বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

চবির শিক্ষক-বাসে হাতবোমা হামলার ঘটনায় মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হাতবোমা হামলায় শিক্ষকসহ ১৪ জন আহত হওয়ার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের উপ-পরিচালক রবিউল আলম বুধবার গভীর রাতে হাটহাজারী থানায় এ মামলা করেন।image_97792_0

হাটহাজারী থানার এএসআই মাসুকুর রহমান জানিয়েছেন, মামলায় অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চৌধুরীহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষক বাসে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।

ইসলামিক স্টেটকে রুখতে যুদ্ধ ঘোষণা ওবামার

জিহাদি বলে পরিচয় দেয়া ইসলামিক স্টেটকে প্রতিহত করতে সিরিয়াতে বিমান হামলার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইসলামিক স্টেটকে পরাস্ত করতে কি পদক্ষেপ নেবেন সে ব্যাপারে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশনে ভাষণে বুধবার এ কথা জানিয়েছেন ওবামা।

চার দফা কৌশল পরিকল্পনার মধ্যে ইরাকি সেনাবাহিনীকে সরাসরি সামরিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন তিনি।image_97783_0

এছাড়া আইএসের হামলায় যেসব বেসামরিক মানুষজন ঘরছাড়া হয়েছে তাদের জন্য আরো মানবিক সহায়তা বাড়ানো হবে বলেও জানান ওবামা।

ইসলামিক স্টেটকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “এই সংগঠনকে পরাস্ত করার জন্য একটি জোট গঠন করা হবে। এই কর্মকৌশল কার্যকর করতে একটি জোট গঠনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে রয়েছেন।”

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটকে প্রতিহত করতে আমেরিকা একটি দীর্ঘমেয়াদি সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়ে এগুচ্ছে বলে ওবামার বক্তৃতায় মনে হয়েছে।

ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা ইতিমধ্যেই দখল করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

সিরিয়ার শহর রাকায় তারা একধরনের সরকারি শাসন প্রতিষ্ঠা করেছে বলে জানা যাচ্ছে।

সেখানকার প্রশাসন কার্যক্রম চালানোসহ নতুন কর্মকর্তাও নিয়োগ দিচ্ছে জঙ্গি সংগঠনটি। মার্কিন দুই সাংবাদিকসহ বিরোধী পক্ষের মানুষজনকে শিরোশ্ছেদ করে হত্যার মতো কার্যক্রমের জন্য ব্যাপক নিন্দিত হয়েছে ইসলামিক স্টেট। সূত্র: বিবিসি

বাস্কেটবলে মজলেন পিকে-শাকিরা

ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন৷ বিশ্বকাপের পর প্রায় দু’মাস কেটে গিয়েছে৷ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আপাতত ইউরো কাপকেই পাখির চোখ করেছেন ভিনসেন্ট দেল বস্কি৷ তাই বিশ্বচ্যাম্পিয়ন দলের অনেক সদস্যকেই ছেঁটে ফেলেছেন স্পেনের বর্ষীয়ান কোচ৷ ফার্নান্দো তোরেস, জুয়েন মাতা ছাড়াও বাতিলের তালিকায় রয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে৷image_97775_0

ইউরো কাপের স্কোয়াডে জায়গা না-পেয়ে আপাতত শুধু বার্সেলোনার জার্সিতেই মাঠে নামছেন তিনি৷ আর সুযোগ পেলেই শাকিরার সঙ্গে সময় কাটাচ্ছেন পিকে৷ আন্তর্জাতিক পপস্টার বান্ধবীর সঙ্গে বাস্কেটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উপস্থিত ছিলেন পিকে৷ সেই ম্যাচে স্লোভানিয়ার মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ ম্যাচ দেখার পাশাপাশি শাকিরার সঙ্গে চুটিয়ে রোম্যান্সও করলেন পিকে৷ শনিবার অ্যাথলেটিক বিলবায়োর বিরুদ্ধে মাঠে নামবে পিকের দল৷- ওয়েবসাইট।

চরম বিপাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা তাদের সনদ এবং গ্রহণযোগ্যতা নিয়ে চরম বিপাকে পড়েছে৷ ওদিকে এই সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে সতর্কতা জারি করেই তাদের দায়িত্ব শেষ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন৷

একমাস আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ব্যবসাসহ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নানা অবৈধ কাজ কারবার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তোপের মুখে পড়ে৷ শিক্ষামন্ত্রী এবং মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান টিআইবি-র প্রতিবেদন চ্যালেঞ্জ করে প্রতিবেদনটি প্রমাণ করতে অথবা ক্ষমা চাইতে বলেন৷ কিন্তু এবার মঞ্জুরি কমিশনই দেশের ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সতর্কতা জারি করেছে৷ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওই ১২টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করে ভর্তির ক্ষেত্রে ছাত্র এবং অভিভাবকদের সতর্ক থেকে তথ্য যাচাই-বাছাই করে তারপর ভর্তির সিদ্ধান্ত নিতে বলেছে৷image_97781_0

বিশ্ববিদ্যালয়গুলো হলো – দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, প্রাইম ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইবাইস ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম, শান্তামারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটি৷

এ সব বিশ্ববিদ্যালয়ে মালিকনার দ্বন্দ্বে একই নামে একাধিক বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে৷ আবার কোনটির রয়েছে একাধিক এমনকি ৫০টির মতো অবৈধ ক্যাম্পাস৷ এছাড়া দু’টি বিশ্ববিদ্যালয় আছে, যাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়ার পরও আদালতের স্থগিতাদেশ নিয়ে চালান হচ্ছে৷

মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, আদালতের নির্দেশে যেসব বিশ্ববিদ্যালয় চলছে তাদের সনদের ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবে৷ মালিকানার দ্বন্দ্বে যেসব বিশ্ববিদ্যালয় আদালতে মামলা করেছে, তাদের ব্যাপারেও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷ আর অবৈধ কাম্পাসের পড়লে বৈধ সনদ পাওয়ার কথা নয়৷ তিনি বলেন, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের সুপারিশ করেছেন৷

অন্যদিকে যেসব বেরকারি বিশ্ববিদ্যালয় আইন শিক্ষা দেয়, তাদের মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন পেশার সদন পাবে কিনা – তা নিয়ে জটিলতা দেখ দিয়েছে৷ বার কাউন্সিল তাদের আইন পেশার সনদ দেবে কিনা – তা নিয়ে শুনানি হবে ১৫ সেপ্টেম্বর৷

সাতটি বিশ্ববিদ্যালয় হলো – দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রাইম ইউনিভার্সিটি, ইবাইস বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ৷ এই সাতটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের এ বছর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম দেয়নি বার কাউন্সিল৷

উল্লেখ্য, দেশে এখন ৭২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে৷- ডিডব্লিউ।

ভেজাল ওষুধ উৎপাদন মামলায় ডা. হেলেন পাশার জামিন

ভেজাল প্যারাসিটামল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ১০ বছর দণ্ডপ্রাপ্ত অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক ডা. হেলেন পাশাকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।image_97776_0

আইনজীবী সূত্রে জানা গেছে, হেলেন পাশার বয়স ৭৮ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় হেলেন পাশা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

গত ২২ জুলাই ভেজাল প্যারাসিটামল ওষুধ উৎপাদন ও বিপণনের অভিযোগে ডা. হেলেন পাশাসহ তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ ও ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ।

দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত উৎপাদন কর্মকর্তা নৃগেন্দ্রনাথ বালা।

আসামিদের বিরুদ্ধে ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ আইনের ১৬সি ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হেলেন পাশা।

পাশাপাশি বয়স ও গুরুতর শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে এ জামিন চাওয়া হয়। জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শফিউল বশর ভাণ্ডারি। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

আইনজীবী শফিউল বশর ভান্ডারি বলেন, “গুরুতর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।”

ফিরোজা বেগমের পরিবারকে সমবেদনা জানালেন খালেদা

উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত-শিল্পী ফিরোজা বেগমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাতে ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসায় গিয়ে সমবেদনা জানান খালেদা।

মঙ্গলবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার প্রমুখ।
image_97777_0
খালেদা জিয়া এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং তাদের প্রতি সমবেদনা জানান।

পরে ড. ওসমান ফারুক সাংবাদিকদের কাছে সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে সরকার যথাযথভাবে মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “ফিরোজা বেগমের চলে যাওয়া এটা অপূরণীয় ক্ষতি।আজকে শোকের দিন। কারণ তিনি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের বরেণ্য শিল্পী ছিলেন।তার শূণ্যতা পূরণ হবে কি না সন্দেহ আছে। অথচ এই গুণী শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে সন্মান জানানোর যেমন প্রয়োজন ছিল তা করা হয়নি। তাকে রাষ্ট্রীয় মর্যদায় সমাহিত করা প্রয়োজন ছিল। তা হয়নি। এটা দুঃখজনক।”

এ সময় মরহুমের ভাই সাবেক সচিব আসাফ-উদ- দ্দৌলা, ছেলে হামিম আহমেদ ও শাফিন আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার বিকালে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে ফিরোজা বেগমকে দাফন করা হয়।

শ্রদ্ধা জানাতে ফিরোজা বেগমের মরদেহ শহীদ মিনারে

স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের মরদেহ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।image_97707_0

বরেণ্য এ শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শিল্পী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এ উপমহাদেশের বরেণ্য নজরুলসঙ্গীত শিল্পীকে।

এর আগে হাসপাতালের হিমঘর থেকে বুধবার সকালে রাজধানীর ইন্দিরা রোডে তার বাসভবন কালিন্দি অ্যাপার্টমেন্টে নেয়া হয়।

গতকাল মঙ্গলবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম।

আইএসের বিরুদ্ধে যুদ্ধ জোরদারের কর্তৃত্ব আমার আছে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করার কর্তৃত্ব তার রয়েছে। তবে তিনি এখনো সিরিয়ার বিরোধী বাহিনীকে অস্ত্র দেয়ার বিষয়টি অনুমোদনের জন্য কংগ্রেসকে অনুরোধ করবেন।image_97710_0

ওবামা বুধবার রাতে টেলিভিশনে এক ভাষণ দেবেন। এ সময় তিনি আইএস বিরোধী তার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন।

আইএস জঙ্গিরা গত কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করেছে। ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলার প্রতিবাদে গত মাসে দেশটিতে দুই মার্কিন সাংবাদিকের শিরশ্চেদ করেছে সংগঠনটির জঙ্গিরা।

ওবামা মঙ্গলবার হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কংগ্রেস নেতাদের সাথে আইএস বিরোধী কৌশল নিয়ে আলোচনা করেন। এক মুখপাত্র বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে।

সিরিয়ার বিরুদ্ধে ওবামার ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা আইনপ্রণেতারা আটকে দেয়ার এক বছর পর কংগ্রেস নেতাদের সঙ্গে ওবামা এ বৈঠক করলেন।

আইএসকে দমনে পদাতিক বাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন ওবামা। তবে সিরিয়াসহ ইরাকে বিমান হামলা জোরদার করার আভাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউসে ওবামার সঙ্গে আলোচনায় মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড ও ন্যান্সি পেলোসি এবং রিপাবলিকান জন বোয়েনার ও প্রতিনিধি পরিষদের স্পিকার মিচ ম্যাককনেল অংশ নেন।

হোয়াইট হাউস জানায়, কংগ্রেস নেতাদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেছেন, আইএসকে দমনে ভাষণের মধ্য দিয়ে যে পরিকল্পনার রূপরেখা তিনি দেবেন, তা করার কতৃর্ত্ব তার আছে।

ওবামার অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা বোহেনার বলেন, আইএস নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযানে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা করতে মার্কিন সামরিক সমাবেশ ঘটানো হলে তিনি তাতে সমর্থন দেবেন।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি’র এক জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার বেশিরভাগ লোক আইএসকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলাকে ব্যাপকভাকে সমর্থন করে।

ওবামার সহযোগীরা বলছেন, আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি নতুন করে কংগ্রেসের কাছে অনুমোদন চাইবেন না। সূত্র: এএফপি

পিরোজপুরে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি

পিরোজপুরে যুবলীগ নেতার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে  বাড়ির মালিকসহ দুইজন গুরুতর আহত হন।image_97705_0

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে শহরের বলাকাক্লাব রোডে মাইনুল আহসান জুয়েল মোল্লা নামের এক ঠিকাদারের বাসায় ৫/৬ জনের একটি ডাকাত দল গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।  এ সময় জুয়েল ও তার স্ত্রী রাবেয়া সুলতানা সনিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে তারা জুয়েলের দুই বছরের শিশু সন্তান মেহেরজাবিনকে জিম্মি করে ১২ ভড়ি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।

আহতদেরকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাবেয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তাদের কাছে অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জাতীয় স্কেলে বেতন চান ইবতেদায়ির শিক্ষকরা

আগামী ডিসেম্বরের পূর্বেই ইবতেদায়ি মাদরাসায় কর্মরত সব শিক্ষককে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব হল রুমে এক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান।
image_97708_0
সংবাদ সম্মেলন সংগঠনের মহাসচিব মো. শামছুল আলম বলেন,  সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে ইতিমধ্যে ১১ হাহার ১৫২টি ইবতেদায়ী মাদরাসা বিলুপ্ত হয়েছে। বর্তমানে ছয় হাজার ৮৪৮টি মাদরাসা চালু আছে। আগামী ডিসেম্বরে মাদরাসা প্রতিষ্ঠার ৩০ বছর হচ্ছে। এসময়ের মধ্যে বহু শিক্ষক বিনা বেতনে চাকরি করে শূন্য হাতে অবসরে গেছেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বরে কয়েক হাজার শিক্ষক বিনা বেতনে চাকরি করে অবসর গ্রহণের রেকর্ড গড়তে যাচ্ছে। তাই আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি ডিসেম্বরের আগেই  ইবতেদায়ী মাদরাসায় কর্মরত সব শিক্ষককে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

প্রশ্ন তুলে শামছুল বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও দীর্ঘ তিন বছরেও ইবতেদায়ি মাদরাসার জন্য পৃথক নীতিমালা চূড়ান্ত হয়নি। আমরা শিক্ষামন্ত্রী কাছে জানতে চাই নীতিমালা কবে চূড়ান্ত হবে?”

তিনি বলেন, “সংবিধানে উল্লেখ কাজের গুণ ও পরিমাণ বিবেচনা করে যুক্তি সঙ্গত মজুরি প্রদান করা সরকারে নৈতিক দায়িত্ব ও আমাদের মৌলিক অধিকার। অথচ ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা তাদের মৌলিক অধিকার থেকে দীর্ঘ ৩০ বছর পর্যন্ত বঞ্চিত হয়ে আসছে। এটা কেমন অমানবিক?”

সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরের পূর্বেই ইবতেদায়ি মাদরাসায় কর্মরত সব শিক্ষককে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ১৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ২০ নভেম্বর প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয় সংঠনটির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুর রহমান, আব্দুস সাত্তার, গোলাম আজম, শামীম তালুকদার প্রমুখ।