বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কোরআন-সুন্নাহবিরোধী আইন সংবিধানে সংযোজন করা যাবে না : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘বাহাত্তরের সংবিধান মুছে ফেলতে হবে। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন সংবিধানে সংযোজন করা যাবে না।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘পতিত লেডি হাসিনা ক্ষমতায় থাকাকালে দুটি কাজ করেছেন; একটি বিভাজনের রাজনীতি, অন্যটি প্রতিশোধের অপরাজনীতি।
’

তিনি বলেন, ‘পিতা ও মাতা হত্যার প্রতিশোধ নিতে শেখ হাসিনা আওয়ামী লীগ ও তার দোসরদের বাংলাদেশে কাফন পরিয়েছেন। এখন হাসিনা ও আওয়ামী লীগের দাফনকার্য সম্পন্ন হবে দাদার দেশ ভারতে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা তার পোষা হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী ও অস্ত্রধারী পুলিশ বাহিনী দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবের অগ্রনায়ক বাংলাদেশের দামাল ছেলেদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে হাসিনা ও তার স্বজনরা ব্যাংক লুট করে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে।
’

তিনি এ-ও বলেন, ‘সুতরাং গণহত্যার দায়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জমিনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

মামুনুল হক বলেন, ‘নমরুদ, ফেরাউন, কানুন, আবু লাহাব, আবু জেহেলের উত্তরসূরি, পৃথিবীর নিকৃষ্টতর খুনি হাসিনা ভারতে পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কলকাঠি নাড়ছে। ভারতকে বলব, মৃত হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবেন না।
বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চাইলে পররাষ্ট্রনীতি সংস্কার করুন।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক শাপলা চত্বর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে এই গণসমাবেশের ডাক দেয়।’

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ শাপলা চত্বর রক্তে রঞ্জিত করেছে। ইসলামপন্থীদের হত্যার আগে চরিত্র হনন করেছে। ফ্যাসিবাদ হাসিনা-পরবর্তী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
’

খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আবছার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, নায়েবে আমির আলী ওসমান, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমির, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

আংকারায় এরদোয়ান ও জেলেনস্কির বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান মঙ্গলবার আংকারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন, যখন কিয়েভ যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার প্রতিক্রিয়ায় নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে।

জেলেনস্কি সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে তুর্কি রাজধানীতে পৌঁছন। তিনি টেলিগ্রামে জানান, এরদোয়ানের সঙ্গে বন্দি বিনিময়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া সর্বশেষ ২০২৪ সালের মার্চে তুরস্ক সফর করা জেলেনস্কির বুধবার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

এরদোয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় শুরু হওয়া এই বৈঠক এমন এক সময়ে হলো, যখন শীর্ষ মার্কিন ও রুশ কূটনীতিকরা সৌদি আরবে তাদের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যা প্রায় তিন বছর আগে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর তাদের প্রথম বৈঠক।

এরদোয়ানের শীর্ষ সহযোগী ফাহরেত্তিন আলতুন সোমবার জানান, দুই নেতা তাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন।

ন্যাটো সদস্য তুরস্ক কৃষ্ণসাগরীয় এই দুই শত্রুপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে। এরদোয়ান নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে উপস্থাপন করেছেন।
আংকারা ইউক্রেনকে ড্রোন সরবরাহ করলেও মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা কার্যকর করা থেকে বিরত রয়েছে।

সৌদি আরব ও ইউএইর পাশাপাশি তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেশ কয়েকটি বন্দি বিনিময় চুক্তির মধ্যস্থতা করেছে, যার ফলে শত শত বন্দি মুক্ত হয়ে নিজ দেশে ফিরতে পেরেছে, যদিও যুদ্ধ এখনো চলছে।

এর আগে মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন, যা ক্রেমলিনের ভাষায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার অংশ।

মার্কিন ও রুশ কর্মকর্তারা তাদের দুই নেতার মধ্যে এক শীর্ষ সম্মেলনের পরিকল্পনা করছেন, যা ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কারণ তারা আশঙ্কা করছে, তাদের বাইরে রেখেই যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করা হতে পারে।

সূত্র : এএফপি

তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে : চীনা রাষ্ট্রদূত

তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। তবে এ ক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় চীন দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত।
তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিস্তা আপনাদের এলাকার নদী, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। তবে এ প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে।’

ইয়াও ওয়েন বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল।
প্রকল্পটি মূল্যায়ন করার পর ২০২৩ সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায় যে, তাদের দেওয়া প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত। কিন্তু তারপর থেকে আমরা এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি।’

ইয়াও ওয়েন জানান, কুনমিংয়ে তিনটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এ তিন হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ভিসা সহজীকরণ করা হবে।

এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন জানান, সংস্কার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে মন্তব্য করবে না চীন। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি এদেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি।

পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এক চীন নীতি, বেল্ট অ্যান্ড রোডের প্রতি সমর্থন জানিয়েছে। এ জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ চীন।

ইয়াও ওয়েন বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দ্রুতই উঠে যাবে, আশা প্রেসসচিবের

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা খুব দ্রুত উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল, এ সম্পর্ক ভালো করতে কমপ্রিহেনসিভ আলোচনা শুরু করেছে সরকার।’

আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় তার চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।’

রাষ্ট্রদূত কুয়েনৎসিল বলেন, উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত অগ্রসর হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

‘আমরা শিগগিরই এর চালুর অপেক্ষায় রয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে।

রাষ্ট্রদূত আরো বলেন, ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। এ ছাড়া ভুটান বাংলাদেশ থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশের সাবমেরিন কেবল কম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে অগ্রসর হয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং বাংলাদেশের ‘একজন ভালো বন্ধু’ হিসেবে ভূমিকা রাখার জন্য অধ্যাপক ইউনূস ভুটানের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

মার্কিন সরকারে ইলন মাস্কের আনুষ্ঠানিক ক্ষমতা কতটুকু

ইলন মাস্ক মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) আনুষ্ঠানিক কর্মী নন এবং সরকারি সিদ্ধান্ত নেওয়ার কোনো আনুষ্ঠানিক ক্ষমতা তার নেই—হোয়াইট হাউস আদালতে দাখিল করা এক নথিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে ডিওজিইর কার্যত প্রধান হিসেবে দেখা হয়। এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত এবং সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানোর লক্ষ্যে কাজ করছে, যার মধ্যে হাজার হাজার চাকরি কাটছাঁটও অন্তর্ভুক্ত।

গত নভেম্বর মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ‘মহান ইলন মাস্ক…ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) পরিচালনা করবেন।
’

তবে সোমবার হোয়াইট হাউসের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিশার আদালতে দাখিল করা এক নথিতে উল্লেখ করেছেন, ইলন মাস্ক হোয়াইট হাউসের একজন বিশেষ সরকারী কর্মী (নন-ক্যারিয়ার স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি) এবং প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।

ফিশার নথিতে আরো বলেছেন, ‘হোয়াইট হাউসের অন্য জ্যেষ্ঠ উপদেষ্টাদের মতো মাস্ক নিজে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক বা বাস্তব ক্ষমতা রাখেন না। তিনি শুধু প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন এবং প্রেসিডেন্টের নির্দেশাবলি পৌঁছে দিতে পারেন।’

তিনি আরো বলেন, ‘মার্কিন ডিওজিই সার্ভিস প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের একটি অংশ।
মার্কিন ডিওজিই সার্ভিস টেম্পোরারি অর্গানাইজেশন এই ডিওজিই সার্ভিসের অধীন। তবে এগুলো হোয়াইট হাউস অফিস থেকে আলাদা।’

নথিতে আরো বলা হয়েছে, ‘মাস্ক হোয়াইট হাউস অফিসের কর্মী। তিনি মার্কিন ডিওজিই সার্ভিস বা মার্কিন ডিওজিই সার্ভিস টেম্পোরারি অর্গানাইজেশনের কর্মী নন।
তিনি এই সংস্থার অস্থায়ী প্রশাসকও নন।’

ফিশারের এই নথি নিউ মেক্সিকোসহ ১৪টি মার্কিন অঙ্গরাজ্যের করা মামলার পরিপ্রেক্ষিতে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে ফক্স নিউজে মঙ্গলবার প্রচারিতব্য এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প সমালোচকদের জবাব দিয়ে বলেছেন, যারা বলছেন মাস্কই হোয়াইট হাউস পরিচালনা করছেন, তারা ভুল করছেন।

সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, ইতিহাসে কেউই আমার মতো এত বেশি নেতিবাচক প্রচারণার শিকার হয়নি…কিন্তু তুমি জানো, আমি কী শিখেছি, ইলন? মানুষ বুদ্ধিমান, তারা বিষয়গুলো বুঝতে পারে।’

এ সময় মাস্ক সাড়া দিয়ে বলেন, ‘হ্যাঁ, তারা আসলেই বোঝে।
’
সূত্র : এএফপি

সোশ্যাল মিডিয়ায় এখন রুচির দুর্ভিক্ষ চলছে : বাপ্পী চৌধুরী

কাজের বাইরে সেভাবে খুব একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সিনেমার বাইরে অন্য কোনো ইস্যুতে পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করতে পছন্দ করেন না তিনি।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক প্রফাইলে অনেকটা ক্ষোভ ঝেড়ে একটি পোস্ট দেন এই নায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘ফেসবুকটা হয়ে গেসে এখন ফকি… আড্ডাখানা।
মনিটাইজেশন অফ করে দিলে এসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগত।’

ফেসবুকে এক নারী উদ্যোক্তা এবং বিতর্কিত ব্র্যান্ড প্রমোটারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলছে। তারা পরস্পরকে নানাভাবে দোষারোপ করছেন। তাদের এই কর্মকাণ্ডে নেটিজনরাও ভীষণ বিরক্ত।

এর মধ্যে নারী উদ্যোক্তা চুপ হয়ে গেলেও ব্র্যান্ড প্রমোটার ইউটিউবারদের ডেকে বিভিন্ন অভিযোগ প্রকাশ করে পুনরায় বিতর্ক উসকে দিয়েছেন! নেটিজেনরা ধারণা করছেন, তাদের ইঙ্গিত করেই চিত্রনায়ক বাপ্পী তার ফেসবুকে ক্ষোভ ঝেড়ে পোস্ট দেন।

‘বস্তি’ বলে পোস্ট দেওয়া প্রসঙ্গে বাপ্পী গণমাধ্যমকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এখন যা চলছে তা কোনোভাবে মানা যায় না। যারা ভালোভাবে সাংবাদিকতা করে তাদের উচিত এদের কাছে না যাওয়া।
আমি যতদূর পারি এসব নেগেটিভ জিনিস না দেখে এড়িয়ে যাই।’

এদিকে অনেক দিন ধরেই বাপ্পীর হাতে নতুন কোনো সিনেমা নেই। অনেকে বলছেন, ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে বাপ্পী ফিল্ম ছেড়ে পারিবারিক ব্যবসায় মনোযোগী হচ্ছেন।

বাপ্পী জানান, তিনি সময় নিয়ে ভালো সিনেমা দিয়ে কামব্যাক করবেন।

এবার নির্বাচনে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন : রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের অধীনে এবার নির্বাচনে জেলা প্রশাসকরা (ডিসি) নির্ভয়ে কাজ করতে পারবেন। তাদের ওপর কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে উল্লেখ্য করে তিনি বলেন, ‘তাই এবার ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই।
এর পরও কোনো ডিসির ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আমাদের জানালে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারের নির্বাচনে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। কারণ, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কোনো দলের পক্ষ থেকে প্রভাবিত করার সুযোগ নেই।’

পলিথিনের বিকল্প না এনেই বন্ধের সিদ্ধান্ত কতটা সফল হবে জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে পলিথিন বন্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
ঢাকা শহরে প্রতিদিন ২ কোটি পলিথিন ব্যবহৃত হয়। অথচ আমরা চাইলেই এর ব্যবহার থেকে বের হতে পারি। সবার বাসাতেই চটের বা কাপড়ের ব্যাগ রয়েছে। চাল কেনার বস্তা, পুরনো শাড়ি দিয়েও ব্যাগ বানানো যায়।
মার্কেট কখনো খালি থাকে না। আমরা ধাপে ধাপে কাজটি করেছি। সুপারশপগুলো এখন আর বলে না যে, বিকল্প নেই। আমরা গত বছরই বিভিন্ন মার্কেটে গিয়ে বিকল্প সম্পর্কে বলেছি। কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
’

তিস্তা নিয়ে রিজওয়ানা হাসান বলেন, তিস্তার মহাপরিকল্পনা নেই। চীন একটা পরিকল্পনা দিয়েছিল। তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করতে বলা হয়েছে।

অ্যারো ইন্ডিয়া ২০২৫ : মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তির এক ঝলক

ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া ২০২৫। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিশ্বব্যাপী মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার আরেকটি অধ্যায়ের সূচনা করে।

প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া ধীরে ধীরে একটি সাধারণ অনুষ্ঠান থেকে একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্রদর্শনীতে রূপান্তরিত হয়েছে; যেখানে বিমান চলাচল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশ উদ্ভাবনের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়।

অ্যারো ইন্ডিয়া ২০২৫ ভারতের মহাকাশ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শনের একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করছে।
এ বছরের ১৫তম প্রদর্শনী উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

৫০ হাজারেরও বেশি শিল্প পেশাদার, সরকারি প্রতিনিধি এবং মহাকাশ নিয়ে উৎসাহীদের উপস্থিতিতে অ্যারো ইন্ডিয়া মহাকাশ ও প্রতিরক্ষা জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের প্রতিশ্রুতি দেয়।

বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বিমান বাহিনী স্টেশনে অনুষ্ঠিত এই শোতে বিস্তৃত প্রদর্শনী, লাইভ শো এবং অ্যারোস্পেস বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি শুধুমাত্র বর্তমান পণ্য প্রদর্শনের জন্য নয়; বরং এটি মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তির ভবিষ্যতের এক ঝলক দেখানোর আয়োজন।
অনুষ্ঠানে ভারতের তেজস, সুখোই, রাফাল, জাগুয়ারের মতো বিমানের প্রদর্শনী দেখানো হয়।

সূত্র : ইকোনোমিক টাইমস ও টাইমস অব ওমান।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত : আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে বৈঠক শেষে এ কথা বলছেন তিনি।

তিনি বলেন, ডিসি-বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এতে তারা সমস্যায় আছেন। তারা স্থানীয় নির্বাচন চান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক এটা চাই। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে।
সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।
তবে যারা অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন।