বুধবার, অক্টোবর ৭, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২

ইসরায়েলি হামলায় গাজার রাফা শহরে অন্তত দুজন নিহত ও খান ইউনিসে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা সৃষ্টি করেছে।

বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্তে গুলি চালিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ সময় রাফা ও খান ইউনিসে ইসরায়েলি ড্রোন ও হেলিকপ্টার হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে গিয়েছে। পরবর্তী পরিকল্পনা নিয়ে কোনো চুক্তি হয়নি। হামাস বলছে, দ্বিতীয় ধাপের শুরুতে ইসরায়েলি বাহিনীর স্থায়ী প্রত্যাহার ও যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত। তবে ইসরায়েল অস্থায়ীভাবে এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যার বিপরীতে হামাসকে আরো কিছু বন্দি ছাড়াতে হবে, কিন্তু গাজার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো আলোচনা হবে না।

এদিকে ইসরায়েল রবিবার গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে গাজাবাসী খাবারের সংকটে পড়েছে। গাজার বাসিন্দারা জানিয়েছে, এক ব্যাগ আটার দাম এখন আগের তুলনায় দ্বিগুণ।

এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এই সংকট সমাধানে দ্রুত এলাকায় ফিরে আসবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : রয়টার্স

৫৪৯৩ চিকিৎসক নেবে সরকার : রিজওয়ানা

রাজধানীসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ফিলিপাইনে বিদ্রোহীবিরোধী অভিযানে ২ ক্রুসহ যুদ্ধবিমান নিখোঁজ

ফিলিপাইনের একটি এফএ-৫০ যুদ্ধবিমান ও দুই ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। তারা দক্ষিণ মিন্দানাও অঞ্চলে কমিউনিস্ট বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল বাহিনীর সহায়তায় অভিযানে অংশ নিয়েছিল। দেশটির এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল কনসুয়েলো ক্যাস্তিলো বলেন, যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে ‘ভূখণ্ডের ওপর দিয়ে’ উড়ছিল এবং ‘স্থল বাহিনীর সহায়তায় রাত্রিকালীন কৌশলগত অভিযানের’ সময় এটি নিখোঁজ হয়।
পাশাপাশি মিশনের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লুই ডেমা-আলা নিশ্চিত করেছেন, নিখোঁজ এফএ-৫০ বিমানটি বিদ্রোহীদের বিরুদ্ধে মিন্দানাওয়ের বুকিদনন প্রদেশে অভিযানে অংশ নেওয়া একটি স্কোয়াড্রনের অংশ ছিল।

এ ছাড়া চতুর্থ ইনফ্যান্ট্রি ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফ্রান্সিসকো গারেলো জানান, এক পাহাড়ি এলাকায় নিউ পিপলস আর্মির (এনপিএ) বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলাকালে বিমান দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি আরো বলেন, ‘৪০৩তম ইনফ্যান্ট্রি ব্রিগেড ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি চলছিল, তখন বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয় এবং তারা অভিযানে সহায়তা করে।’

দীর্ঘদিনের মাওবাদী বিদ্রোহে এখন আনুমানিক দুই হাজারেরও কম গেরিলা যোদ্ধা অবশিষ্ট রয়েছে বলে মনে করা হয়।

স্থানীয় অনুসন্ধান অভিযান
এর আগে দেওয়া এক বিবৃতিতে ফিলিপাইন বিমানবাহিনী (পিএএফ) জানায়, নিখোঁজ বিমানটি লক্ষ্যবস্তুর এলাকায় পৌঁছনোর কয়েক মিনিট আগে স্কোয়াড্রনের অন্য বিমানগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যদিও বিমানবাহিনী এখন পর্যন্ত বিমানটিকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবেই ঘোষণা করেছে, তবে বুকিদনন প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রামিল গুলাহাব জানান, স্থানীয় বন রক্ষীদের দিয়ে সম্ভাব্য স্থানে অনুসন্ধান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, আজ রাতেই দুটি দল পাঠানো হবে। তারা মাউন্ট কিলাকিরোন (দুই হাজার ৩২৯ মিটার) ও মাউন্ট কালাতুঙ্গান (দুই হাজার ৮৮০ মিটার) এলাকায় অনুসন্ধান করবে।
দ্বিতীয় স্থানটি ফিলিপাইনের পঞ্চম উচ্চতম পর্বত।

তিনি আরো জানান, সিগন্যাল যেখানে হারিয়ে গেছে, সেখানেই অনুসন্ধান চালানো হবে। তিনি একজন রিজার্ভ সেনা সদস্য হওয়ায় বিমানবাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

বিমানগুলো মাকতান-বেনিটো এবুয়েন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, যা ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর সেবুর বিমানবন্দরের সঙ্গে রানওয়ে ভাগ করে নেয়। পিএএফ মুখপাত্র ক্যাস্তিলো সাংবাদিকদের জানান, এটি বিমানবাহিনীর এফএ-৫০ স্কোয়াড্রনের ‘প্রথম বড় ধরনের দুর্ঘটনা’, যা এর আগে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মহড়ায় অংশ নিয়েছিল।
ফিলিপাইনের কাছে বর্তমানে দক্ষিণ কোরিয়া থেকে কেনা ১২টি এফএ-৫০ যুদ্ধবিমান রয়েছে।

ক্যাস্তিলো বলেন, ‘আমরা এখনো আশা করছি, বিমান ও ক্রুদের উদ্ধার করা সম্ভব হবে। আমরা এখনো খুবই আশাবাদী যে তারা নিরাপদ রয়েছে।’

মারাত্মক বিমান দুর্ঘটনা
এফএ-৫০ যুদ্ধবিমানগুলো মার্কিন মিত্রদের সঙ্গে যৌথ বিমান টহলে অংশ নিয়েছিল, যেখানে দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফিলিপাইনও জড়িত ছিল। চীন এই গুরুত্বপূর্ণ জলসীমার প্রায় সম্পূর্ণ অংশের ওপর মালিকানা দাবি করে, যেখানে বছরে ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয়। তবে আন্তর্জাতিক আদালতের এক রায়ে চীনের দাবি অবৈধ ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারার জানুয়ারিতে জানিয়েছিল, ফিলিপাইন সরকার ১২টি নতুন এফএ-৫০ কেনার বিষয়টি বিবেচনা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত বছরের এপ্রিল মাসে রাজধানী ম্যানিলার দক্ষিণে একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়নের সময় নৌবাহিনীর একটি রবিনসন আর২২ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। তার আগে ২০২৩ সালের জানুয়ারিতে মারকেটি এসএফ২৬০ টার্বোপ্রপ বিমান একটি ধানক্ষেতে বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর দুই পাইলট মারা যান।

উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার, শপথ বুধবার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার শপথ গ্রহণ করবেন তিনি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক ছিলেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, কাল (বুধবার) উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।

এর আগে, গুঞ্জন উঠে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি নিজেও ইউএনবিকে এ বিষয়ে নিশ্চিত করেছিলেন।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

মুম্বাই হামলায় অভিযুক্ত রানাকে ভারতে পাঠাবে যুক্তরাষ্ট্র

আদালতের নির্দেশ মেনে মার্কিন জেলে বন্দি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাব্বুর রানাকে ভারতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি অনুমোদন করেছেন।

তিনি বলেছেন, তাহাব্বুর রানাকে ভারতে বিচারের মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন মোদি।

২৬/১১ মুম্বাই হামলার দোষী তাহাব্বুর রানাকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনকে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাহাব্বুর রানা ২০০৮ সালের মুম্বাই হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সমর্থন করার অভিযোগও রয়েছে।
তাহাব্বুর রানা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র : স্ট্রিনজার এশিয়া।

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। ফিরতি লেগের ম্যাচটি ঢাকায়, ১৮ই নভেম্বর। এই ম্যাচ দুটি আয়োজন নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহ সভাপতি ফাহাদ করিম।

আগামী ৫ মার্চ প্রস্ততি ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ দল। এদিকে ভারতের ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিল পুরো দল। খবর, ভারতের ভিসার কাজ প্রায় সম্পন্ন। আজ-কালের মধ্যে পাসপোর্ট ফিরে পাবেন ফুটবলার ও কোচিং স্টাফ।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সভা নিয়ে বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম বলেছেন,’খুবই ইতিবাচক আলোচনা হয়েছে আমাদের মধ্যে। ফুটবল দিয়ে কীভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সেসব আলোচনা হয়েছে। আমরা শিলংয়ে গিয়ে খেলব, ওরা ঢাকায় আসবে। সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে কথা রয়েছে।

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন দলের ওপেনার ম্যাথু শর্ট। আর তার পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছেন নতুন অস্ত্র। স্পিনার কুপার কোনোলি।

দুবাইতে স্পিন দাপট দেখাচ্ছে ভারত। এবার সেখানেই অজিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নামবে দলটি। তার ঠিক আগে অস্ট্রেলিয়ান টিমে চমক। শর্টের অনুপস্থিতিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে কুপার কনোলিকে।
তরুণ এই স্পিনিং অলরাউন্ডার অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আগেই দলের সঙ্গে ছিলেন। তবে একাদশে ভারসাম্য বজায় রাখতে শর্টের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুবাইয়ের উইকেটে তার বোলিং দলের জন্য কার্যকর হতে পারত। তার বদলে ওপেনিংয়ে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে খেলানোর সম্ভাবনা রয়েছে, তবে তিনি বোলিংয়ে অবদান রাখতে পারবেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে ম্যাথু শর্টের পায়ের পেশিতে টান ধরেছিল। পরে তিনি ব্যাটিংয়ে নামার পর পায়ের চোটে কষ্ট পাচ্ছিলেন। তাঁকে দেখেই সেটা বোঝা যাচ্ছিল। অজি শিবির ভেবেছিল পরে শর্ট সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষ চারের লড়াইয়ের আগে তেমনটা না হওয়ার ফলে পরিবর্ত ক্রিকেটার নিতে বাধ্য হল অস্ট্রেলিয়া।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। জয়ী দল ফাইনালে উঠবে, তবে ম্যাচের ভেন্যু নির্ভর করছে ফলাফলের ওপর। অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল হবে লাহোরে, আর ভারত জিতলে ফাইনাল হবে দুবাইতে।

২৯ সিভিল সার্জনকে ওএসডি

দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে তাদের ওএসডি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ওএসডির আদেশ পাওয়া ২৯ সিভিল সার্জন হলেন-বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, শরিয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতেখার, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হোসেন, মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন, নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. রুহুল আমিন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।

ছয় বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল ‘আনোরা’

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। রবিবার (২ মার্চ ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর, যেখানে সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে আনোরা। প্রেম, নারীর সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির চলচ্চিত্রটি সেরা সিনেমা, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়। ছয়টি বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল আনোরা।

শন বেকার এই সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক। এককথায় সিনেমাটির প্রতিটি শটে তার ছোঁয়া স্পষ্ট। বরাবরই বাস্তববাদী গল্প বলার জন্য খ্যাত বেকার এবারও এক অনন্য চলচ্চিত্র উপহার দিয়েছেন, যা সাধারণ হলিউডি ফর্মুলার বাইরের এক অভিজ্ঞতা। অনেকটা প্রিটি ওম্যান-এর মতো প্রেমের গল্প হলেও, আনোরা তার মায়াবী দুনিয়াকে ভেঙে বাস্তবতার নির্মম মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

গল্পের কেন্দ্রীয় চরিত্র আনোরা ওরফে আনি, ব্রুকলিনের এক তরুণ স্ট্রিপার। রূপ, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে সে। তবে একদিন তার জীবনে আসে এক রুশ কোটিপতি তরুণ, যে তাকে স্বপ্ন দেখায় বিয়ের এবং এক নতুন জীবনের। আনি ভাবে, হয়তো এই জীবনটাই তার জন্য অপেক্ষা করছিল! কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে, এই স্বপ্ন সত্যি হওয়া যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা একেবারেই নয়।
ছেলেটির পরিবার এই সম্পর্ক মানতে রাজি নয়, এবং তাঁরা এই বিয়ে ভেস্তে দিতে সব করতে পারে। এ নিয়েই আনোরার গল্প।

পুরস্কার মঞ্চে ঝড় তোলা সিনেমাটি অভিনয়ের দিক থেকেও অনবদ্য। আনোরা চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। পুরো সিনেমার আত্মা তিনি।
প্রতিটি আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন মাইকি। তার পারফরম্যান্স এতটাই মনোমুগ্ধকর যে, সেরা অভিনেত্রীর অস্কার তার হাতেই উঠবে এমন প্রত্যাশা ছিল অনেকেরই।

অন্যদিকে নির্মাতা শন বেকার বরাবরই প্রমাণ করেছেন, বড় বাজেট বা ঝাঁ-চকচকে ক্যামেরা ছাড়াও চমৎকার সিনেমা নির্মাণ করা যায়। তার প্রথম সিনেমা ‘ট্যাঙ্গারিন’ পুরোটা শুট করা হয়েছিল একটি আইফোনে! আর আজ সেই নির্মাতাই পাঁচটি অস্কার জিতে প্রমাণ করলেন, ভালো কনটেন্ট এবং গল্প বলার দক্ষতাই আসল। যদি কেউ সত্যিই প্রতিভাবান হন, বাজেট ও সম্মান নিজ থেকেই চলে আসে!

রবিবার (২ মার্চ) লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। ‘আনোরা’ অভিনেত্রী মাইকি ম্যাডিসন পান সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ‘দ্য ব্রুটালিষ্ট’ থেকে অ্যাড্রিয়েন ব্রডি পান সেরা অভিনেতার পুরস্কার।

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৫-এ ভূষিত করা হচ্ছে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার তার ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ’।

আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়াকে তিনি তার আত্মত্যাগের স্বীকৃতি বলে দাবি করেছেন।

তিনি আরো লেখেন, ‘তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা। তার নিহতের খবর সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।