বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

তালেবান আমেরিকার সৃষ্টি: মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ বলেছেন, “তালেবান সৃষ্টির জন্য পাশ্চাত্য ও আমেরিকা দায়ী। আমেরিকার ভুল নীতির দায় পাকিস্তান ভোগ করছে।”image_109060_0

বৃহস্পতিবার করাচিতে যুব সংসদের কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।

পারভেজ মুশাররফ বলেন, “আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া ইসলামাবাদের জন্য ভুল ছিল।”

তিনি অভিযোগ করেন, আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার করার পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেছে।

পারভেজ মুশাররফ বলেন, “আমেরিকার ভুল নীতির কারণে পাকিস্তানকে ১৯৭৯ সালে একইসঙ্গে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়েছে যার কারণে ইসলামাবাদকে তার সেনা বাড়াতে হয়েছে। তবে, পাকিস্তানকে অস্থিতিশীল করার তৎপরতা শুরু হয়েছিল ৫০ ও ৬০ এর দশকে।”

জেনারেল মুশাররফ বলেন, “কেউ কেউ বলে থাকে তালেবানরা আমাদের সন্তান এবং পাকিস্তানই তাদেরকে সৃষ্টি করেছে; কিন্তু তা সত্য নয়।”

তিনি বলেন, “১৯৭৯ সালে মুজাহিদিনদেরকে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হয়েছে কিন্তু রুশ সেনাদের পরাজয়ের পর তাদেরকে সেভাবে দেখাশুনা করা হয়নি।”

পারভেজ মুশাররফ বলেন, “পাকিস্তানে সেনাবাহিনীর একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে এবং রাজনৈতিক দলগুলো পাকিস্তানি জাতির স্বার্থে ভালো সিদ্ধান্ত নেয় না।” গণতান্ত্রিক সরকারগুলো কখনো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।–ডন।

চলছে মিডিয়া ইয়ুথ লিডারশিপ সামিট

নিউ মিডিয়ায় কর্মরত তরুণ গণমাধ্যমকর্মীদের নিয়ে ঢাকায় চলছে ভিন্ন ধারার এক সম্মেলন। রাজধানীর ধানমণ্ডিস্থ ইএমকে সেন্টারে চলমান ছয় দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট, রেডিও, ফিল্ম এবং নিউ মিডিয়াতে কাজ করতে আগ্রহী তরুণরা। শুক্রবার ছুটির আবহে image_109066_0সম্মেলনে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া ‘মিডিয়া ইয়ুথ লিডারশিপ সামিট ২০১৪’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন আমেরিকান সেন্টার এর সি.এ.ও জর্জ মেস্থস। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃক প্রতিষ্ঠাতা শহিদুল আলম, প্রিয়.কম সি.ই.ও জাকারিয়া স্বপন এবং ইএমকে সেন্টার এর প্রযোজক এম.কে. আরেফ। সম্মেলনের আয়োজন করেছে ইয়ুথ অর্গানাইজেশন ড্রিম অন।

আয়োজকরা জানিয়েছেন, তরুণরা যাতে সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে নিজেদেরকে নেতৃত্বদানের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়, সেই উদ্দেশ্যেই এই সম্মেলনের আয়াজন করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সম্মেলন চলবে।

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবু আহমেদ সাধারণ সম্পাদক উজ্জল

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে আবু আহমেদ ও উজ্জল প্যানেল জয়লাভ করেছে। দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ ২২ ভোট পেয়ে সভাপতি ও আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল ২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রার্থী image_109059_0সভাপতি পদে সময় টিভির মমতাজ আহমেদ বাপী পেয়েছেন ২১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সমকালের জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান পান ১৯

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি (ইনকিলাব) প্রাপ্ত ভোট ২৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার (দৈনিক জনতা) পেয়েছেন ২০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম সরোয়ার (বণিক বার্তা) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানবজমিনের ইয়ারব হোসেন পেয়েছেন ২১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি (বাংলাদেশ প্রতিদিন) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবরাজের সেলিম রেজা মুকুল পেয়েছেন ২১ ভোট। অর্থ সম্পাদক পদে ফারুক মাহাবুবুর রহমান ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকসমাজের শেখ মাসুদ হোসেন পেয়েছেন ২১ ভোট। সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে অসীম বরণ চক্রবর্তী (মানবকণ্ঠ) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের এম জিললুর রহমান পেয়েছেন ২১ ভোট ও দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম (জন্মভূমি) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না পেয়েছেন ২১ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে খায়রুল বদিউজ্জামান (পত্রদূত) ২৩, কাজী জামাল উদ্দিন মামুন (আবাস) ২২, মো. আসাদুজ্জামান (বাংলাভিশন ও বাংলাদেশ সময়) ২২, মো. রবিউল ইসলাম (খবরপত্র) ২২ ও মোশারফ হোসেন (কালেরকণ্ঠ) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের ৪৩ জন সদস্য ভোটা দেন।

নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিষ্ণুপদ পাল, জেলা প্রবেশন অফিসার কেএম ওবায়দুল্লাহ আল মাসুদ ও জেলা তথ্য অফিসার মো: সিরাজুল হক মল্লিক।- বিজ্ঞপ্তি

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদান এবং মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলবেন।image_109002_0

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে দেশে ফেরেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজাকের আমন্ত্রণে ওই সফরে গিয়েছিলেন।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পারদোনা স্কয়ারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে জনশক্তি রফতানি, পর্যটন, শিল্প ও সংস্কৃতি খাতে একটি চুক্তি, দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রী বুধবার সকালে গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে ‘বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যসুবিধা’ শীর্ষক এক সংলাপে যোগ দেন। একই দিনে তিনি সেরি পারদোনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নাজিব রাজাক আয়োজিত নৈশভোজে যোগ দেন।

এর আগে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২৫ নভেম্বর বিকালে কাঠমান্ডু যান শেখ হাসিনা। পরদিন সকালে তিনি কাঠমান্ডুর ‘রাষ্ট্রীয় সভাগৃহে’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং সব মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার জন্য সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার বাইরে ২৬ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।

২৭ নভেম্বর বিকালে সার্কের সমাপনী অনুষ্ঠানের যোগ দেন প্রধানমন্ত্রী।

এবার রাজশাহীতে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতির চেষ্টা

রাজশাহী নগরীতে সোনালী ব্যাংক কোর্ট শাখায় সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক পথচারী দেখে ফেলায় সুড়ঙ্গ তৈরির সরঞ্জাম ফেলে পালিয়ে যায় তারা।image_109062_0

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানায়।

পুলিশ ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজে ব্যবহৃত খুনতি, বেলচা, দা, ছেনি, শাবল, হাতুড়ি, করাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরীসহ ব্যাংকের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। র‌্যাবও যায় সেখানে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, এ বছরের শুরুতে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুট হয়। এরপর মার্চ মাসে বগুড়ার আদমদীঘিতে একইভাবে সুড়ঙ্গ কেটে লুট হয় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির ৩০ লাখ টাকা। তারপর গত সেপ্টেম্বরে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে চুরি যায় প্রায় দুই কোটি টাকা।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর মিথ্যা ও বানোয়াট: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ওএসডি হওয়া সরকারি কর্মকর্তাদের বৈঠকের খবরকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
image_109058_0
মঙ্গলবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)  হওয়া উচ্চপর্যায়ের প্রায় ২০ জন সরকারি কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে  বৈঠক করছেন এমন খবর প্রচারিত হয়।পরে রাত ১২টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ খবরকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

ফখরুল দাবি করেন, এই খবরটি জনগণকে বিভ্রান্ত করতে প্রচার করা হচ্ছে।এ ঘটনার কোনো সত্যতা নেই।হীন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এখবর প্রচার করা হচ্ছে।

মির্জা ফখরুল এই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যম ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এশিয়ার মোস্ট সেক্সিয়েস্ট ওম্যান প্রিয়াঙ্কা

হারিয়ে যাওয়া তকমাটি আবার ফিরে পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবছর বিশ্বের মোস্ট সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যানের শিরোপাটি পেলেন তিনি। ২০১৩ সালে এই তকমাটি ছিল ক্যাটরিনা কাইফের ঝুলিতে। কিন্তু এবছর পা পিছলে তিনি চতুর্থ স্থানে।image_109046_0

মার্কিনী একটি সাপ্তাহিক সংবাদপত্র ‘ইস্টার্ন আই’ প্রতি বছর একটি সমীক্ষা চালায়। তারা দর্শকদের মতানুসারে প্রতি বছর বেছে নেন বিশ্বের সবথেকে আবেদনময়ী নারীকে। এবছর টপ লিস্টে নাম ছিল ৫০ জনের। এর মধ্যে থেকে বিশ্বের মোস্ট সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যানের মুকুট পান বলিউডের কুইন প্রিয়াঙ্কা।

তবে এই লড়াই তার সহজ ছিল না। প্রিয়াঙ্কার সঙ্গে সমানে টক্কর দিয়েছেন জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দৃষ্টি ধর্মী। তবে শেষমেশ বিজয়ীর তাজটি পান প্রিয়াঙ্কা।

এই সম্পর্কে সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের উত্তরে বলিউডের এই হট ডিভা জানিয়েছেন, “এই খেতাবটি পাওয়ার জন্য আমি খুবই খুশি। তবে জানি না, আমি সত্যিই এই খেতাবের প্রাপ্তিদার কিনা!”

এছাড়া তিনি আরও বলেন, “আমি খুবই আনন্দিত আরও একবার ‘ইস্টার্ন আই’-এর নির্বাচিত বিশ্বের মোস্ট সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যানের তকমাটি পেয়ে।”

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শহিন আফ্রিদির পাকিস্তান। দুবাইয়ে একই মাঠে পরের দিনই সিরিজের শেষ ম্যাচ খেলবে দল দুটি।

সদ্য-প্রয়াত অজি ব্যাটসম্যান ফিল হিউজকে টি-টোয়েন্টি সিরিজ উৎসর্গ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।image_109048_0

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টির পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে। দুইদলের নয় বারের দেখায় ছয়টি জয়ের বিপরীতে পাকিস্তান হারের তিক্ততা পেয়েছে তিনটি ম্যাচে।

পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি আজমলের জায়গায় ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওমর গুল।

এছাড়াও দলে ফিরেছেন পেসার মোহাম্মদ ইরফান। অধিনায়ক আফ্রিদিকে স্পিন আক্রমণে সাহায্য করবেন হাসান রাজা।

অন্যদিকে কেন উইলিয়ামসনের অনুপ্রেরণা দেবে রস টেইলর, অ্যাডাম মিলনে, ডেভচিচ, কাইল মিলস ও নাথান ম্যাককালামের দলে ফেরা। তবে, ধুমধাড়াক্কার এই ফরম্যাটে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ব্যান্ডান ম্যাককালাম, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে।  -ওয়েবসাইট

ভারতে ধর্ষিত তিন নাবালিকা গর্ভবতী, চাঞ্চল্য

ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলায় অন্তত তিনজন নাবালিকা স্কুলছাত্রী দিনের পর দিন যৌন নির্যাতিত হয়ে  গর্ভবতী হয়ে পড়েছে। ওই সব নাবালিকার পরিবার দু-আড়াই মাস আগে এই ঘটনাগুলোর এফআইআর করা সত্ত্বেও অভিযুক্তদের মধ্যে মাত্র একজনকে পুলিশ এ পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে।image_109051_0

এই ঘটনা সামনে আসার পর বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, অভিযুক্তদের শাস্তি দিতে তিনি চাইবেন ধর্ষিতাদের সঙ্গেই তাদের বিয়ে দেয়া হোক।

ভারতে উন্নয়ন আর নারীদের নিরাপত্তায় সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটি হলো বিহার। কাটিহার জেলার তিনটি পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে, তাদের মেয়েরা যখন স্কুলে যেত তখন পথে বা এমনকি স্কুল চত্বরের ভেতরেই দিনের পর দিন তাদের ধর্ষণ করেছে একদল প্রভাবশালী লোক।

তিনটি মেয়েই গর্ভবতী হয়ে পড়েছে, তাদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে। তবে অভিযুক্তদের মধ্যে একজন ছাড়া পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

বিহার পুলিশের অতিরিক্ত মহাপরিচালক গুপ্তেশ্বর পান্ডে জানিয়েছেন, ধর্ষিতারা প্রত্যেকেই নাবালিকা, তবে ধর্ষণকারীরা প্রাপ্তবয়স্ক।

গুপ্তেশ্বর পান্ডে  বলেন, “প্রতিটি ঘটনায় আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের একজন গ্রেফতার হলেও দুজন এখনো ফেরার। কাটিহারের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে, দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

পুলিশ এখন নড়েচড়ে বসলেও গত দু-আড়াই মাস ধরে তারা একেবারেই হাত গুটিয়ে বসে ছিল বলে অভিযোগ করেছে নির্যাতিতাদের পরিবার।

তিনটি ধর্ষিতা মেয়ের একজনের চাচা শেখ লালকার বিবিসিকে বলেন, “আমার ভাতিজা পাহাড়পুরে যে সেকেন্ডারি স্কুলে পড়ত, তার প্রধান শিক্ষক ওয়াসিম রাজার ভাই-ই স্কুল ছুটির পর ক্যাম্পাসের ভেতর তাকে দিনের পর দিন ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।”

‘সেপ্টেম্বর মাসে ও গর্ভবতী হয়ে পড়লে আমরা সব জানতে পারি। যখন আমরা স্কুলে অভিযোগ জানাতে চাই, তখন প্রধান শিক্ষক পাল্টা হুমকি দিয়ে আমাদের বের করে দেন এবং স্কুল থেকে ওর নাম কেটে দেন।’

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে এই নাবালিকাদের দুরবস্থার কথা সামনে আসার পরই বিহারের রাজ্য সরকার এখন বিষয়টির দ্রুত প্রতিকারে সচেষ্ট হয়েছে।

ধর্ষিতাদের সঙ্গে ধর্ষণকারীদের বিয়ের উদ্যোগ
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী জিতনরাম মানঝি এই চরম নির্যাতনের যে সমাধান বাতলেছেন, তা অবশ্য অনেককেই হতবাক করে দিয়েছে। মানঝি বলেন, ‘আমরা ওই মেয়েগুলোর সঙ্গে ও যারা তাদের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করব তাদের আপসে বসিয়ে বিয়ে দিয়ে দেয়া যায় কি না।’

মুখ্যমন্ত্রী আরো বলেন, “যদি সেটা সম্ভব না হয়, তখন আইন মোতাবেক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট বসাব এবং ওই বাচ্চা মেয়েগুলোকে যেভাবে সম্ভব সাহায্য করব “

তবে সামাজিক ও রাজনৈতিক নানা মহল থেকে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের নিন্দা করা হয়।

নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী নাশুকে গলা কেটে খুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চলের ত্রাস সন্ত্রাসী ছেনি কামালের সেকেন্ড ইন কমান্ড ও নাশু বাহিনীর প্রধান নাছির উদ্দিন নাশুকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
image_109052_0
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রাস্তারহাটে এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন নাশু (৩৫) উপজেলার জিরতলী ইউনিয়নের মহেসপুর গ্রামের কালিরহাটের মৃত মজিবুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নাশু জিরতলী ইউনিয়ন পরিষদের পাশে রাস্তারহাটের একটি দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী একটি মাইক্রোবাসে করে এসে নাশুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এর একপর্যায়ে মুখোশধারীরা নাশুকে সড়কের উপর নিয়ে গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, নাশু রাস্তারহাট এলাকায় তার প্রজেক্ট দেখার জন্য মাঝে মাঝে আসতেন এবং ওই দোকানগুলোতে বসে আড্ডা দিতেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে নতুন বার্তা ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশু বাহিনীর প্রধান নাশুর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা ও চাঁদাবাজিসহ ২০টির অধিক মামলা রয়েছে।