বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিএমপির ডিবিপ্রধান

ইমারত হোসেন

ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসাথে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানানো হবে। এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

সাহসী দৃশ্যে অভিনয় করে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি বহু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন। ইদানীং তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায়।

জানা গেছে, এ অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন অসংখ্যবার আলোচনায় আসে। সম্প্রতি বিষয়টি আলোচনায় এলেও তাদের কাছ কাজই মুখ্য।

তবে সাহসী চরিত্রের একটি নাটকের জন্য আবারও প্রশংসা কুড়ালেন তানিয়া বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। সেখানে এ অভিনেত্রী একজন পতিতা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তানিয়া বৃষ্টি।

এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এমন চরিত্র করতে পেরে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যেসব প্রস্তাব দেবে বিএনপি

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফায় আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে।

শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সঙ্গে।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলছেন, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশনসহ কী ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কী ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই ৩১ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি।

এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেছেন, রাষ্ট্র সংস্কারে কী ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তবে জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই আলোচনা থাকবে।

বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সবশেষ গত ৩১ আগষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে। এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে।

আপনি অপুষ্টিতে ভুগছেন কিনা বুঝার ১০ লক্ষণ

শরীর সুস্থ রাখতে পুষ্টিকর ও সুষম খাবারের বিকল্প নেই। কিন্তু আমাদের অনেকের খাদ্যতালিকায় প্রয়োজনীয় খাদ্য উপাদান থাকে না। প্রয়োজনীয় খাদ্য উপাদান ছাড়া এসব খাবার আমরা হয়তো অজ্ঞতাবশতই খাই। ফলে অনেকেই অপুষ্টিতে ভোগেন। যার প্রভাব শরীরে বিভিন্নভাবে পড়ে। অপুষ্টির কারণে শরীরে যেসব লক্ষণ দেখা যায়, তারই ১০টি লক্ষণ জেনে নিন।

১. ক্লান্তিবোধ
তেমন কোনো পরিশ্রম ছাড়াই অনেক সময় ক্লান্ত লাগে। অল্প কাজেই অনেকে হাঁপিয়ে ওঠেন। আয়রনের ঘাটতিতে সচরাচর এমনটা হয়ে থাকে। আবার ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি১২-এর অভাবেও ক্লান্তিবোধ হতে পারে। পর্যাপ্ত ক্যালরিযুক্ত খাবারের অভাবেও ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই শরীরে শক্তি বাড়াতে এসব পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে।

২. চুল পড়া
চুলের গঠন মজবুত রাখার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান (আয়রন, আমিষ বা প্রোটিন) জরুরি। এ ছাড়া বিভিন্ন ভিটামিন, যেমন বায়োটিন, ভিটামিন ডির অভাবেও চুল পড়া শুরু হতে পারে। এসব পুষ্টিকর উপাদান চুল পাতলা হওয়া প্রতিরোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। তবে অন্য যেসব রোগে চুল পড়ে, সেসব রোগকেও মাথায় রাখা উচিত।

৩. নখ ক্ষয় ও ভঙ্গুর নখ
এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যদিও আরও কিছু রোগের কারণেও নখের ক্ষয় বা পরিবর্তন হতে পারে। সেসব রোগের উপসর্গ বা লক্ষণ না থাকলে এটি অপুষ্টির কারণে হতে পারে। পুষ্টির অভাবে নখে অনেক রকম পরিবর্তন হতে পারে, যেমন নখ ক্ষয়, নখে সাদা দাগ, নখ নড়বড়ে, নখের গঠনগত পরিবর্তন। জিংক, আয়রন, বায়োটিন—এসব পুষ্টির অভাবে এ রকম হতে পারে।

৪. ত্বকের শুষ্কতা
শরীরে পানিশূন্যতা থাকলে চামড়া শুষ্ক হয়ে যায়, অনেক সময় চামড়া ঝুলে পড়ে। ফ্যাটি অ্যাসিডের অভাবেও এমনটা হতে পারে। কিছু ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই—এগুলোর অভাবেও ত্বক শুষ্ক হয়ে যায়। চামড়ার নমনীয়তা রক্ষার্থে এসব পুষ্টি উপাদান জরুরি।

৫. দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা
শরীরে বারবার জীবাণুর সংক্রমণ (যেমন কয়েক দিন পরপরই জ্বর, ঠান্ডাকাশি লেগেই থাকা) পুষ্টিহীনতার লক্ষণ হতে পারে। ভিটামিন সি, জিংক, ভিটামিন ডির অভাবে এ রকম দেখা যেতে পারে। এসব খাদ্য উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

৬. মাংসপেশি চাবানো
অনেকে বলেন, ‘হাত-পা চাবায়’ বা অস্বস্তি বোধ হয়। মেডিকেলের ভাষায় এটাকে বলে ‘ক্র্যাম্পস’। অনেক সমস্যার জন্যই এটি হতে পারে, তবে তা অপুষ্টির একটি লক্ষণ। কিছু কিছু খনিজ লবণ (সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম) মাংসপেশির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এসব লবণের ঘাটতিতে সচরাচর এই সমস্যা হতে পারে। তাই খাদ্যতালিকায় এসব লবণসমৃদ্ধ খাবার রাখতে হবে।

৭. অস্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ
ম্যাগনেশিয়াম লবণটি আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তাই মিষ্টিজাতীয় খাবার, লবণাক্ত খাবার; স্ন্যাকস, যেমন চিপস, ভাজাপোড়া খাবার, ফাস্ট ফুড—এগুলোর প্রতি আসক্তি ইঙ্গিত দেয় যে শরীরে লবণ বা চিনির ভারসাম্য নেই।

৮. ক্ষত ধীরে শুকানো
অনেক সময় দেখা যায় আঘাত পেয়ে ক্ষত সৃষ্টি হলে সহজে শুকাতে চায় না। এটি দুর্বল রোগ প্রতিরোধক্ষমতার ইঙ্গিত। যদিও ডায়াবেটিসসহ আরও কিছু রোগে এ রকম হতে পারে। তবে অধিকাংশ সময় দেখা যায়, কিছু পুষ্টি, যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, জিংকের অভাবে এ রকম হয়। ক্ষতস্থান সারিয়ে তোলার জন্য যে কোলাজেন প্রয়োজন, সেগুলোর জন্য এসব ভিটামিন দরকারি। পাশাপাশি আমিষজাতীয় খাবার শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। তাই খাদ্যতালিকায় আমিষের ঘাটতিতেও একই লক্ষণ দেখা যায়।

৯. দুর্বলতা ও মাথা ঝিমঝিম
আয়রন বা চিনির ঘাটতি হলে এ রকম লক্ষণ দেখা যায়। যদিও এ রকম লক্ষণের অনেক কারণ আছে, যাকে চিকিৎসক বিশ্লেষণ করে কারণ নির্ণয় করবেন।

১০. বিষণ্নতা
আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্য পরিবর্তন হলে মানসিক সমস্যা বা উপসর্গ হতে পারে। মানসিক অস্থিরতা, এমনকি বিষণ্নতা পর্যন্ত হতে পারে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিতে এ রকম হতে পারে।

এই লক্ষণগুলো পুষ্টির অভাবে হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের কারণেও হতে পারে। এ জন্য একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। লক্ষণ পর্যালোচনা করে তিনিই চিকিৎসা দেবেন। নিজে নিজে ওষুধ খেতে যাবেন না।

ডা. সাইফ হোসেন খান, মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা

সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদেরসহ প্রভাবশালীরা

সড়কের ঠিকাদারি কাজে এক বিস্ময়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)। ২০১৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে। মাত্র ছয় বছরে তারা সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে, যা মোট কাজের ১০ শতাংশ।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনডিই ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এক যুগে সওজের ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে এনডিইর মতো ১৫টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের ৯০ শতাংশ পেয়েছে। এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে ৮৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার। যার মধ্যে প্রায় ৭৫ হাজার কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ওই ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বলেন, ঠিকাদারি কাজ পাওয়া, নিম্ন মানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায়—এগুলোর জন্য ঠিকাদারেরা মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের হাতে রাখতেন। এটা বিগত সরকারের আমলে ‘ওপেন সিক্রেট’ হয়ে পড়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারি।

সওজের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আছে প্রায় ১ হাজার ১০০টি; কিন্তু মাত্র ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে ৯০ শতাংশ কাজ পেয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সওজের প্রকৌশলীরা বলছেন, এসব ঠিকাদার সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের ‘আশীর্বাদে’ ছিলেন। যদিও ঠিকাদারদের কেউ কেউ বলছেন, নেতাদের আশীর্বাদের সঙ্গে মন্ত্রণালয় ও সওজের কর্মকর্তাদের ‘কমিশন’ দিতে হতো। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সম্পদের হিসাব নিলেই তাঁদের অবৈধ আয় বেরিয়ে আসবে।

সবচেয়ে বেশি কাজ পাওয়া ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান হলো হাসান টেকনো বিল্ডার্স, রানা বিল্ডার্স, এনডিই, মোজাহার এন্টারপ্রাইজ, মো. মঈনউদ্দিন (বাঁশি) লিমিটেড, তাহের ব্রাদার্স, মোহাম্মদ আমিনুল হক লিমিটেড, মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স, এম/এস সালেহ আহমেদ, এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, রিলায়েবল বিল্ডার্স, তমা কনস্ট্রাকশন, মাহফুজ খান লিমিটেড ও আবেদ মনসুর কনস্ট্রাকশন।

কাজ পেতে জালিয়াতি ও অনিয়ম প্রকাশ পাওয়ায় চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৫টি প্রতিষ্ঠানকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে শীর্ষ ১৩টি ঠিকাদারি (স্পেক্ট্রা ও এম এম বিল্ডার্স ছাড়া) প্রতিষ্ঠান ছিল।

সওজ সূত্র বলছে, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সড়কের ঠিকাদারি কাজ তিনটি পক্ষ নিয়ন্ত্রণ করত: ১. আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা–সংসদ সদস্য। ২. সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন এবং ৩. সওজের কয়েকজন প্রকৌশলী। ২০১১ সালে ওবায়দুল কাদের সড়কমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদের ও নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর চক্র গড়ে ওঠে।

২০২১ সালে কাদের মির্জা নিজের ভাই, ভাবি ও একরাম চৌধুরীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা দিয়ে সারা দেশে আলোচিত হন। সাবেক সড়কমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র বলছে, ঠিকাদারি কাজের ভাগবাঁটোয়ারা নিয়েই কাদের মির্জার সঙ্গে ওবায়দুল কাদের ও তাঁর স্ত্রীর বিরোধ তৈরি হয়। পরে অবশ্য দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য দূর হয়। মন্ত্রণালয় ও সওজে আবার তদবিরের সুযোগ ও ঠিকাদারি কাজ পেয়ে চুপ হয়ে যান কাদের মির্জা।

সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আসলে বিগত সরকারের আমলে কাকে কাজ দেওয়া হবে, তা আগে ঠিক করা হতো। এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো। তিনি বলেন, এটা আর চলবে না। প্রতিযোগিতা বাড়াতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে। অতীতের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তিনি একটি বিস্তৃত তদন্ত করার কথাও ভাবছেন।

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঝড়ের শঙ্কা, বন্দরে সতর্ক সংকেত

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে ১৮ জেলায় ঝড়-বৃষ্টির এ পূর্বাভাস দেয়া হয়।

এছাড়া দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে।

একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ফুটবলে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ। এছাড়া লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সৌদি প্রো-লিগে রয়েছে আল নাসরের খেলা।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা দেখবেন :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা
বিকেল চারটায় শুরু
সরাসরি দেখাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১

বাংলাদেশ বনাম ইংল্যান্ড
রাত আটটায় শুরু
সরাসরি দেখাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস বনাম লিভারপুল
বিকেল সাড়ে পাঁচটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি বনাম ফুলহাম
রাত আটটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল বনাম সাউদাম্পটন
রাত আটটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন বনাম নিউক্যাসল
রাত সাড়ে দশটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
রিয়াল মাদ্রিদ বনাম ভিয়ারিয়াল
রাত একটায় শুরু
সরাসরি দেখাবে জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

জার্মান বুন্দেসলিগা
ইউনিয়ন বার্লিন বনাম বরুসিয়া ডর্টমুন্ড
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ
আল নাসর বনাম আর ওরোবাহ
রাত সোয়া নয়টায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ১

টেনিস: সাইহাং মাস্টার্স
সকাল সাড়ে দশটায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ৫

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে। অতি-বামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে শুক্রবার (৪ অক্টোবর) এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যের প্রাণকেন্দ্র দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গলে এ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় দুপুর ১টার দিকে উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এর আগে জানিয়েছিলেন, ‘বন্দুকযুদ্ধে’ প্রায় ৩০ মাওবাদী নিহত হয়েছে। এ নিয়ে এ বছর দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ ৭ জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ১৮৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ফুসফুসে সংক্রমণ নিয়ে বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তাঁর বাবার ‘ইসকেমিক হার্ট ডিজিজ’ ছিল। গত বুধবার সকালে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহী বি চৌধুরী সকালে প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবর জানান।

সকাল নয়টার পরে হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে।

আগামীকাল রোববার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। এরপরে গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর তাঁকে দাফন করা হবে।

রাজনীতিবিদ মাহী বি চৌধুরীর ফেসবুক পোস্টে জানা যায়, বর্ষীয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী গত ১৩ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে কয়েকবার চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয় ছিল।

মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে মাহী বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য।

কারামুক্ত হলেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে কারাগার থেকে মুক্তই পান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পান তিনি। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী জানান, মামলায় দেয়া দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেছেন মাহমুদুর রহমান। পাশাপাশি তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় আদালতে আত্মসমর্পন করেন মাহমুদুর রহমান। তখন তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ্য, গত বছরের ১৭ অগাস্ট এই মামলায় মাহমুদুর রহমান, যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ ৫ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।