বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

সরকারের রিমোট কন্ট্রোলে আছেন লতিফ

Rangpur-Bureau-Photo1Bikhove25-11-14সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী দেশে এসে এখন সরকারের রিমোট কন্ট্রোলে রয়েছেন বলে দাবি করেছেন সম্মিলিত কওমি মাদরাসার নেতারা।

দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজারের সামনে বিক্ষোভ পূর্ব সমাবেশে তারা এ দাবি করেন।

সম্মিলিত কওমি মাদরাসার ব্যানারে রংপুরের সকল কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী মঙ্গলবার দুপুর ১২টায় সিটি বাজারের সামনে মিলিত হয়ে সমাবেশ করেন।

এ সময় তারা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। সেই সঙ্গে তার মৃত্যুদণ্ডেরও দাবি জানান।

এদিকে তাদের দেওয়া আলটিমেটামের মধ্যেই মঙ্গলবার বিকেলে আব্দুল লতিফ সিদ্দিকীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এখন তিনি কেন্দ্রীয় কারাগারে আছেন।

এ সময় কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহমুদুর রহমান, কারী আতাউল হক, হাফেজ আমজাদ হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা জোবায়ের, মোহাম্মদ মাহমুদুর রশিদ রিপন প্রমুখ।

সমাবেশে শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর জাহাজ কোম্পানি মোড় ও সুপার মার্কেট হয়ে কাচারী বাজারে গিয়ে শেষ হয়।

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার

messii25লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইয়োসেপ মারিয়া বার্তোম্যু।

সেভিয়ার সঙ্গে একটি ম্যাচে হ্যাট্রিক করবার পর ২৭ বছর বয়েসী এই আর্জেন্টাইন সর্বমোট ২৫৩টি গোল নিয়ে স্প্যানিশ লা লিগার সর্বকালের সর্বোচ্চ সংখ্যক গোলের মালিক মালিক বনে গেছেন।

শনিবারের ওই ম্যাচে ৫-১ গোলের জয় পায় বার্সেলোনা। ৪ বারের বিশ্বসেরা খেলোয়াড় মেসি এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৩৬৮টি গোল করেছেন। আর আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ৪৫টি।

বার্তোম্যু বলেন, মেসি আমাদের সঙ্গে আরো বহু বছর ধরে থাকবে। সে যা অর্জন করেছে তাতে আমরা আনন্দিত।

এখানে উল্লেখ করা যেতে পারে, লিওনেল মেসি তার দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে দেয়ার কথা বলেছেন বলে কদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছিল।

‘হ্যাগেলের পদত্যাগে আসাদ-বিরোধীরা শক্তি পাবে’

asadযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেলের আকস্মিক পদত্যাগের ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা শক্তি পাবে। এতে সিরিয়ার সরকার পরিবর্তনের প্রচেষ্টা জোরদার হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক বিশ্লেষক জেমস জর্জ জাত্রাস।

চাপের মুখে কি চাক হ্যাগেল পদত্যাগ করেছেন- এমন প্রশ্নের জবাবে জাত্রাস বলেন, চাপের মুখে হ্যাগেল পদত্যাগ করেছেন বলে ব্যাপকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ঘটনা এমন সময় ঘটলো যখন ওবামা প্রশাসন সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে ব্যর্থ হচ্ছে। হ্যাগেলের পদত্যাগের পর কি হয় তা এখনই বলা কঠিন তবে আমি মনে করি যারা প্রেসিডেন্ট বাশার আসাদের পদত্যাগের জন্য চেষ্টা চালাচ্ছে তারা এখন শক্তি সঞ্চয় করবে এবং খুব শিগগিরি আমরা এ বিষয়ে কিছু তৎপরতা দেখতে পাবো।

বলা হয়ে থাকে- আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের নীতির বিষয়ে হ্যাগেল ছিলেন সমালোচনামুখর।

সোমবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে তার পদত্যাগের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে হ্যাগেল পদত্যাগ করলেও নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে হবে। আর প্রেসিডেন্ট বারাক ওবামাকেও নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিতে বেশ বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের সিনেট এখন সম্পূর্ণভাবে বিরোধী রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে।

বিকালে নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

hasina1নেপালের রাজধানী কাঠমান্ডুর ভ্রীকুটি ম-পে অবস্থিত রাষ্ট্রিয় সভাগৃহে আগামীকাল বুধবার শুরু হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার বিকালে নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক।

জানা যায়, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে মঙ্গলবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

ফ্লাইটটি নেপালের স্থানীয় সময় সোয়া ৪টায় কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটি- কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে। নেপাল সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সার্কের অন্যান্য সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং ভাষণ দেবেন। মঞ্চে আসন গ্রহনের আগে তারা ফটো সেশনে অংশ নেবেন।

প্রথমদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

একই দিন তিনি অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটিতে নেপালের প্রধানমন্ত্রীর আয়োজিত ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পরদিন ২৭ নভেম্বর শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতৃবৃন্দ র্রিট্রিয়েট সেশনে যোগ দিতে হেলিকপ্টারে নেপালের শীর্ষ পর্যটনকেন্দ্র ধুপিখেল যাবেন।

একইদিন ধুপিখেল থেকে ফিরে তারা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতৃবৃন্দ কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা নেপালের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায়ও যোগ দেবেন।

শেখ হাসিনা ২৮ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, শীর্ষ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জন্য যুব উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ- এই ১০ প্রধান বিষয়ের ওপর ঢাকা গুরুত্বারোপ করবে।

বাংলাদেশ এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সার্ককে আরো কার্যকর একটি মঞ্চ হিসেবে দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা সার্কের সিদ্ধান্তগুলো যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করবো।

মাহমুদ আলী বলেন, দক্ষিণ এশিয়ার ৮ দেশের এই সম্মেলনে সার্কের সদস্য দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে ‘সার্ক মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট’, ‘সার্ক রিজিওনাল রেলওয়ে এগ্রিমেন্ট’ এবং ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কোঅপারেশন (বিদ্যুৎ)’ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

এ চুক্তিগুলো স্বাক্ষরিত হলে সার্ক দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদার হবে। যা সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কও জোরদার করবে বলে তিনি উল্লেখ করেন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংস্থা। এই আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি প্রথম উত্থাপিত হয় ১৯৮০ সালে।

এর ৫ বছর পর ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমন্বয়ে প্রতিষ্ঠা হয় সার্ক।

পরে আফগানিস্তান সার্কের পূর্ণাঙ্গ নতুন সদস্য পদ লাভ করে। এ ছাড়া এ সংস্থার রয়েছে কয়েকটি পর্যবেক্ষক রাষ্ট্র।

রাজধানীতে পথচারীদের জেল-জরিমানা

pothochariরাজধানীতে নিয়ম না মেনে যত্রতত্র সড়ক পারাপার হওয়া পথচারীদর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়ম মেনে সড়ক পারাপার না করায় ইতিমধ্যে অনেক পথচারীকে গুণতে হয়েছে জেল-জরিমানার দণ্ড।

মঙ্গলবার সকাল ৯টা থেকে হোটেল সোনারগাঁও মোড়, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগে যত্রতত্র পারাপার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।

ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর জন্যই এ অভিযান চলছে। এ ছাড়া ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়েছে। যারা এ নিয়ম না মেনে যত্রযত্র পারাপার হচ্ছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

সোনারগাঁও মোড়ে বসা ভ্রাম্যমাণ আদালত সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ৩৫ জনকে বিভিন্ন ধরনের দণ্ড দেয়া হয়েছে। আর্থিক জরিমানার হার ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ ৬ মাস।

গত ২২ নভেম্বর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওইদিন ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঘোষণা দেন, আইন অমান্য করে কোনো পথচারী রাস্তা পার হলে তার আর্থিক জরিমানা ও জেল দেয়া হতে পারে। এজন্য ২৫ নভেম্বর থেকে রাজধানীর সড়কে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

কাদের মোল্লার রিভিউর পূর্ণাঙ্গ রায় প্রকাশ

kader mollaএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। অপর বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, রিভিউ খারিজের সংক্ষিপ্ত রায়ের পর গত বছর ১২ ডিসেম্বর রাতে ফাঁসি কার্যক্রর করা হয় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলকে।

গত বছর ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

গত বছর ১২ ডিসেম্বর কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। এরপর আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই দিন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে জটিলতা নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

assadujzamস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আইনি কোনো জটিলতা নেই এবং যেকোনো সময় তাকে গ্রেফতার করা যাবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিকে এর আগে সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেফতারে কিছুটা জটিলতা রয়েছে। তিনি বলেছিলেন, তাকে গ্রেফতারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।

অপরদিকে সোমবার সংসদ অধিবেশন শুরুর আগ মুহূর্তে নিজ কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে তার অনুমতি লাগবে না।

প্রসঙ্গত, গত রবিবার রাতে বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকায় ফেরেন।

লতিফ সিদ্দিকীকে নিয়ে নতুন নাটক করছে সরকার : মির্জা আলমগীর

fakrullদেশে জঙ্গীবাদ ও মৌলবাদকে উস্কে দিতে সরকার লতিফ সিদ্দিকীকে নিয়ে নতুন নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

ধর্মীয় বিষয়ে কটূক্তিকারী বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকী আদৌ দেশে ফিরে এসেছেন কিনা, তিনি এখন কোথায় আছেন ? এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা চেয়ে মির্জা আলমগীর বলেন, লতিফ সিদ্দিকী দেশে এসেছে কিনা কেউ জানে না। তাকে নিয়ে নতুন একটি নাটক করে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি এখন কোথায় আছেন? এ বিষয়ে জাতি জানতে চায়। এ বিষয়ে আমরা স্বারাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা চাই।

তিনি বলেন, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে নিজের গাড়িতে করে লতিফ সিদ্দিকী গুলশানের বাসায় চলে যান। সেখানে দেড় ঘণ্টা থাকার পর কোথায় চলে যান কেউ জানেন না।

মির্জা আলমগীর দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় যেখানে তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন সুতরাং এখন তার অবস্থান কি আইনশৃঙ্খলা বাহিনীর জানাটাই স্বাভাবিক।

স্বরাষ্ট্রমন্ত্রী  তাৎক্ষণিকভাবে বলেছেন, তাকে গ্রেফতারে স্পিকারের অনুমতি লাগবে। কিন্তু স্পিকার বলেছেন গ্রেফতারে অনুমতির প্রয়োজন নেই। ফলে বিষয়টি নিয়ে ধোয়াশা রয়ে গেছে। তাই দ্রুত লতিফ সিদ্দিকীর বিষয়টি স্পষ্ট করতে হবে। এ সময় তিনি দ্রুত লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

latif courtপ্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

ধর্মীয় অনভূতিতে আঘাত হানার জন্য মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়েছে। আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

সোমবার সকালে আদালতে তার হাইকোর্টে জামিন নিতে আসা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ইসলাম ধর্ম, হজ ও তাবলীগ জামায়াত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।

বেনাপোলে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ১০ জন উদ্ধার

benapollবেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রবিবার রাতে সীমান্তের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান।

তবে এ অভিযানে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার ১০ জনকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার পরিদর্শক অপূর্ব হাসান।

উদ্ধার পাওয়া ১০ জন হলেন- নাইম হাওলাদার (২২), তপতী বিশ্বাস (৩৫) ও তার ছেলে রাজেশ (১০), নাসরিন বিশ্বাস (২৫), মইন উদ্দিন (২০), পলাশ ম-ল (১৯), মোহাম্মাদ আলী (২০), ইসরাফিল শেখ (২৭), আনছার আলী (২৮) এবং হাফিজুর রহমান (২৬)।

বিজিবি কমান্ডার সামছুর বলেন, দালালরা চাকরীর প্রলোভন দেখিয়ে অবৈধ পথে তাদের ভারতে পাচার করছিল। খবর পেয়ে বিজিবি টহলদল তাদের উদ্ধার করে। তাদের বাড়ি মাদারীপুর, যশোর, নড়াইল, নোয়াখালী, শরীয়তপুর, পিরোজপুর, রাজবাড়ী, শেরপুর ও নওগাঁ এলাকায়।