বুধবার, অক্টোবর ৭, ২০২৬

৩.৪ বিলিয়ন ডলারের চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনকে ৩.৪ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ দুই বছরের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের অংশ হিসেবে এই অনুরোধ করেছে পাকিস্তান। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

খবরে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার চীন সফরের সময় এই অনুরোধ করেছিলেন।
ইসলামাবাদ যদিও বলেছে যে, বেইজিং পাকিস্তানের বহিরাগত তহবিল সংকট কমাতে অনুরোধটি গ্রহণ করবে; তবুও কিছু বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছেন যে চীনের এক্সিম ব্যাংক আইএমএফ পর্যালোচনার আগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধ পিছিয়ে দিতে রাজি হবে কিনা।

খবরে আরো বলা হয়, ২০২৫ সালের মার্চ মাসে আইএমএফের সঙ্গে পাকিস্তানের আলোচনার আগে এই ঋণ পুনর্নির্ধারণ নিশ্চিত করতে হবে। এতে ব্যর্থ হলে আইএমএফের ঋণের কিস্তি বিতরণে বিলম্ব হতে পারে। এমনকি ৭ বিলিয়ন ডলারের কর্মসূচি বাতিলও হতে পারে।

গত পাঁচ মাসে এটি দ্বিতীয়বারের মতো চীনের কাছে পাকিস্তানের অনুরোধ। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের অর্থমন্ত্রী এক্সিম ব্যাংককে চিঠি লিখে ঋণটি পুনর্নির্ধারণের অনুরোধ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলিকে গুলি, গ্রেপ্তার ১

ফ্লোরিডার এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তি ফিলিস্তিনি ভেবে গুলি চালিয়েছিলেন। পরে জানা যায়, যে দুইজনকে গুলি করা হয়েছে, তারা আসলে ফিলিস্তিনি নন ইসরায়েলি পর্যটক।
ভুক্তভোগী দুইজন হলেন অ্যারি রাভে ও তার বাবা।

পুলিশ জানিয়েছে, গত শনিবার এ ঘটনা ঘটে। ফ্লোরিডার এই বাসিন্দার নাম মর্দেচাই ব্রাফম্যান। বয়স ২৭ বছর।
তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

মিয়ামি বিচ পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন ব্রাফম্যান। মায়ামি বিচ পুলিশের শেয়ার করা একটি পুলিশ প্রতিবেদনে দেখা গেছে, পুলিশের সাক্ষাৎকারে ব্রাফম্যান বলেছেন, মায়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুইজন লোককে দেখেন এবং তাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন।
এরপর ট্রাক থামিয়ে নেমে এসে হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে গুলি করেন তিনি। তবে, নিহতরা বেঁচে যান। একজনের কাঁধে গুলি লেগেছে এবং অন্যজনের বাহুতে আঘাত লেগেছে। পুলিশ পরে জানিয়েছে, তারা আসলে ইসরায়েলি পর্যটক, ফিলিস্তিনি নন।

মানবাধিকার কর্মীরা বলছেন,৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম-বিরোধী, ফিলিস্তিনি-বিরোধী এবং ইহুদি-বিরোধী ঘৃণা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সাম্প্রতিক ঘটনার মধ্যে রয়েছে টেক্সাসে ৩ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান মেয়েকে ডুবিয়ে হত্যার চেষ্টা, ইলিনয়ে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান ছেলেকে ছুরিকাঘাত, টেক্সাসে এক ফিলিস্তিনি আমেরিকান পুরুষকে ছুরিকাঘাত, নিউইয়র্কে এক মুসলিম পুরুষকে মারধর, ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভকারীদের ওপর সহিংস জনতার আক্রমণ এবং ভার্মন্টে তিনজন ফিলিস্তিনি আমেরিকান ছাত্রকে গুলি।

ইহুদি-বিদ্বেষের ঘটনাগুলোর মধ্যে রয়েছে কর্নেল বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি, নিউ ইয়র্কের একটি ইহুদি কেন্দ্রে আক্রমণের ব্যর্থ ষড়যন্ত্র, মিশিগানে একজন ইহুদি ব্যক্তি, মেরিল্যান্ডে একজন রাব্বি এবং শিকাগোতে দুই ইহুদি ছাত্রের ওপর শারীরিক আক্রমণ।

সূত্র: রয়টার্স

শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

বৃহস্পতিবারের মধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দিয়েছে মেট্রোর কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিশদ আলোচনা করেন ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক (স্মারক নং-২৮.০০.০০০০.০০০,৬০,০০১.২৪.১২২, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৪ এর (খ) অনুসারে) স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। ডিএমটিসিএল ৬০তম বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী ৬০ (ষাট) কর্ম দিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল। তবে প্রায় পাঁচ মাস পার হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি।

এমন পরিস্থিতিতে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা আরো বলা হয়, এ অবস্থায় ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল–সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে।

আগের গল্পটা সবাইকে কাঁদিয়েছিল, এবার হাসাবে: আমির খান

আঠারো বছর আগে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে চলতি বছরের বড় দিনে পর্দায় আসছেন আমির খান। ‘সিতারে জামিন পার’ সিনেমাটির ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল গুজরাটে।

গুজরাটে শুটিং করা নিয়ে সম্প্রতি আমির খান বলেন, যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবার সঙ্গে গুজরাটে এসেছিলাম। এখানে বাবার অনেক ছবির শুটিং হতো।
এত বছর পর যখন এখানে আসলাম তখন কত কিছুই না মনে পড়ে যাচ্ছে। তবে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখানে। রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই পাল্টে গেছে। যখন আমি প্রথম এখানে আসি তখন আমার বয়স ছিল ১২।
প্রতি বছর যেন অল্প অল্প করে পাল্টে যাচ্ছে শহরটা।

‘সিতারে জামিন পার’ দিয়ে প্রায় ১৮ বছর পর ফের দর্শিল সাফারির সঙ্গে পর্দায় শেয়ার করবেন আমির। ‘তারে জামিন পার’-এ ছোট্ট ঈশানের যে গল্প দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব, সেই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ তরুণ ঈশানের গল্প আসতে চলেছে এবার।

সিনেমাটি প্রসঙ্গে আমির খান বলেন, এই বছরের শেষে অর্থাৎ বড় দিনে সিনেমাটি মুক্তি পাবে।
আশা করি সিনেমার গল্প আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে আগের গল্পটা যেমন সবাইকে কাঁদিয়েছিল, এই গল্পটা সবাইকে হাসাবে। ‘সিতারে জামিন পার’ আবেগপ্রবণ গল্প নিয়ে তৈরি নয়।

প্রসঙ্গত, আমির খান এবং দর্শিল সাফারি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন জেনেলিয়া ডি সুজা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাহুল কোহলি, আরবাজ খান, সোনালী কুলকার্নি এবং বিশেষ ভূমিকা অভিনয় করবেন নিখত খান (আমির খানের বোন)।

তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির সমাবেশে আজ যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তিন জেলার ১১ পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে তারেক রহমান বিএনপির সমাবেশস্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থানে একসঙ্গে শুরু হওয়া এই কর্মসূচি রাতে শেষ হবে।

সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে।

অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে হবে বলে সোমবার একটি সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ জিম্মির মৃতদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আগামী বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এসব মরদেহ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার ছয়জন জীবিত বন্দিকে ফিরিয়ে আনার জন্যও কাজ করছে বলে সোমবার একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

এই মুক্তি সফল হলে, গত মাসে ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ৩৩ জনের মধ্যে শুধু চারজন জিম্মি গাজায় থাকবেন (যাদের সবাইকে মৃত বলে ধারণা করা হচ্ছে)। কাতার এবং মিসরীয় মধ্যস্থতাকারীদের সহায়তায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি ধারাবাহিকভাবে অস্থায়ী বাধা এবং উভয় পক্ষের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও সঠিক পথে রয়েছে। তবে হামাস ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসস্তূপের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হওয়া হাজার হাজার গাজাবাসীর জন্য আবাসন সামগ্রী সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ করেছে। ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেছেন, চুক্তির প্রথম পর্যায়ে ৩৩ জন জিম্মিকে ফিরিয়ে আনতে হামাসের ওপর ইসরায়েলের সব কৌশল ব্যবহার করা হবে। যার মধ্যে রয়েছে শত শত ফিলিস্তিনি বন্দি, আটক ব্যক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া ও ইসরায়েলি সেনা প্রত্যাহার।

তিনি পাবলিক ব্রডকাস্টার কানকে আরো বলেন, ‘প্রথম পর্যায়ের জিম্মিদের, অবশ্যই জীবিতদের মুক্তির বিষয়টি এগিয়ে আনার লক্ষ্য ইসরায়েলের রয়েছে।’ এখন পর্যন্ত ১৯ জন ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে পাঁচজন থাই নাগরিককেও।
হামাস জানিয়েছে, প্রথম পর্যায়ে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত ৩৩ জন জিম্মির মধ্যে ২৫ জন জীবিত আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার এবং গাজাকে মার্কিন নিয়ন্ত্রণাধীন একটি জলসীমান্ত উন্নয়ন হিসেবে গ্রহণের আহ্বানের কারণে যুদ্ধবিরতি চুক্তিটি ম্লান হয়ে পড়েছে। কিন্তু কর্মকর্তারা বলছেন, চুক্তির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে, যা অবশিষ্ট জিম্মিদের প্রত্যাবর্তন ও ইসরায়েলি প্রত্যাহারের বিষয়টি মোকাবেলা করবে।

একটি ইসরায়েলি দল ইতিমধ্যেই কায়রো ভ্রমণ করেছে এবং নিরাপত্তা মন্ত্রিসভা দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারে যাওয়ার জন্য একটি উচ্চ স্তরের ইসরায়েলি প্রতিনিধিদলকে অনুমোদন দিয়েছে। জিভ এলকিন, ‘আমরা সবাই দ্বিতীয় পর্যায়ে এগিয়ে যেতে চাই এবং জিম্মিদের মুক্তি দিতে চাই।
তবে প্রশ্ন হলো কোন পরিস্থিতিতে যুদ্ধ শেষ হবে, দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য এটিই মূল বিষয়।’

সূত্র : রয়টার্স

ফিরছেন লরেন্স, সঙ্গী প্যাটিনসন

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘হাঙ্গার গেইমস’-এ অভিনয় করে মাত্র ২২ বছর বয়সেই তারকা বনে যান এ হলিউড অভিনেত্রী। এরপর বহু হিট সিনেমা উপহার দিয়ে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। বছর খানেক ছিলেন বিরতিতে।
তবে আবারও ফিরছেন বড় পর্দায়। সিনেমার নাম ‘ডাই, মাই লাভ’। এটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লেন রামসি।

প্রতিবদন অনুসারে, ‘ডাই, মাই লাভ’ সিনেমার কাহিনি গ্রামীণ আমেরিকায় সেট করা হয়েছে, যেখানে এক নারীর (লরেন্স) প্রেম ও পাগলামিতে নিমজ্জিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।
রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন তার স্বামীর চরিত্রে, আর স্ট্যানফিল্ড তার প্রেমিকের ভূমিকায়। এ ছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন সিসি স্পেসেক এবং নিক নল্টেসহ আরও অনেকে।

এখনো সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

জেনিফার লরেন্সকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন জিন স্টুপনিটস্কি। জেনিফারের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান্ড্রু বার্থ ফেল্ডম্যান, লরা বেনান্টি, ম্যাথিউ ব্রডরিকসহ আরও অনেকে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে কেউ বাড়তি কোনো ধরনের সুবিধা পাবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই রাজনীতিবিদরা তাদের পেছনে ঘোরেন। আমাদের দেশে শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৪ জেলার এসপি প্রত্যাহার

যশোর, নোয়াখালী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামীকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

ইউক্রেনের নিরাপত্তায় সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সেখানে ব্রিটিশ সেনা মোতায়েনের জন্য প্রস্তুত। তিনি বলেন, ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরো আগ্রাসন থেকে বিরত রাখতে হলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা প্রয়োজন।

সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের একটি জরুরি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে স্টারমার বলেন, যুক্তরাজ্য প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। খবর বিবিসির।

এর মধ্য দিয়ে কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে যে আলোচনা, তাতে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রথম স্পষ্টভাবে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি বিবেচনা করার কথা জানালেন। এর আগে তিনি বলেছিলেন, কোনো শান্তিচুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য সহায়তা করতে রাজি আছে।

ডেইলি টেলিগ্রাফে এক নিবন্ধে স্টারমার লেখেন, আমি এটা হালকাভাবে বলছি না।
আমি খুবই গভীরভাবে এই দায়িত্ব নিয়ে ভেবেছি। এটা করতে গিয়ে ব্রিটিশ সেনাসদস্যদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার প্যারিসে একটি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের দেশগুলোর নেতারা। ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তুতি শুরু করেছে।
ওই আলোচনায় ইউরোপকে রাখা হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ।

গত শনিবার কেলগের এই মন্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জরুরি ওই সম্মেলনের ডাক দেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইউরোপের আরও কয়েকটি দেশের নেতারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।