বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমার স্বামীকে কেন ভিকটিমাইজ করা হচ্ছে: ব্যারিস্টার সারা

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য প্রতিবেদন প্রকাশে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দণ্ড দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন, “ট্রাইব্যুনালের এ রায় মুক্তিযুদ্ধের চেতনার ওপর চরম আঘাত। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি হচ্ছে স্বাধীনভাবে মুক্ত চিন্তার চর্চা করা ও ভিন্নমত সহ্য করে নেয়া। ভিন্ন মত যদি থাকে, থাকলেও তার বিরুদ্ধে কথা বলার অধিকার সংবিধান স্বীকৃত। খুবই দুঃখের বিষয়, এই আদালত আজকের এই রায়ে বাকস্বাধীনতাকে কোনোভাবেই সংরক্ষণ করে না। বরঞ্চ বাক স্বাধীনতাকে রুদ্ধ করে।”image_108698_0

মঙ্গলবার ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনাল-২ পাঁচ হাজার টাকা জরিমানা এবং মামলা চলাকালীন আদালতে বসে থাকার সাজা দেন। ধার্যকৃত টাকা অনাদায়ে সাত দিনের দণ্ড ঘোষণা করেন।

এ রায়ের পর বার্গম্যানের স্ত্রী ও বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনে মেয়ে সারা হোসেন বলেন, “যারা এখানে সংবাদকর্মী আছেন তাদের প্রথমেই এ বিষয়ে প্রশ্ন তোলা উচিত, সাংবাদিকরা কি কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না।”

তিনি বলেন, “অবমাননার আইন দিয়ে এভাবে রুদ্ধ করে, আপিলের সুযোগ থাকবে না, যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত না, এসব কর্মকাণ্ডে বাংলাদেশকে পৃথিবীর কাছে ভালো চোখে দেখায় না। বিদেশি নাগরিকদের কাছে আমরা আমাদের অধিকার রাখতে পারছি কি না। সবকিছু যে কোর্টের আইন দিয়ে বেঁধে দেয়া সাংবিধানিক কিনা, অবমাননা হবে এবং এখানে আপিলের সুযোগ থাকবে না, প্রশ্ন তোলার জায়গা থাকবে না, সেটা বাংলাদেশকে বিশ্বের কাছে অধিকারটুকু আদায় করতে পারবে কিনা তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”

ডেভিড বার্গম্যানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে সারা হোসেন বলেন, “এটা ট্রাইব্যুনালে এখতিয়ার না।”

তিনি বলেন, “কারো নাগরিকত্ব দেখা না দেখা এটি তাদের কাজ না। তারা যদি হুমকি দিতে চায়, বাংলাদেশি একজন নাগরিকের স্বামী, তার অধিকার থাকবে না এদেশে থাকার, এদেশে কথা বলার, তাহলে আমি এ ব্যাপারে চরম, চরম, চরম আপত্তি জানাচ্ছি।”

সারা বলেন,  “মনে হচ্ছে এদেশে দুই ধরনের নাগরিক আছে, যারা অন্য দেশের নাগরিককে বিয়ে করতে পারবে, ঢাল তলোয়ার পরে আছে।’

তিনি বলেন, “উচ্চতর পর্যায়ে তারা যা ইচ্ছা তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই বলতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা সরকারের কোনো বিষয়ে প্রশ্ন তুলবে তাদের জন্য সমস্যা সৃষ্টি হবে।”

এই আইনজীবী বলেন, “এ সরকারের কোনো কাজ নিয়ে সমালোচনা করলেই সেটা উনি (ডেভিড বার্গম্যান) , আমি বা অন্য যে কেউ হোক… আপনারা সবাই ভালো বুঝছেন তার ওপরে কেন আক্রমণ আসছে।”

তিনি বলেন, “কোর্ট একটা রায় দিয়েছে, কিন্তু কোর্ট এ রায় কিসের ভিত্তিতে দিয়েছেন। প্রসিকউশনের কোনো আবেদনের ভিত্তিতে দেয়নি। তৃতীয় একটি পক্ষের আবেদনে এ রায় দিয়েছে। ওই তৃতীয় পক্ষ কারা? কারা তাদেরকে এখানে পাঠিয়েছে? কেন তারা এখানে এসছেন? আপনারা কেন এ প্রশ্নগুলো করছেন না? ”

এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, কারা তাদেরকে পাঠিয়েছে বলে আপনি মনে করেন? এর জবাবে সারা বলেন, “আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা কারণ আছে। আপনারা খোঁজ করেন, আপনারা সংবাদকর্মী, আপনাদের তদন্ত করে বের করা উচিত কেন মনে করা হচ্ছে যে, সরকারের বিরুদ্ধে কোনো একটি প্রশ্ন তোলা যাবে না।”

“মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস আছে। সেটা নিয়ে কেন কথা বলা যাবে না?” বলেন সারা।

এক সাংবাদিকের প্রশ্ন করেন, আপনি কি মনে করেন চর্চার মানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা? জবাবে সারা হোসেন বলেন, “৩০ লাখ, তিন লাখ বলা বা ইতিহাস বিকৃত করার কথা এখানে আসছে না। ৩০ লাখ নিয়ে প্রশ্ন তুলেছেন এমন অনেককে হাতের কাছে পাওয়া যায়নি। হাতের মধ্যে একজনকে পাওয়া গেছে সেজন্যই কি রায় দেয়া হয়েছে? ”

মুক্তিযুদ্ধের ব্যাপারে জনসাধারণের আবেগ নিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে ইমোশন কি আপনার চেয়ে আমার কম আছে? আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারটা কি শুধু আপনার কাছেই থাকবে, আমার কাছে থাকবে না?”

তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধের বিষয়ে তার কাজ আছে। সেগুলো আমরা কোর্টে সাক্ষ্যপ্রমাণ হিসেবে দাখিলও করেছি। বিচারের পক্ষে সে বলে গেছে সবসময়, কখনোই সে বলেনি বিচার হবে না। এ প্রশ্ন তোলা হলে সেটা আমি মনে করি অন্যায় হয়েছে।”

তারপরও যে রায় দেয়া হয়েছে সেটা আমরা পুরোটা দেখে নেই…তারপর পরে সিদ্ধান্ত নেব।  -জানান ড. কামালের মেয়ে।

তিনি বলেন, “আমি আবারো বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ২০ বছর আন্দোলন করেছি, মিছিল করে এসছি। সেখানে আমার স্বামীকে কেন দেশ থেকে উৎখাত করা হবে? সেটা কোর্টের এখতিয়ারের বিষয়ও না, তা নিয়ে তারা কেন মন্তব্য করবে, এটা আমার কাছে একটা রহস্য মনে হয়। আমি ঘোর আপত্তি জানাচ্ছি যে, কেন এমন করে ভিকটিমাইজ করা হচ্ছে?”

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আবারো বলেন, “আমরা ৪৩ বছর ধরে বলে এসেছি, অনেকে আরো অনেক কিছু বলেছেন, লিখেছেন, যদি অন্য করো লেখা নিজের লেখার মধ্যে উল্লেখ করা হয় তাহলে কেন সেটা অপরাধ হবে সেটা আমার বোধগম্য নয়। ”

সারা হোসেন বলেন, “মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যার বিষয়ে এখনো পৃথিবীতে অনেক জায়গায় আছে, অনেক একাডেমিক জার্নালে লেখা আছে, সেগুলো আপনারাও সংগ্রহ করতে পারেন, আপনারাও পড়তে পারেন। আমার মনে হয় আপনারা যদি আজকে ডেভিড বার্গম্যানের শাস্তিকে যদি আপনারা সঠিক মনে করেন তাহলে হার্ভার্ডের প্রফেসর আছেন, ভারতীয় যে সাংবাদিকরা আছেন যারা এ নিয়ে লিখেছেন তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত।” যারা লিখেছেন প্রশ্ন তুলেছেন তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলেও মনে করেন তিনি।

নোয়াখালীতে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিক্ষোভ

নোয়াখালীতে গ্যাস-বিদ্যুদের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।image_108696_0

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা শহরের মাইজদীর ঢাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বাসদ নোয়াখালী জেলা আহ্বায়ক অধ্যাপক মতিনুদ্দীন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন, তেল, গ্যাস, বিদ্যু, বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা আহ্বায়ক আনম জাহের উদ্দীন, বাসদের সদস্য সচিব দলিলুর রহমান দুলাল, সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি বিটুল তালুকদার ও সম্পাদক মোবারক হোসেন।

মানববন্ধনে বক্তারা, সরকার বিগত কয়েকমাস যাবৎ থেকে বিভিন্ন ভাবে উদ্যোগ নিচ্ছে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করার জন্য। এটা বাস্তবায়ন হলে দ্রব্য মূল্য, গণপরিবহনসহ গ্যাস ও জ্বালানিনির্ভর সব ক্ষেত্রে জনজীবনে প্রভাব পড়বে।

সরকারে এই সিদ্ধান্তের প্রতিবাদে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি অনুরোধ জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১৮০০ প্রজেক্টে লিফট স্থাপন করেছে প্রপার্টি লিফটস্

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গড়ে উঠছে নতুন নতুন শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ নানান দালানকোঠা। ফলে বাড়ছে নগরায়ন বাড়ছে আধুনিক সব যন্ত্রের ব্যবহার। এসব ভবনে যেসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় লিফট তন্মধ্যে অন্যতম। ফলে দেশে লিফটের চাহিদা বেড়েছে অনেক। লিফটের এই চাহিদা পূরণ করতে বাংলাদেশে বেশকয়েকটি প্রতিষ্ঠান লিফট আমাদানি ও বাজারজাত করছে। এদের মধ্যে অন্যতম প্রপার্টি লিফট্স ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট আমাদানি ও বাজারজাত কার্যক্রম শুরু করে। প্রায় তিন দশকের ব্যবধানে বাংলাদেশে সর্ববৃহৎ লিফট স্থাপনকারী প্রতিষ্ঠান হিসেবে প্রপার্টি লিফটস্ দেশের লিফট ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে জানান, প্রপার্টি লিফটসের নির্বাহী পরিচালক বাবুল ইসলাম। image_108655_0

তিনি আরো জানান, প্রপার্টি লিফটস্ সারাদেশে প্রায় ১৮০০ প্রজেক্টে লিফট স্থাপনের কাজ করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ভবন ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর্মি হেড কোয়ার্টাস, ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ, মিরপুরস্থ কিডনি ফাউন্ডেশন, হোটেল শেরাটন, বিজিবি সদর দফতর, ন্যাশনাল হাউজিং অথরিটি, গণপূর্ত মন্ত্রণালয়, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটিডে, হোমল্যান্ড ও এসোর্ট হাউজিং এন্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি। এছাড়াও বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন আবাসনে লিফট স্থাপনের কাজ এগিয়ে চলছে।

তিনি জানান, প্রপার্টি লিফটস্ বিভিন্ন স্থাপনা ও আবাসনে প্যাসেঞ্জার লিফট, কার্গোলিফট, কার লিফট, হসপিটাল লিফট, ক্যাপসিউল লিফট ও স্কেলেটার দক্ষতার সঙ্গে প্রতিস্থাপনের কাজ করে চলেছে। এসব লিফট আমদানি করা হয় স্পেন, ইতালি, জার্মানি ও চায়না থেকে। প্রপার্টি লিফটস্ দেশের বাইরে থেকে পূর্ণাঙ্গ লিফট আমদানি করার মাধ্যমে দেশে বাজারজাত করছে। তবে ক্লোন লিফটের চাহিদা বর্তমানে প্রচুর থাকলেও প্রপার্টি লিফটস্ কেন তা বাজারজাত করছে না এ ব্যাপারে বাবুল ইসলাম বলেন, ক্লোন লিফটে সঠিক মান নিয়ন্ত্রণ করা যায় না। ওভার বা লো ভলটেজে লিফটের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয় না, স্পিড নিয়ন্ত্রণে থাকে না সর্বোপরি স্পিড গভর্নন্যান্স কখনো সঠিকভাবে কাজ করে না। ফলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এ কারণেই প্রপাটি লিফটস্ ক্রেতাদের কাছে পূর্ণাঙ্গ লিফটের সেবা প্রদান করছে। ফলে প্রপার্টি লিফট চলে র্নিঝঞ্জাট ও দীর্ঘস্থায়ী এবং মানেও সেরা।

বাবুল ইসলাম আরো জানান, প্রাপার্টি লিফটস্ এর রয়েছে একদল দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা গঠিত নিরলস কর্মী বাহিনী। যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্টে কাজ করে চলছে। প্রপার্টি লিফটস্ ক্রেতাদের জন্যে বিক্রয়োত্তর সেবা ২৪ ঘণ্টা নিশ্চিত করে থাকে। কোন কাস্টমার ফোন করার ৩০ মিনিটের মধ্যে তার সেবা নিশ্চিত করা হয়। এক্ষেত্রে লিফটের যেকোনো পার্টসের প্রয়োজন হলেও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হয়। ভবিষ্যতে ক্রেতাদের আরো নিবিড় সেবা প্রদানের ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, প্রপার্টি লিফটস্ দেশের বৃহত্তম খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী ও হাউজহোল্ড প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের, আহত আরো ৩

সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকার তালেরপাড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকসা চালকসহ আরো তিন সেনা সদস্য আহত হয়েছেন।image_108686_0

মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম মিজানুর রহমান (২৪)। তিনি রাজশাহী জেলার বাঘমারা থানাধীন দিবপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে।

জানা যায়, ছুটি কাটিয়ে বাড়ি থেকে ওই সেনা সদস্যরা সিলেট ক্যান্টনমেন্টে ফিরছিলেন। সকাল ৬টার দিকে সিলেট রেলস্টেশন থেকে সিএনজি অটোরিকশায় করে তারা ক্যান্টনমেন্ট ফিরছিলেন।  পথে বটেশ্বর এলাকার তালেরপাড় নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকসাটিকে ধাক্কা দেয়।  এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান।

এ ঘটনায় আহত অটোরিকসা চালক ও তিন সেনা সদস্যকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানার ডিউটি অফিসার এসআই শিরিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত তিন সেনা সদস্যের পরিচয় জানাতে পারেননি তিনি।

ইবোলায় প্রায় ৭ হাজার লোকের মৃত্যু : ডব্লিউএইচও

whoপশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭ হাজার লোক মারা গেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে।

সংস্থাটি বলছে, পশ্চিম আফ্রিকার সিয়েরালিওন, গিনি ও লাইবেরিয়ায় মোট ১৬ হাজার ১৬৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৯২৮ জন।

বুধবার সংস্থাটি ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ৬৭৪ বলে উল্লেখ করে। মাত্র দুদিনে এ সংখ্যা ১ হাজার ২০০ জনেরও বেশি বেড়ে যায়।

তথ্য সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে সংস্থাটি এর আগে বলেছিল তাদের ধারণা ঘোষিত এ সংখ্যার চেয়ে মৃতের পরিমাণ আরো বেশি।

উল্লেখ্য, ইবোলায় আক্রান্ত হয়ে লাইবেরিয়ায় সবচেয়ে বেশি লোক মারা গেছে। দেশটিতে ৭ হাজার ২৪৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৮১ জন।

ইবি ভিসির বাসভবনে হামলা, ২০ বাসে আগুন

eu uকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব পরিবহনের একটি বাসের চাপায় তৌহিদুর রহমান টিটু (২১) নামে বায়ো টেকনোলজি এন্ড জেনেটিঙ ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। টিটুর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনে হামলা-ভাংচুর এবং বিশ্ববিদ্যালয়ের ২০/২৫টি বাসে অগ্নিসংযোগ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন।

জানা যায়, বাসে উঠার জন্য টিটু হ্যান্ডেল ধরলে ওই অবস্থাতেই বাসচালক গাড়িটি ছেড়ে দেয়। এ সময় ভারসাম্য রাখতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়েন টিটু। চলন্ত বাসটি মোড় নিলে টিটুর মাথা এর নিচে পড়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রশাসন ভবন ও ভিসির ভবনে গিয়ে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়।

একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে পাল্টা আক্রমণ করে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়।

রাজধানীর মুগদাপাড়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

lash28রাজধানীর মুগদাপাড়ায় ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে শাহিনুর আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শাহিনুর আক্তার ওই এলাকার সাজ্জাদ কাদেরের স্ত্রী।

রবিবার সকাল পৌনে ৭টার দিকে দক্ষিণ মুগদাপাড়ার ৮৬/৭ নম্বর বাসায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, গৃহবধূ শাহিনুর আর তার ভাই সালাউদ্দিনের বাসা পাশাপাশি। প্রতিদিনের মতো রবিবার সকালে শাহিনুর ছাদে ফুল গাছে পানি দিচ্ছিলেন। পানি দিয়ে ওই ছাদ থেকে সালাউদ্দিনের বাসার ছাদে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান শাহিনুর।

সঙ্গে সঙ্গে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেয়া হয় এবং পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত বলে ঘোষণা করেন।

না.গঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১

narayonganj mapনারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে যুবলীগ নেতা আমজাদ হোসেন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখিয়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানা যায়, সকালে আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় রাজনৈতিক বিলবোর্ড উচ্ছেদকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রায় ঘণ্টাখানেক ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষে আওয়ামী পক্ষের আমজাদ, আয়ুব ও দ্বীন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ মারা যান।

এদিকে আমজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

nahid26সমপ্রতি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ব্যাপক সমালোচনার মুখে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সামপ্রতিক বছরগুলোতে বারবার প্রশ্ন ফাঁসের এসব অভিযোগ নিয়ে সরকারকে কিছুটা বেকায়দায় পড়তে হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আজকালকার দিনে অপরাধীরা নানা ধরনের পথ বের করে ফেলছে। তাই ইচ্ছা করলেই এটা বন্ধ করা যাচ্ছে না। প্রশ্নপত্র প্রচার করার ক্ষেত্রে জেনেশুনেই তারা ফেইসবুকে ব্যবহার করছে।

তিনি বলেন, ফেইসবুকে এসব প্রশ্ন দেয়ায় কেউ লাভবান হচ্ছে না। তবে এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে।

গত বছর এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রশ্ন ফাঁস হওয়ার ব্যাপারটি স্বীকার করে মন্ত্রী বলেন, মানুষ যেমন উদ্বিগ্ন, সরকারও এতে উদ্বিগ্ন।

প্রশ্ন ফাঁস রোধে এখন কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁস ঠেকাতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে ভবিষ্যতে আর প্রশ্ন ফাঁস হবে না বলে নিশ্চয়তা দিতে চাইলেও অপরাধ পুরোপুরি বন্ধ করা যায় না বলেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। তবে এ ব্যাপারে যা যা করা দরকার তাই করা হবে বলে এ সময় আশ্বস্ত করেছেন মন্ত্রী।

কারাগারে মালীর কাজ পেয়েছেন সাঈদী

saydiযুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারের মালির কাজ দেয়া হয়েছে। তবে তিনি অসুস্থ থাকায় শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন জানান, বয়সের কারণে পিঠে ব্যাথা ও হার্টের রোগ থাকায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাটতে হয়। তাই তাকে বাগানে মালির কাজ দেয়া হয়েছে।

তবে তিনি সেটাও ঠিকমতো পালন করতে পারছেন না। এজন্য তাকে চাপ দেয়া হচ্ছে না। এসব ক্ষেত্রে যারা যে ক’দিন দায়িত্ব পালন করবেন না তারা ওই ক’দিন রেয়াদও পান না বলেও জানান জেলার আমজাদ হোসেন।

গত ১৭ সেপ্টস্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগের ভিত্তিতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ৭ নম্বর অভিযোগের ভিত্তিতে ১০ বছর এবং ৮ নম্বর অভিযোগের ভিত্তিতে ১২ বছর কারাদণ্ড দেয়া হয়।

তবে অধিকাংশ বিচারকদের মতামতের ভিত্তিতে ৬, ১১ এবং ১৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।