বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

নূর হোসেনকে দেশে ফেরত আনার সুপারিশ

ভারতে আটক নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আনার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।image_96516_0

হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। সরকারের ভাবমূর্তি রক্ষায় জড়িত কাউকে কোনো ধরনের ছাড় না দেয়ার জোর দাবি জানানো হয়েছে বৈঠকে।

বুধবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। একই সঙ্গে কমিটির সুপারিশগুলো আমলে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সম্প্রতি কলকাতায় নূর হোসেন ধরা পড়ায় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরত আনার জন্য কমিটির পক্ষ থেকে বলা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রকে।’

এ সময় আসাদুজ্জামান খান কামাল জানান, ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বন্দিবিনিময় চুক্তির আইনী প্রতিবন্ধকতা মোকাবেলা করে কীভাবে তাকে দ্রুত দেশে ফেরত আনা যায় সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।

নূর হোসেনের বিরুদ্ধে ভারতে মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশে ফেরত আনা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে নূর হোসেন যে অপরাধ করেছে তা গৌণ। বাংলাদেশে তার অপরাধ অনেক মারাত্মক। এ কারণে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে তাকে দ্রুত ফেরত আনা সম্ভব হবে।’

আবু সাঈদ আল মাহমুদ জানান, বৈঠকে পাসপোর্ট ও ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিমান বন্দর ও স্থলবন্দরগুলোতে শ্রমিক শ্রেণী ও অন্যান্য বিদেশগামী ও বিদেশ ফেরত মানুষ যাতে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। বিশেষ করে বিমান বন্দরে হয়রানী পর্যবেক্ষণে বিশেষ গোয়েন্দা নজরদারীরর পরামর্শ দিয়েছে কমিটি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে এর আগে গত ৬ মে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত ও সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের কার্যপত্র থেকে দেখা গেছে, ছায়া মন্ত্রণালয় খ্যাত সংসদীয় কমিটির সুপারিশ ও সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই বাস্তবায়ন হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের পর কমিটির সভাপতি সাংবাদিকদের জানিয়েছিলেন, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে ১৫ দিন পর ফলোআপ বৈঠক করবেন। কিন্তু ওই বৈঠকের এক মাস ১২ দিন পর বৈঠক হলো স্থায়ী কমিটির।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পক্ষে ঘন ঘন বৈঠক করা সম্ভব নয়।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া বৈঠক ফলপ্রসু হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সময় ও উপস্থিতি নিশ্চিত করেই বৈঠক করা হয়।’

এদিকে মাদকের বিস্তার রোধে কমিটির দ্বিতীয় বৈঠকে ভারত ও মিয়ানমারকে সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল ও ইয়াবা কারখানা বন্ধের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধম্যে দেশ দুটিকে চিঠি পাঠানোর কথা থাকলে সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি দেড়মাসে। তবে বাংলাদেশের সীমান্তবর্তী ভারত ও মিয়ানমারের প্রতিষ্ঠিত মাদকদ্রব্যের কারখানাগুলো বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাস্তবায়নাধীন রয়েছে বলে জানায় মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ বিভাগ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও বর্তমান সরকারের ঘোষিত ৫০ হাজার জনবল সৃজনের অংশ হিসেবে সব জেলাসহ বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে পদ সৃজনের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।

কমিটি সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, কমিটি সদস্য মো. মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ফখরুল ইমাম ও বেগম কামরুন নাহার চৌধুরী অংশগ্রহণ করেন।

লোডশেডিংয়ে পরীক্ষার্থীরা বিপাকে

তীব্র গরম আর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন ৮-১০ ঘণ্টা লোডশেডিয়ে অতিষ্ঠ পাবনার বেড়া উপজেলার জনজীবন।image_96565_0

এদিকে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা। আর এনিয়ে অভিভাবক মহলে জমছে তীব্র ক্ষোভ। সন্ধ্যার পর থেকে প্রতিদিন দুই থেকে তিনঘণ্টা লোডশেডিং হচ্ছে। অথচ এ সময়টাই ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার উপযুক্ত সময়।

এ ব্যাপারে নাকালিয়া এস এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ওসমান বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকলে ছাত্রছাত্রীদের ভোগান্তির সীমা থাকবে না। অন্তত এসময়টুকু কর্তৃপক্ষের উচিত হবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।’

অথচ ২০১০ সালের আগস্ট মাসে ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র বেড়ায় নির্মাণকাজ শুরু হয়। ৫৪২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়। ২০১১ সালের ৮ই অক্টোবর। গত বছরের ২ ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। নিজ উপজেলায় বিদ্যুতকেন্দ্র হওয়ায় সবাই ভেবেছিল দুর্ভোগ কিছুটা হলেও কমবে। কিন্তু তাদের সে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে। বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে তা জাতীয় গ্রিডে যোগ হলেও কমেনি বেড়াবাসীর দুর্ভোগ। বরং বিগত বছরগুলোর চেয়ে এবছর লোডশেডিং তুলনামূলক বেড়েছে বলে মনে করছেন অনেকে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সূত্রে জানা যায়, এর আওতাভুক্ত বেড়া, সাথিয়া, সুজানগর ও পাবনা সদর (আংশিক) উপজেলায় প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পাওয়া যায় ২০ মেগাওয়াটের কাছাকাছি। এই অর্ধেক পরিমাণ প্রাপ্ত বিদ্যুৎ দিয়ে চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

মধুমতিতে ৭ ট্রাক নিয়ে ফেরি ডুবি

নড়াইল-যশোর-ঢাকা সড়কের কালনা ফেরিঘাটে মধুমতি নদীতে ৭টি ট্রাক নিয়ে একটি ফেরি ডুবে গেছে।image_96564_0

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে ফেরিটি ডুবে যায়। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচটি ট্রাক ও দু’টি পিকআপসহ ফেরিটি ডুবে গেছে। এ দুর্ঘটনায় উদ্ধার কাজ চলছে।

মার্স ভাইরাসের ব্যবস্থা নিতে বাংলাদেশকে সৌদির চিঠি

মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে হজে যেতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সৌদি আরব।image_86884_0

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ চিঠি পাঠানো হয়েছে।

বুধবার সচিবালয়ে এবিষয়ে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান চিঠি পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, চিঠিতে সৌদি আরব জানিয়েছে তাদের দেশে এখন পর্যন্ত ৩৪৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুই বাংলাদেশিসহ ১১১ জন মারা গেছেন।

তিনি বলেন, এবছর বাংলাদেশ থেকে হাজিদের সৌদি পাঠানোর আগে মার্স ভাইরাসজনিত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করতে বলা হয়েছে।

সচিব বলেন, বিশেষ করে ৬০ বছরের অধিক বয়সীদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়লে তাদের মৃত্যুর আশঙ্কা বেশি থাকে জানিয়ে চিঠিতে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি জানান, মার্স ভাইরাসের প্রতিরোধক এখনো আবিষ্কার হয়নি জানিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও সৌদি আবর পরিদর্শন করেছেন।

২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসে সংক্রমণের ঘটনা শনাক্ত হয়। বাংলাদেশসহ বিশ্বের ২২ দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে ও মার্স ভাইরাস আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

যুক্তরাষ্ট্র থেকে আবুধাবি হয়ে সম্প্রতি দেশে আসা ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এ বছর ৯৮ হাজার ৭০৫ জন হজে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ মুরালিধরন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার কোচিং দলে যোগ দিলেন স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন৷image_86878_0

শ্রীলঙ্কার সাবেক এই কিংবদন্তী অফ-স্পিনার ইতোমধ্যেই অস্ট্রেলিয়া দলের প্রধান স্পিনার ন্যাথন লিয়নকে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট সেন্টারের স্পিন কোচিং করাতে ব্যস্ত ছিলেন৷ এবার আসন্ন পাকিস্তান সিরিজের জন্য গোটা দলের কোচিং সদস্যদের সঙ্গেই যুক্ত হলেন মুরালি৷

অজি দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করে তুলতেই মুরালিকে দলের সঙ্গে যুক্ত করার এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে৷

নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত মুরালিধরন বলেন, “আমি জানি অস্ট্রেলিয়া দারুণ একটা দল৷ আমার মনে হয় ওদেরকে আরও কিছুটা সাহায্য করতে পারব আমি, যাতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভাল খেলতে পারে ওরা৷ আরব আমিরাতের মাঠ স্পিনারদের অনেকটাই সাহায্য করবে৷ তাই সেখানে অজি স্পিনারদের সফল হওয়ার কিছু টোটকা আমার জানা আছে৷ কারণ আরব আমিরাতে আমিও অনেক ম্যাচ খেলেছি৷”

পাশাপাশি পাক স্পিনার সাঈদ আজমলের প্রশংসা করে মুরালি আরও বলেন, “বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও আজমলকে খেলতে সমস্যায় পড়েন৷ ওর বোলিংয়ের ধরন অনেকটা আমারই মতো৷ তাই নেটে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের আমি বল করলে ওদের আজমলকে খেলার ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারব৷”

জীবন-মরণ যুদ্ধে রাতে মাঠে নামছে স্পেন

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া স্প্যানিশদের জন্য আজকের ম্যাচ ফাইনালের মতো। আজকের ম্যাচে হারলেই ক্যাসিয়াসরা ছিটকে পড়বে বিশ্বকাপ থেকে।image_86875_0

রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত  একটায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি।

ফাইনাল ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে নিয়েছে স্পেন। দলের ফরোয়ার্ড পেদ্রো রড্রিগেজ বলেছেন, “আজকের ম্যাচকে ফাইনালের মতো বিবেচনা করলেও আমরা চাপ নিচ্ছি না।আমার মনে হয় না দুশ্চিন্তার কোন কারণ আছে। একই সাথে এটাও মনে রাখতে হবে যে এটাই আমাদের শেষ সুযোগ। এটা আমাদের জন্য ফাইনাল। মানসিকভাবে আমরা প্রস্তুত। এখন ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। চিলির বিপক্ষে আমাদের দারুণ এক ম্যাচ খেলতে হবে। আমাদের জিততেই হবে।”

বুধবারের ডু অর ডাই ম্যাচ নিয়ে সেফ ফ্যাব্রিগাস বলেন, “দ্বিতীয় রাউন্ডে ওঠাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। চিলির সঙ্গে আমাদের জীবনমরণ যুদ্ধ। জিততেই হবে এই ম্যাচে। এর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। ”

ডেভিড ভিয়া, জাভি আলেনসো ও ইনিয়েস্তাকে অবশ্যই এই ম্যাচে  জ্বলে উঠতে হবে। আর তারা যে ছন্দময় ফুটবল খেলে তা ঠিকমতো মেলে ধরতে হবে।

আজকের ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ দেল বস্ক। দেল বস্ক বলেন, “দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হবে। তবে একটি বিষয় ঠিক যে একজনকে পরিবর্তন করলে সবাই আঙুল তুলে আমাকে দেখাবে। তবে ঠিক কাকে বসিয়ে রাখবেন সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি।”

গোলকিপার ক্যাসিয়াস সম্পর্কে দেল বস্ক বলেন, “তার অধিনায়কত্ব ও কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। মনে আছে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলন শেষে আমি যখন ড্রেসিং রুমে যাই, তখন দেখি ক্যাসিয়াস অধিনায়কের মতোই কথা বলছে।”

বুধবার চিলির বিপক্ষে জেরার্ড পিকের জায়গায় জাভি মার্টিনেজের  খেলার জোর সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগটা পুরোটাই বদলে যেতে পারে স্পেনের। ডেভিড ভিয়ার জায়গায় পেড্রো আর ডিয়েগো কস্তার জায়গায় আসতে পারেন সেফ ফ্যাব্রেগাস। গত কয়েকটি আসরে ‘ফলস নাইন’ পজিশনে বিশ্ব কাঁপিয়ে দেয়া ফ্যাব্রেগাসের দিকে এবারও তাকিয়ে থাকবে স্পেন। সদ্য চেলসিতে যোগ দেয়া এই ফরোয়ার্ডও মানছেন ম্যাচের গুরুত্বের প্রসঙ্গটি, “আমরা না জিততে পারলে বাড়ি ফিরে যাবো। আর তার ফলাফল হবে ভয়াবহ।”

দুই দল এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে। স্পেনকে একবারও হারাতে পারিনি চিলি। স্পেন জয পায় ৮ ম্যাচে আর অপর ২ ম্যাচ ড্র হয়।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে এমনিতেই চনমনে রয়েছে চিলিয়ানরা। দলে রয়েছেন অ্যালেক্সিস সানচেজের মতো তারকা। একঝাঁক বার্সা সতীর্থদের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় নিশ্চয়ই থাকবেন এই ফরোয়ার্ড।

ম্যাচের আগে তাই এখন চিলির মত দলকেও সমীহ করতে হচ্ছে স্পেনকে। কোচ দেল বক্স যেমন কোন রাখঢাক না রেখেই বলে দিলেন, ‘যেকোন কিছুই ঘটে যেতে পারে। আমি চিলিকে নিয়ে শঙ্কিত।’

আসলে গোটা স্পেনই আছে এমন শঙ্কায়!     -ওয়েবসাইট

ক্রোয়েশিয়া-ক্যামেরুন বাঁচা-মরার লড়াই

বুধবার নিজেদের অস্তিত্ব রক্ষার মিশনে নামছে ‘এ’ গ্রুপের দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও ক্রোয়েশিয়া।বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই উভয় দলেরই।image_86861_0

বাংলাদেশ সময় রাত চারটায় মানাউসের আমাজোনিয়া স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও গাজী টিভি।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে  ক্রোয়েশিয়া স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়। আর ক্যামেরুন মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয়।

ইনজুরির কারণে আজকের ম্যাচে ক্যামেরুন তাদের দলের সেরা খেলোয়াড় স্যামুয়েল ইতোকে ছাড়াই মাঠে নামবে। এটা ম্যাচে ক্রোয়েশিয়াকে কিছুটা এগিয়ে রাখবে।

ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ৷ ফুটবলারদের চোট-আঘাত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল ক্রোয়েশিয়া শিবিরও৷ তবে ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচ জানিয়ে দিয়েছেন দলের অন্যতম সেরা ফুটবলার লুকা মদরিচ এখন ১০০ শতাংশ ফিট এবং বুধবারের ম্যাচে তিনি খেলবেনও৷ ক্যামেরুনের বিরুদ্ধে এরিনা অ্যামাজোনিয়াতে এদিন ৩ পয়েন্ট পাওয়ার জন্যই যে ক্রোয়েশিয়া নামছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ কারণ এই ম্যাচে যারা হারবে, তারাই প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেবে৷

ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই পায়ে চোট পান মদরিচ৷ কিন্তু বুধবার ম্যানাউসে তাঁর নামতে যে কোনও সমস্যা নেই, সেটাই জানিয়েছেন কোভাচ৷ তাঁর বিশ্বাস, মদরিচই তিন পয়েন্ট এনে দেবে দলকে৷

কোচ কোভাচ জানিয়েছেন,“ক্যামেরুনের তিন পয়েন্ট দরকার, আমাদেরও৷ আমার ড্রয়ের জন্যও আজকে খেলতে পারতাম৷ কিন্তু তিন পয়েন্ট পাওয়ার জন্যই মাঠে নামব৷”   -ওয়েবসাইট

কমলা ঝড়ের সামনে অস্ট্রেলিয়া

স্পেনকে বিধ্বস্ত করে স্বপ্নের শুরু করেছে নেদারল্যান্ড৷ ঠিক তেমনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে নাস্তানাবুদ করে উড়ন্ত সূচণা করেছে জার্মানিও৷ বলা হচ্ছে, এই টুর্নামেন্টের সেরা দুটো দল জার্মানি  ও নেদারল্যান্ড৷ বুধবার সেই হল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া৷ স্পেনের মতো প্রতিপক্ষ নয় অজিরা৷ প্রথম ম্যাচে তারাও হেরে গিয়েছে চিলির বিরুদ্ধে৷ সেই অস্ট্রেলিয়া হল্যান্ডকে কতটা বেগ দিতে পারে, সেটাই দেখার৷image_86852_0

বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত দশটায় পোর্ট আলেগ্রোর বেইরা রিও স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও গাজী টিভি।

জার্মানির হয়ে টমাস মুলার হ্যাটট্রিক করেন সোমবার৷ কম যাননি রবিন ফন পার্সি। স্পেনের বিরুদ্ধে্ জোড়া গোল করেন এই ডাচ স্ট্রাইকার৷ ডলফিন হেডে যে গোলটি করেন ভ্যান পার্সি তা এককথায় অসাধারণ৷ তবে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার পার্সি অবশ্য প্রথম ম্যাচে জয়ের পর পা মাটিতেই রাখছেন৷ তিনি জানেন এই ধরনের টুর্নামেন্টে  একটা ম্যাচে পদস্খলন হলেই দৃশ্যপট বদলে যাবে৷

পার্সি বলেন, “এই ধরনের পারফরম্যান্সের পর ছবিটা বদলে যেতে পারে৷ আমাদের বাস্তবের মাটিতে পা ফেলে চলতে হবে ৷ শুরুটা বেশ ভাল হয়েছে আমাদের৷ তবে এই টুর্নামেন্টে আমাদের অনেকদূর এগোতে হবে৷ এটা আমার পঞ্চম মেজর  টুর্নামেন্ট৷ এই যে আনন্দময় পরিস্থিতি, খারাপ কিছু হলে তা দ্রুতই উবে যাবে৷”

স্পেনের বিরুদ্ধে স্ট্র্যাটেজিতে পরিবর্তন এনেছিলেন ডাচ কোচ লুইস ফন গাল৷ পাঁচ জন ডিফেন্ডার দাঁড় করিয়ে দিয়েছিলেন ডিফেন্সে৷ অজিদের বিরুদ্ধে অবশ্য ৪-৩-৩ পদ্ধতিতে ফিরে যাচ্ছেন ফন গাল৷ প্রথম ম্যাচেই হেরে গিয়েছে অজিরা৷ টুর্নামেন্টে টিকে থাকতে হলে হল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফম্যান্স করতেই হবে৷ সে জন্য টিম কাহিলকে জ্বলে উঠতে হবে৷

প্রতিপক্ষ মহজ হলেও সতর্ক হয়েই মাঠে নামবে ডাচরা। ডাচ মিডফিল্ডার নাইজেল দে জংয়ের কথায় তারই প্রতিধ্বনি। নাইজেল জং বলেন, “কাহিল দারুণ প্লেয়ার৷ মাঠে ও নিজের সেরাটা দেয়৷ আমাদের সতর্ক হয়ে খেলতে হবে৷ ওর হেড বন্ধ করতে হবে৷ কাহিলের হেড খুব ভাল৷ টাইমিংটাও ভাল৷”

ক্রিকেটের মতো অজিরা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়৷ ফুটবল মাঠেও অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ৷ তবে হল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ভাল করতে হলে নিজেদের দুশো শতাংশ দিতে হবে অজিদের৷     -ওয়েবসাইট

চট্টগ্রামের আগ্রাবাদে সিঙ্গারে প্রো ডিলার শপ উদ্বোধন

সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদ এক্রোস রোডে সিঙ্গার প্রো ডিলার শাহ্ আমানতের শুভ উদ্বোধন করেন  সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও, মি. গ্যাভিন জে image_86873_0ওয়াকার। এ সময় আরো উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এর ম্যানেজিং ডিরেক্টর আ্যন্ড সিইও এ. এম হামিম রাহমাতউল্লাহ্, জেনারেল ম্যানেজার হোলসেল, কাজী রফিকুল ইসলাম, সেলস ডিরেক্টর, মকবুলে হুদা চৌধুরীসহ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চট্রগ্রামের অন্যান্য কর্মকর্তারা।

এখন আগ্রাবাদ এক্রোস রোডে বিশ্বখ্যাত সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ, টিভিসহ সব ধরনের পণ্য পাওয়া যাবে। পণ্যভেদে নানা প্রকার ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর  সেবার নিশ্চয়তা সিঙ্গার বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্য। ক্রেতা সাধারণের বিপুল চাহিদার কথা মাথায় রেখে সিঙ্গার বাংলাদেশ তার পণ্য সর্ব সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। আগ্রাবাদ এক্রোস রোডে সিঙ্গার প্রো ডিলার শপের  উদ্বোধন এই প্রয়াসেরই প্রতিফলন।

ডিএসইতে লেনদেনের শুরুতে দাম বেড়েছে ৭৯ প্রতিষ্ঠানের

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।image_86846_0

আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২৯টির এবং অপরির্বতিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

অপরদিকে বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- লার্ফাজ সুরমা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, বেক্সিমকো, মিথুন নিটিং, আলহাজ্ব টেক্সটাইল, পেনিসুলার, ডেল্টা লাইফ, এবি ব্যাংক ও ইস্টার্ন হাউজিং।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে চার হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৫৬ কোটি টাকা।