বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

সরিয়ে নেওয়া হচ্ছে কাওরানবাজারের কাঁচাবাজার আড়ত

কারওয়ান বাজারের কাঁচাবাজার ও পাইকারি আড়ৎ সরিয়ে নিতে তৎপর হয়েছে ঢাকা সিটি করপোরেশন। করপোরেশন নির্মিত রাজধানীর তিনটি বড় বাজারে দোকান বরাদ্দের জন্য কাওরানবাজারের ব্যবসায়ীদের আবেদন করতে বলা হয়েছে। তবে সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন আজ এই খবর দিয়েছে।image_94140_0

এক পাশে পাঁচ তারকা হোটেল আর অন্যপাশে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। এর মাঝখানে প্রায় ৩০ বছর আগে গড়ে তোলা হয়েছে  কারওয়ান বাজার কিচেন মার্কেট ও পাইকারি  আড়ৎ। যেখানে প্রায় ১৮০৪টি দোকান রয়েছে। সম্প্রতি এই জায়গা থেকে ব্যবসায়ীদের অন্যত্র সরে যেতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে সরকার।

তবে পুরোনো এই বাজার সরিয়ে নেবার সিদ্ধান্তকে অযৌক্তি বলছেন ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশন মহাখালী বাজারে ৩৬০টি, আমিন বাজারে ৫৪৯টি এবং যাত্রাবাড়িতে ৮৯৫টি দোকান বরাদ্ধ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুদ্ধবিরতি ভেঙে গাজায় চার দফা বিমান হামলা

যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় চার দফা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার রাতে হামাস ও তেল আবিব আরো পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কিছুক্ষণ পরই এ হামলা চালায় মানবতার শত্রু ইসরাইল।image_94293_0

হামলায় খান ইউনিস শহরসহ গাজা উপত্যকার একাধিক শহরের কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তেল আবিব দাবি করেছে, গাজা থেকে কথিত রকেট নিক্ষেপের জবাবে তারা এসব বিমান হামলা চালিয়েছে। কিন্তু ইসরাইল বিরোধী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি প্রত্যাখ্যান করেছে।

হামাসের মুখপাত্র ফৌজি বারহুম ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, “এ হামলার জন্য তেল আবিবকে অনুতপ্ত হতে হবে।”

মিশরের রাজধানী কায়রোয় বুধবার রাতে হামাস ও ইসরাইলি প্রতিনিধিরা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরো পাঁচ দিনের জন্য বাড়াতে সম্মত হন। একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার সুযোগ সৃষ্টির জন্য এ সময় বাড়ানো হয়।

দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য হামাসের প্রধান শর্ত হচ্ছে- গাজার ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। ইহুদিবাদী ইসরাইল অবরোধ শিথিল করতে সম্মত হলেও তা পুরোপুরি তুলে নিতে এখনো রাজি হয়নি।

গত ৮ জুলাই থেকে গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর আকাশ, ভূমি ও সাগর থেকে পাশবিক হামলা শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত এক হাজার ৯৬০ ফিলিস্তিনি মারা গেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

অন্যদিকে হামাসের পাল্টা হামলায় ৬৪ জন ইসরাইলি সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। -আইআরআইবি।

ফলাফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রভাব পড়েনি: শিক্ষামন্ত্রী

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময় এইচএসসি পরীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।image_94211_0

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্ন ফাঁসের প্রভাব ফলাফলে পড়েনি। ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে। এবার ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১২ সালে তো প্রশ্নপত্র ফাঁস হয়নি; তখন যদি ফল ভালো হতে পারে এখন কেন ভালো হবে না।”

ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে নাহিদ বলেন, “কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা ক্ষমতা নেয়ার সময় শিক্ষা মন্ত্রণালয় জঞ্জাল, অনিয়ম ও দুর্নীতিতে ভরা ছিল। কিন্তু আমরা শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি।”

বর্তমানে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “আধুনিক যুগে বেশিসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় পাস করবে, এটাই স্বাভাবিক। অনেকে বলেন আমরা নাকি শিক্ষকদের বেশি নম্বর দেয়ার কথা বলেছি। এসব মন্তব্য আমাদের জন্য বিব্রতকর।’

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৯ এপ্রিল ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৮ জুন। সরকারি তদন্ত শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইংরেজি দ্বিতীয়পত্র ও গণিত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁসের সত্যতা স্বীকার করেন। তবে একইসঙ্গে পদার্থ, রসায়নসহ আরো বেশ কিছু বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী সন্তুষ্ট, সমালোচনায় কান না দেয়ার পরামর্শ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার কাছে পৌঁছে দিতে পারলে শিক্ষার মান আরো বাড়ানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে ভালো ফলাফলেও যারা সমালোচনা করেন তাদের কথায় দুঃখ না পেতে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।image_94200_0

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।  গণভবনে বসেই প্রধানমন্ত্রী অনলাইনে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে পারলেই এর মান বাড়বে। শিক্ষাই দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি।”

পাবলিক পরীক্ষায় পাসের বেশি হওয়ায় যারা সমালোচনা করেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী কিছু লোকের কথায় দুঃখ পান। কিছু লোক আছে যাদের কাজই সমোলোচনা করা। পাছে লোকে কিছু বলে- এটা মনে করলে সঠিক কাজ করা যাবে না।”

বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে ‘পরশ্রীকাতরতা’ শব্দটি নেই- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “কে কি বললো- এটা নিয়ে দুঃচিন্তা করার কোনো কারণ নেই।”

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে পাসের হার না বাড়ার দায় তাদেরকেই নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পাসের হার আগামীতে আরো বাড়বে। আমরা প্রতিটি জেলায় বেসরকারি, না হয় সরকারি- একটি করে বিশ্ববিদ্যালয় করে দেব।” পাশাপাশি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন শেখ হাসিনা।

দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি মহিলা কলেজের ছাত্রী সেঁজুতি হক, দিনাজপুর সরকারি কলেজের ছাত্র তমাল চন্দ্র এবং সদর উপজেলার উথরাইল সিদ্দিকিয়া আমীন মাদরাসার মোহাইমিনুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সঞ্চালনায় তার কার্যালয়ে এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহামুদ আলী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

স্বাধীন মত প্রকাশের অধিকারকে খর্ব করা হয়েছে: রফিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “সংবিধানের ৩৯ অনুচ্ছেদে জনগণের স্বাধীন মতামত প্রকাশের কথা বলা হয়েছে। কিন্তু জাতীয় সম্প্রচার নীতিমালার প্রণয়নের ফলে জনগণের সেই স্বাধীন মতামত প্রকাশের অধিকারকে খর্ব করা হয়েছে।”image_94196_0

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী সম্প্রচার নীতিমালা প্রণয়নের বিরুদ্ধে’ মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, “অপহরণ, গুম ও খুনের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপিরা জড়িত। মন্ত্রী-এমপিরা প্রতি মাসে ছয় থেকে সাত হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাঁচার করছেন। মন্ত্রীদের এ সব অপকর্ম জনগণের কাছ থেকে আড়াল করতেই মূলত সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে।”

তিনি বলেন, “সাংবাদিকদের বিভক্তির ফলে সরকার এই নীতিমালা করতে সাহস পেয়েছে। সাংবাদিকদের মধ্যে বিভক্তি না থাকলে ক্ষমতাসীনরা এই নীতিমালা প্রণয়ন করতে সাহস পেতেন না।”

বিএনপির এই নেতা বলেন, “জাতীয় সম্প্রচার নীতিমালায় বলা হয়েছে র্যা ব-পুলিশসহ বিভিন্ন বাহিনী অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যাবে না। এই নীতিমালার মধ্যে দিয়ে ক্ষমতাসীনরা র্যা ব-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে নিজেদের ব্যক্তিগত বাহিনীতে পরিণত করার ষড়যন্ত্র করছে।”

মানববন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক ডা. মো. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমূখ।

পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেরা এগিয়ে। এবার মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৮৬ শতাংশ পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৮৬ শতাংশ।image_94190_0

অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ হাজার ৭৮৭ জন। আর মেয়েদের মধ্যে পেয়েছে ৩১ হাজার ৮১৫ জন।

এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩। আর মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

বুধবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এছাড়া বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

গত ৩ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়। মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।

এবারের এ পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায় এ ব্যাপারে গঠিত সরকারের তদন্ত কমিটি। প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে নতুন করে নেয়া হয়েছিল। এই প্রশ্নপত্র ফাঁসের কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং শিক্ষাবিদ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আন্দোলন করেন।

আগামী মাসে ‘গুরুত্বপূর্ণ’ সফরে ঢাকায় আসছেন জাপানি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের ১০০ দিনের মধ্যেই ঢাকা সফর করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী মাসের প্রথম সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। টোকিওতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বুধবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার পররাষ্ট্র দফতর থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া না হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী শিনজো আবে আসছে ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় পৌঁছবেন।image_94183_0

২০০০ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী উয়োশিরো মোরি’র পর আর কোনো জাপানি সরকার প্রধান ঢাকা সফর করেননি। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘‘গত মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী টোকিও সফরে এলে জাপানি প্রধানমন্ত্রী তাকে কথা দিয়েছিলেন সহসাই বাংলাদেশ সফর করবেন এবং তিনি কথা রাখতে চলেছেন। তবে মে মাসের পর এতটা স্বল্পতম সময়ের ব্যবধানে শিনজো আবে’র আসন্ন এই সফরের গুরুত্বই আলাদা।’’

সুদীর্ঘ ১৪ বছরের বিশাল ব্যবধানের এই সময়টিতে কোনো জাপানি সরকার প্রধানের ঢাকা সফর না হওয়াসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মেধাবী কূটনীতিক মাসুদ বিন মোমেন বলেন, ‘‘একজন রাষ্ট্রদূতের প্রধান দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের সফর নিশ্চিত করতে কাজ করে যাওয়া। আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালনে, তবে সবটুকু কৃতিত্ব এক্ষেত্রে বাংলাদেশ সরকারেরই।’’

তিন মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় বাংলাদেশকে ৬০০ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুত দিয়েছিল জাপান। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই প্রতিবেদককে বলেন, ‘‘জাপানের দেয়া প্রতিশ্রুতিসহ মাননীয় প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় দ্বিপাক্ষিক যেসব বিষয়াদি আলোচনায় স্থান পেয়েছিল, তার বাস্তবায়ন নিশ্চিত করবে জাপানি প্রধানমন্ত্রীর এই সফর।’’

এদিকে বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার রাষ্ট্র হিসেবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আসন্ন ঢাকা সফরে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। যানজটের নগরী ঢাকাতে মেট্রো রেললাইন প্রকল্প স্থাপন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হওয়ার বিষয়টিতো আছেই। তাছাড়া জাপানের বাজারে বেশ কিছু বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা নিশ্চিত করতে ঢাকার তরফ থেকে জোর চেষ্টা থাকবে শিনজোর সফরের সময়।

মাসুদের ওপর নির্যাতন বন্ধ না হলে আন্দোলন: শিবির

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ  সদস্য ড. শফিকুল ইসলামকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। তার ওপর নির্যাতন বন্ধ না হলে হাত গুঁটিয়ে বসে থাকবে না সংগঠনটি। আন্দোলের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন শিবির নেতারা।image_94181_0

বুধবার সকাল ৯টা দিকে  রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শিবিরের কার্যকরী পরিষদের সদস্য মাইনুদ্দিন মৃধার নেতৃত্বে মাসুদকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সংগঠনটি।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি এম শামিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ মাহমুদ, ঢাকা মহানগরী পূর্বের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণের মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশরাফ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাইনুদ্দিন মৃধা বলেন, “একটি ঘরোয়া বৈঠক থেকে শফিকুল ইসলাম মাসুদকে গ্রেফতার করে রিমান্ডের নামে বিভৎস নির্যাতন করা হচ্ছে।  সরকার ছাত্রজনতার মনে আগুন ধরিয়ে দিয়েছে। তার ওপর নির্যাতনের জন্য অবৈধ আওয়ামী সরকারকে চরম মূল্য দিতে হবে।”

শিবির নেতারা হুঁশিয়ার করে বলেন, “অবিলম্বে তার ওপর নির্যাতন বন্ধ না করলে ছাত্রশিবির হাত গুটিয়ে বসে থাকবে না। জুলুম নির্যাতনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আর তখন ফ্যাসিবাদী অবৈধ সরকারকে উচিত শিক্ষা না দিয়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ক্ষান্ত হবে না।”

ভারতে স্বাধীনতা দিবস, সীমান্তে নিরাপত্তা জোরদার

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্তের বিপরীতে পেট্রাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে বেশি নজরদারি রাখা হচ্ছে।image_94182_0

ওপারের সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট ভারতে স্বাধীনতা দিবস। এদিন জঙ্গি হামলা সহ কোনো নাশকতা যাতে না ঘটে তার জন্য বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারকে ঢুকতে না পারে।

সীমান্ত এলাকা ছাড়াও কোলকাতার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বাস ও রেল স্টেশন এলাকায় সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে আবাসিক হোটেলগুলোতে তল্লাশি করা হচ্ছে।

বোনপোলে চেকপোস্ট বিজিবি জানায়, কোন অনুপ্রবেশকারী যাতে সীমান্ত টপকিয়ে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য বেনাপোল ও ভারত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

যুদ্ধাপরাধে আটক আতাউর ও তাহেরকে ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনা থেকে আটক আতাউর রহমান ননি (৫৮) ও তেরীবাজারের ব্যবসায়ী ওবায়দুল হক তাহেরকে (৫৫) ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।image_94167_0

গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ মোতাবেক এইদুজনকে গ্রেফতার করা হয়।

রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে আতাউর রহমান ননি ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। পরে ট্রাইব্যুনাল খাস কামরায় বসে গ্রেফতারের আদেশ দেন।

গ্রেফতারের আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে নেত্রকোনা পুলিশের কাছে পৌঁছলে বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।