বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ইরানের হামলায় কুয়েতে ১ জন নিহত, আহত ৩২

মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে কুয়েতও আক্রান্ত হয়েছে। ইরানের পাল্টা হামলায় কুয়েতে ১ জন নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আদান হাসপাতালে জরুরি বিভাগে ৩২ জন আহত রোগী নেওয়া হয়েছে, যাদের প্রত্যেকেই বিদেশি নাগরিক। চিকিৎসা দল সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে আহতদের সেবা দিচ্ছে।

পরে আহতদের মধ্যে ১৫ জনকে জাবের হাসপাতালে বিশেষ চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়, এবং বাকি আহতদের চিকিৎসা আদান হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া আদান হাসপাতালে পাঁচজনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে, এবং একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আব্দুল্লাহ আল-সানাদ বলেছেন, আহতদের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে। বক্ষ, মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত, অস্থিভঙ্গসহ একাধিক স্থানে জখম হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, সব রোগী অনুমোদিত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী পর্যবেক্ষণ ও চিকিৎসা পাচ্ছেন।

চলমান পরিস্থিতির মধ্যে জরুরি ও নিবিড় পরিচর্যা ইউনিটগুলোর প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্রুত সাড়া ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার সকালে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই অভিযানে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় মান সময় বা ইএসটি সময় সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত ৩ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচজন আহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন সামান্য শ্রাপনেল (বোমার টুকরো) আঘাত ও মস্তিষ্কে আঘাত (কনকাশন) পেয়েছেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহতদের পরিবারের প্রতি আমাদের অগাধ ভালোবাসা ও চিরন্তন কৃতজ্ঞতা জানাচ্ছি। দুঃখজনকভাবে, এটি শেষ হওয়ার আগে আরও মৃত্যুর সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি এমনই।’ তিনি যোগ করেন, ‘মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে তেমনটা না ঘটে।’

সেন্টকমের তথ্যমতে, শনিবার ইএসটি সময় রাত ১ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। এতে বি-২ স্টেলথ বোমারু বিমান; এফ-১৬, এফ-১৮ এবং এফ-২২ যুদ্ধবিমান এবং এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসহ অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

সেন্টকম রোববার জানায়, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) যৌথ ও মহাকাশ বাহিনীর সদর দপ্তর, সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক মিসাইল সাইট, ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট এবং সামরিক যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।

সেন্টকম সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে আইআরজিসি সদর দপ্তর এবং ইরানি ব্যালিস্টিক মিসাইল সাইটে হামলার ভিডিও শেয়ার করেছে। ট্রাম্প আরও জানান যে, যুক্তরাষ্ট্র ইরানের নয়টি নৌ জাহাজ এবং নৌবাহিনীর ভবন ধ্বংস করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটির বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ট্রাম্প খামেনির মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাঁকে ‘অভিশপ্ত এবং জঘন্য ব্যক্তি’ বলে অভিহিত করে দাবি করেন তাঁর হাতে ‘শত শত, এমনকি হাজার হাজার আমেরিকানদের রক্ত লেগে ছিল।’

খামেনির মৃত্যুর পর, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি অনুসারে একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এখন ইরান পরিচালনা করছে। এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য আয়াতুল্লাহ আলিরেজা আরাফি এবং ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই।

তবে ট্রাম্প রোববার পুনরায় আইআরজিসি, সশস্ত্র বাহিনী এবং পুলিশকে ‘অস্ত্র ত্যাগ করার’ আহ্বান জানান, অন্যথায় ‘নিশ্চিত মৃত্যুর’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন। ট্রাম্প ইরানের জনগণকে ‘এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে’ নিজ দেশের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানান। গত চার দশকেরও বেশি সময় ধরে ইসলামিক রিপাবলিক ইরান শাসন করছে এবং এ বছরের শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভ দমনসহ বারবার ভিন্নমতকে কঠোরভাবে দমন করেছে।

ট্রাম্প মন্তব্য করেন, ‘সাহসী হোন, নির্ভীক হোন, বীরত্বের সাথে আপনাদের দেশ ফিরে নিন। আমেরিকা আপনাদের সাথে আছে। আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করেছি। বাকিটা আপনাদের ওপর নির্ভর করবে, তবে আমরা সাহায্যের জন্য সেখানে থাকব।’

রোববার ডেইলি মেইলকে ট্রাম্প আরও বলেন, ইরানে মার্কিন এই অভিযান শেষ হতে আনুমানিক চার সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, এটি সবসময়ই একটি চার সপ্তাহের প্রক্রিয়া ছিল। আমরা হিসেব করেছি যে এটি চার সপ্তাহের মতো সময় নেবে। এটি একটি বিশাল দেশ, তাই এটি চার সপ্তাহ সময় নেবে—বা তার চেয়েও কম।’

অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক

সৌদি আরবে ওমরা করতে গিয়ে ফেরার সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ফ্লাইট স্থগিত থাকায় জেদ্দায় আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে রোববার (১ মার্চ) দিবাগত রাতে তিনি নিরাপদে বাংলাদেশে ফেরার বিমানে উঠেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠলাম। ইনশাআল্লাহ, আজ (সোমবার) সকালে ঢাকায় অবতরণ করব।

‘গত ২৪ ঘন্টা ধরে যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এবং প্রচুর দোয়া করেছেন তাদের ধন্যবাদ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।’

এর এগে সব আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের। আর ঠিক সেদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও যুদ্ধ পরিস্থিতির কারণে আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে মুশফিককে।

জাতীয় দলের এই তারকার সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি আটকা পড়েছিলেন। দেশে ফেরা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন মুশফিক। তিনি লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’

সাবেক এই অধিনায়ক আরও লিখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারবো, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।’

তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রোববার জানিয়েছিলেন, মুশফিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। সোমবার দেশে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

ক্রীড়া প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

ঈদে নতুন কোন চমক নিয়ে আসছে অ্যাশেজ

ঈদে ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছে অ্যাশেজ। ব্যান্ডটি একসঙ্গে মুক্তি দিতে যাচ্ছে দুটি অ্যালবাম—‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’। ‘বিভ্রম’ অ্যালবামে থাকছে নয়টি গান আর ‘ডানাহীন পাখি’তে আটটি। চাঁদরাতে প্রথমে দুটি অ্যালবামের দুটি গান প্রকাশ করবে অ্যাশেজ। বাকি গানগুলো প্রতি সপ্তাহে একটি করে মুক্তি পাবে। গানগুলো মূলত ৮-১০ বছর ধরে তৈরি বিভিন্ন সময়ের সংকলন; কিছু গান পুরোনো, কিছু সাম্প্রতিক। পুরোনো গানগুলো কনসার্ট বা বিভিন্ন আয়োজনে করলেও অ্যালবামে এবারই প্রথম মুক্তি পাবে। এ দুটি অ্যালবামের পাশাপাশি বিশেষ আরেকটি অ্যালবামের একটি নতুন গান প্রকাশ করবে তারা।

অ্যাশেজের দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান জানান, দুটি অ্যালবামের গানগুলোতে সুর ও চিন্তায় অনেক নিরীক্ষা করা হয়েছে। গানগুলোর মূল দর্শন হলো ‘নন-ম্যাটেরিয়াল হ্যাপিনেস’ বা অবস্তুগত সুখ। ইভানের ব্যাখ্যায়, যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে আকাশ, বৃষ্টি, জোছনা বা মানুষের হাসির মধ্যে যে আনন্দ, সেটাই গানের ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁরা। ইভানের ভাষ্যে, ‘বর্তমান জীবনধারা অনেক বেশি বস্তুবাদী বা ম্যাটেরিয়াল বেজড, যেখানে মানুষ বস্তু ছাড়া সুখ চিন্তা করতে পারে না। কিন্তু সব থেকে সুন্দর আনন্দগুলো আসলে অবস্তুগত, যেমন আকাশ দেখা, বৃষ্টি বা জোছনা উপভোগ অথবা মানুষের মুখের হাসি। মানুষের অস্তিত্ববাদী চিন্তা এবং নিজের সঙ্গে নিজের যে দ্বন্দ্ব বা বোঝাপড়া, সেই বিষয়গুলোই গানে ছায়া হিসেবে থাকবে।’

অ্যালবামের প্রচার নিয়ে ভিন্নধর্মী পরিকল্পনা করছে অ্যাশেজ। ঈদের পর গান নিয়ে বেরিয়ে পড়বে তারা। বিভিন্ন জেলায় দুই অ্যালবামের গান নিয়ে একক কনসার্ট করার পাশাপাশি ভক্তদের নিয়ে পাহাড় ও সমুদ্রে যাওয়ার পরিকল্পনা আছে তাদের। ইভান বলেন, ‘কিছু শ্রোতাকে নিয়ে একটা লিসিনিং পার্টি করব। তবে এখানে ভিন্নতা থাকবে। পাহাড় ও সমুদ্রে দুটো ইভেন্টের পরিকল্পনা এগোচ্ছে। এখানে আমরা একা নয়, সবাই একসঙ্গে গাইব। পাশাপাশি প্রতিটি গানের নেপথ্যের গল্পও জানতে পারবেন শ্রোতারা।’ এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলছে না তারা। চমক হিসেব রাখতে চায় তারা।

গত বছর মানুষের জন্য শিরোনামে অ্যালবামের পরিকল্পনা করেছিল অ্যাশেজ। জানিয়েছিল, ১০টি গানে সাজানো এ অ্যালবামের সব আয় মানবিক সহায়তায় খরচ হবে। সম্মানী বা আয়ের অংশ নেবেন না ব্যান্ডটির কোনো সদস্য। আয়ের অর্থ সরাসরি হাসপাতালের তহবিলে পৌঁছে যাবে; খরচ হবে ক্যানসার, কিডনি, প্যারালাইসিস, চোখসহ বিভিন্ন জটিল রোগীর সহায়তায়। ঈদের দুই অ্যালবামের মাঝখানে তারা ‘মানুষের জন্য’ প্রকল্পের একটি গানও মুক্তি দেবে। ইভান বলেন, ‘প্রথম থেকেই মানবিক বিভিন্ন সংকটে আমরা পাশে থেকেছি। মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে দেওয়া থেকে চিকিৎসা খরচ মেটাতে না পারা রোগীদের পাশে দাঁড়িয়েছি। এত দিন সাহায্য করার জন্য শুধু রোগীর পরিচয় প্রকাশ করেছি, কখনো মাধ্যম হিসেবে আমরা কাজ করিনি। তবে মনে হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হচ্ছে না। সবাইকে সহায়তা করতে পারছি না। সবাই তো আশা নিয়েই আমাদের কাছে আসে। তাই এটি নিয়ে নতুন করে ভাবতে থাকি, সেখান থেকেই এই নতুন উদ্যোগ। প্রতিটি গানের মাধ্যমে মানুষগুলোর সংকট ও কষ্টগুলো সামনে আসবে। এভাবে মানুষ বিষয়গুলোতে আরও বেশি ইমোশনালি কানেক্ট হতে পারবেন বলে মনে করছি।’

ইউরোপ সফরে যাচ্ছে অ্যাশেজ। আগামী মে মাসে অ্যাশেজ যাচ্ছে ইতালি ও ফ্রান্স। ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে তাদের কনসার্ট চূড়ান্ত হয়েছে। আরও কিছু কনসার্টের প্রস্তাব পেলেও দেশে টানা কনসার্টের চাপের কারণে আপাতত এই তিনটি শোতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ইভান বলেন, ‘দুই সপ্তাহের বেশি বাইরে থাকা সম্ভব না। দেশের বাইরে সাধারণত শো হয় ছুটির দিন, রোববার। একটা শো করতে হলে একটা পুরা সপ্তাহ চলে যায়। এ কারণে আপাতত তিনটি শোতেই সীমাবদ্ধ থাকছি। এ সময়ে দেশে অনেক কমিটমেন্ট আছে, তাই ইউরোপ ট্যুর আর দীর্ঘ করার পরিকল্পনা নেই। তবে চলতি বছরেরই অন্য সময় বাকি কনসার্টগুলোর পরিকল্পনা আছে।’
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি–বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী।

বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধারকাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী খোলামেলা জায়গা হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করার কথা বলেছেন। যেন দুর্যোগের পরপরই মানুষকে সেখানে সরিয়ে নেওয়া যায়।
মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করছি। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের পরব

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ভূমিকম্পের পর প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য শহরের খেলার মাঠ এবং স্কুলগুলো চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) আরো জানান, ভূমিকম্প মোকাবেলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এই সামগ্রিক পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী পুতুল

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়গুলোতে মানুষকে দেখানোর জন্য, শোঅফ করার জন্য অযথা খরচ করা হয়েছে। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি।

রবিবার (১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সকল অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে এই নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা যে আছে, এই উৎপাদন ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন সবগুলো আমি করব ইনশাআল্লাহ।’

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছে তাদের অনেকের এখন পর্যন্ত যে পেনশনের টাকাটা সেটা তাদের কাছে পৌঁছায় নাই। আমাকে বলা হয়েছে ঈদের আগে বিষয়টা দেখার জন্য। আমি চেষ্টা করব ঈদের আগে হোক বা পরে হোক অনতিবিলম্বে যেন এই পেনশনের টাকা তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা যায়।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘সুগার মিলে এখন যে উৎপাদন উৎপাদন ক্ষমতা আছে প্রতিদিন ১৫০০ মেট্রিকটন। যদি আমরা এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, প্রযুক্তির উন্নত করতে পারি, যদি আমরা এই সুগার মিলকে নতুন করে ঢেলে সাজাতে পারি তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। উৎপাদন ক্ষমতা বাড়লে আমরা স্বনির্ভর হতে পারি।’

এ সময় উপস্থিত ছিলেন- নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরবর্তী সময় নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসার জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি, চিকিৎসকদের জন্য যা যা করার দরকার সব করে দেব।

রবিবার (১ মার্চ) সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগামে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন ও আবাসিক সংকট সমাধান করা হবে।

যতক্ষণ মন্ত্রণালয়ে আছি চিকিৎসকদের জন্য যা যা দরকার সব করে দেব।
সাখাওয়াত হোসেন বলেন, ‘মেডিক্যাল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। কারণ মেডিক্যাল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।’