্রী বলেন, আমরা খুবই আশাবাদী এই উদ্যোগ নিয়ে। যদি মাঠ পর্যায়ের তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায়, তাহলে অর্থ বিতরণও সঠিকভাবে করা যাবে।

ইরান ইস্যুতে শীর্ষ জেনারেলের অবস্থান নিয়ে প্রতিবেদন, ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংবাদ প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন, যেখানে বলা হয়েছিল জয়েন্ট চিফস অব স্টাফের জেনারেল ড্যান কেইন তাকে ইরানের ওপর হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন, যেমন দীর্ঘ যুদ্ধে জড়ানো বা মার্কিন সেনাদের হতাহতের সম্ভাবনা।

তবে প্রকাশিত প্রতিবেদন নাকচ করে দিয়ে গতকাল সোমবার তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিরোধিতা করেছেন, এমন খবর সঠিক নয়।

সোমবার ট্রাম্প সোশ্যাল-এ পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফেক নিউজ মিডিয়ায় নানা ধরনের প্রতিবেদন ছড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে, জেনারেল ড্যানিয়েল কেইন ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিরোধী। এই গল্পে কার কাছ থেকে বা এই জ্ঞানের উৎস এসেছে তা উল্লেখ করা হয়নি এবং এটি শতভাগ ভুল।


ট্রাম্প আরো বলেছেন, ‘কেইন মনে করেন প্রেসিডেন্টের হুমকি অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধ ‘সহজেই জয় করা সম্ভব।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছিলেন। এ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জয়েন্ট চিফসের এক মুখপাত্র জানান, চেয়ারম্যানের দায়িত্ব হলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে বিভিন্ন সামরিক বিকল্প, সংশ্লিষ্ট ঝুঁকি ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরামর্শ দেওয়া।

তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বেসামরিক নেতৃত্বই নিয়ে থাকে। তিনি আরো বলেন, ‘এসব পরামর্শ গোপনীয়ভাবে প্রদান করা হয়।’
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জেনারেল কেইন যুদ্ধ চান না, ‘আমাদের সবার মতোই।’ তবে ইরানের বিরুদ্ধে সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে, তার মতে তা ‘সহজেই জয় করা সম্ভব’।

ট্রাম্প আরো দাবি করেন, গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের যে হামলা চালানো হয়েছিল, তা জেনারেল কেইনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সম্ভাব্য ইরান যুদ্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে তিনি ‘ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন মূলধারার গণমাধ্যমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা নিয়ে নানা বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অধিকাংশ প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সিদ্ধান্ত আমিই নেব।

আমি চুক্তি করতে চাই, যুদ্ধ নয়। তবে যদি কোনো চুক্তি না হয়, তাহলে সেই দেশের জন্য এবং দুঃখজনকভাবে তাদের জনগণের জন্য খুব খারাপ দিন আসবে। তারা মহান ও চমৎকার মানুষ, তাদের সঙ্গে এমন কিছু হওয়া উচিত ছিল না।’
একই সঙ্গে তিনি জেনারেল কেইনকে ‘দুর্দান্ত যোদ্ধা’ আখ্যা দিয়ে বলেন, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করেন।

সূত্র: আলঅ্যারাবিয়া, আলজাজিরা, দ্য হিল

শীর্ষ চারে উঠল ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষ চারে ওঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন বেঞ্জামিন সেসকো।

হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল না ম্যানইউর। স্বাগতিক এভারটনও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।

বিরতির পর ম্যাচের গতি বাড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এই সময় তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল এভারটন। তবে সব পরিকল্পনায় ছেদ পড়ে ৭১তম মিনিটে।

বদলি হিসেবে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে জয়সূচক গোলটি করেন সেসকো। এরপর দুই দলই কিছু চেষ্টা করলেও আর গোলের দেখা মেলেনি।

২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে এভারটন।

অন্যদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে করছে।

উ. কোরিয়ার নেতা কিম জং উনের বোনের পদোন্নতি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোনকে দলীয় কংগ্রেসে ক্ষমতাসীন দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে পদোন্নতি দেওয়া হয়েছে। একই কংগ্রেসে কিম জং উন আগামী পাঁচ বছরের জন্য দেশের অর্থনৈতিক এজেন্ডাও নির্ধারণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার জানিয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জংকে পূর্ণ বিভাগীয় পরিচালক হিসেবে মনোনীত করেছে।

তিনি পূর্বে একজন উপবিভাগীয় পরিচালক ছিলেন।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি অনুসারে, কিম ইয়ো জংকে সম্ভবত প্রচার বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হবে, যার ভূমিকা আন্তঃকোরীয় সম্পর্ক বা বহিরাগত কৌশল তদারকি করা।

পাঁচ বছরে একবার অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির শীর্ষ সম্মেলনের জন্য হাজার হাজার দলীয় ব্যক্তি রাজধানী পিয়ংইয়ংয়ে ভিড় জমান। এটি এমন একটি সমাবেশ, যেখানে কূটনীতি থেকে শুরু করে যুদ্ধ পরিকল্পনা পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন নীতিগত কর্মকাণ্ডের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

সোমবার প্রতিনিধি সদস্যরা কিম জং উনকে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত করেন। এর ফলে দেশের একমাত্র ক্ষমতাসীন দলের নেতৃত্বে তার প্রায় ১৫ বছরের শাসনকাল আরো দীর্ঘায়িত হলো এবং ক্ষমতার ওপর তার নিয়ন্ত্রণ আরো দৃঢ় হয়েছে।

কিম ইয়ো জং দীর্ঘদিন ধরেই তার ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং দলের সবচেয়ে প্রভাবশালী নারী নেতাদের একজন হিসেবে পরিচিত। দক্ষিণ কোরিয়া সরকারের তথ্য অনুযায়ী, ১৯৮০-এর দশকের শেষ দিকে জন্ম নেন কিম জং ইল।

কিম ইয়ো জং তার ভাই কিম জং উন-এর সঙ্গে সুইজারল্যান্ডে পড়াশোনা করেন। ২০১১ সালে তাদের বাবার মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসার পর থেকেই তিনি দ্রুত রাজনৈতিক পদমর্যাদায় উন্নীত হন। ২০১৮ সালে আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের সময় তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিক উপলক্ষে দেশটি সফর করেন।

পিয়ংইয়ং প্রায়ই নিজেদের সরকারি অবস্থান ব্যাখ্যা করতে বা দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে তার নাম ব্যবহার করে থাকে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম ইয়ো জংয়ের পদোন্নতির ঘোষণা এমন সময়ে এলো, যখন তার ভাই আগামী পাঁচ বছরে উত্তর কোরিয়ার অর্থনীতি সুসংহত ও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার এক ভাষণে কিম জং উন আগামী পাঁচ বছরকে ‘পূর্ণাঙ্গ অগ্রগতির পর্যায়’ হিসেবে উল্লেখ করে চিন্তাধারা, প্রযুক্তি ও সংস্কৃতিতে বিপ্লব আনার আহ্বান জানিয়েছেন বলে কেসিএনএ জানিয়েছে।

কেসিএনএ আরো নিশ্চিত করেছে, চীনের রাষ্ট্রপতি শি চিনপিং কিম জং উনকে দলীয় নেতা হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাতে একটি বার্তা পাঠিয়েছেন।

সূত্র: আলজাজিরা।

বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে ;বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে। যাতে তাঁরা নিরাপদ মনে করেন। বিমানের টিকিট নিয়ে যারা অনিয়ম করার চেস্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব বলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম মন্ত্রিত্ব পাওয়ার পর এটাই ছিল তাঁর নিজ জেলায় প্রথম পরিদর্শন। সকাল সাড়ে ১০টায় প্রথমে সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিকগঞ্জে বেশ কিছু ঐতিহ্যপূর্ণ স্থান আছে। এর মধ্যে বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, এই সব ঐতিহ্যপূর্ণ বাড়ি ও এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত বিশাল যমুনা নদী শাসন করে পর্যটন-উপযোগী করা যায় কি না সেটাও পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিশাল এই নদীর প্রতি দেশি ও বিদেশি পর্যটকদের
আকর্ষণ রয়েছে।

জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব: আবদুস সালাম

রাজধানীর নানা সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেন, নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগে রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব। জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আব্দুস সালাম এসব কথা বলেন।

প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণ—এসব আচরণ নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে। নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করেন, তাহলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে হবে জানিয়ে আবদুস সালাম আরও বলেন, এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সামাজিক অংশীদারত্ব দরকার।

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্র পক্ষের আপিলের শুনানি আজ

২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এ দিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসে।

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হলেও, সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বাড়ানোর আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বৃদ্ধি চেয়ে আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।