বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ধানের শীষে ভোট দিতে চাওয়া ‘সেই’ অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী

‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে; তার সন্তানকে যদি ভোট না দেই, তাহলে কী নিয়ে বাঁচবো!’– শীর্ষক একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।

অতঃপর মঙ্গলবার (৩ মার্চ) সেই বৃদ্ধা রাহেলা খাতুনের সাথে সাক্ষাৎ করতে রাজধানীর আরামবাগ এলাকায় তার বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের সার্বিক খোঁজ-খবর নেয় এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেয়। প্রতিনিধি দলে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর অন্যতম উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোট দানের বিষয়ে জানতে চাইলে তিনি ধানের শীষে ভোট দেয়ার কথা বলেন।

এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

ইউক্রেনের আকাশে পরিচিতি পাওয়া ইরানের ৫০ হাজার ডলার মূল্যের ডেল্টা-উইং ‘শাহেদ-১৩৬’ ড্রোন এখন উপসাগরীয় অঞ্চলের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে শত শত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও তাদের অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতেই ইরান এই কৌশল গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

বাহরাইনের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রাতের অন্ধকারে একটি ডেল্টা-উইং ড্রোন বহুতল ভবনের দিকে ধেয়ে যাচ্ছে। ড্রোনটির ইঞ্জিনের বিকট শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছিল এবং এক পর্যায়ে সেটি সরাসরি ভবনের ওপর আঘাত হানে, যার ফলে ব্যালকনির বাইরে আগুনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। সরাসরি আঘাতের ফলে অ্যাপার্টমেন্টটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরানের উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো লক্ষ্য করে এক হাজারের বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। এসব ড্রোনের বড় একটি অংশ শাহেদ-১৩৬ মডেলের বলে মনে করা হচ্ছে।

সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ওপর ৬৮৯টি ড্রোন হামলা চালানো হয়েছিল। এর মধ্যে ৬৪৫টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। অর্থাৎ প্রায় ৬ শতাংশ বা ৪৪টি ড্রোন তাদের আকাশসীমার প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।

শাহেদ-১৩৬ ড্রোনগুলো সাড়ে ৩ মিটার দীর্ঘ এবং এদের ডানার বিস্তার আড়াই মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোনগুলো তৈরি করা সহজ এবং ব্যয়বহুল নয়, ফলে চলমান এই সংঘাত দীর্ঘমেয়াদী রূপ নিলেও ইরান এগুলো ব্যবহার অব্যাহত রাখতে পারবে।

শাহেদ-১৩৬ ড্রোনগুলো সাধারণত ধীরগতির হয়, যদিও ইউক্রেনে এগুলোর দ্রুতগতির জেট ইঞ্জিন সংস্করণ দেখা গেছে। এগুলো প্রায় ৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে, যা একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট হলেও পুরোপুরি ধসিয়ে দেওয়ার মতো নয়। তবে এগুলোর ইঞ্জিনের বিকট শব্দ, বড় আকার এবং চূড়ান্ত পর্যায়ে খাড়াভাবে নিচে নেমে আসার দৃশ্য সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ভীতি সৃষ্টি করে।

বাহরাইনের আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি ডেল্টা-উইং ড্রোন মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির ওপর দিয়ে উড়ে গিয়ে রাডার ডোম লক্ষ্য করে আঘাত হানে। ড্রোনটির এই আঘাতে রাডার ডোমটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি সাইপ্রাসের আক্রোতিরিতে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ঘাঁটিতেও শাহেদ হামলার খবর পাওয়া গেছে। ড্রোনগুলোর পাল্লা প্রায় ১,২৫০ মাইল (২,০০০ কিলোমিটার) পর্যন্ত হতে পারে এবং রাডার ফাঁকি দিতে এগুলো সাধারণত খুব নিচ দিয়ে ওড়ার জন্য আগে থেকেই প্রোগ্রাম করা থাকে।

ইউক্রেনে পাওয়া আলামত থেকে জানা যায়, ড্রোনগুলো দূর থেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব, ফলে অপারেটররা শেষ মুহূর্তে এগুলোর গতিপথ পরিবর্তন করতে পারেন। শাহেদ-১৩৬ ড্রোনগুলো গত দশকের শেষের দিকে ইরানে ডিজাইন করা হয়েছিল এবং ২০২১ সালের জুলাই মাসে প্রথমবার এগুলো প্রকাশ্যে আসে, যখন ইসরায়েলি মালিকানাধীন মার্সার স্ট্রিট তেল ট্যাংকারে হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানিয়ান নাগরিক নিহত হয়েছিলেন।

২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আবকাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলায়ও এগুলো ব্যবহৃত হয়ে থাকতে পারে। শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিসার্চ সেন্টার কর্তৃক ডিজাইনকৃত এই ড্রোনগুলো ২০২২ সালের শরৎকালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারের ফলে বিশ্বজুড়ে পরিচিতি পায়। পরে ইরান এগুলোর নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করে এবং ভলগা নদীর তীরে ইলাবুগা কারখানায় রাশিয়া এগুলো বিপুল পরিমাণে উৎপাদন শুরু করে।

রাশিয়া সাধারণত ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ৮০০টি পর্যন্ত শাহেদ-১৩৬ ড্রোন, ডিকয় এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বিত ‘সোয়ার্ম’ বা ঝাঁক ব্যবহার করে। তবে এই সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চলের ভিডিওগুলোতে দেখা গেছে, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিচ্ছিন্নভাবে ড্রোনগুলো আঘাত হানছে।

ইউক্রেনে শাহেদ ড্রোনগুলো স্থির লক্ষ্যবস্তু, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করায় সবচেয়ে বেশি কার্যকর হয়েছে, যা শীতকালে ব্যাপক সংকট তৈরি করেছিল। ইরান এখন একই কৌশল অবলম্বন করতে পারে; সোমবার সকালে সৌদি আরবের বৃহত্তম রাস তানুরা শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়। হামলায় ব্যবহৃত অস্ত্রটি শাহেদ কি না তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এর বিস্ফোরক প্রভাব ছিল একই রকম।

ই’রা’নে হা ম লা র জন্য ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্পের

যুদ্ধে না জড়ানোয় স্পেনের বিরুদ্ধে কঠোর নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা-সংক্রান্ত মিশনে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (০৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরজের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, স্পেন খুবই খারাপ আচরণ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক রাখতে চাই না।

এর আগে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি নাকচ করে দেয় স্পেন। এর ফলে দেশটির দক্ষিণাঞ্চলের রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে অন্তত ১৫টি মার্কিন যুদ্ধবিমান উড়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২-এর বরাতে এমন তথ্য উঠে এসেছে।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, স্পেনের সার্বভৌমত্বের অধীন সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। এই অভিযানে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না। এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অন্তর্ভুক্ত নয় বা জাতিসংঘ সনদের পরিপন্থি এমন কোনো কাজে ব্যবহার করা হবে না।

তারেক রহমানের প্রেস উইংয়ে যুক্ত হলেন ড. ইউনূসের সহকারী প্রেস সচিব

ঢাকার আইসিইউগুলোতে ছড়িয়ে পড়েছে ভয়ংকর ছত্রাক

অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান বিএনপি সরকারে হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এবার প্রাক্তন প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব মিজ আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী প্রেস উইংয়ে ন্যস্ত করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেষণে থাকা প্রাক্তন প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব মিজ আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী প্রেস উইংয়ে ন্যস্ত করা হয়েছে। গ্রেড-৬ এই তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে স্পিচ রাইটার হিসেবে বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এ ছাড়া উপ–প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম, বাংলা ভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা এবং সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বাধীন। আর পৃথক প্রজ্ঞাপনে দুজনকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন কে এম নাজমুল হক এবং আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আতিকুর রহমান রুমন।

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে ড্রো’ন হা ম লা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেট ভবনে ড্রোন হামলা করেছে ইরান। এ ঘটনায় ভবিনটির কাছে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরা

বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘটনার পর কনস্যুলেটের আশপাশ এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা যাচাই করেছে বলে জানিয়েছে, সেগুলোতেও ঘটনাস্থলের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় একটি ড্রোন হামলার ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়। জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনায় কোনও ব্যক্তি আহত হননি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সেখানে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

ট্রেনে ঈদ যাত্রা: আজ মিলছে ১৪ মার্চের টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।

প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এ ছাড় দুপুর ২টা থেকে বিক্রি হয় পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট।
আজ বুধবার (৪ মার্চ) যারা টিকিট সংগ্রহ করছেন, তারা ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপিকে উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধের ২ ঘণ্টার পর এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিন বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন।
রাত ৮টার পর তাকে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায় পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার।

দেশটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মাধ্যমে মেট্রো রেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাপানের সঙ্গে আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে।

এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে।
বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীকে তার নতুন পোর্টফোলিওতে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি প্রজেক্টটি গত বছর শেষ হয়েছে। আমরা পুলিশ ও ডিএমপির সঙ্গে আরো কাজ করতে আগ্রহী।

চলতি বছর হলি আর্টিজান হামলার ১০ বছর পূর্তি হবে উল্লেখ করে রাষ্ট্রদূত মন্ত্রীর কাছে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান, জাপান দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) কোমিন কেন, প্রথম সচিব (ইকোনমিক) মচিদা ইউতারো প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে সরকার প্রধানকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।”

“রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

“কয়েকদিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে প্রধানমন্ত্রী তখনই সেটা অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।”

মঙ্গলবার প্রধানমন্ত্রী অফিস করেছেন সচিবালয়ে; সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে আসেন।

দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সাক্ষাৎ করেছেন।ভ

অতিরিক্ত প্রেস সচিব বলেন, উপকুলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে; প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।”

গতি কতটা বেড়েছে তা তুলে ধরে রুমন বলেন, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার যা কী না পায়ে হাঁটা গতির সমান।

“প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।”

প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

মোটা চাল বৃদ্ধির খবর শুনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “গতকাল মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য, সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছে যে, তাৎক্ষণিকভাবে এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।”

শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন ঈদের আগেই পরিশোধ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনের সহায়তায় বিষয়টি মনিটরিং করা হবে।

কর বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী ব্যক্তি খাতে কর বাড়ানোর কথা বলেননি। দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। বর্তমানে এ অনুপাত কম হওয়ায় উন্নয়ন ব্যয়ে চাপ সৃষ্টি হয়। ব্যক্তি পর্যায়ে কর বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই বলে তিনি স্পষ্ট করেন।

রমজানে বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথমদিকে লেবুসহ কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেলেও প্রশাসনিক তদারকির ফলে বাজার এখন স্থিতিশীল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে।

এলডিজি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এতে রপ্তানি খাত সম্প্রসারণ ও শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে।

সভায় উপস্থিত প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজ নিজ মন্ত্রণালয়ের অগ্রাধিকারমূলক কার্যক্রম তুলে ধরেন।