বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

দিনাজপুরে ৯ মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল রেল স্টেশন মাস্টার মো. রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নারায়ণ এই তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থলসীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছায়।
পণ্য খালাসের পর পুনরায় ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।

কাস্টমস ও ভ্যাট এক্সাইজ এবং বিরল রেল স্টেশনের একটি সূত্র জানায়, গত বছরের ২৪ মে সর্বশেষ ভারত থেকে পণ্য নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এরপর ২০ ফেব্রুয়ারি বিকেলে এই ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে। ৪৬টি ওয়াগনে চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) আমদানি করা হয়েছে বলে জানা যায়।

ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। সেগুলো হলো- রাধিকাপুর- বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন পণ্য বাংলাদেশে এসেছে।

টেকসই উন্নয়নে বাংলা ভাষার চর্চা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র সচিব

দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলা ভাষার চর্চা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালো মানের পাঠ্যপুস্তক, প্রবন্ধ, গবেষণা জার্নাল খুবই কম। এতে শিক্ষার্থীদের নিজ ভাষায় জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো কঠিন।
দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলা ভাষার চর্চা বেশ গুরুত্বপূর্ণ।

তিনি ব‌লেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতীয় ঐক্য, সমান সুযোগ নিশ্চিত এবং সব ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করে। সরকার বহুভাষার প্রচার, বিপন্ন ভাষা সংরক্ষণ এবং ভাষাগত বৈচিত্র্য নিশ্চিত করার পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে।

মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদেশি নাগরিক ও কূটনীতিকরা।

মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি

লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন মেক্সিকান রেফারি মার্কো আন্তনিও। এ ঘটনায়ম্যাচ অফিশিয়ালদের বিধিমালা ভেঙেছেন বলে মনে করছে কনক্যাকাফ কর্তৃপক্ষ। তবে কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানায়নি কনক্যাকাফ কর্তৃপক্ষ।

কানসাস সিটির চিলড্রেন মার্কি পার্কে গতকাল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে রাউন্ড ওয়ানের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারানো ম্যাচের পর ম্যাচ শেষে মেসির কাছে রেফারি মার্কো আন্তনিও জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছিল।
কিন্তু পরে জানা গেছে, ইন্টার মায়ামি তারকার জার্সি নয়, অটোগ্রাফ চেয়েছিলেন।

তদন্তের পর কনক্যাকাফ জানতে পেরেছে, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য মেসির কাছে অটোগ্রাফ চান রেফারি। এমন অনুরোধের ক্ষেত্রে যে প্রক্রিয়া এবং ম্যাচ অফিশিয়ালদের জন্য কনফেডারেশনসের যে আচরণবিধি, তার সঙ্গে রেফারির আচরণ সংগতিপূর্ণ হয়নি। রেফারি ভুল স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনক্যাকাফের শাস্তি মেনে নিয়েছেন।
’

স্পোর্টিং কানসাস সিটির পক্ষ থেকে বলা হয়, ‘ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচ শেষে ঘটনাটি আমরা এমএলএস ও কনক্যাকাফকে জানিয়েছি। ঘটনাটি আমলে নিয়ে কনক্যাকাফ কী ব্যবস্থা নেয়, আমরা তা দেখার অপেক্ষায় আছি।’

ইতিহাস নির্মম, কাউকে ছাড় দেয় না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ইতিহাসের নায়কদের সম্মান দিতে জানি না। উল্টো ইতিহাস বিকৃত করি। কিন্তু ইতিহাস নির্মম, কাউকে ছাড় দেয় না। তবে বিকৃতকারীরা সব সময়ই ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে গিয়েছে৷’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আয়োজিত আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।

‘৫২-এর ভাষাশহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র’ বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ভাষাশহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ দায় তাদের।

জামায়াত আমির বলেন, ‘একাত্তরের শহীদদের জাতি মোটামুটি স্মরণ করে। তবে কতটা মর্যাদা দিতে পারে, তা আলোচনার বিষয়।
অনুরূপভাবে যারা ভাষা আন্দোলনে জীবন দিয়েছেন অন্তত একুশে ফেব্রুয়ারি সেই দিনটির কথা স্মরণ করুন, তাদের পরিবারকে বুকে টানুন আর সম্মান জানান। তাহলে তারা কিছুটা হলেও প্রশান্তি পাবেন। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে।’

ডা. শফিকুর রহমান আফসোস করে বলেন, ‘আমরা ইতিহাসের নায়কদের সম্মান দিতে জানি না।
উল্টো ইতিহাস বিকৃত করি। কিন্তু ইতিহাস নির্মম, কাউকে ছাড় দেয় না। তবে বিকৃতকারীরা সব সময়ই ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে গিয়েছে’।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছর ইতিহাসকে কেটে টুকরো টুকরো করেছে। সব জায়গায় অন্যায্যভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল।
প্রত্যেক জাতির যুবসমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে, বৈষম্যের বিরুদ্ধে থাকে। আমাদের যুবকরাও সেই গৌরব ধারণ করে চলেছে।’

ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিশ, অধ্যাপক গোলাম আযমসহ সংশ্লিষ্ট সবার অবদান সরকারিভাবে সামনে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

রোজা-ঈদে বড় অঙ্কের টাকা স্থানান্তরে যে বার্তা দিল ডিএমপি

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ‘ মানি এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ ক্ষেত্রে পুলিশ এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে।
এ ক্ষেত্রে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে এস্কর্ট সেবা দেবে ডিএমপি।

সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো। কন্ট্রোলরুমের নম্বরগুলো হচ্ছে- ফোন: ২২৩৩৮১১৮৮,০২৪৭১১৯৯৮৮,০২৯৬১৯৯৯৯,০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, জাতীয় জরুরি সেবা : ৯৯৯।

এছাড়া অর্থ উত্তোলন ও স্থানান্তরের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সেগুলো হচ্ছে-

১. বড় অঙ্কের অর্থ একা বহন না করে সাথে অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তি সাথে রাখা যেতে পারে। অর্থ বহন সংক্রান্ত কোন তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকতে হবে।

২. পায়ে হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে গাড়িতে অর্থ বহন করা যেতে পারে।

৩. নগদ অর্থ বহনের পূর্বে নিশ্চিত হতে হবে যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতকারীদের না জানিয়ে দেয়।

৪. দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করা যেতে পারে যেন দুষ্কৃতকারীরা পূর্বেই ওত পেতে থাকার সুবিধা নিতে না পারে।

৫. অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করতে হবে যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না।

৬. সমস্ত টাকা একসাথে না রেখে বিভিন্ন জায়গায় যেমন: পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির নিকট ভাগ করে রাখা যেতে পারে।

৭. গলি কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করা যেতে পারে।

৮. ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

৯. সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সাথে লেনদেন করার চেষ্টা করতে হবে। ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝার চেষ্টা করতে হবে সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কি-না।

১০. বড় অঙ্কের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করা যেতে পারে।

১১. এটিএম বুথের অভ্যন্তরে থাকা কোন গোপন ক্যামেরায় আর্থিক লেনদেনে ব্যবহৃত গোপন নম্বরটি ধারণ করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

১২. এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে।

১৩. বড় অঙ্কের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এস্কর্ট সেবা গ্রহণ করুন।

শিরিকে ফেরত না দেওয়ায় হামাসকে এর খেসারত দিতে হবে : নেতানিয়াহু

চুক্তি অনুযায়ী জিম্মি শিরি বিবাসের মৃতদেহ ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার জন্য হামাসকে এর খেসারত দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এ কথা জানিয়েছেন।

তিনি এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘আমরা শিরিকে এবং আমাদের জীবিত ও মৃত সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য দৃঢ়প্রতিজ্ঞতার সঙ্গে কাজ করব। চুক্তির এই নিষ্ঠুর ও জঘন্য লঙ্ঘনের জন্য হামাসকে সম্পূর্ণ মূল্য দিতে হবে, তা-ও নিশ্চিত করব।
’

ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, বৃহস্পতিবার হামাস কর্তৃক হস্তান্তরিত চারটি মৃতদেহের মধ্যে একজন অজ্ঞাত নারী আছেন। তিনি শিরি বিবাস নন। শিরি (৩৩) এবং তার দুই ছেলে আরিয়েল (৫) ও কেফির(২) ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছিল বলে হামাস জানিয়েছে।

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে গতকাল বৃহস্পতিবার ওই দুই শিশু কেফির ও অ্যারিয়েল, তাদের মা শিরি বিবাস এবং ওদেদ লিফশিতজ নামের মোট চারজনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো চারটি মৃতদেহের মধ্যে শিশুদের মা শিরি বিবাস নেই, অর্থাৎ শিশুদের মা বলে যে নারীর লাশ হস্তান্তর করা হয়েছে, সেটি আসলে শিরি বিবাসের লাশ নয়।

নেতানিয়াহু অভিযোগ করেছেন, ‘হামাস নিন্দনীয় আচরণ করে গাজার এক নারীর মৃতদেহ কফিনে রেখেছিল। তিনি শিরি বিবাস নন। শিরি, তার দুই ছেলে এবং তার স্বামী ইয়ার্ডেনকে ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলে হামাসের আক্রমণের সময় অপহরণ করা হয়েছিল।
’

ইসরায়েলি অভিযোগের বিষয়ে হামাস এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এর ফলে যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। তবে আগামী শনিবার মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত ছয় জীবিত জিম্মির হস্তান্তর বিলম্বিত হবে, নাকি আটকে যাবে অথবা আগামী দিনে প্রত্যাশিত যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে ব্যাঘাত ঘটাবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সূত্র : রয়টার্স

ফরায়েজি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার অনুরোধ করা হবে : ধর্ম উপদেষ্টা

ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে সেখানে ‘বাংলাদেশ ফরায়েজি আন্দোলন’ কেন নিবন্ধন পাবে না এমন প্রশ্ন রেখে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেবার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর স্মৃতি বিজড়িত ‘বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। ঐক্য গড়ে তুলি।
ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি। ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা শ্রমিকদের ওপর অত্যাচার করত।
তাদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিত। কৃষকদের জুলুম করত। জোর করে কাজ করাইত। কৃষকরা তাদের নায্য মজুরিও পেত না।
তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকেই। হাজী শরিয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন।’

তিনিই দেশের প্রথম মুক্তিযোদ্ধা বলেও দাবি করে ধর্ম উপদেষ্টা জানান, আগামীতে বইপুস্তকে হাজী শরীয়তুল্লাহর জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে।

এ সময় বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা-উপজেলা পর্যায়ের ফরায়েজি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান খানের নামে পাকিস্তানে স্টেডিয়াম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার কারাবন্দী ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে দেশটির সরকার! পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার, গান্ডাপুর ক্রীড়া বিভাগের একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান, যেখানে স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য প্রাদেশিক মন্ত্রীসভার সামনে উপস্থাপন করা হবে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ক্রীড়া মন্ত্রী সৈয়দ ফখর জাহান সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন, এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, কারণ ইমরান খান দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম।
আদর্শভাবে গাদ্দাফি স্টেডিয়ামের নামই ইমরান খানের নামে রাখা উচিত ছিল, তবে সেখানে শুধুমাত্র একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছে তার নামে।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পরের বছর দুর্নীতি ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে হন গ্রেপ্তার। এরপর থেকে কারাগারেই আছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে তো একটি জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই ইমরানের নামে স্টেডিয়ামের নামকরণ করছে বর্তমান সরকার!

ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে ৯০% জাপানি কম্পানি

জাপানের প্রায় ৯০% কম্পানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে। দেশটির ১০টি কম্পানির মধ্যে ৯টিই মনে করে ট্রাম্পের নীতি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। রয়টার্স জাপান করপোরেট জরিপে বৃহস্পতিবার বেরিয়ে এসেছে এ তথ্য।

টোকিওর ব্যবসায়ীদের এমন মনোভাব যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জরিপের ফলাফলে দেখা গেছে, কিভাবে ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির ফলে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের ক্রমবর্ধমান চাপ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের কম্পানিগুলোকে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রের মধ্যে অন্যতম হচ্ছে জাপান। তবে টোকিওর কম্পানিগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল। তারা যে যন্ত্রপাতি রপ্তানি করে তার বেশির ভাগই চীনের বাজারে আমদানি করা হয়।

এখন চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যে বাণিজ্যযুদ্ধের শঙ্কা ঘনীভূত হয়েছে তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে জাপানের যন্ত্রপাতি উৎপাদন করা কম্পানিগুলো। জরিপে অংশ নেওয়া প্রায় ৮৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্পের নীতিগত পদক্ষেপগুলো তাদের ব্যাবসায়িক পরিবেশের ওপর প্রতিকূল প্রভাব ফেলবে।

সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় ইসরায়েলে ৩ বাসে বিস্ফোরণ

তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে তিনটি বাসে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। একে ইসরায়েলি পুলিশ সন্দেহভাজন সন্ত্রাসী হামলা বলে দাবি করছে। এ ছাড়া আরো দুটি বাসের ডিভাইস বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছে তারা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের খোঁজ করছে বলে জানা গেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবহনমন্ত্রী মিরি রেগেভ দেশের সকল বাস, ট্রেন এবং ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন, যাতে বিস্ফোরক ডিভাইসের বিরুদ্ধে তল্লাশি চালানো যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সন্ত্রাসবাদের কেন্দ্রগুলোর বিরুদ্ধে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পার্কিং লটে কমপক্ষে একটি বাসে আগুন লেগে গেছে এবং ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠছে।
পুলিশের মুখপাত্র আরিয়েহ ডোরন বলেছেন, কর্মকর্তারা এখনও তেল আবিবে আরো বোমা খুঁজে বের করার চেষ্টা করছেন।

বিস্ফোরণের পরপরই ডোরন চ্যানেল ১২ কে বলেন, ‘প্রতিটি সন্দেহভাজন ব্যাগ বা বস্তুর জন্য জনসাধারণকে সতর্ক থাকতে হবে। আমাদের বাহিনী এখনও এলাকাটি তল্লাশি করছে।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীরা যদি এই টাইমারগুলো ভুল সময়ে সেট করে থাকে, তবে আমরা ভাগ্যবান হতে পারি।
কিন্তু এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

স্থানীয় গণমাধ্যমের মতে, ৫ কেজি ওজনের একটি অবিস্ফোরিত ডিভাইসে একটি বার্তা লেখা ছিল ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। এটি পশ্চিম তীরে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক সন্ত্রাসবিরোধী অভিযানের কথা উল্লেখ করে লেখা হয়েছিল। নেতানিয়াহু এ ঘটনায় পশ্চিম তীরে অভিযানের নির্দেশ দেন। তিনি পুলিশ এবং ইসরায়েল নিরাপত্তা সংস্থাকে ইসরায়েলি শহরগুলোতে অতিরিক্ত হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।
কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ‘পরিবহন মন্ত্রী মিরি রেগেভ তার মরক্কো সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসবেন।’

সূত্র: বিবিসি