বুধবার, অক্টোবর ৭, ২০২৬

শহীদ পরিবারের চাকরি ও আহতদের ভাতার বিষয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের পরিবারের একজনকে চাকরি দেওয়া এবং আহতদের ভাতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়টি পরিষ্কার করেন।

পোস্টে তিনি লেখেন, ‘জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না।
পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না।’

‘আহতদের ক্ষেত্রে যারা সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবে না তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এরকম আহতদের একটা বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাদেরকে আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে, অনেককে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে। কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে। তাদের এই ক্ষতি আমরা কোনোকিছু দিয়েই পূরণ করতে পারব না। আর এই পরিবারগুলো যেকোনো সুযোগ সুবিধার চেয়ে কেবল সকলের থেকে সম্মান ও মর্যাদা চায়।

সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একাধিক মামলার আসামি দীপঙ্কর তালুকদার।
রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ইটভাটায় ঢেলে দেওয়া হলো ফায়ার সার্ভিসের পানি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ঢেলে দেওয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকায় ‘মেসার্স শানু ব্রিকসে অভিযানটি পরিচালনা করা হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন।
এ সময় সরাইল থানা সরাইল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, শানু ব্রিকস্‌’ অবৈধভাবে ইট উৎপাদন করছিল বলে অনেক দিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তি দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ইট তৈরি করছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স শানু ব্রিকস্‌কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় পানি ছিটানো হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

হাসানই নন, বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন খালেদও

চ্যাম্পিয়নস ট্রফির দল গত ১২ জানুয়ারি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জায়গা হয়নি দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। ‘হাইব্রিড মডেলের’ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা না হলেও দলের সঙ্গী হচ্ছেন দুজনই।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ টুর্নামেন্টে খালেদ-হাসানকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
দুজনের সঙ্গে যাওয়ার কথা শোনা যাচ্ছিল আরেক পেসার শরিফুল ইসলামের। তবে ব্যক্তিগত কারণে বাঁহাতি পেসার যাচ্ছেন না বলে জানা গেছে। অবশ্য ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলে দুজনই দেশে ফিরবেন।

আগামী ১৩ ফেব্রুয়ারি রাতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে থাকা দুই পেসার সেদিনও রাতের সঙ্গী হবেন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি হবে দুবাইয়ে।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশের অন্য দুই ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ২৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল :

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

কলেজ শিক্ষকরা রাজনীতিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে : জাবি উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরা কোনো ধরনের রাজনীতির চর্চা ও দলাদলিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কলেজগুলোতে মব জাস্টিস তৈরি করে কলেজ অধ্যক্ষকে চেয়ার থেকে টেনে নামানোর অপসংস্কৃতির চর্চা আর করতে দেওয়া হবে না বলেও সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের (৪৩ থেকে ৪৪ তম ব্যাচ) হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
জাবি উপাচার্য বলেন, ‘পিজিডি কোর্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্স, আইসিটি, সফট স্কিল এবং হার্ড স্কিল, ট্রেড কোর্সসহ এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। কলেজগুলোতে এ ধরনের কোর্স অধিভুক্তি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে।’

তিনি আরো বলেন, ‘কলেজ মনিটরিং এ বছর থেকে শুরু করতে যাচ্ছি এবং অধিভুক্ত সব কলেজকে জবাবদিহির আওতায় আনতে শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া অধ্যক্ষ সম্মেলনের মাধ্যমে অধিভুক্ত সব কলেজে নতুন বার্তা পৌঁছাতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যকে সামনে রেখে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সব ধরনের উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।’

এ ছাড়া তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ বৃদ্ধি নিশ্চিত করতে কারিকুলাম সংস্কার, কলেজ মনিটরিং এর ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

অ্যাসাইনমেন্টের নামে কলেজে এখন যা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে শিক্ষকদের বিরত থাকার আহ্বান জানান।
তিনি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজে সম্পৃক্ততা বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।

সোনার দামে নতুন রেকর্ড, ভরি দেড় লাখ ছুঁই ছুঁই

দেশের বাজারে সোনার দাম বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই করছে। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় উঠেছে। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির এ তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১৭ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৮৬ টাকা।

অপারেশন ডেভিল হান্ট : রংপুরে গ্রেপ্তার ৩০

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রংপুর নগরীসহ এ বিভাগ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর মধ্যে নগরীতে ৫ জন ও রংপুর বিভাগের ৮ জেলা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ড. আশিক মাহমুদ।

জানা যায়, রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি বড়বাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জয়নুল হক ও আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান সাজিদ, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বুধ আলম, একই উপজেলার আমজানখোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী, রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য তাহেরুল ইসলাম, রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, সদর উপজেলার পশ্চিম রঘুনাথপুরের ছাত্রলীগ নেতা হৃত্তিক রোশন রাব্বী, সাগর আলী, মেহেদী হাসান, পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য মিন্টু শেখ, কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খবির উদ্দিন, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান মুকুল, রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মোঘল, উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রুবেল, সদর উপজেলার আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম, মজিদা কলেজ ছাত্রলীগ সদস্য আবু সাঈদ বকসি এবং লালমনিরহাট সদর উপজেলার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি শরিফুল ইসলাম শরিফ, নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ি এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে, তবে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানায়নি।

ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজার। দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকা আসবেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘের ঢাকা অ‌ফিস এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সহকারী মহাসচিব ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফর কর‌বেন।
তার এই সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা।

সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে একত্রিত হবেন, যেখানে ইউএনওপিএস এরই মধ্যে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো সেক্টরগুলোতে সহযোগিতা করছে।

জন্মদিনে প্রতিবন্ধী ও পথশিশুদের মিস করব : শাহনূর

অভিনয়ের পাশাপাশি সমাজের প্রতিবন্ধী ও পথশিশুদের সহযোগিতায় নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন চিত্রনায়িকা শাহনূর। নিজের নামে ‘শাহনূর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করে সমাজে জনকল্যাণমূলক পরিষেবার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

আজ ১০ ফেব্রুয়ারি এই নায়িকার জন্মদিন। প্রতিবছর জন্মদিনে তিনি প্রতিবন্ধী ও পথশিশুদের নিয়ে কেক কাটা, খাবার আয়োজনসহ নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করে আসছেন।
এ বছর আমেরিকায় থাকার কারণে ভিন্নভাবে জন্মদিন উদযাপন করতে হচ্ছে তাকে।

জন্মদিন উদযাপনসহ সিনেমা মুক্তি নিয়ে কালের কণ্ঠের সাথে কথা হয় এই অভিনেত্রীর। এ বিষয়ে বলতে গিয়ে শাহনূর বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকে তেমন ঘটা করে আর জন্মদিন পালন করা হয় না। তবে আমি আমার জন্মদিনের দিনটাতে দেশের প্রতিবন্ধী ও পথশিশুদের নিয়ে কেক কাটাসহ নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দিনটি উপভোগ করি।
আমার কাছে ওই সব শিশুর মুখের হাসি আমাকে হাসায়, ওদের আনন্দ আমাকে সুখ দেয়, ওদের খুশিতে আমার মন ভরে ওঠে, ওদের মাঝেই আমি আমার তৃপ্তি খুঁজে পাই। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস নিউইয়র্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সে কাজের জন্য আমি বর্তমানে আমেরিকায় অবস্থান করছি। তাই এবার জন্মদিনে বরাবরের মতো ওই সব শিশুকে নিয়ে কেক কাটতে না পারায় আমার মনটা বেশ খারাপ হয়ে আছে।
এ বছরের জন্মদিনে আমি ওদের খুব মিস করব।’

এদিকে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর সিনেমা ‘বৃষ্টিতে আর জল নেই’। পাভেল আল মামুনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আমির পারভেজ।

শাহনূর জানান, সিনেমাটির প্রদর্শনীর পরপরই তিনি দেশে ফিরবেন।

শাহনূরকে সমাজে মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ চলতি বছরে (২০ জানুয়ারি) প্যাটারসন সিটিতে মার্কিন সরকারের সিনেটর কর্তৃক এবং (২৮ জানুয়ারি) সিটি অব পেটারসন থেকে মেয়র স্বাক্ষরিত পৃথক দুটি সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া শাহনূর বাংলাদেশে এভার গ্রিন জুম বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা গ্লোয়িং রোজের চেয়ারপারসন, সাকসেস ওয়ার্ল্ড-এর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন।

এবারের সংকট কাটাবেন তারেক রহমান : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান একটি ভালো নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন। যে কারণে ৭৩ সাল থেকে সংকট শুরু হয়েছিল, সেই সংকট কাটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘এরপর সংকট কাটিয়েছিলেন খালেদা জিয়া। এবার সংকট কাটাবেন তারেক রহমান।
সেই বিশ্বাস আমাদের আছে। দেশের মানুষের আছে।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু সরকারকে উদ্দেশ করে বলেন, ‘রাষ্ট্র গঠনে বিএনপি যে ৩১ দফা দিয়েছে, তা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমন্বয়েই করা হয়েছে। এই ৩১ দফা পড়েন, তাহলে সংস্কার কী, কত প্রকার, তা এক ঘণ্টার মধ্যে জেনে যাবেন।’

তিনি বলেন, ‘উদ্দেশ্য সৎ থাকলে আপনি ৩১ দফা পড়বেন। কিন্তু তার ধারে-কাছে না গিয়ে শুধু এককথা সংস্কার সংস্কার! শেখ হাসিনা বলতেন, উন্নয়ন উন্নয়ন।
আপনারা বলেন সংস্কার সংস্কার! এখানে (শেখ হাসিনার) কাছাকাছি ব্যাপার আছে। এগুলো বাদ দিতে হবে। মানুষের ভোট ফেরত দেন।’

তিনি আরো বলেন, ‘যারা নির্বাচনে বাধা দিচ্ছেন তারা তো অনেক বড় নেতা। অনেক বড় আন্দোলনকারী, নির্বাচন দিলে তো আপনারা জয়ী হওয়ার কথা।
নির্বাচন দিলে সমস্যা কোথায়? আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আগামী নির্বাচনে বিএনপি তো জিতবেই। তার পরের নির্বাচনও বিএনপি জিতবে। কেন জিতবে? কারণ বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘১৯৯১ সালে একজন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। পরে আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন। এ রাজনৈতিক দলের নেত্রী ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। তিনি স্বৈরাচার এরশাদের যত আবর্জনা ছিল তা পরিষ্কার করেছিলেন।’

‘শেখ মুজিব আওয়ামী লীগ রাষ্ট্রপতি ব্যবস্থা চালু করেছিলেন। কিন্তু বেগম জিয়া রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় এনেছিলেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। এবারও বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছেন। শত নির্যাতনের মধ্যেও বেগম জিয়া দেশ ছাড়েননি। অন্যদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।’

আয়োজক সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সভাপত্বিতে সভায় আরো বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম প্রমুখ।