প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে

SHARE

বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

নুর বলেন, ‘প্রবাসীদের সাধারণ যে দাবিদাওয়াগুলো আছে, বিশেষ করে তাঁদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা। এটা আগে বোধ হয় ছিল, মাঝখানে বন্ধ হয়েছে।
আমরা আলাপ করছি যে এটা বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা।’

তিনি বলেন, ‘লাশ পৌঁছে দেওয়ার জন্য আগে তিনটি ফ্রিজিং গাড়ি ছিল, যেগুলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে যায়। আজ আরো দুটি গাড়ি নতুন অ্যাড (যুক্ত) করা হয়েছে।’

প্রবাসীদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসফেরতদের দেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য তিন লাখ টাকা করে লোন (ঋণ) দেওয়া হয়।
এটি আরেকটু বাড়ানো যায় কি না আমরা চিন্তা করছি এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট ভিসায় যায় জাপানসহ কয়েকটি দেশে, সেখানে কিন্তু ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।’