বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বৃহস্পতিবার একুশে পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একুশে পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহাম্মদ এ তথ্য জানান।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করা হবে। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।

মনোনীত ব্যক্তিরা হলেন : চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান। ক্রীড়ায় একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

আপাতত মাস্কের কর্মী ছাঁটাইয়ে হস্তক্ষেপ করলেন না বিচারক

মঙ্গলবার ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান কর্মী ছাঁটাইয়ের ওপর হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজি) সামনে সরকারী কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব কার্যকর করতে আপাতত কোনো বাধা থাকল না। যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন চুটকান। যদিও ইলন মাস্কের কর্তৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

চুটকানের রায়

তার রায়ে চুটকান জানিয়েছেন, কংগ্রেসের মনোনীত নন এমন একজন অনির্বাচিত নাগরিকের কর্তৃত্ব সম্পর্কে যে প্রশ্ন তোলা হয়েছে তা বৈধ। কিন্তু একই সঙ্গে তিনি এ-ও জানান, স্টেটগুলি কিসের ভিত্তিতে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করতে পারে, আদালতে তা পরিষ্কার করা হয়নি।

চুটকান শেষ পর্যন্ত স্টেটগুলির আবেদন গ্রহণ করতেও পারেন। কিন্তু তিনি বলেছেন, জরুরি ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত জানাবার যে আবেদন করা হয়েছে, সেটা খুবই অনির্দিষ্ট এবং অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে।

আবেদনে কী বলা হয়েছিল?

এর আগে নবনির্মিত ডোজ যেন সরকারি কম্পিউটারে স্পর্শকাতর তথ্যের নাগাল না পায় এবং মামলা চলাকালীন সরকারি কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব না করতে পারে তার জন্য যুক্তরাষ্ট্রের ১৪টি স্টেট আদালতের কাছে আবেদন জানায়। ডেমোক্রেটিক আটর্নি জেনারেলরা জানান ডজের হস্তক্ষেপের কারণে উপরোক্ত স্টেটগুলোর কাজ করতে অসুবিধা হচ্ছে। তারা আরো জানান যে ডজ কোনো কংগ্রেস অনুমোদিত সংস্থা নয় এবং ইলন মাস্ক যে ক্ষমতার প্রদর্শন করছেন তা শুধু প্রেসিডেন্টের মনোনীত এবং সিনেটে স্বীকৃত সরকারি কর্মকর্তারা সেই ক্ষমতা প্রদর্শন করতে পারেন।

গতমাসে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই ডজ একাধিক ফেডারেল সংস্থার ওপর কর্তৃত্ব চালাচ্ছে বলে অভিযোগ।
এই সংস্থার মাধ্যমে সহস্রাধিক সরকারি কর্মী ছাঁটাই, সরকারি কাজ বাতিলসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারি অপচয় বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প ধনকুবের ইলন মাস্ককে ডোজের দায়িত্ব দিয়েছেন।

উত্তরার ঘটনায় যা বলছে পুলিশ

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুজনকে কোপানোর ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোবারক হোসেন, রবি রায়, মো. আলফাজ মিয়া ওরফে শিশির, সজীব ও মেহেদী হাসান সাইফ।

ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন উত্তরা অঞ্চলের ডিসি রওনক জাহান।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ওই দুজনকে স্বামী-স্ত্রী বলে দাবি করা হয়। গণমাধ্যমেও তা প্রচার করা হয়। তবে আহত দুজন স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘মেহবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তাদের স্বামী-স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা।’ তিনি দাবি করেন, বিয়েসংক্রান্ত প্রমাণাদিও তার কাছে রয়েছে।

ওই দিন যা ঘটেছিল

পুলিশ জানায়, ওই রাতে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। এ সময় ৭ নম্বর সেক্টরের ওই স্থানে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে এলোমেলোভাবে চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাটিতে ৪ বছরের একটি শিশু তার মায়ের সাথে ছিল। শিশুটির বাবা রিকশা থেকে নেমে মোটরসাইকেলচালক গ্রেপ্তার আসামি মো. মোবারক হোসেনের সাথে বাগবিতণ্ডা শুরু করেন। ওই সময় রিকশার পেছনে থাকা ভুক্তভোগী দুজন তাদের ঝামেলা করতে নিষেধ করেন।
সে সময় রিকশার যাত্রীরা চলে যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন মেহবুল হাসানের সাথে তর্ক শুরু করেন এবং এক পর্যায়ে তাকে মারধর শুরু করেন।

এ সময় তারা বলতে থাকেন‘ ‘আমাদের চিনিস? আমরা কে?’। সে সময় ভিকটিমরা আশপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলে ও তার মোটরসাইকেল আটক করেন। এ সময় ফোন করে তিনি তার আরো কয়েকজন সহযোগীকে ডেকে নিয়ে আসেন। তারা দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে এসে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে রামদা দিয়ে মেহবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।

নাসরিন আক্তার ইপ্তি ঘটনার সময় মেহেবুলকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। এতে তারা বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের টহল টিম দ্রুততম সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আহত দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেছি: পপি

ছয় বছর আগে, ২০১৯ সালে চিত্রনায়িকা পপির বাসায় একটা ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। সেই ‘ভয়াবহ দুর্ঘটনা’র সময়ে উদ্ভুত পরিস্থিতির কারণে বিয়ে করতে বাধ্য হন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে এই নায়িকা জানান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না।
সেই ‘ভয়াবহ দুর্ঘটনা’র পরিপ্রেক্ষিতে থানায় জিডি করলে পরে তাকে রমনা থানায় ডাকা হয়।

পপি বলেন, থানায় গিয়ে দেখলাম, আমার ভাইবোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো, আমি কারও কাছে নিরাপদ নই।
সেদিন আদনানকেও ডাকি। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল।
সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, “আমি আছি, নো টেনশন।”

এরপর তিনি আরো বলেন, ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম, আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত।
২০২০ সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনো ভাবলাম, আমাকে মা-বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গাজমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন, রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা, হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে…। আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। ২০২০ সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজি ডেকে।

বেশ কয়েক বছর ধরেই পর্দায় নিখোঁজ চিত্রনায়িকা পপি। এরপর খবর ছড়ায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। এরপর সন্তান হবার পরও সে খবর সামনে আসে কিন্তু সেসময় বিয়ে-সন্তান প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি এই নায়িকা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশকে

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সাবেক এক অধিনায়ক বলেছিলেন, ‘দেখবেন আমরা খুব ভালো কিছু করতে পারব না। বড় দৈর্ঘ্যর ফরম্যাটে (সেবার লিগ পর্বে ৯ ম্যাচ ছিল) আমাদের সুযোগ কম। যেসব টুর্নামেন্টে আমাদের ম্যাচ কম খেলতে হবে, সেসব জায়গায় ভালো করার সুযোগ বেশি।’ নিজের যুক্তির পক্ষে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির উদাহরণ টানেন তিনি।
টুর্নামেন্টের সেই আসরে মাত্র একটি ম্যাচ জিতেই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ, যা আইসিসির বড় কোনো ইভেন্টে এখনো মাহমুদ উল্লাহ-মুশফিকুর রহিমদের সর্বোচ্চ অর্জন হয়ে আছে।

আট বছর পর একই ফরম্যাটে আরেকটি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। আগামীকাল দুবাইয়ে নাজমুল হোসেনদের প্রতিপক্ষ ভারত। রোহিত শর্মাদের এবারের শিরোপার দাবিদার মনে করছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
কিন্তু বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নে মলিন হয়ে এলো তাঁর কণ্ঠস্বর। টুর্নামেন্ট ভালোভাবে শেষ করতে চাইলে উত্তরসূরিদের অবিশ্বাস্য কিছু করতে হবে বলে মন্তব্য করেন হাবিবুল।

এমন মন্তব্যের কারণ নিজেই খোলসা করলেন হাবিবুল, ‘এই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য সহজ হবে না। প্রতিযোগী বাকি দলগুলোর দিকে তাকান, সব দল বেশি শক্তিশালী।
আর কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে এবার পার পাওয়া যাবে না। আমার মনে হয়, কন্ডিশন বলে আলাদা কিছু থাকছেই না। আট দলের মধ্যে চারটি দল কিন্তু এশিয়া অঞ্চলের। বাকিরাও এখন এমন কন্ডিশনে নিয়মিত খেলে অভ্যস্ত। সব মিলিয়ে যদি হিসাব করি, বাংলাদেশ দলকে ভালো করতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে।
’

নাজমুল-মাহমুদরা চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরের মতো এবারও ‘অবিশ্বাস্য’ কিছু করতে পারবেন কি না, সে জন্য অবশ্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু সর্বশেষ ছয় মাসের ওয়ানডে পরিসংখ্যানে চোখ রাখলে প্রবল আত্মবিশ্বাসেও হয়তো চিড় ধরে যাবে। এই সময়ে ছয় ওয়ানডে খেলা বাংলাদেশ দল একটি জয়ের বিপরীতে হেরেছে পাঁচটি। টুর্নামেন্টের অন্য সাত দল এই হিসাবে নাজমুলদের থেকে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। অন্যরা যেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে অন্তত একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে, সেখানে বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে দুই মাসেরও বেশি সময় আগে, ২০২৪ সালের ডিসেম্বরে। তাই দেশ ছাড়ার আগে কোনো রাখঢাক না রেখে প্রস্তুতি ঘাটতির কথা স্বীকার করে গেছেন প্রধান কোচ ফিল সিমন্স, ‘আমি আপনার কথার সঙ্গে একমত। এটা আমাদের সেরা প্রস্তুতি হচ্ছে না।’

যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অর্থাৎ টি-টোয়েন্টি খেলে ওয়ানডের গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের প্রস্তুতি সেরেছেন নাজমুলরা। তবে আধুনিক ক্রিকেটে এসবে খুব বেশি সমস্যা দেখছেন না হাবিবুল, ‘সমস্যা হওয়ার কথা নয়। আধুনিক ক্রিকেটে খেলোয়াড়রা এসবের সঙ্গে অভ্যস্ত। এক সংস্করণ থেকে আরেক সংস্করণে খেলা এখন নিয়মিত ব্যাপার।’ তবু হাবিবুলের শেষ কথায়ও খানিক আক্ষেপ মিশে রইল, ‘এই টুর্নামেন্টের আগে এমন কিছু (ওয়ানডে খেলার) হলে ভালো হতো। ধরুন, এক-দুটো সিরিজ যদি খেলা যেত। তবু মন্দের ভালো যে যারা গেছে (চ্যাম্পিয়নস ট্রফিতে) তারা সবাই খেলার মধ্যে ছিল।’

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় পাল্টা উদ্যোগ মিসরের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দখলের পরিকল্পনায় পাল্টা উদ্যোগ নিচ্ছে মিসর। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের না করেই উপত্যকাটি পুনর্গঠনের একটি পরিকল্পনা করছে দেশটি। খবর মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরামের েবরাত দিয়ে খবর আল জাজিরার।

খবরে বলা হয়, মিসরের এই প্রস্তাবনায় গাজায় একটি নিরাপদ এলাকা তৈরি করার কথা বলা হয়েছে।
ওই এলাকাটিকে ফিলিস্তিনিদের প্রাথমিকভাবে থাকার ব্যবস্থা করা হবে। অন্যদিকে মিসরীয় ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো গাজার ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণ করবে।

মিসরীয় কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। দুই মিসরীয় কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা এই কথা জানিয়েছেন।
পরিকল্পনাটি এখনো আলোচনার পর্যায়ে থাকায় নাম প্রকাশ করেননি মিসর কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ২০ লাখের বেশি ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন। ট্রাম্পের এমন প্রস্তাবে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।

এদিকে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করেছে।
এসব যুদ্ধবিরতি লঙ্ঘনে ১৩২ জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি গুলি ও তল্লাশিতে ৯০০ জনের বেশি আহত হয়েছে। সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা মধ্যগাজায় ঘটেছে। সেখানে অন্তত ১১০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। এ ছাড়া রাফা শহরে ৫৪ বার এবং গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং উত্তর গাজায় ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।

জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজ ছাড়াও নির্বাচনী লড়াইয়ে যারা

আগামী রবিবার জার্মানিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারের নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হচ্ছে অভিবাসী নিয়ন্ত্রণ এবং জার্মানির অর্থনীতি পুনরুজ্জীবিত করা। এমন চ্যালেঞ্জ সামনে রেখে এবারের নির্বাচনে লড়ছেন চারজন প্রার্থী।

তারা হলেন— বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজ, বিরোধীদলীয় নেতা ফ্রেডরিখ মার্জ, বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এবং কট্টর ডানপন্থী দলের নেতা অ্যালিস ভাইডেল।

ওলাফ শোলজ : ৬৬ বছর বয়সী শোলজ ২০২১ সাল থেকে জার্মানির চ্যান্সেলর। মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক দলের এই নেতার সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি হামবার্গের মেয়র এবং জার্মানির শ্রম ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়ে তিনি দ্রুত অপ্রত্যাশিত সংকট মোকাবেলা করেছেন।
ইউক্রেনে রুশ হামলার পর তিনি জার্মানির সেনাবাহিনীকে আধুনিকীকরণের প্রচেষ্টা শুরু করেন। তার সরকার জ্বালানি সংকট সমাধান এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলার চেষ্টা করে। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার তিন দলীয় জোট সরকার গত নভেম্বরে ভেঙে যায়।

ফ্রেডরিখ মার্জ : ৬৯ বছর বয়সী এই বিরোধীদলীয় নেতা নির্বাচনী প্রচারণায় বেশ এগিয়ে আছেন।
জনমত জরিপে এগিয়ে আছে তাঁর মধ্য-ডানপন্থী ইউনিয়ন ব্লক। অ্যাঙ্গেলা মার্কেল ২০২১ সালে সরে যাওয়ার পর ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতা হন মার্জ। তিনি দলকে আরো রক্ষণশীল দিকে পরিচালিত করেছেন। নির্বাচনী প্রচারণায় অভিবাসন প্রতিরোধকে প্রধান ইস্যু বানিয়েছেন। তবে সরকার পরিচালনায় তাঁর অভিজ্ঞতার ঝুলি শূন্য।

রবার্ট হাবেক : ৫৫ বছর বয়সী হাবেক পরিবেশবাদী গ্রিনদের প্রার্থী। তিনি জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থনীতি ও জলবায়ু মন্ত্রী। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত গ্রিনদের সহনেতা ছিলেন। দলের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তবে ২০২১ সালে তিনি চ্যান্সেলর নির্বাচনে না দাঁড়িয়ে জার্মানির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবককে মনোনয়ন দেন।

অ্যালিস ভাইডেল : ৪৬ বছর বয়সী ভাইডেল অভিবাসনবিরোধী অলটারনেটিভ ফর জার্মানির হয়ে প্রথমবারের মতো চ্যান্সেলর নির্বাচন করছেন। ২০১৩ সালে দলে যোগ দেন এই অর্থনীতিবিদ। দলটি ২০১৭ সালে যখন প্রথমবারের মতো পার্লামেন্টে আসন জেতে, তখন থেকে তিনি সংসদীয় দলের সহনেতা। এ ছাড়া ২০২২ সাল থেকে তিনি দলের সহনেতার দায়িত্ব পালন করছেন।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ

তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকা জুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তাপাড়ের কয়েক লাখ মানুষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে একযোগে প্রতিবাদের অংশ হিসেবে মশাল প্রজ্বলন করা হয়।

এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি।
সোমবার সকাল থেকে শুরু হয়েছিল এই লাগাতার কর্মসূচি। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ কর্মসূচি দেয়।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে তিস্তার সকল সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি লালমনিরহাটের তিস্তা সেতু এলাকায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের লাগাতার কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি আরেো বলেন, বর্তমান সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তে পলাতক খুনি ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিক্ষুব্ধ তিস্তাবাসীর কণ্ঠে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই, ‘পানি আগ্রাসন মানি না মানব না‘ পানির ন্যায্য হিস্যা চাই-দিতে হবে দিতে হবে‘ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু কর- করতে হবে।

এখন তিস্তা বিস্তৃত ১১টি পয়েন্টে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এর আগে, বিকেলে জনতার গণ-সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশ ভারত যদি তিস্তার পানির ন্যায্য হিস্যা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায় তাহলে দেশ ও জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই বাঁচার পথ খুঁজে নিতে হবে।

তিনি বলেন, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সব সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একইসঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদেরকে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে।
আমরা মনে করি, আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে আর সময়ক্ষেপণ না করে বাংলাদেশকে ১৯৯২ সালের ওয়াটার কনভেনশন এবং ১৯৯৭ সালের জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে।

এদিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার মানুষ তিস্তা নদীর পানি বৈষম্যের শিকার হয়েছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাকস্বাধীনতা পেয়েছি।

তিনি বলেন, রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জেগে উঠেছে। তিস্তা পানি নিয়ে ভারতীয় আগ্রাসন ও বৈষম্যের বিষয়টি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আগামীতে পুরো উত্তরাঞ্চল অচল করে দেওয়ার মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ডাক দিয়েছেন দুলু ভাই-জাগো বাহে তিস্তা বাঁচাইসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে গণপদযাত্রা শুরু করে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। গণপদযাত্রাটি লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজার প্রান্তে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষেরা একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারার জন্য ভারতকে পানি আগ্রাসী দাবি করেন। তারা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারসহ বিএনপির প্রতি আহ্বান জানান।

এসময় তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিএনপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিবের পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তাঁর কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে গত বছরের ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম। সে সময় প্রজ্ঞাপনে তাঁর পদমর্যাদা বলা হয়েছিল সচিব।

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব

শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শফিকুল আলম।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম।

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন।
তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে, সেখানে দেখা গেছে ৫৫ শতাংশ চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে।
কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে দিতে। মাত্র ১৬-১৭ শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তা-ভাবনা কী—জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আমরা বারবার বলেছি, এই বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, গুম-খুনে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত; তাদের সবার বিচার হবে।
এটা হওয়ার পর দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে তারা কী ভাবছেন।’

প্রধার উপদেষ্টার দুবাই সফরের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘দুবাইয়ে বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞায় রয়েছে। এ নিয়ে ড. ইউনূস সেখানকার ৫ থেকে ৬ জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করছি, এই নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে। সেখানে আবারও বাংলাদেশি শ্রমিক যেতে পারবেনে।
এই নিয়ে সরকারের কাজও চলমান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-প্রেসসচিব আবুল কালাম মজুমদার।